তরুণ বিশ্বজিৎ দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এ মাসের ৯ তারিখে। তারপর দুই সপ্তাহ হতে চলল, সংবাদমাধ্যমে সমবেদনা ও ধিক্কার প্রকাশ অব্যাহত আছে। সংবাদপত্রে কেউ কেউ এ ঘটনায় পুরো মানবজাতির পরাজয় লক্ষ করে হতাশা, গ্লানি ও নিজের প্রতি ধিক্কার প্রকাশ করেছেন। হত্যাকারী তরুণদের মানসিক প্রবণতা নিয়ে নিজের প্রশ্ন ও ভাবনার কথাও প্রকাশ করেছেন কেউ কেউ। বিশ্বজিতের হত্যাদৃশ্য এত বিভীষিকাপূর্ণ যে আসলেই তা মানবপ্রকৃতি সম্পর্কে সব শুভবোধকে অসার করে দিয়ে গভীর নৈরাশ্য জাগায়।আবার এ-ও সত্য, বিশ্বজিৎ দাসকে ভুলে যেতে আমাদের বেশি সময়ের প্রয়োজন হবে না। সামনে রাজনীতির ময়দানে আরও অনেক কিছু ঘটবে, সহিংসতা ঘটবে আত্মঘাতী রাজনীতির অপরিহার্য অনুষঙ্গের মতো। আর, প্রায়-প্রাত্যহিক সহিংসতার মধ্যে হঠাৎ একদিন ঘটে যাবে স্তম্ভিত করে দেওয়ার মতো ব্যতিক্রমী কোনো নৃশংস ঘটনা। তখন আবারও একই রকম আহাজারিতে কেঁপে উঠবে বাংলাদেশের আকাশ-বাতাস। সংবাদপত্রের পাতায় পাতায় বয়ে যাবে আবেগের প্লাবন। মানুষের হাতে সৃষ্ট ট্র্যাজিক ঘটনাকে নিয়তি-নির্ধারিত অমোঘ দুঃখ হিসেবে গ্রহণ করে আমরা কিছু সময় বিলাপ করব, তারপর ভুলে গিয়ে সংসারকর্মে আবার মগ্ন হব, যতক্ষণ পর্যন্ত আরেকটি ট্র্যাজেডি না আসে।বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আমরা নাড়া খেয়েছি, কারণ হত্যার দৃশ্যটি নৃশংস ও বিভীষিকাময়। আমাদের চোখে পড়েছে তাঁকে হত্যা করার দৃশ্যটি, তাঁর মৃত্যু নয়। সংবাদপত্রে প্রকাশিত স্থিরচিত্রে ও টেলিভিশনের পর্দায় প্রচারিত চলমান দৃশ্যে আমরা বিশ্বজিতের ওপর আক্রমণকারী তরুণদের যে তৎপরতা দেখেছি, তা যেন একটি হরর চলচ্চিত্রের দৃশ্য। এটাই আমাদের এত আহাজারির মূল কারণ: কী পাশবিক! কী নৃশংস!কিন্তু বিশ্বজিতের হত্যাকাণ্ড এক বিশুদ্ধ ফৌজদারি অপরাধ, যে ধরনের অপরাধ দমনের কথা বলে হরতাল-অবরোধ এমনকি শান্তিপূর্ণ সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচিতেও সরকার বিরোধী দলগুলোকে বাধা দেয়, দমন-পীড়ন চালায়, আটক-গ্রেপ্তারও করে। বিরোধী দল যেকোনো কর্মসূচি ঘোষণা করলে সরকার ও তার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আরও জোর গলায় ঘোষণা করে: ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’ এই ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত’ করতেই বিরোধীদলীয় কর্মী-সমর্থকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়। জনগণের জানমালের কথা বলেই হরতাল-অবরোধের সময় বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করা হয়। অতি উৎসাহে নাকি কোনো অনৈতিক মতলবে পুলিশ অনেক সাধারণ মানুষকেও আটক করে নিয়ে যায়। পুলিশি কারবারের শব্দভান্ডারে ‘গ্রেপ্তারবাণিজ্য’ শব্দবন্ধটি যুক্ত হওয়ার সুযোগ ঘটেছে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের সরকারি তৎপরতার সুযোগেই। ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের সময় রাজধানী ঢাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে মোতায়েন করেছিল। কিন্তু তাঁরা বিশ্বজিৎ দাসের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি—বিশ্বজিৎ হত্যাকাণ্ড সম্পর্কে এটিই গোড়ার কথা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যর্থতায় সরকারের মুশকিল হলো অন্য রকমের। অবরোধ কর্মসূচি বিরোধী দলের, জনগণের জানমালের নিরাপত্তা বিপন্ন করবে তারাই, তাদের দমন করতেই ঢাকা শহরকে বানানো হয়েছে পুলিশ-র্যা বের শহর। কিন্তু বিশ্বজিতের প্রাণ গেল যাদের হাতে, তারা বিরোধী দলের কেউ নয়। তাহলে তারা কারা? হত্যাকাণ্ডের খবরের সঙ্গেই সংবাদমাধ্যম সেটা জানিয়ে দিয়েছে: তারা সরকারপন্থী ছাত্রলীগের কর্মী। সরকারের মন্ত্রীরা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হত্যাকারী ওই তরুণেরা ছাত্রলীগের কেউ নয়। সরকারের ভাব এমন, বিশ্বজিৎকে সরকারপন্থী কেউ হত্যা করেনি—জনগণকে এটা বিশ্বাস করানো গেলেই যেন সরকারের দায়দায়িত্ব মিটে যায়। কিন্তু জনগণ সরকারের কথা বিশ্বাস করেনি।বিশ্বাস না করার একটা কারণ, সরকারমাত্রই প্রকাশ্যে মিথ্যা কথা বলে। অন্য কারণগুলো হলো এই: প্রথমত, ওই তরুণেরা যদি ছাত্রলীগের কেউ না হতো, তাহলে তারা সম্ভবত বিশ্বজিতের ওপর এমনভাবে অত দীর্ঘ সময় ধরে আক্রমণ চালাতে সক্ষম হতো না। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আচরণ ছিল অত্যন্ত কঠোর, ঘটনাস্থল থেকে অল্প দূরে তাঁরা ছিলেন। তাঁরা আক্রমণকারী তরুণদের দিকে অগ্রসর হননি, কারণ ওই তরুণেরা মাঠে নেমেছিল তাঁদেরই সহযোগী হিসেবে। বিরোধী দলের অবরোধকারীদের দমন করতে পুলিশ বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের বাহিনীকেও মাঠে নামানো হয়েছিল। দ্বিতীয়ত, বিশ্বজিতের হত্যাকারীরা যদি ছাত্রলীগের কর্মী না হতো, তাহলে তাদের গ্রেপ্তার করতে সরকার গড়িমসি করত না; স্বরাষ্ট্রমন্ত্রীকেও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হতো না। ৯ ডিসেম্বর অবরোধের দিন সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ৪৪৭ ব্যক্তিকে, তাদের মধ্যে কারও বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল না। কিন্তু বিশ্বজিৎকে যারা প্রকাশ্যে খুন করেছে, যাদের ছবি দেশের সব প্রধান সংবাদপত্রে ছাপা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলোতে বারবার প্রচারিত হয়েছে, যাদের চেহারা জনগণের মুখস্থ হয়ে গেছে, তাদের গ্রেপ্তার করতে সরকার যারপরনাই টালবাহানা করে চলেছিল। সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে নাছোড়বান্দার মতো লেগে না থাকলে সম্ভবত তাদের গ্রেপ্তার করা হতো না। তারা ছাত্রলীগের কর্মী না হলে তাদের প্রতি সরকারের এত দরদ দেখানোর কিছু ছিল না।হত্যাকারীরা ছাত্রলীগের কর্মী বটে এবং সরকার ভেবে থাকতে পারে, তারা বিশ্বজিৎকে খুন করেছে ভুলবশত। তারা ভেবেছিল বিশ্বজিৎ ইসলামী ছাত্রশিবিরের কর্মী, সেদিন অবরোধের পক্ষে মাঠে নেমেছিল। তা যদি হয়, তাহলে সরকারের বিচারে ওই তরুণদের লক্ষ্য ছিল যথার্থই রাজনৈতিক। তারা তো দলের পক্ষেই মাঠে নেমেছিল। মন্ত্রীদের কেউ কেউ বিরোধী দলকে ভয় দেখানোর উদ্দেশ্যে যেমনটি বলে থাকেন যে ছাত্রলীগ-যুবলীগই বিরোধী দলকে মোকাবিলা করার জন্য যথেষ্ট, ওই তরুণেরা তো সে রকম মোকাবিলার উদ্দেশ্যেই চড়াও হয়েছিল বিশ্বজিতের ওপর। তাঁকে হত্যা করে দেখিয়ে দিতে চেয়েছিল সরকারি দলের কত শক্তি! কিন্তু ভুল হয়ে গেছে, বিশ্বজিৎ শিবির কর্মী ছিলেন না; বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে বিএনপির কর্মী বলে দাবি করলেও আসলে তিনি তা ছিলেন না। তিনি ছিলেন রাজনীতির সঙ্গে সংস্রবহীন নিরীহ এক দরজি। সরকার কি চেয়েছিল তাদের এই ‘ভুল’ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে?বিশ্বজিৎ হত্যাকাণ্ড আমাদের রাজনৈতিক সংস্কৃতির ভীষণ ভয়ংকর এক প্রবণতা আরও স্পষ্ট করে তুলে ধরেছে। শক্তি প্রদর্শন ও শক্তি প্রয়োগের প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নয়। বরং সব রাজনৈতিক কর্মসূচির পেছনেই থাকে দৈহিক শক্তি প্রদর্শন বা ফিজিক্যাল শোডাউনের ঝোঁক। এটাকেই মনে করা হয় দলের শক্তি-সামর্থ্যের প্রমাণ; এজেন্ডা বা আদর্শের শক্তিকে গৌণ বিষয়ে পরিণত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংস লোকজনের কদরের কারণ এটাই। এর চেয়েও ভয়ংকর বিষয় হচ্ছে, ক্ষমতাসীন হয়ে রাজনৈতিক দলগুলো তাদের এই নেতা-কর্মীদের সহিংস আচরণ ও অপরাধবৃত্তি চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে রাষ্ট্রের আইন প্রয়োগব্যবস্থাকে নিষ্ক্রিয়, অকার্যকর করে ফেলছে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে ক্ষমতাসীন দলের সহিংস নেতা-কর্মীদের সহিংসতা চালানোর উন্মুক্ত ছাড়পত্র দিয়ে মাঠে নামানো, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা, অথবা তারা প্রতিপক্ষের আক্রমণের শিকার হলে তাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা—এ রকম চর্চা গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্রের ভিত্তিমূলেই আঘাত করে।সেদিন ছাত্রলীগের তরুণেরা যখন ধারালো চাপাতি ও লাঠির আঘাতে বিশ্বজিৎ দাসকে হত্যা করছিল, তখন পুরান ঢাকার ওই অঞ্চলে কোনো রাষ্ট্র ছিল না, সরকার ছিল না, পুলিশ, আইন-আদালত, বিচার ইত্যাদি কিছুই ছিল না। ওইখানে তখন চলছিল পরিপূর্ণ নৈরাজ্য। এ রকম নৈরাজ্যকে বলতে হয় সরকার আয়োজিত পরিপূর্ণ নৈরাজ্য। এ রকম নৈরাজ্যে প্রাণ হারাতে পারে যেকোনো মানুষ। বিশ্বজিৎ দাস তেমনই হতভাগ্য এক তরুণ, যিনি ‘ভুল সময়ে ভুল জায়গায়’ দাঁড়িয়েছিলেন বলে প্রাণ হারিয়েছেন—এমন মন্তব্য করেছেন এক রিপোর্টার সহকর্মী। বিশ্বজিৎকে কোপানো হচ্ছে, লাঠি দিয়ে পেটানো হচ্ছে, লাথি, ঘুষি মারা হচ্ছে—এমন ছবি তুলেছেন যেসব ফটোসাংবাদিক, তাঁরা কেন বিশ্বজিৎকে বাঁচানোর চেষ্টা না করে শুধু ছবি তুলেই দায়িত্ব শেষ করেছেন—সংবাদমাধ্যমে এমন প্রশ্ন উঠেছে। মানুষের নিরাপত্তা দেওয়া যাদের পেশাগত দায়িত্ব, সেই সশস্ত্র পুলিশ-র্যা ব বাহিনীই যেখানে অনুপস্থিত, আর আক্রমণকারীদের হাতে যখন চাপাতির মতো ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, পিস্তলও সঙ্গে আছে কি না কে জানে, সেখানে নিরস্ত্র ফটোসাংবাদিক ওই হিংস্র আক্রমণকারীদের নিরস্ত করতে যাবেন কী করে? তবু একজন সহকর্মী এগিয়ে গিয়েছিল, তখন একজন আক্রমণকারী তাঁর গলায় চাপাতি ধরে বলেছিল, ‘ওইদিকে যাইয়েন না, ভাইয়া!’আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার প্রধান ব্যবস্থা যখন ভেঙে পড়ে বা অকার্যকর হয়ে যায়, তখন এই ধরনের আক্ষেপ করা নিষ্ফল: বিশ্বজিৎকে বাঁচাতে কেউ এগিয়ে গেল না! বরং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলা উচিত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বিশ্বজিতের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করেনি? অবরোধের দিন পুরান ঢাকার ওই এলাকার জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল, তারা কী দায়িত্ব পালন করেছেন, সেই জবাবদিহি চাওয়া কি হয়েছে?বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিতে সরকারি দলের কর্মীদের মাঠে নামানোর এই চর্চা বন্ধ করা জরুরি। কারণ, বিরোধী দলগুলোর জ্বালাও-পোড়াও সামলাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো হিমশিম খেয়ে যায়, তার ওপর সরকারপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীরা মাঠে নামলে নৈরাজ্যের আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ। শান্তিশৃঙ্খলা রক্ষার চেয়ে বড় কোনো রাজনৈতিক লাভ সরকারের নেই। এ জন্য বিরোধী দলের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের রাস্তায় নামা নিষিদ্ধ করা উচিত। তাহলে অন্তত বিশ্বজিৎ হত্যার মতো নৃশংস ঘটনা ঘটার সুযোগ থাকবে না। মশিউল আলম: সাংবাদিক [email protected]