সরকার যথাযথ পদক্ষেপ নিলে সমর্থন মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা মোকাবিলায় রাঙামাটিতে কারফিউ জারি করা হয়েছিল
সহিংসতা মোকাবিলায় রাঙামাটিতে কারফিউ জারি করা হয়েছিল

রাঙামাটি শহরে এই ১০ থেকে ১২ জানুয়ারি যে সহিংসতা ঘটল, তা মোকাবিলায় ও ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কোনো ন্যায্য ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে চাকমা সম্প্রদায় তাতে পূর্ণ সমর্থন দেবে।
সিএইচটি রেজল্যুশন ১৯৯০-এর ৩৯ নম্বর বিধি অনুসারে ডেপুটি কমিশনারকে পরামর্শ দেওয়ার আইনি বৈধতা আমার রয়েছে। তবে আমার এই মতামত মূলত জনমতের প্রতিফলন। সাম্প্রতিক ও গত কয়েক দশকের আমার পর্যবেক্ষণের ভিত্তিতে আমি নিম্নোক্ত পরামর্শ পেশ করছি:
উচ্চক্ষমতাসম্পন্ন, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন
আমার সুপারিশ হচ্ছে, সরকার একটি তদন্ত কমিশন গঠন করে ক) ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করুক, খ) সহিংসতার মতো বেআইনি কাজ যারা করেছে, তাদের জন্য দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি শাস্তির সুপারিশ করুক (এর মধ্যে রয়েছে অপরাধে সহায়তা, ষড়যন্ত্র ও বেআইনি সমাবেশে যোগদানকারী ব্যক্তিদের আশ্রয়দান), গ) ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করুক। সরকারি বিভাগ ও সংস্থাগুলো প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়ন করবে। প্রয়োজনবোধে জনগণের মাধ্যমেও তা করা যেতে পারে।

এই কমিশনকে শক্তিশালী, উচ্চক্ষমতাসম্পন্ন ও নিরপেক্ষ হতে হবে। যথাযথ ক্ষমতাসম্পন্ন কমিশন সরকারি কর্মকর্তাসহ যেকোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যেকোনো স্থানে প্রবেশ করতে ও তথ্য সংগ্রহ করতে পারবে। কমিশন অব এনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ অনুসারে গঠিত কমিশনের হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে: কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে। উল্লিখিত কমিশন অব এনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬-এর সঙ্গে দ্য কোড অব সিভিল প্রসিডিউর ১৯০৮ (১৯০৮-এর অ্যাক্ট ৫), দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ (১৮৯৮-এর অ্যাক্ট ৫), বাংলাদেশ পেনাল কোড ১৮৬০ (১৮৬০-এর অ্যাক্ট ৬৫) প্রভৃতির আলোকে ওই সব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নিতে পারবে।
এই কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হলে এতে পরীক্ষিত, দক্ষ ও চারিত্রিকভাবে অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের থাকা উচিত। যেমন উচ্চপর্যায়ে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কোনো কর্মকর্তা (সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সাবেক বিচারক) বা নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠিত হতে পারে।

মিশ্র পুলিশিং-বিষয়ক সুপারিশ
আমি আরও সুপারিশ করছি যে রাঙামাটি শহরসহ পার্বত্য চট্টগ্রামের অন্যান্য স্থানে নারীসহ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, ভাষাভাষী গোষ্ঠী, ধর্মগোষ্ঠী ও জন্মস্থানের পুলিশ মোতায়েন করতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তা করা হলে কিছু কাজ হবে: ক) আরও দক্ষ গোয়েন্দা পুলিশের আগমন ঘটবে, খ) পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট সমাজ, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন, গ) সেই পুলিশ কর্মকর্তারা যাতে নৃতাত্ত্বিক, ধর্মীয়, ভাষাতাত্ত্বিক ও জন্মস্থানগত কোনো বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত হবে।
এ ব্যবস্থা নেওয়া হলে তা এক জনগোষ্ঠী কর্তৃক আরেক জনগোষ্ঠীর ওপর হামলার গুজব ছড়ানো বন্ধে সহায়ক হবে, যা মানুষের মনে ভীতির সঞ্চার করে, সহিংসতা উসকে দেয়। উল্লিখিত এসব পদক্ষেপ বাংলাদেশের সংবিধানের সমান সুযোগ ও বৈষম্যহীনতার
যে ধারা আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে তা রাঙামাটি হিল ডিসট্রিক্টস কাউন্সিল অ্যাক্ট ১৯৮৯ (১৯৮৯ সালের ২৯ নম্বর অ্যাক্ট) ও সিএইচটি রিজিওনাল কাউন্সিল অ্যাক্টের (১৯৯৮-এর ১২ নম্বর অ্যাক্ট) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
বিশ্বের বিভিন্ন দেশে যেখানে নৃতাত্ত্বিক ও বর্ণবাদী উত্তেজনা ছিল, সেখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি। যেমন: ভারত, যুক্তরাজ্য, পূর্ব ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এসব দেশের এরূপ উত্তেজনাপূর্ণ স্থানে শুধু একই বর্ণ ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর পুলিশ নামানো হয়নি, বিভিন্ন বর্ণের ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর পুলিশ সেখানে নামানো হয়েছে। এরূপ পদক্ষেপ বহু বর্ণ ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাসের স্থানে উত্তেজনা হ্রাস ও অবিশ্বাস দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে, স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সহায়তা করে।

রাঙামাটি শহরে নৃতাত্ত্বিক সহিংসতা ও উত্তেজনার ইতিহাস
রাঙামাটি শহরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে নৃতাত্ত্বিক বিবাদের উপাদানসমৃদ্ধ সহিংসতা বহু বছর ধরেই হয়ে আসছে, বিশেষ করে ১৯৯০-এর পর থেকে তা বেড়েছে। প্রতিটি ঘটনা আলাদা হলেও এদের মধ্যে কিছু জাজ্জ্বল্যমান সাদৃশ্য রয়েছে, যেটা আসলে এক সাধারণ প্রবণতার ইঙ্গিত দেয় বলে মনে হয়। এর মধ্যে ১৯৯২ সালের ২০ মে ও ২০১২ সালের ২২ সেপ্টেম্বরের ঘটনা উল্লেখযোগ্য।
উপর্যুক্ত এসব ঘটনা যদি যথাযথ তদন্ত করে তার প্রতিবেদন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো, তাহলে উল্লিখিত এসব পদক্ষেপে রাঙামাটি শহরে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। জেলা প্রশাসনও এ ঘটনা এড়াতে পারত এবং ১০ থেকে ১২ জানুয়ারি বাংলাদেশ পেনাল কোডের ১৪৪ ধারা জারি করা থেকে দূরে রাখতে পারত। আর তারপরই ১২ থেকে ১৩ জানুয়ারি সেখানে কারফিউ জারি করা হয়।
রাঙামাটির বিজ্ঞ ডেপুটি কমিশনার ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ঘটনার তদন্তে যে কমিশন গঠন করেছিলেন, তা যথাযথভাবে ক্ষমতাবান ছিল না। নির্বাহী বিভাগ থেকেও তা স্বাধীন ছিল না। ফলে তারা সেই জটিল বিষয়টি কার্যকরভাবে মোকাবিলা করতে পারেনি। যদিও সেই কমিটির যে কোনো গুণ ছিল না, তা নয়। সে কারণে তারা যথোপযুক্ত পদক্ষেপও নিতে পারেনি।
খুবই দুঃখের সঙ্গে বলছি, ১৯৯২ সালের ২০ মে ও ২০১২ সালের ২২ সেপ্টেম্বরের মতো অতীতের অনুরূপ ঘটনার তদন্ত উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন বা কার্যকরভাবে করা সম্ভব হয়নি। এর মধ্যে কিছু কিছু বিষয় ২০১২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিজ্ঞ ডেপুটি কমিশনারের নজরে আনা হয়েছিল।
আরও সুনির্দিষ্টভাবে বললে, ২০১২ সালের সেপ্টেম্বরের ঘটনার সময় রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বেআইনি সমাবেশকারীদের বিপুল সংখ্যায় প্রকাশ্য দিবালোকে আইন ভাঙতে দেখা গেছে। তারা বাংলাদেশের দণ্ডবিধির বহু ধারাই ভঙ্গ করে এ কাজ করেছে। কোনো অজ্ঞাত কারণে এদের বেশির ভাগেরই কোনো বিচার হয়নি, শাস্তি তো দূরের কথা।

পাহাড়ি-বাঙালি শান্তিপূর্ণ ঐক্য
রাঙামাটিতে গত সপ্তাহের সহিংসতায় মূল সুর নৃতাত্ত্বিক হলেও সে সময় পাহাড়ি-বাঙালি ঐক্য ও সহযোগিতার যথেষ্ট নজির দেখা গেছে। অতীতের এরূপ ঘটনার সময়ও তা দেখা গেছে। ফলে গুজব মোকাবিলা, উত্তেজনা ও সহিংসতা হ্রাস করা সম্ভব হয়েছে। আর বিভিন্ন নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীর আইন মান্যকারী এবং শান্তিপূর্ণ নাগরিকদের অন্য ধর্ম ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাগরিকেরা আশ্রয়ও দিয়েছে।
রাঙামাটি শহরের বিপুলসংখ্যক মানুষ শান্তিকামী, পাহাড়ি ও বাঙালি উভয়েই। ফলে নৃতাত্ত্বিক সহিংসতা রোধে সরকার যদি কোনো গ্রহণযোগ্য পন্থা অবলম্বন করে, তাহলে রাঙামাটির সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষই তাতে সমর্থন দেবে। সেটা নিশ্চিত। যে পন্থা আগের সব ঘটনা আমলে নেবে। সেই গ্রহণযোগ্য পন্থাটি ন্যায্য, বৈষম্যহীন ও বিজ্ঞোচিত হতে হবে। তাহলে মানুষ সমর্থন তাতে দেবেই।
[রাজা দেবাশিষ রায়ের রাঙামাটি হিল ট্র্যাক্টসের ডেপুটি কমিশনারকে লেখা চিঠি থেকে সংক্ষেপিত অনুবাদ৷
রাজা দেবাশিষ রায়: ব্যারিস্টার অ্যাট ল এবং চাকমাপ্রধান।