সময়ের থেকে এগিয়ে রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মেছেন আজ থেকে প্রায় দেড় শ বছর আগে। ১৮৮০ সালে তাঁর জন্ম। তিনি মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। বাংলার সামাজিক ইতিহাসে তিনি বাঙালি মুসলমান নারীমুক্তির অগ্রদূত হিসেবে স্মরণীয়। বিশ শতকের প্রথম দশকে বাঙালি মুসলমান সমাজে তিনিই প্রথম পুরুষদের সঙ্গে নারীর সমানাধিকারের দাবি উত্থাপন করেন। সেই সঙ্গে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার এই পরিচয় বহু ব্যবহারে, বহুল উচ্চারণে খানিকটা ক্লিশে হয়ে পড়লেও এটিই তাঁর প্রধান পরিচয়। তবে একমাত্র বা শেষ পরিচয় নয়। তাঁর জীবনব্যাপী সাধনার মূলে যদিও ছিল নারী প্রগতি ও নারীমুক্তি। তার পরও সমসাময়িক সামাজিক অনেক বিষয়েও তিনি সচেতন ছিলেন। আমরা জানি, রোকেয়ার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। স্বশিক্ষিত এই নারী গভীর জীবনবোধ ও তীক্ষ পর্যবেক্ষণ শক্তির জোরে এমন অনেক কথা বলেছেন, যা তাঁর দূরদর্শিতা ও যুগোপযোগী ধ্যান-ধারণার পরিচয় বহন করে। নারীমুক্তির উপায় হিসেবে রোকেয়া বেছে নিয়েছিলেন শিক্ষার বিস্তারকে। সারা জীবনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কী ছিল তাঁর শিক্ষাদর্শন? পুঁথিগত শিক্ষাকে তিনি প্রকৃত শিক্ষা হিসেবে মেনে নেননি। তাঁর কাছে প্রকৃত শিক্ষা মানে ছিল মানুষের আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাস জাগ্রত করা শিক্ষা। শিক্ষার উদ্দেশ্য শারীরিক ও মানসিক উন্নতি। অন্যের অনুকরণ নয়, বরং অনুশীলন দ্বারা নিজের স্বাভাবিক ক্ষমতাকে বৃদ্ধি করাই হলো শিক্ষা।রোকেয়া মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রচলনকে দৃঢ়ভাবে সমর্থন করতেন। তাঁর প্রতিষ্ঠিত স্কুলে ‘বাংলা শাখা’ চালু করার ইচ্ছা থাকলেও নানা প্রতিকূলতায় তা হয়ে ওঠেনি। সমকালে বাঙালি মুসলমানদের উর্দুপ্রীতি তাঁকে ভীষণভাবে মর্মাহত করেছিল, মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে তিনি বিদেশি ভাষাকে কিছুতেই আপন করতে পারেননি। নানা প্রতিকূলতার মধ্যেও সাহিত্য চর্চার মাধ্যম হিসেবে তিনি বাংলাকে গ্রহণ করেছেন। ভাষা একটি দেশের ঐতিহ্য ও কৃষ্টি। ঐতিহ্যের দিকে ফিরে তাকানো আধুনিক চেতনা। ভাষার প্রতি এই যে শ্রদ্ধাবোধ, সম্মান প্রদর্শন, তা আজকের দিনে মাতৃভাষার যথাযথ চর্চার বিষয়টিকেও নতুন করে মনে করিয়ে দেয়।সামাজিক কিছু কিছু বিষয়ে রোকেয়ার চিন্তা-ভাবনা এখনো সমসাময়িক ও যথেষ্ট প্রগতিশীলতা বলে বিবেচ্য। নারী স্বাধীনতার বিষয়ে নিজের ধ্যান-ধারণা ব্যক্ত করতে গিয়ে তিনি বিজ্ঞানসম্মত মনোভঙ্গির পরিচয় দিয়েছেন। তাঁর মতে, স্বাধীনতা লাভের পূর্বশর্ত হলো অর্থনৈতিক মুক্তি। নারী অর্থনৈতিক বিষয়ে পুরুষের ওপর নির্ভরশীল থাকলে স্বাধীনতার প্রশ্ন সেখানে অবান্তর। পুরুষের উপার্জিত ধন ভোগ করলে তাঁকে পুরুষের প্রভুত্ব স্বীকার করতেই হবে। সমাজে একটি শ্রেণী যখন শোষিত হয় বা নিপীড়িত হয়, তখন সে নিপীড়িন বা শোষণের পেছনে শোষিতের নিষ্ক্রিয়তাও সহযোগিতার কাজ করে। সামাজিক শোষণের এই জটিল ও বাস্তবসম্মত দিকটির প্রতি রোকেয়ার নজর ছিল। নারী নিপীড়নের এই বাস্তব, বৈজ্ঞানিক কারণটি আজকের দিনেও সত্য। দেড় শ বছর আগেই মেয়েদের স্বাস্থ্য ভালো রাখা এবং ভবিষ্যৎ বংশধরদের স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম চর্চার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বলে গেছেন বেগম রোকেয়া। বাঙালি মুসলমানদের জীবনযাপন প্রণালি এবং তাঁদের স্বাস্থ্যজ্ঞান বিষয়ে রোকেয়া অনেক বিজ্ঞানভিত্তিক বিচার-বিশ্লেষণ করেছেন। সেই সঙ্গে তিনি গৃহিণীদের পুষ্টিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, প্রকৃতি বিষয়ে জ্ঞানার্জনের আহ্বান জানান। তাঁর রচনায় বিধৃত স্বাস্থ্যনীতি, দূরদৃষ্টি ও উপযোগের আশ্চর্য সমন্বয় ঘটেছে, যা বিজ্ঞান-সমর্থিত। বর্তমান সময়ে আমাদের মধ্যে স্বাস্থ্যজ্ঞান, শিশু-পালন, গৃহকর্ম প্রভৃতি বিষয়ে তাত্ত্বিক ও বাস্তব জ্ঞানের অভাব রয়েছে। সন্তান পরিপালনের ক্ষেত্রে তাঁর বক্তব্য হলো: সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের শিক্ষা, অভ্যাস, সংস্কারগুলো প্রভাব বিস্তার করে। তাই প্রত্যেক মায়ের উচিত শিশু-হূদয়ের বৃত্তিগুলোকে সযত্নে রক্ষা করে তাকে গড়ে তালা। এ ক্ষেত্রেও রোকেয়ার চিন্তাধারা ছিল যথেষ্ট উদার, বিজ্ঞানভিত্তিক ও দূরদৃষ্টিসম্পন্ন। এ কারণে দেড় শ বছর পরও তাঁর সৃজনকর্ম নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তাঁর অনেক মতামত আজকের দিনেও যথেষ্ট প্রাসঙ্গিক। শারমিন মুস্তারীশিক্ষক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়