সরকারি প্লট কারা পেলেন, কারা পাবেন?
একজন প্রতিমন্ত্রী, একাধিক বর্তমান ও সাবেক সাংসদ, তাঁদের স্বজন, দলের নেতাসহ ৪৪ জন এবার সরকারি প্লট বরাদ্দ পেয়েছেন বলে প্রথম আলোয় প্রকাশিত খবরটি পড়ে অনেক পাঠক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু আমরা এটিকে দেখতে পারি এসব মান্যবরের প্রতি সরকারের বিলম্বিত কৃতজ্ঞতা প্রকাশ হিসেবে। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের ভাষ্য অনুযায়ী, তাঁদের কারও কারও আরও আগে প্লট পাওয়া উচিত ছিল।
সরকারি নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রীয় কাজে যাঁরা অবদান রেখেছেন, তাঁরাই বিশেষ বিবেচনায় প্লট পেয়ে থাকেন। প্রশ্ন হলো, রাষ্ট্রীয় অবদানের সংজ্ঞাটা কে নির্ধারণ করবেন? গণপূর্তমন্ত্রী বলেছেন, ‘আমি যদি মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে তাঁদের অবদান আছে, তাহলে করার কী আছে?’ খুবই খাঁটি কথা। মন্ত্রীরা যাঁদের যোগ্য মনে করবেন, তাঁরাই সব সময় সরকারি প্লট-ফ্ল্যাট পেয়ে আসছেন। ভবিষ্যতেও তাঁরা পাবেন। আর মন্ত্রী বা সরকারের বিবেচনায় যাঁদের কোনো অবদান নেই, তাঁরা কিছুই পাবেন না।
তবে সমস্যা হচ্ছে, ‘রাষ্ট্রীয় পর্যায়ে অবদান’-এর সংজ্ঞাটা সরকারবদলের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। এক সরকারের আমলে যাঁরা পরম দেশপ্রেমিক, আরেক সরকারের আমলে তাঁরাই হয়ে যান চরম দেশবিরোধী।
স্বাধীনতা পদক চালু হয়েছিল দেশের স্বাধীনতা অর্জন এবং দেশ গঠনে যাঁরা অসামান্য অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানাতে। কিন্তু সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৮০ সালে শিক্ষায় অবদানের জন্য এমন একজন ব্যক্তিকে এই পদক দিলেন, যিনি সরাসরি স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত হিসেবে দণ্ডিত ব্যক্তিরাও বিগত বিএনপির আমলে রাজউকের প্লটসহ নানা সুযোগ-সুবিধা পেয়েছিলেন। এরপর আওয়ামী লীগের আমলে আওয়ামীপল্লি এবং বিএনপি আমলে বিএনপিপল্লি প্রতিষ্ঠার মহা আয়োজনের কথাও আমরা ভুলে যাইনি। গত আড়াই দশকে উত্তরা, পূর্বাচল, ঝিলমিল ইত্যাদি প্রকল্পের তালিকা দেখলে চোখ বুজে বলা যাবে কে কোন সরকারের আমলে প্লট বরাদ্দ পেয়েছেন।
এখন দেখা যাক, রাষ্ট্রীয় পর্যায়ে অবদান রাখতে হলে কী কী যোগ্যতা থাকতে হয়। প্রথমত, বিএনপি সরকারের আমলে বিএনপির নেতা-কর্মী-সমর্থক ও তাঁদের আত্মীয়স্বজন এবং আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক-আত্মীয়স্বজন হতে হয়। পেশাজীবী হলে পেশায় তাঁর কী অবদান আছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো পেশাকে তিনি কতটা দলের পক্ষে নিয়ে যেতে পেরেছেন। এই দুই ধারার বাইরে থাকলে তাঁদের ভাগ্যে পদক, প্লট, ফ্ল্যাট কিছুই মিলবে না।
এবার সরকারি প্লট বরাদ্দের তালিকায় কয়েকজন প্রবাসীর নাম দেখে আরও আহ্লাদিত হলাম। এত দিন দেখে আসছি, বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে থাকেন, তাঁরা সাধ্যমতো এখানকার মানুষকে সাহায্য-সহায়তা করেন। মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেন। এবং সেসব খবর আমরা ফলাও করে প্রচারও করে থাকি। এখন থেকে উল্টো খবর যাবে, আমেরিকা, কানাডা বা ইউরোপে যেসব ‘গরিব’ প্রবাসী খুবই ‘গৃহকষ্টে’ আছেন, ‘ধনী’ বাংলাদেশের সরকার স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাঁদের নামে প্লট-ফ্ল্যাট বরাদ্দ দিতেও কার্পণ্য করছে না।
তাঁরা বিদেশে যত অর্থই কামাই করুক না কেন, বাংলাদেশের তো তাদের প্রতি একটা দায়িত্ব আছে! এর সঙ্গে সরকার আরও কিছু উদ্যোগও নিতে পারে, যেমন তাঁদের বিমানভাড়া কমিয়ে দেওয়া। দেশে পাওয়া সরকারি প্লট দেখতে কিংবা সেই প্লটের ওপর নির্মিত ফ্ল্যাটের কাজ নিয়মিত তদারক করতে তো তাঁদের ঘন ঘন দেশে আসতে হবে!
আর রাষ্ট্রীয় পর্যায়ে যাঁরা বিশাল ‘অবদান’ রেখেছেন, তাঁদের জন্য কি সরকারের তরফে শুধু প্লট ও ফ্ল্যাট বরাদ্দই যথেষ্ট? আরও কী কী করার সুযোগ আছে, সেটাও সরকার বিবেচনায় নিতে পারে। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘পৃথিবী দুই ভাগে বিভক্ত—শোষক ও শোষিত। আমি শোষিতের পক্ষে।’ তাঁর সেই কথাটিই ঘুরিয়ে তাঁর দলের নেতারা এখন বলতে পারেন, বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত—সরকারি প্লট-ফ্ল্যাটপ্রাপ্ত ও অপ্রাপ্ত। আমরা প্রাপ্তদের পক্ষে।
যাঁরা গত ৪৫ বছরেও সরকারি প্লট-ফ্ল্যাট বরাদ্দ পাননি, আমরা ধরে নিতে পারি, রাষ্ট্রীয় পর্যায়ে তাঁদের কোনো অবদানই নেই। যাঁরা রাষ্ট্রীয় পর্যায়ে অবদান রেখেছেন, আর যাঁরা রাখেননি, তাঁদের মধ্যে সুস্পষ্ট বিভাজন থাকা আবশ্যক।