সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১১-১৩ আগস্ট ভারত সফর করলেন। সফরটি ইঙ্গিতবাহী। সামনে দুটি বহুপক্ষীয় সম্মেলন হতে যাচ্ছে। সেপ্টেম্বরে চীনে জি-২০ সম্মেলন আর নভেম্বরে ভারতে ব্রিকস সম্মেলন হতে যাচ্ছে। আসলে দুটি দেশই চায় না এই সম্মেলন দুটিতে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ছায়া পড়ুক। সে কারণে দেশ দুটিকে অন্তত নিজেদের পারস্পরিক ভিন্নতা দূর করে সম্মেলন উপলক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে আয়োজক দেশ হিসেবে তাদের হিস্যা আছে। তবে ওয়াংয়ের সফর থেকে সে সফলতা অর্জিত হয়েছে বলে মনে হয় না।
নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে চীন ভারতের সদস্যপদ পাওয়ার বিরোধিতা করেছিল, ফলে এ নিয়ে তিক্ততাও সৃষ্টি হয়। তখন তারা রাজি হয়েছিল যে ভারতের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক যুগ্ম সচিব ও চীনের ডিরেক্টর জেনারেল অব আর্মস কন্ট্রোল অ্যান্ড ডিসআর্মামেন্ট-এর মধ্যে এ নিয়ে নিবিড় আলোচনা হবে। লোকে ধারণা করে, জাতিসংঘে জয়শ–ই–মোহাম্মদের নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা ও ওয়ান বেল্ট ওয়ান রোডের নামে চীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যা করছে, তা-ও এই আলোচনার সূচিতে থাকবে। এ ছাড়া দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রসচিব ও চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং ইয়েসুই বসবেন, এ মর্মেও একটি প্রক্রিয়া চালু করা হয়েছে। এটা পররাষ্ট্রসচিব পর্যায়ের কৌশলগত আলোচনার বাইরে অনুষ্ঠিত হবে। এমনকি দুই দেশের বিশেষ প্রতিনিধিদের আলোচনাও আলাদাভাবে চলবে, যেটা সীমান্তবিষয়ক আলোচনা ছাড়া এখন পর্যন্ত আর কিছু করতে পারেনি।
মনে হয় না, এসব বকেয়া বিষয়ে চীন নিজের অবস্থান পরিবর্তন করবে। কিন্তু এই প্রস্তাবিত আলোচনা সম্মেলন উপলক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। এসব আলোচনায় যেহেতু বিতর্কিত বিষয় থাকে, সে কারণে নেতাদের সাধারণ বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করতে হয় না। অন্তত চীনারা এটা প্রত্যাশা করবে। চীনারা চায় সম্মেলনে নেতারা পূর্বপরিকল্পনামাফিক আলোচনা করবেন, যেখানে তাঁরা অপ্রীতিকর বিষয়ে কথা বলবেন না। কিন্তু গত বছর উফায় এবং এ বছর তাসখন্দে ব্যাপারটা এমন ছিল না। তাই ওয়াং এমনটা চাইবেন যে আসন্ন সম্মেলন যেন তাঁর নেতার জন্য অস্বস্তিকর না হয়।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীন খুব জটিল রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। চীন দক্ষিণ চীন সাগরের ওপর যে দাবি করেছিল, তা খারিজ হয়ে যাওয়ায় বেইজিং বড় ধরনের ধাক্কা খেয়েছে। আসিয়ানের সঙ্গেও তার সম্পর্ক এ যাবৎকালের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ। তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে যুক্তরাষ্ট্র, তারা দক্ষিণ কোরিয়ায় থার্ড অ্যান্টি মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করেছে। অথচ চীন অনেক দিন ধরে নিষ্ঠার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করে চলেছে (কোরীয় পপসংগীত চীনে খুবই জনপ্রিয়)।
এ অঞ্চলে জাপান ও যুক্তরাষ্ট্র চীনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তাজনিত হুমকি হওয়া সত্ত্বেও চীনের জন্য নতুন ও প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েই যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে চীন ভারতের সঙ্গে তার পশ্চিম সীমান্ত আপেক্ষিকভাবে স্থিতিশীল ও ঝুঁকিহীন রাখতে চায়। এ কারণেই চীনের সরকারি গণমাধ্যম এ কথা বলেই যাচ্ছে যে চীন ও ভারতের মধ্যে স্বার্থের সংঘাত নেই। অনৈক্যের চেয়ে তাদের মধ্যে ঐক্যের জায়গাই বেশি।
আবার এ আশঙ্কাও আছে যে ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয়ে নিরাপত্তাবলয়ে ঢুকবে, যেটা দক্ষিণ চীন সাগরে চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। বেইজিং ভারতকে সতর্ক করে দিয়েছে, তারা যেন দক্ষিণ চীন সাগরের ব্যাপারে ‘জড়িয়ে’ না পড়ে। আবার এ আশাও করা যায়, ভারত তার ঘোষিত কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রাখবে। দেখা গেছে, দক্ষিণ চীন সাগরসংক্রান্ত রায় যখন চীনের বিপক্ষে গেল, তখন ভারত তেমন একটা উচ্ছ্বাস দেখায়নি। জানা গেছে, ওয়াং দিল্লিতে দক্ষিণ চীন সাগরের বিষয়টি তোলেননি। মনে হচ্ছে, চীন চায় ভারত এ ব্যাপারে বেশি মাথা না ঘামাক। চীন ধারণা করছে, আসন্ন জি-২০ সম্মেলনে জাপানসহ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা জি-২০ সম্মেলনে দক্ষিণ চীন সাগরের বিষয়টি তুলে চীনকে লজ্জায় ফেলে দেবে। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ফলে তারা কৌশলগত সুবিধা পেয়ে যাচ্ছে। সে কারণেই হয়তো ওয়াং ভারত সফর করলেন। কিন্তু চীন শিগগিরই এ ব্যাপারে তাদের অবস্থানে বড় পরিবর্তন আনবে বলে মনে হয় না।
কথা হচ্ছে, চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে অনেক সতর্ক হতে হবে। কারণ, দেশ দুটির মধ্যকার পার্থক্য দিনকে দিন শুধু বাড়ছেই। চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার অনেক ধীরগতির হলেও সেটা ভারতের অর্থনীতির চেয়ে পাঁচ গুণ বড়। ফলে চীনকে ধরতে হলে ভারতকে একটানা অনেক দিন উচ্চহারের প্রবৃদ্ধি বজায় রাখতে হবে। ক্ষমতার এই অসমতাকে সামাল দেওয়ার একটি পথ হলো, ভারতকে সক্ষমতা গড়ে তুলে তা দেখাতে হবে, যাতে চীন সামরিকভাবে আগ্রাসী জায়গায় যাওয়ার আগে একবার হলেও চিন্তা করে। দ্বিতীয় পন্থাটি হলো, ভারতকে মার্কিন নেতৃত্বাধীন চীনবিরোধী জোটে ঢুকতে হবে। এই অবস্থান নিয়ে ভারতের স্বাধীন সত্তা থাকবে না তা ঠিক, কিন্তু এটা করলে সে তরতর করে এগিয়ে যেতে পারবে।
এই ক্রমবর্ধমান অসমতার পরিপ্রেক্ষিতে ভারত খুব ভালো জায়গায় নেই। সে নাজুক। আর চীন ও পাকিস্তান যদি একত্রে কিছু করে, তাহলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে। ১৯৬২ সালের পর ভারত-পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে সমর্থন দিলেও ভারতে সরাসরি হামলা করেনি। তাদের এই অবস্থান সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ওদিকে ভারত যদি বেলুচিস্তানে, যেখানে চীন বিপুল বিনিয়োগ করে ওয়ান বেল্ট ওয়ান রোডের অংশ হিসেবে গাদার বন্দর নির্মাণ করছে, পাকিস্তানবিরোধী জঙ্গিদের উসকে দেয়, তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে তা সহজেই অনুমেয়।
এ অবস্থায় ভারত-চীন সম্পর্ক জটিলতর হয়ে উঠছে। গত কয়েক বছরে দুই দেশের নেতারাই বৈরিতা সত্ত্বেও চীন-ভারত সম্পর্ককে পারস্পরিকভাবে সুবিধাজনক অবস্থায় রাখার চেষ্টা করেছেন। ফলে ভারসাম্য বজায় রাখতে হবে, যেটা আসলে সবচেয়ে কঠিন কাজ।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য হিন্দু থেকে নেওয়া।
শ্যাম শরণ: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব।