বিবিসি বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন সোজা বাংলায় তার অর্থ দাঁড়ায়, সরকারের মেয়াদ শেষের তিন মাস সংসদ থাকবে আবার থাকবেও না! সাংসদদের অবস্থাও তথৈবচ, সদস্য পদে বহাল থাকলেও সাংসদ হিসেবে তাঁদের কোনো ক্ষমতা থাকবে না। তাঁর যুক্তি হলো, সংবিধানে বলা আছে এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ষাট দিনে সংসদ অধিবেশনে বসবে, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে শেষ তিন মাসে সংসদ থাকলেও, কোনো অধিবেশনে বসবে না। প্রধানমন্ত্রী বলছেন, এতেই বোঝা যায় যে নির্বাচন কালীন সময়ে সাংসদদের কোনো অধিকার থাকবে না। কিন্তু মুখের কথায় তো হবে না। সংবিধানে পরিষ্কারভাবে না লিখে সরকার আসলে বিষয়টা ঝুলিয়ে রেখেছেন। নির্বাচনের সময় সংসদ ও সাংসদেরা থাকবেন আবার থাকবেনও না— এরকম জোড়াতালি ব্যাখ্যায় কি কেউ আশ্বস্ত হতে পারে?অন্যদিকে নির্বাচনকালীন সরকারে বিএনপি চাইলে অংশগ্রহণের যে সম্ভাবনার কথা প্রধানমন্ত্রী বলেছেন, তার সবদিক না ভেবেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঈদের পর সরকার বিদায়ের আন্দোলনের ডাক দিয়ে চলেছেন। অথচ দলের প্রস্তুতি নেই। নেতা—কর্মীরা জেল খেটে বেরিয়ে যেন ঝিম মেরে গেছেন। নেতাদের মধ্যে অন্ত্মর্দ্বন্দ্ব। দল এলোমেলো। ভয়ভীতি। বুঝলাম, বিএনপির পক্ষে জনসমর্থন প্রবল। কিন্তু আমরা ডাক দেব আর তোমরা হরতাল করবে, নেতা—কর্মীরা গ্রেপ্তারের ভয়ে ঘরে বসে থাকবে, এভাবে কি কোনো আন্দোলন সফল হতে পারে?আসলে সরকার ও বিরোধী দল উভয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছে। অযৌক্তিক ও উল্টাপাল্টা কথা বলে চলেছে। আজ এক কথা, কাল আরেক কথা। দোটানার মধ্যে যেন ঝুলছে। একেবারে ত্রিশঙ্কু অবস্থা। এক পদ্মা সেতু নিয়ে সরকার কতবার যে কথা বদলাল, তার হিসাব করা কঠিন। সরকারের মন্ত্রীরাও একেক সময় একেক কথা বলেন। একবার বলেন, বিশ্বব্যাংক ছাড়াই চলবে। আবার বলেন, বিশ্বব্যাংকের সব শর্ত পূরণ হয়েছে, এবার পুনর্বিবেচনার আবেদন করবে সরকার। আবার শোনা গেল, সরকার বিশ্বব্যংকের ইতিবাচক সাড়া না পেলে আবেদন করবে না। উপরন্তু বিশ্বব্যাংকের বিরুদ্ধেও অভিযোগ আসতে থাকল। এখন আবার শোনা যাচ্ছে, একটি শর্ত পূরণ করা বাকি আছে। আরও একজনকে নাকি সরাতে হবে। এই সব বাদ-প্রতিবাদের মধ্য দিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা সহজে দূর হওয়ার নয়।বিশ্বব্যাংকের সঙ্গে প্রকল্প নিয়ে আগেও অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। কোনো কোনো প্রকল্পে অর্থায়ন বন্ধ রাখার ঘটনাও আছে। কিন্তু সেগুলো খুব ছোটখাটো প্রকল্প, পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্পের সঙ্গে কোনোটারই তুলনা চলে না। তাই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যদি বিশ্বব্যাংক অর্থায়ন না-ও করে, তাহলেও তার সঙ্গে অযথা বিবাদে লিপ্ত হওয়ার দরকার নেই। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছে। সরকার বলছে, কোনো দুর্নীতি হয়নি। শুধু তাই নয়, ভবিষ্যতেও হবে না বলে দাবি করছে। তাই যদি হয়, তাহলে বিশ্বব্যাংক তো আপনা-আপনিই ফিরে আসবে। আমরা যদি নিজেরা অর্থায়ন করতে পারি, তাহলে করব, এ জন্য বিশ্বব্যাংককে খেপানোর তো দরকার নেই।সেদিন সকালে সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক ও কলাম লেখক এবিএম মূসা ফোন করে পরিহাসের সুরে বললেন, পদ্মা সেতু তো হবে না, হবে পদ্মা ‘সাঁকো’। এই দ্ব্যর্থবোধক শব্দটির এমনই মাহাত্ম্য যে, না হেসে পারা যায় না। আমি হেসে বললাম, এই কীর্তিনাশা পদ্মায় ‘সাকো’ কি টিকবে? সেতুই বানাতে হবে। আমি মনে করি, এটা সম্ভব, তবে তার কিছু শর্ত আছে। প্রথম ও প্রধান শর্তটি হলো, দুর্নীতির এমনকি ‘সম্ভাবনা’ পর্যন্ত ঝেঁটিয়ে বিদায় করা। স্বচ্ছতা বজায় রাখা। আর তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, প্রবাসী বাঙালিদের মধ্যে যাঁরা সাধারণত দেশে তাঁদের উপার্জিত অর্থ পাঠান না, কিন্তু যথেষ্ট ধনী, এ যাবৎ অনাবিষ্কৃত সেই সব উৎস থেকে বৈদেশিক মুদ্রা পদ্মা সেতুতে বিনিয়োগের আদর্শ পরিবেশ সৃষ্টি করা। এই সব শর্ত সৃষ্টি করতে পারলে নিজেদের টাকায় সেতু নির্মাণ করা যাবে, না হলে ‘সাঁকো’তেই পড়ে থাকতে হবে।নিজেদের অর্থায়নের ব্যাপারটা পরিষ্কার থাকা দরকার। ধরা যাক, বিমা কোম্পানিগুলো ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করল। তাদের এই টাকা যদি পদ্মা সেতুতে বিনিয়োগ না করা হতো, তাহলে দেশীয় শিল্পপতিরা সেই টাকা শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে খাটাতেন। পদ্মা সেতুতে সেই টাকা চলে গেলে ব্যবসায়ীরা টাকা পাবেন কোথায়? সুতরাং নিজেদের অর্থায়নের ব্যাপারটা এমনভাবে করতে হবে, যেন অন্য কাজে টাকার টান না পড়ে। এটা খুব জটিল।বৈদেশিক মুদ্রা হয়তো বাংলাদেশ ব্যাংক তিন-চার বছরে দিতে পারবে। তাদের রিজার্ভে যে বৈদেশিক মুদ্রা আছে, তাতে দেওয়া সম্ভব। কিন্তু সেখানেও একই সমস্যা। পদ্মায় দিলে অন্য আমদানিকারকদের বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করা কঠিন হবে। সে জন্য প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর হার না বাড়ালে চলবে না। এ কারণেই প্রবাসী বাঙালিদের মধ্যে যাঁরা মোটামুটি সম্পদশালী, তাঁদের আস্থা অর্জন করা জরুরি। যদি সেটা করা যায়, তাহলে আমাদের আমদানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত না করেই পদ্মা সেতুতে বৈদেশিক মুদ্রার সংস্থান করা যাবে।এই কাজগুলো করার জন্য বিশ্বব্যাংককে চটানোর কোনো প্রয়োজন নেই। অথচ সরকার পানি ঘোলা করে চলেছে।সরকারের এই বিভ্রান্তিকর ও অপ্রস্তুত অবস্থা বিরোধী দলের জন্য এক বিরাট সুযোগ। কিন্তু তারা সেই সুযোগ নিতে দেরি করছে। এখন অবশ্য রমজান মাসের জন্য আন্দোলনে ভাটা। কিন্তু ঈদের পরও যে বিরোধী দল শক্তিশালী অবস্থান নিতে পারবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কিছুদিন আগে সরকার বিএনপির মূল নেতাদের ধরপাকড় করলে তাদের আন্দোলন স্তিমিত হয়ে আসে। অনেক নেতা-কর্মী একটু যেন দূরে দূরে। চারদলীয় জোটের শরিকের সংখ্যা বাড়িয়ে ১৮ দল করা হলেও তাদের অনেকগুলোই অস্তিত্বহীন। নামসর্বস্ব দল দেখিয়ে আন্দোলনে তেজ আনা যাবে না, শুধু মঞ্চে বক্তার সংখ্যা বাড়বে। তাতে বরং বিএনপির মূল নেতারা মাইকবিহীন অবস্থায় মনঃক্ষুণ্ন হবেন।মূল বিরোধী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তাঁরা অনেকটা দিশেহারা। কোন দিকে যাবেন, তার সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। কাপাশিয়ায় শূন্য আসনে বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর নাম গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হলেও পরে বিএনপি সিদ্ধান্ত নিল যে ওই উপনির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। কেন? এর কোনো সদুত্তর নেই। বিএনপির মূল অভিযোগ হলো, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যদি তাই হয়, তাহলে অংশগ্রহণ করে হাতে কলমে সেটা প্রমাণের তো এই সুযোগ। যদি উপনির্বাচনে অংশ নিত আর মানুষ বিএনপিকে ভোট দিয়েও দেখত যে কারচুপি করে আওয়ামী লীগের প্রার্থীকে জেতানো হয়েছে, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আরও তীব্র হয়ে উঠত। বিএনপির প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তটি অবিবেচনাপ্রসূত। এতে তাদের আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন দেখা দেয়।বিএনপির একটা যুক্তি হতে পারে, আওয়ামী লীগ উপনির্বাচনে বিএনপির প্রার্থীকে জিতিয়ে দিয়ে প্রমাণ করতে চাইবে যে ক্ষমতাসীনদের আধীনে নির্বাচনও সুষ্ঠু হতে পারে। এটা তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে দুর্বল করতে পারে। এ রকম চিন্তাধারা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। কিছুদিন আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও কিন্তু এ রকম যুক্তি দেওয়া হয়েছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ বাতিল না করলে তারা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে দেখা গেল, মানুষ মেয়র পদে বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা মনিরুল হক সাচ্চুকেই বাক্সভরে ভোট দিয়েছে। কুমিল্লার নির্বাচনের কারণে কি বিএনপির তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থার আন্দোলন বিন্দুমাত্র কমজোরি হয়েছে? তা তো হয়ইনি, বরং আরও তেজি হয়েছে। মানুষ ভাবছে সরকার কোণঠাসা।নির্দ্বিধায় বলা যায়, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন (স্থানীয় বা উপনির্বাচন) করলে বিএনপির জিতলেও লাভ, হারলেও লাভ। জিতলে মানুষের মধ্যে যে অভাবনীয় প্রেরণার সঞ্চার হয়, তা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনের নতুন শক্তি হিসেবে কাজ করে। আর হারলে বিএনপি বলতে পারবে যে কারসাজি করে হারানো হয়েছে।মানুষ তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। এ রকম অনুকূল অবস্থায় বিএনপির প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ মানুষকে আরও শক্তি জোগাবে। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে পিছু হটতে হবে। গণ-আন্দোলনের এটাই স্বাভাবিক রাজনৈতিক কৌশল। সেই অবস্থান থেকে সরে এলে প্রশ্ন উঠবে, বিএনপি কি মানুষের শক্তিতে আস্থাশীল নয়?বিএনপি যে নির্বাচনের দল, সেটা তাদের যথেষ্টভাবে প্রমাণ করতে হবে। শুধু হরতাল, ঘেরাও, অবরোধের মধ্যে আটকে থাকলে খুব বেশি লাভ হবে না। মানুষ এখন আর হরতাল চায় না। কারণ বছর দেড়েকের মধ্যে নির্বাচন। সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার মোক্ষম সুযোগ যখন এত কাছে, তাহলে খামোখা কেন হরতাল? বড় বড় সমাবেশ ও গণমিছিলই মানুষের সরকারবিরোধী মেজাজ ধরে রাখার জন্য যথেষ্ট।বিএনপি কি শুধু বর্জন করে যাবে, না অর্জনের পথেও যাবে? এ ব্যাপারে খুব চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হবে। এখানে সিদ্ধান্তহীনতার কোনো সুযোগ নেই।আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]