
১৯ ও ২০ শতকের মতো তথাকথিত বড় খেলার যে নতুন পর্ব সম্প্রতি শুরু হয়েছে, তা সাধারণভাবে দক্ষিণ এশিয়া ও বিশেষভাবে আফগান/পশতুনদের জন্য নতুন ঝামেলা বয়ে আনছে। ধরে নেওয়া হয়, এই বড় খেলার প্রথম পর্ব ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যে ১৮৩০ সালে শুরু হয়। সেবার ব্রিটিশরা বুখারাকে (এখন উজবেকিস্তানের অংশ) ব্রিটিশ ভারতের সঙ্গে সড়কপথে সংযুক্ত করতে চেয়েছিল। জারের রাশিয়া মধ্য এশিয়াকে নিজ প্রভাব বিস্তারের স্বাভাবিক ক্ষেত্র হিসেবে বিবেচনা করত। তারা ব্রিটিশদের এই কৌশলগত উদ্যোগে মোটেও মজা পায়নি।
ওই সময় দুই বড় সাম্রাজ্যের বিবাদে আফগানিস্তানের বিভাজন হয়। ফলে আফগানিস্তান তখন দুই বড় সাম্রাজ্যের মধ্যে যুদ্ধের ঝুঁকি কমাতে প্রাবর রাষ্ট্রে পরিণত হয়। ১৮৪২ ও ১৮৭২ সালে ব্রিটিশরা জোর করে আফগানিস্তান দখল করতে গেলে প্রথম ও দ্বিতীয় অ্যাংলো-আফগান যুদ্ধ হয়। এরপর ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব হলে রুশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়নে রূপান্তরিত হয়, তখন পুঁজিবাদী শিবিরের সঙ্গে সমাজতান্ত্রিক শিবিরের লড়াই শুরু হয়। এই লড়াইয়ে পুঁজিবাদী শিবিরের হয়ে প্রথমে যুক্তরাজ্য ও পরবর্তীকালে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয়। ১৯৮০ সালে স্নায়ুযুদ্ধের চূড়ান্ত সময়ে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের বামপন্থী সরকারকে সমর্থন দিতে দেশটিতে ঢুকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সে এক বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে পড়ে। দশকব্যাপী সংঘটিত ওই যুদ্ধে আফগান-পশতুনদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাদের অনেকেই প্রাণ হারান। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন ও মধ্য এশিয়ায় স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হলে মানুষ আশা করেছিল, এই বড় খেলার অবসান হলো বলে। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বোঝা গেল, তা হওয়ার নয়।
ন্যাটো পূর্ব দিকে সম্প্রসারণ অব্যাহত রাখায় রাশিয়া ও পশ্চিমের মধ্যে নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়। ওদিকে যুক্তরাষ্ট্র শত্রুরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ আরোপের রীতি পুনরায় চালু করে। নতুন পরাশক্তি হিসেবে চীনের আবির্ভাব এই নতুন খেলার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্রিকসের পতাকাতলে একত্র হওয়া উদীয়মান দেশগুলো শুধু বিশ্বব্যাংক ও আইএমএফের বিকল্প আর্থিক প্রতিষ্ঠান নির্মাণ করেনি, তারা পাশ্চাত্য-প্রভাবিত পুরোনো রাজনৈতিক ব্যবস্থার প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া নিজ স্বার্থে ও উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দল গড়েছে। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ ও দক্ষিণ চীন সাগরের মতো আফগান-পাকিস্তান সম্পর্ক এই নতুন বৃহৎ খেলার সম্ভাব্য তপ্ত ভূমি। চীনের বেল্ট অ্যান্ড রোড ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের ব্যাপারে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও ঘোষিত বিরোধিতার কারণে এই নতুন খেলায় আফগান-পাকিস্তান সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু সমস্যা হলো, আগের বড় খেলায় ধর্মীয় চরমপন্থা ও জঙ্গিবাদের যে আগুন জ্বালানো হয়েছিল, তা এখনো জ্বলছে।
এশিয়া ও আফ্রিকা অঞ্চলের জাতীয় আন্দোলন দুর্বল করতে পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলোর ধর্মীয় ও জাতিগত বিভেদ উসকে দেওয়ার অভিজ্ঞতা আছে। সিয়েটো ও সেন্টোর মতো সামরিক জোটের পাশাপাশি জিহাদের পুনরুজ্জীবন ঘটানো ছিল সাম্যবাদকে হটানো ও পরাজিত করার মার্কিন কৌশল। ১৯৮০-এর দশকে আফগানিস্তানের যুদ্ধ পশ্চিমা কৌশলবিদদের প্রজ্ঞার যথার্থতা প্রমাণ করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর জিহাদিরা প্রবলভাবে পশ্চিমাবিরোধী বাগাড়ম্বর শুরু করে, কিন্তু পশ্চিমারা খুবই অভিজ্ঞ। সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত চাল দিতে তারা এত সিদ্ধহস্ত যে এ ব্যাপারে কেউ তাদের বোকা বানাতে পারবে না। তবে ভয়ের ব্যাপার হলো, আধুনিক জিহাদি প্রকল্পের শিকড় আফগানিস্তান ও পাকিস্তানে। পশ্চিমারা আফগানিস্তানে জিহাদের দুর্গ হিসেবে পাকিস্তানকে সফলভাবে ব্যবহার করেছে। আরবভিত্তিক আল-কায়েদা একসময় আফগানিস্তান-পাকিস্তানে চলে আসে। আইএসের ক্ষেত্রেও একই ব্যাপার দেখা যাচ্ছে। যদিও মনে হচ্ছে, তারা মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে না, মূলত স্থানীয় গতি–প্রকৃতিই এদের নিয়ন্ত্রণ করছে।
জেনারেল জিয়াউল হকের জমানায় যে জিহাদি প্রকল্প শুরু হয়, সেটা টিকে যাওয়ার পাশাপাশি নতুন ও বিপজ্জনক রূপ পরিগ্রহ করেছে। এতে রাষ্ট্র ও সমাজ উভয়ই আরও চরমপন্থী হয়ে উঠেছে। বিভিন্ন সময় দেশটির সরকার নানা দাবি করলেও অনিবন্ধিত ও পোশাকবিহীন ধর্মবেত্তারা তরুণদের জিহাদের প্রতি আকৃষ্ট করে যাচ্ছেন। ধর্মীয় চরমপন্থীদের তীব্র প্রতিক্রিয়ার কারণে আইন সংশোধন ও পাঠ্যক্রম থেকে ঘৃণার উপাদান সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। রাষ্ট্রীয় সংস্থাসহ অন্যরা অস্ত্রের মুখে ধর্মীয় অধ্যাদেশ জারি করায় ব্যাপারটা দুঃখজনকভাবে আমাদের রাজনৈতিক সংগ্রামের অংশ হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বাজে ব্যাপার ছিল তালেবান প্রকল্প। জর্ব-ই-আজব, এনএপি, রাদুল ফাসাদ প্রভৃতি অভিযানের মুখেও পাকিস্তানে তালেবানদের অভয়ারণ্য টিকে যাওয়ায় বোঝা যায়, চরমপন্থা ও সন্ত্রাসবাদের ব্যাপারে পাকিস্তান রাষ্ট্রের নীতি কতটা ফাঁপা। ফলস্বরূপ, বিদেশি সন্ত্রাসী ও ড্রোনের দ্বারা এই পারমাণবিক রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়মিত লঙ্ঘিত হচ্ছে।
কিন্তু মনে হচ্ছে, ধর্মীয় চরমপন্থার খেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা সাম্যবাদের বিরুদ্ধে জিহাদের জন্ম দিলেও আফগানিস্তানে মার্কিন সেনারা ক্রমেই প্রাণ হারাতে থাকায় তারা মুখ ফিরিয়ে নিয়েছে। পাকিস্তানি গণমাধ্যমে রুশ অনুপ্রবেশের ঘটনা অতিরঞ্জিত করে প্রকাশ করে। তবে সম্প্রতি ব্রিকসের আনুষ্ঠানিক বিবৃতিতে যে শক্তিশালী ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে বোঝা যায়, রাশিয়া ও চীন কতটা তালেবানবিরোধী। তাদের উদ্বেগ বোধগম্য। কারণ, তালেবানরা চূড়ান্ত পর্যায়ে মধ্য এশিয়ার জন্যও হুমকি, যার মধ্যে জিনজিয়াংও আছে। সময় এসেছে আফগানিস্তান ও পাকিস্তানকে একত্র হয়ে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার। এরা অর্থনীতির গতিশীল পথে নেমে একত্রে চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে। ধর্মীয় চরমপন্থার মূলোৎপাটনে বন্ধু ও শত্রুর সামনে তাদের একত্র হয়ে কাজ দেখাতে হবে। বড় খেলার আগের পর্বে এই অঞ্চলের মানচিত্র পরিবর্তিত হয়েছে। আর ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া হলে তার পুনরাবৃত্তিই হয়।
দ্য নেশন থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
আফ্রসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষক।