সরকারি অফিস রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সরকার আসে যায়, কিন্তু সরকারি অফিস ও কর্মচারীরা ঠিকই থাকেন। সরকারি দপ্তরে বিধি অনুসারে কাজ হয়। সরকারি অফিসে দলীয় মতবাদ বা নেতা–নেত্রীদের মহত্ত্ব প্রচারের সুযোগ নেই। কিন্তু দেখা যায়, কিছু কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারী সমিতি ব্যক্তিস্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে সরকারি অফিসে দলীয় রাজনৈতিক প্রচারণা চালায়। পোস্টার-ব্যানার লাগিয়ে তারা সরকারি অফিসকে দলীয় অফিসে পরিণত করেছে।
কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে সরকারের প্রশংসাসংবলিত ব্যানার দেখা যায়। ওয়াসার বিধিবদ্ধ দায়িত্ব হলো,
ঢাকা শহরে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা। তোপখানার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের অফিসকে
এখন আর অফিস মনে হয় না। এ অফিস দুটো এখন ফটো গ্যালারিতে পরিণত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরাট বিরাট বিলবোর্ডে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় কি কেবল কয়েক বছর ধরে কাজ করছে? পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্মের পর থেকে কাজ করছে এবং যত দিন বাংলাদেশ থাকবে তত দিন যে সরকার আসবে, সে সরকারের সঙ্গেই তারা কাজ করবে। এখানে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কী? আর সরকারি কার্যক্রম প্রচারের জন্য তো তথ্য মন্ত্রণালয় রয়েছে।
সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সরকারি কর্মচারী আইনের পরিপন্থী। তা সত্ত্বেও কীভাবে সরকারি অফিসে রাজনৈতিক প্রচার-প্রচারণা চলছে, তা আমাদের বোধগম্য নয়।
মো. আলী হায়দার
ঢাকা।