সম্মানিত পাঠকের কাছে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন : শিশির
কার্টুন : শিশির

প্রিয় পাঠক,
সুন্দর একটা ভোর। হেমন্তের মিষ্টি আলো এসে পড়ছে সবুজ পাতায়, শিশিরমাখা ঘাসে। রবীন্দ্রনাথের গানে আছে, ‘কচি পাতা প্রথম প্রাতে/ কী কথা কয় আলোর সাথে!’
আমরা কাগজের মানুষ। আমাদেরও আছে পাতা। কিন্তু সেটা খবরের কাগজের পাতা। প্রতিদিন ভোরে আমরাও নতুন নতুন পাতা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদেরও ইচ্ছা থাকে, আমাদের এই সব পাতা কথা কয়ে উঠুক আলোর সঙ্গে, ভালো ভালো খবর নিয়ে। প্রথম আলো নামের মধ্যে আছে দুটো শব্দ, প্রথম আর আলো। আকাঙ্ক্ষা থাকে, দেশের কুশল আপনারা জানুন, আপনারাও সবাই ভালো থাকুন। আপনাদের ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। আর দিনের প্রথম আলোর মতোই যেন আপনার দরজায় কড়া নাড়ে আমাদের কাগজটি!
আজকে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা ভাবতে গেলে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি; আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় নত হই। কারণ, প্রথম আলো সারা পৃথিবীতে কমপক্ষে ৫৫ লাখ পাঠকের হৃদয়ে কড়া নাড়ে রোজ। ছাপা কাগজে ৪৩ লাখ ও ডিজিটাল মাধ্যমে ১২ লাখ পাঠক প্রথম আলো পড়েন। ফেসবুকের মাধ্যমে প্রায় ৬৮ লাখ আর টুইটারে দুই লাখ পাঠক অনুসরণ করেন প্রথম আলোকে।
শুধু কি সংখ্যা? রাজধানীর কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত জনপদের সব স্তরের পাঠক—কী অসম্ভব ভালোবাসার কথা আমাদের জানান! এই তো সেদিন একজন নারী সাংসদ এলেন প্রথম আলোয়। বললেন, সেই ১৯৯৮ সালের ৪ নভেম্বর থেকে শুরু করে ২০১৫ সালের প্রতিটা সংখ্যা তিনি কিনে পড়েছেন! কবি রবার্ট ফ্রস্টের কবিতায় একটা বহুল উদ্ধৃত পঙ্‌ক্তি আছে, ‘আই হ্যাড আ লাভার’স কুয়ারাল উইথ দ্য ওয়ার্ল্ড’—‘পৃথিবীর সঙ্গে আমার ভালোবাসার ঝগড়া।’ প্রথম আলোর পাঠকদের সঙ্গেও অনেক সময় প্রথম আলোর মান-অভিমান হয়!
এত পাঠক, তাঁদের একেক রকম দাবি আর আকাশছোঁয়া প্রত্যাশা প্রথম আলোর কাছে। সবটা আমরা পূরণ করতে পারি না। আমাদের সীমাবদ্ধতা আছে, ভুলত্রুটিও আমাদের হয়। তাই কখনো কখনো দেখা যায়, কোনো কারণে হয়তো পরিবারের কর্তা বললেন, কাল থেকে আর বাসায় প্রথম আলো ঢুকবে না। কিন্তু পরিবারের বাকি সদস্যরা বাদ সাধেন, প্রথম আলোই রাখতে হবে। কী আর করা! আবার প্রথম আলো। কিংবা কর্তাই দুদিন পরে বললেন, নাহ্‌, প্রথম আলো ছাড়া অন্য কিছু পড়ে তো ঠিক মন ভরছে না!
এই সব কাহিনি আমরা শুনি। আমাদের প্রতি আপনাদের অপার মমতায় মন ভরে যায়। নতুন উদ্যমে আমরা সামনে এগিয়ে চলি। জীবনে প্রথম প্রবাসে যাচ্ছেন যে যুবকটি, পলিথিনে করে বাংলাদেশের একটুখানি মাটি সঙ্গে নিয়ে যান, আর নেন একটা প্রথম আলো—বাংলার মাটি আর বাংলা বর্ণমালা যেন সঙ্গে থাকে। তাই তো সারা পৃথিবীতে বাংলাদেশিরা রোজ প্রথম আলোর অনলাইন সংস্করণ পড়েন। আর তাঁদেরই হাত ধরে প্রথম আলো পৃথিবীর এক নম্বর বাংলা ওয়েবসাইট।

আমরা বিশ্বাস করি, প্রথম আলোর শক্তি আপনারা, আমাদের শ্রদ্ধেয় পাঠকেরা। আমরা রোজ ভোটে দাঁড়াই। আপনি পাঠক, আপনি আমাদের ভোটার। পকেট থেকে দশটি টাকা বের করে যে কাগজটি আপনি কেনেন, আপনার ভোটটি সেই কাগজই পায়। আজ যে কাগজ পেয়েছে, আগামীকাল সে নাও পেতে পারে। আজ আমাদের কাগজ আপনি কিনেছেন, কাল নাও কিনতে পারেন। এখানেই আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আজ প্রায় ১৪ বছর ধরে প্রথম আলো বাংলাদেশের এক নম্বর কাগজ। আর প্রতিবছর এর পাঠকসংখ্যা বেড়েই চলেছে।

 প্রথম আলোর শক্তি এই বিপুল পাঠক সমাজের সবচেয়ে সচেতন অংশ, সোচ্চার, সক্রিয়, কর্মোদ্যোগী। প্রথম আলোর দুর্বলতাও তার এই বিপুল পাঠকসংখ্যা। হয়তো একাধিক কাগজে একই ভুল ছাপা হয়েছে। কিন্তু হইচই পড়ে প্রথম আলোর ভুলটা নিয়ে! পাঠককে বোঝানো যায় না। তাঁরা বলেন, অন্য কাগজের উদাহরণ দেবেন না, আমি আপনার কাগজ পড়ি, আপনারটায় কেন ভুল থাকবে। কিংবা কর্তৃপক্ষের অন্য কাগজের খবরটা নজর কাড়ে না, শুধু প্রথম আলোরটাই পড়ে, সাড়া পড়ে যায়। আবার প্রথম আলোতে ছাপা হলে কাজও হয়! প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ক্লাস ফাইভে পড়া শিক্ষার্থীটিও নির্ভর করে আছে প্রথম আলোর ওপরে। এ যে কত বড় দায়িত্ব, কী বিপুল দায়িত্ব! এটা ভেবে আমরা আরও দায়িত্ববান হওয়ার চেষ্টা করি, আরও সচেতন হই, আরও প্রশিক্ষণ, আরও তর্ক-বিতর্ক, আরও যাচাই-বাছাইয়ের পদক্ষেপ নিই।

আমাদের সবারই তো একটাই চেষ্টা, একটাই প্রত্যাশা-বাংলাদেশের জয়। সবাই মিলে সেই চেষ্টাই তো আমরা করে চলেছি

এই বিপুল পাঠকসংখ্যাই সমাজ ও রাষ্ট্রের শক্তিমানদের কাছ থেকে প্রথম আলোর সমালোচনার নেপথ্য কারণ। একেবারে বিপরীতধর্মী শিবিরের লোকদের কাছ থেকেই অনেক সমালোচনা আছে প্রথম আলোকে নিয়ে, আছে আক্রমণ। ১৭ বছরে আমাদের কত সাংবাদিক শারীরিক আক্রমণের শিকার হয়েছেন, কতজন হয়েছেন এলাকাছাড়া, কত যে মামলা হয়েছে আমার আর আমাদের সহকর্মীদের বিরুদ্ধে!

সারা পৃথিবীতেই সংবাদমাধ্যমের সঙ্গে ক্ষমতার সম্পর্ক দ্বান্দ্বিক। বাংলাদেশের মতো শক্ত ভিত না গড়া গণতন্ত্রের দেশে চাপটা একটু বেশিই হবে, এটা খুব বিস্ময়কর ব্যাপার নয়। এসব নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমরা এগিয়ে যাব, সব পাঠককে সঙ্গে নিয়ে।

আমরা আমাদের নীতি ও আদর্শ থেকে সরে আসিনি। আমাদের কলমের মুখে লাগাম টেনে ধরিনি। এই সাহসের মূলেও কিন্তু আপনারাই—আমাদের বিপুলসংখ্যক পাঠক। আপনারা সঙ্গে আছেন বলেই আমরা সাহসী, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, আপসহীন। আপনারা সঙ্গে আছেন বলেই আমরা বিনয়ী। আমাদের চেষ্টা পরিশীলনের, শুদ্ধতার, সুরুচির, সংস্কৃতির। গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, নারী-পুরুষের সাম্য, প্রগতি, সুশাসনের প্রতি আমাদের যে দায়বোধ, তা থেকে আমরা বিন্দুমাত্র সরে আসিনি, কখনো আসব না। আমাদের সামনে সম্ভাব্য যেসব বিপদ—জঙ্গিবাদের, মানবাধিকার লঙ্ঘনের, বাক্‌স্বাধীনতা সংকোচনের—তার বিরুদ্ধে আমরা সচেতন ও সোচ্চার ছিলাম, আছি, থাকব। অন্যদিকে বিশাল বাংলার মানুষেরা সারা পৃথিবীতে যেসব অপরূপ সাফল্য দেখাচ্ছেন কৃষিক্ষেত্রে, শিল্পে, উদ্যোক্তা হিসেবে, শিক্ষায়, স্বাস্থ্যে, তথ্যপ্রযুক্তিতে, খেলায়—জীবনের নানা পরিসরে—আমরা সেসব ইতিবাচক খবর সব সময়ই গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছি, আরও বেশি করে করব।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই দেশের মানুষের শ্রম আর সৃজনশীলতা দিয়ে। ১৯৯০ সালের পর গণতন্ত্র দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে, তাকে করতে হবে অর্থবহ, আরও সুন্দর। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের বিকল্প হলো আরও বেশি গণতন্ত্র। আমরা আশাবাদী, ক্রমাগত চর্চার মাধ্যমে আমরা সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ সর্বস্তরে প্রতিষ্ঠা করতে পারব। বাংলাদেশ যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিংবা মানব উন্নয়ন সূচকে ভালো করেছে, তার পেছনে নিশ্চয়ই আমাদের সরকার, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থা, নারী, শ্রমিক, কৃষক, অভিবাসী আর সাধারণ মানুষের বড় অবদান রয়েছে।

পাশাপাশি আছে অনেক দুঃসংবাদও। চলমান অস্থিরতা ও সহিংসতায় মানুষ আজ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, সন্ত্রস্ত। সুশাসনের অভাব, রাজনৈতিক অস্থিরতা, গুপ্তহত্যা, সন্ত্রাস, পরিকল্পিত হত্যাকাণ্ডে অনিরাপদ ও বিপন্ন বোধ করছে মানুষ। সমাজ ও রাজনীতিতে হিংসা-বিদ্বেষ বেড়ে চলেছে। এসব আমাদের উদ্বিগ্ন করে। এসব থেকে মুক্তি পেতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব।

গণতান্ত্রিক দেশে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বহু বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট টমাস জেফারসন বলেছিলেন, সংবাদপত্রহীন সরকার আর সরকারবিহীন সংবাদপত্র—দুটোর একটা বেছে নিতে হলে তিনি সরকারবিহীন সংবাদপত্রকেই বেছে নিতেন। খবরের কাগজকে বলা হয় ফোর্থ স্টেট—রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন সংবাদপত্র ছাড়া আজকের দিনে গণতন্ত্র নিরর্থ।

প্রিয় পাঠক, প্রতিদিন আপনারা আমাদের প্রতি যে আস্থা দেখান, যে ভালোবাসা আমাদের প্রতিনিয়ত ঋণী করে, ঋদ্ধ করে, তার প্রতিদান আমরা কীভাবে দেব? আমাদের সবারই তো একটাই চেষ্টা, একটাই প্রত্যাশা—বাংলাদেশের জয়। সবাই মিলে সেই চেষ্টাই তো আমরা করে চলেছি। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরাও আপনাদের পাশে আছি।

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোকিত ভোরে ছোট্ট করে বলি, প্রিয় পাঠক, আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধেয় পাঠক, আপনার আর আপনার পরিবারের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। ভালো থাকুক আমাদের প্রিয়তম মাতৃভূমি, বাংলাদেশ।