সম্প্রদায়ের পূজা সবার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে ছিল মহালয়ার আনুষ্ঠানিকতা। তাই চাঁদোয়া টানানো ছিল রাজশাহী শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পবা উপজেলার নওহাটার প্রধান মন্দিরের সামনে। তবে বিকেলে মন্দিরে গিয়ে তেমন একটা লোকজনের দেখা মিলল না। জনহীন মন্দির দেখে মনেই হচ্ছিল না যে ওই প্রত্যুষেই মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজা আসলে শুরু হয়ে গেছে। ‘লোকজন নেই কেন?’ জানতে চাইলে অশোক দাস বললেন, ‘প্রতিমা স্থাপনের আগে আসলে লোকজন খুব একটা মন্দিরে আসে না।’এ সময় মন্দিরের এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আড্ডায় মত্ত ব্যক্তিদের মধ্য থেকে প্রণয় সাহা, দিলীপ সাহা ও শিশির মণ্ডল এসে যোগ দিলেন। আলাপচারিতার একপর্যায়ে তাঁদের কাছে প্র্রতিমা নির্মাণ শুরু না করার কারণ জানতে চাইলে অশোক দাস বলেন, প্রতিমা নির্মাণ শুরু হয়ে গেছে। তবে নির্মাণকাজটি হচ্ছে রাজশাহী শহরে।’কথায় কথায় এসব মানুষই বললেন, একদা এই মন্দির প্রাঙ্গণে প্রতিমা নির্মাণ করা হতো। তখন আজকের এই বড় মানুষগুলো অনেক ছোট ছিলেন। আজকালকার মতো চোখ ধাঁধানো প্রতিমা হয়তো হতো না। তবু পুরো নির্মাণ-প্রক্রিয়াটি এই মন্দির প্রাঙ্গণে সম্পন্ন করা হতো। আর তাঁরা দিন-রাত একাকার করে দিতেন মন্দিরে।অশোক দাস জানালেন, তাঁদের ছোটবেলা থেকেই দেখে আসছেন এই এলাকার কুমোররা নেই। একটু বড় হয়ে জেনেছেন ১৯৬২ সালে একবার ভয়াবহ সাম্প্রদায়িক নির্যাতন হয়েছিল। ওই নির্যাতনের সময় কুমোররা সব ভারতে চলে গেছেন। কুমোররা চলে যাওয়ার পর প্রতিমা নির্মাণের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন সীতাহরণ কর্মকার নামের এক স্বর্ণের কারিগর। সীতাহরণও একসময় দেশ ত্যাগ করলেন। তবে সীতাহরণের শিষ্য অনিল সরকার প্রতিমা নির্মাণের কাজটা নিজের হাতে তুলে নিলেন। আমৃত্যু তিনি এ কাজ করেছেন প্রায় বিনা পারিশ্রমিকে।নওহাটা তখনো একটা বর্ধিষ্ণু গ্রাম ছিল বলে জানালেন অশোক দাস। ইতিমধ্যে এ এলাকাটি ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়েছে। এরই মধ্যে খানিকটা নাগরিক বিচ্ছিন্নতাও তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবু দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দুদের পাশাপাশি মুসলমানদের মধ্যেও বেশ উৎসাহ দেখা গেল। এটা কেবল নওহাটা নয়, পুরো রাজশাহীর চিত্র।পূজাটা হিন্দুদের, কিন্তু পূজাকে ঘিরে আয়োজিত উৎসব সব মানুষের, এটাই রাজশাহীর দুর্গোৎসবে দেখা যায় বলে জানালেন শিল্পী রুবেল আরাফাত। তিনি বলেন, অবশ্য এবার হিন্দুদের মধ্যে একটু যেন চাপা শঙ্কা রয়েছে বলে মনে হচ্ছে। রুবেল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা শেষ করে রাজশাহী শহরে ব্যবসা করছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সওদাগরের একটি বিক্রয়কেন্দ্র রয়েছে শহরের অলকার মোড়ে এবং যার আশপাশে বেশ কিছু পূজামণ্ডপ তৈরি হচ্ছিল তখন। সেগুলোর একটির তোরণ নকশা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শৌখিন শিল্পী সুশোভন রায়। বাংলাদেশকে মূল প্রতিপাদ্য করে নকশাটি করেছেন তিনি।পূজাকে সামনে রেখে হিন্দুদের মধ্যে সত্যিই কোনো শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে সুশোভন বললেন, শঙ্কিত হওয়ার মতো ঘটনা তো এরই মধ্যে রামুতে ঘটে গেছে। রুবেল জানালেন, অত দূরে যাওয়ার দরকার কী? রাজশাহীর তানোরেই তো এর মধ্যে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে গেছে।রুবেলের দেওয়া তথ্যানুযায়ী তানোরের যশপুরে গিয়ে জানা গেল, ১০ অক্টোবর রাতের আঁধারে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করে গেছে দুর্বৃত্তরা। ওই গ্রামের একমাত্র পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপনের জন্য প্রতিমা তৈরির কাজ চলছিল। ১০ অক্টোবর রাতে প্রতিমাশিল্পীরা কাজ অসমাপ্ত রেখে বাড়ি যান। ওই রাতেই কারা যেন নির্মীয়মাণ প্রতিমাগুলো ভেঙে রেখে গেছে।প্রতিমা ভাঙচুরের ঘটনা জানাজানি হলে ১২ অক্টোবর রাজশাহীর পুলিশ সুপার তাওফিক মাহবুব চৌধুরী ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল বাসেত ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। কে বা কারা কাণ্ডটি ঘটিয়েছে এ নিয়ে কোনো কিছু অনুমান পর্যন্ত করতে পারছেন না বলে জানালেন যশপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বনমালী প্রামাণিক। তাই পুলিশ মামলা করতে বললেও হিন্দুদের কেউ এ নিয়ে কোনো মামলা করতে রাজি হননি। বনমালী প্রামাণিকের দাবি, স্থানীয় লোকজনের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই, কারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে অনুমাননির্ভর কিছু তাঁরা করতে চান না।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, মামলা না হলেও যশপুরের হিন্দুরা যেন ঠিকভাবে পূজা করতে পারে, সে জন্য সব রকম সহযোগিতা করা হচ্ছে।রাজশাহী শহরের আদি বাসিন্দাদের একজন সুশোভন রায় বলেন, পূজা নিয়ে শঙ্কাটা রাজশাহী শহরে নেই। তবে গ্রামের মানুষের মনে একটু চাপ রয়েছে। রাজীব নূর: লেখক ও সাংবাদিক।