প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বাংলাদেশে বেশ প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত আমলা ও মতনির্ধারকেরা সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যাপারটা ভালো যে সম্ভাব্য চুক্তির নানা খুঁটিনাটি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা ও তর্ক-বিতর্ক হয়েছে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ২০০২ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি করেন, তখন কিন্তু এ ধরনের বিতর্ক হয়নি। আজ যারা ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষার কৌশলগত তাৎপর্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন তাঁরা কিছু বলেননি। এর কারণ হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর চীনের সঙ্গে বাংলাদশের সম্পর্ক দুটি ভিন্ন শ্রেণিতে পড়ে। যেখানে ভারতকে অনেকে শত্রু মনে করেন, সেখানে অনেকে চীনকে ভারতের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে দেখে থাকেন। ব্যাপারটা প্রবাদসম।
বাংলাদেশের নিরাপত্তা সমীকরণে ভারত সব সময়ই গুরুত্ব পেয়েছে। দেশটি তার প্রতিরক্ষা পরিকল্পনা ও হিসাব-নিকাশ ভারতের সম্ভাব্য হুমকির বিবেচনায় প্রণয়ন করে থাকে। যদিও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের প্রায় দুই হাজার সেনা প্রাণ দিয়েছেন। এই সত্যটির স্বীকৃতি পেতেও দীর্ঘ সময় লেগেছে। স্বাধীনতার ৪০ বছরে সেনা-সমর্থিত সরকারের আমলে এর স্বীকৃতি মিলেছে। তখন জেনারেল মইন উ আহমেদ প্রস্তাব দিয়েছিলেন, ‘দুই দেশের সেনাবাহিনী ঘনিষ্ঠ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করুক।’ এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের ধরন বদলে যায়। এরপর শেখ হাসিনা ক্ষমতায় এসে ভারতের অবদানের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যান।
এই পরিবর্তন থেকেই বোঝা যায়, ১৯৭৫ সালের পর বাংলাদেশের সরকারগুলো ভারত সম্পর্কে কী ব্যাখ্যা দিয়েছে ও লালন-পালন করেছে। ২০০৮ সালে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদের ভারত সফরের মধ্য দিয়ে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। তার আগে পর্যন্ত ভারত বাংলাদেশে অবন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ‘গুজরাল ডকট্রিন’ গ্রহণ করার পরও বাংলাদেশে এ ধারণা বজায় ছিল। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, ভারতের সম্ভাব্য অনাহূত হস্তক্ষেপ ও পরিণতিতে নিরাপত্তার গুরুতর ঘাটতির কারণ দেখিয়ে ভারতকে ট্রানজিট–সুবিধা দেওয়া হয়নি, যা ১৯৬৫ সালের আগ পর্যন্ত কার্যকর ছিল। ২০০৯ সালে হাসিনা ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে।
মানচিত্রের দিকে তাকালেই বোঝা যায়, অর্থনৈতিক ও নিরাপত্তা প্রশ্নে দুই দেশের মধ্যে সহযোগিতা গড়ে ওঠার বিকল্প নেই। সন্ত্রাসবাদ দুই দেশের জন্যই চ্যালেঞ্জ হয়ে ওঠায় এ ক্ষেত্রে পরিবর্তনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাধ্যমে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সংহত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। সম্ভবত, এই প্রতিরক্ষা চুক্তি চীন-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির চেয়ে ভিন্ন কিছু হবে না।
২০০৮ সালের পর ভারতের তিন বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। অন্যদিকে রাজনৈতিক পর্যায়ে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এতেই বোঝা যায়, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়। ২০০৯ সাল থেকে দুই সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া ‘সম্প্রীতি’র আয়োজন করে যাচ্ছে। বিশেষ করে, ২০১৪ সালে বর্ধমান বোমা বিস্ফোরণের পর সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হয়।
কোনো কোনো গোষ্ঠী এই ঘনিষ্ঠ সহযোগিতা সত্ত্বেও প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে। আমাদের যুক্তি হলো, এতে বাংলাদেশের সুযোগ কমে যাবে। দেশটি চীন-ভারতের ঝগড়ায় জড়িয়ে পড়বে। অন্যরা মনে করেন, এই চুক্তি অপ্রয়োজনীয়। অস্ত্র সরবরাহে ভারতের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। আবার অনেকে বলেন, প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের আগে দ্বিপক্ষীয় সব সমস্যার সমাধান করতে হবে। আবার অনেকেই যুক্তি দেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর ও সেখানে ২ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারত এই প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে। কৌশলগতভাবে বাংলাদেশের সঙ্গে চীনের নৈকট্য ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠছে, তা সত্য। কিন্তু প্রতিরক্ষা চুক্তিকে চীন-বাংলাদেশ সম্পর্কের প্রতিক্রিয়া হিসেবে আখ্যা দেওয়া সুদূরপ্রসারী। ১৯৭২ সালে স্বাক্ষরিত শান্তি ও মৈত্রী চুক্তি নিয়েও একই প্রচারণা চালানো হয়েছিল। ওই চুক্তিকে সার্বভৌমত্বের আত্মসমর্পণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত টানা কঠিন নয় যে, বাংলাদেশের রাজনৈতিক অভিজাতদের মধ্যে ভারতের সঙ্গে সহযোগিতার ব্যাপারে যে বিদ্বেষ আছে, তার মূল অনেক গভীরে প্রোথিত। আওয়ামী লীগের অনেকেই মনে করেন, ২০১৯ সালের নির্বাচনের আগে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা আত্মঘাতী হবে, যদি ভারতের কাছ থেকে সমগোত্রীয় কিছু না পাওয়া যায়, যেমন তিস্তা চুক্তি।
এটাও স্বীকার করতে হবে, একাধিক দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না হওয়ায় বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব জোরদার হয়েছে। প্রথমত, তিস্তার পানিবণ্টন চুক্তির সমাধান না হওয়া গুরুতর বিবাদের কারণ হয়ে উঠেছে। ২০১১ সালে মনমোহন সিংয়ের সফরের সময় শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের চাপে চুক্তি না হওয়া এবং ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরের সময় তাঁর সহায়তার আশ্বাস সত্ত্বেও এ ব্যাপারে অগ্রগতি হয়নি। ব্যাপারটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ঝগড়ায় জড়িয়ে পড়েছে। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা বিবাদের দ্বিতীয় কারণ। দুই সীমান্তরক্ষী বাহিনীর যৌথ টহল থাকলেও এটা থামাতে তাদের মধ্যে সমন্বয় দরকার। তৃতীয় কারণটি হলো অশুল্ক বাধা, যেটা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রধান বাধা। এটাই সবার আগে সমাধান করা জরুরি। ভারতের স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআইয়ের সক্ষমতা বাড়াতে এবং মান নিয়ন্ত্রণে সমন্বয় তৈরিতে সংস্থাটিকে সহযোগিতা করছে। সম্ভবত দুই সংস্থারই উচিত হবে, পণ্যের দ্রুত প্রত্যয়নের জন্য সীমান্তে যৌথ কার্যালয় খোলা। আর জ্বালানি সহযোগিতা বাড়াতে বিদ্যুৎ-বাণিজ্য উৎসাহিত করতে যৌথ বিনিয়োগ করা যায়।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারটা ভৌগোলিক। বাংলাদেশের তিন দিকে ভারত। সে কারণে দুই দেশের সহযোগিতার বিকল্প নেই। দুই দেশের নিরাপত্তার হিসাবে যেখানে রাষ্ট্রবহির্ভূত শক্তি প্রধান হয়ে উঠছে, সেখানে বিদ্যমান নিরাপত্তা সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণের বিকল্প নেই। সন্ত্রাসবাদ মোকাবিলায় এর প্রয়োজনীয়তা আছে। তাই শেখ হাসিনার এই সফরকে প্রতিরক্ষা চুক্তি বা তিস্তার পানিবণ্টনের ক্ষুদ্র দৃষ্টিতে দেখা উচিত নয়। বরং এটাকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ পথপরিক্রমা ও অনাবিষ্কৃত ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে দেখা উচিত।
ইংরেজি থেকে অনূদিত, ভারতের আইডিএসএডটইন থেকে নেওয়া।
শ্রুতি এস পট্টনায়েক: ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ ফেলো।