সম্মান জানানোর এ কেমন রীতি!
গত সপ্তাহে দুটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। দুটি ছবিই প্রায় এক রকম। প্রথম যে ছবিটি ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে, একদল শিক্ষার্থী মাঠে দাঁড়িয়ে একটি মানবসেতু তৈরি করেছে। আর তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির পরিচয় হচ্ছে তিনি চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। দ্বিতীয় ছবিতেও একইভাবে একদল শিক্ষার্থীর তৈরি করা মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম দিলদার হোসেন। ছবি দুটি এক রকমের হলেও ঘটনাস্থল ভিন্ন। একটি ঘটেছে চাঁদপুরের হাইচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে। তাঁকে সম্মান জানাতে এভাবে শিক্ষার্থীদের পিঠে হাঁটানোর ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
আরেকটি ঘটনা জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল স্কুলের জমিদাতা দিলদার হোসেনকে। তাঁকেও একইভাবে শিক্ষার্থীদের পিঠে হাঁটানোর মধ্য দিয়ে সম্মানিত করা হয়। দুই ঘটনাতেই ব্যাপক নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যায়। হওয়ারই কথা। কাউকে সম্মান জানানোর এ কেমন রীতি!
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এভাবে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর প্রধান অতিথির হেঁটে যাওয়া নাকি নতুন কিছু নয়। অনেক বছর ধরেই এ রীতি চালু আছে। এটা হতবাক হওয়ার মতোই এক তথ্য। একটা স্কুলে প্রতিবছর এমন একটি মধ্যযুগীয় কাজ হচ্ছে অথচ কারও মনে হলো না যে কাজটি ঠিক হচ্ছে না—এটা কীভাবে সম্ভব? আর কার উর্বর মস্তিষ্ক থেকেই-বা এভাবে সম্মান জানানোর রীতির বিষয়টি মাথায় এসেছে? কখনো কি এর কোনো প্রতিবাদ হয়নি? যেসব ‘বিশিষ্ট’ ব্যক্তি এভাবে শিক্ষার্থীদের কাঁধের ওপর দিয়ে হেঁটে গেছেন, তাঁদের কারোর কি একবারও মনে হয়নি যে এ কাজটি করা ঠিক হচ্ছে না?
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী এভাবে ‘সম্মানিত’ হয়ে এতটাই আনন্দ পেয়েছেন যে তিনি মানবসেতু তৈরি করা শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা বকশিশ দেন। এই উপজেলা চেয়ারম্যান ও জামালপুরের স্কুলের ওই জমিদাতার যদি কোনো বোধবুদ্ধি বা বিচার-বিবেচনা বোধ থাকত, তবে এমন করার কথা নয়। কী অবলীলায় তারা শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর জুতা পায়ে হেঁটে গেলেন!
কাউকে সম্মান বা সংবর্ধনা জানানোর জন্য স্কুলের ছাত্রছাত্রীদের ব্যবহার অবশ্য নতুন কিছু নয়। অতীতেও এমন অনেক হয়েছে। হয়তো বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান এসেছেন বা কোনো এলাকায় কোনো মন্ত্রী এসেছেন, তাঁকে সংবর্ধনা জানাতে অতিথির গমনপথের দুপাশে স্কুলের শিক্ষার্থীদের প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। উদাহরণ হিসেবে গত বছরের জুলাই মাসের একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিক্ষামন্ত্রী মহোদয় আসা উপলক্ষে দিরাই পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর অবধি রাস্তায় লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয় হাতে ফুলের স্টিক, ব্যানার, ফেস্টুন দিয়ে। এ ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এভাবে সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এই নিষেধজ্ঞা মানা হয় না কোথাও। এটা খুবই দুঃখজনক। যাঁরা এভাবে সংবর্ধিত হন, তাঁদেরই এগিয়ে আসা উচিত এর প্রতিবাদ জানাতে। কেউ একজন একবার যদি উদাহরণ সৃষ্টি করেন, তাহলে হয়তো অনেকেই তাঁকে অনুসরণ করবেন। আমরা চাই এ রকম উদাহরণ তৈরি হোক।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, চাঁদপুরের ঘটনায় উপজেলা চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে, জামালপুরে ঘটনায়ও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যাবে বলে মনে করছি।
রোকেয়া রহমান: সাংবাদিক