
সাধারণত মিডিয়া নিয়ে মিডিয়ায় তেমন রিপোর্ট হয় না। নেতিবাচক রিপোর্ট তো নয়ই। ফলে দেশের অন্যান্য পেশা বা প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পারলেও মিডিয়ার ভেতরের খবর তেমন জানতেই পারেন না। এটা আমাদের দেশের মিডিয়ার এক বড় দুর্বলতা। সংবাদপত্র বা সাংবাদিকতা নিয়ে সমালোচনামূলক লেখা বেশির ভাগ পত্রিকা প্রকাশ করতে আগ্রহী হয় না। চলচ্চিত্র বা টিভি প্রসঙ্গে লেখা হলে আপত্তি নেই। আমাদের ২৫টি টিভি চ্যানেলে শতাধিক রকমের নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হয়। কিন্তু মিডিয়াবিষয়ক অনুষ্ঠান প্রচারিত হয় না। আমি অন্তত পাঁচটি টিভি চ্যানেলে প্রস্তাব দিয়েছি ‘মিডিয়া’বিষয়ক একটি নিয়মিত টিভি অনুষ্ঠান করার জন্য। কেউ সম্মত হয়নি।
এই প্রবণতা প্রশংসাযোগ্য নয়। এটাকে সুবিধাবাদী প্রবণতা বলা যায়। সরকার থেকে শুরু করে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সমালোচনা করে মিডিয়া। কিন্তু মিডিয়ার আত্মসমালোচনা মিডিয়া করে না। সরকারি প্রেস ইনস্টিটিউটের (প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান) পত্রিকা নিরীক্ষা এই দায়িত্ব পালন করতে পারত। কিন্তু তারাও মিডিয়া ও মিডিয়া প্রতিষ্ঠান নিয়ে কোনো পর্যালোচনা করতে আগ্রহী নয়। যদি সরকার অসন্তুষ্ট হয়!
এই পটভূমিতে প্রথম আলোকে অভিনন্দন জানাতে হয়। কারণ, প্রথম আলো ১১, ১২, ১৩ নভেম্বর (২০১৪) তারিখে সরকারি মিডিয়া নিয়ে তিনটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমাদের সংবাদপত্র জগতে ব্যতিক্রম। প্রতিবেদক শরিফুজ্জামানকে ধন্যবাদ। তিনি একটি কুপ্রথা ভেঙেছেন। প্রথম আলোতে ‘বাংলাদেশ টেলিভিশন’ (বিটিভি), ‘বাংলাদেশ বেতার’ ও ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস) নিয়ে যে তিনটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে তিনটি সরকারি মিডিয়ারই করুণ ও বেদনাদায়ক চিত্র প্রতিফলিত হয়েছে।
বিটিভি ও বাসস সরকারি টাকায় পরিচালিত। এই প্রতিষ্ঠান দুটি দুর্নীতি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, অনাচার ও অপেশাদারিতে নিমজ্জিত। ’৯০-এর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, তাদের অনুসারীরা এই প্রতিষ্ঠান দুটি পরিচালনার সুযোগ পেয়েছে। দলকে সেবা দেওয়ার পুরস্কার হিসেবেই এই পদ দেওয়া হয়। ‘বাসস’ এখন একটি প্রায় অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের মিডিয়া জগৎ কোথায় চলে গেছে, বাসসের সেই খবরও জানা নেই।
প্রথম আলোর প্রতিবেদনে বাসসের অব্যবস্থাপনা সম্পর্কে বহু তথ্য দেওয়া হয়েছে। এখানে তার পুনরাবৃত্তির প্রয়োজন নেই। (ক্ষমতাসীন) দলের স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হলে একটি সরকারি প্রতিষ্ঠান যে কীভাবে অধঃপতিত হয়, বাসস তার একটা বড় দৃষ্টান্ত। কোনো রকম তাৎপর্যপূর্ণ সেবা না পাওয়া সত্ত্বেও সরকার বাসসকে তহবিল দিয়ে টিকিয়ে রেখেছে। বিএনপি কখনো আবার ক্ষমতায় গেলে বাসসের কিছু লোকের চাকরি যাবে, নতুন এক সেট বিএনপি সাংবাদিক চাকরি পাবেন। এভাবেই বাসস চলছে।
বাংলাদেশের একমাত্র টেরিস্ট্রিয়াল টিভি চ্যানেল ‘বিটিভি’ একসময় দেশের প্রধান বিনোদন আকর্ষণ ছিল। সারা দেশের মানুষ বিটিভির অনুষ্ঠান দেখার জন্য আকুল হয়ে থাকত। এখন সেই বিটিভির দর্শক নেই বললেই চলে। যেখানেই কেব্ল টিভি দেখা যায়, সেখানে বিটিভি কেউ দেখে না। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্ষয়ে যাচ্ছে বিটিভি। এক দশক আগেও বছরে ৫২ কোটি টাকা লাভ ছিল। এখন বছরে ৩০ কোটি টাকা লোকসান।’
বিটিভি নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বহু তথ্য রয়েছে। কীভাবে একদা জনপ্রিয় একটি টিভি চ্যানেল আওয়ামী লীগ ও বিএনপির খপ্পরে পড়ে প্রায় দর্শকশূন্য হয়ে গেছে, তার কারণসমূহ প্রতিবেদনে স্থান পেয়েছে। যে দল ক্ষমতায় থাকে, সেই দল ‘বিটিভি’ নিয়ন্ত্রণ করে। এখন করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সাংস্কৃতিক ক্যাডাররা। টিভি পরিচালনায়ও জায়গা পেয়েছে নানা দলীয় পরিচয়ের ব্যক্তিরা। কোন নেতার ছেলে, কোন নেতার মেয়ে এগুলো হচ্ছে বিটিভি পরিচালনার যোগ্যতা। দলীয় ক্যাডার, সুবিধাবাদী শিল্পী, নতজানু বুদ্ধিজীবী, সরকারি আমলা এঁরাই বিটিভি দখল করে রেখেছেন। প্যাকেজ অনুষ্ঠানের নামে দুর্নীতির এক চক্র বিটিভিতে সক্রিয়। ব্যতিক্রমী ভালো অনুষ্ঠানের সংখ্যা খুবই কম। তবু সরকারকে বিটিভি চালাতে হবে। কারণ, বিটিভির ‘খবরে’ মন্ত্রীদের দৈনিক ডায়েরি প্রচার করা যায়। দলীয় ক্যাডার ও দলঘেঁষা ব্যক্তিদের অনুষ্ঠান দেওয়া যায়। টক শোতে একতরফাভাবে বিরোধী দলকে আক্রমণ করা যায়। এত সুখ আর কোথায় আছে! তাই বছরে ৩০ কোটি টাকা লোকসান হোক, টাকা গৌরী সেন দিচ্ছে। সাধারণ দর্শক অনুষ্ঠান না দেখুক, দলীয় ক্যাডাররাই নিজেদের অনুষ্ঠান দেখছে। তবু ‘বিটিভি’ সরকারকে চালাতে হবে। কিন্তু এভাবে কি একটি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিষ্ঠান চালানো উচিত? যে প্রতিষ্ঠানের একটি বিরাট ঐতিহ্য ছিল, শত শত দর্শকপ্রিয় অনুষ্ঠান প্রচারিত হয়েছে যে টিভি কেন্দ্র থেকে, সেই টিভির অনুষ্ঠান আজ কেউ দেখেন না। তার জন্য দায়ী কে? নিঃসন্দেহে সরকারের ভুল নীতি।
‘বিটিভি’ জনগণের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান। কাজেই বিটিভির ওপর দেশের সব দলের হক রয়েছে। বিভিন্ন রকম মতামত বিটিভিতে প্রচারিত হবে, এটাই স্বাভাবিক। দেশের যোগ্য, দক্ষ, প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় শিল্পীরাই বিটিভির অনুষ্ঠানে প্রাধান্য পাবেন। কোনো শিল্পী বা বুদ্ধিজীবীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যায় না। এগুলো আমাদের বড় দুই দলের নেতারা বুঝতে চান না।
‘বাংলাদেশ বেতার’ নানা কারণে অবহেলিত। কোনো সরকারই বাংলাদেশ বেতারের যথাযথ উন্নয়ন ও অনুষ্ঠানের মান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে চেষ্টা করেনি। বেতারকে ‘সরকারি প্রচারযন্ত্র’ করে রেখেছে। বেতারের জন্য সরকারি বাজেট এত অল্প যে তা দিয়ে নিয়মিত মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয় না। সাম্প্রতিক কালে এফ এম রেডিওর সঙ্গে ‘বাংলাদেশ বেতার’কে অসম প্রতিযোগিতায় পড়তে হয়েছে। বেতারের এই দুরবস্থার জন্য সরকারি নীতিই দায়ী।
সরকারকে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে, অনেক চিন্তাভাবনা করে ঠিক করতে হবে বিটিভি, বাসস ও বেতার আদৌ সরকারি খাতে রাখবে কি না। প্রতিবছর কোটি কোটি টাকা ঢেলে এর থেকে সরকার কতটা লাভবান হচ্ছে? জনগণ কতটা বিনোদন বা সেবা পাচ্ছে? সরকারও যদি লাভবান না হয়, জনগণও যদি সেবা বা বিনোদন না পায়, তাহলে এই তিনটি হাতি পোষার কোনো প্রয়োজন আছে কি?
সরকার যদি এই তিনটি প্রতিষ্ঠান চালাতেই চায়, তাহলে ঠিকভাবে চালাতে হবে। পেশাদারির সঙ্গে চালাতে হবে। দক্ষ জনবল দিয়ে চালাতে হবে। দলীয় ক্যাডার দিয়ে চালাতে চাইলে কী ফল হয় তা কি সরকার দেখছে না? না দেখে থাকলে প্রথম আলোর তিনটি প্রতিবেদন তথ্যমন্ত্রী আবার পড়তে পারেন। অনেক খবর পাবেন। মিডিয়া প্রতিষ্ঠান পরিচালনা সহজ কাজ নয়। অনেক সময়
দক্ষ ও যোগ্য লোক থাকলেও সরকারের বা মালিকের ভুল নীতির কারণে প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে। যেকোনো প্রতিষ্ঠানে ‘পলিসি ও গাইডলাইন’ খুব গুরুত্বপূর্ণ। এটা ভুল হলে সব পণ্ড।
আমাদের প্রস্তাব: সরকার তিনটি সরকারি মিডিয়া প্রতিষ্ঠানের জন্য একটি কমিশন গঠন করতে পারে। কমিশনের এজেন্ডা হবে: ১. এসব প্রতিষ্ঠানকে কি ব্যবসায়িক ও লাভজনকভাবে চালানো সম্ভব? কীভাবে সম্ভব? ২. এ জন্য কী কী পদক্ষেপ নিতে হবে? ৩. এসব প্রতিষ্ঠান থেকে সরকার কি কোনো উপকার পাচ্ছে? কীভাবে পাচ্ছে? ৪. এসব প্রতিষ্ঠান থেকে সরকারের বার্ষিক লোকসান কত? লোকসান কি কমানো যায়? ৫. তথ্য মন্ত্রণালয় তথা সরকার ছাড়া আর কীভাবে এগুলোর ব্যবস্থাপনা করা যায়? বিবিসির ব্যবস্থাপনার মডেল কি বাংলাদেশ সরকার গ্রহণ করতে পারে? ৫. এই তিনটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিলে সরকারের কি কোনো ক্ষতি হবে? দেশের কোনো ক্ষতি হবে? (প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারই সরকারি সংবাদপত্র দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা ও বাংলাদেশ টাইমস বন্ধ করে দিয়েছিল।) প্রস্তাবিত এই কমিশনের পর্যবেক্ষণ ও সুপারিশ সরকার গ্রহণ করতে পারে। তবে কোনো দলীয় লোক দিয়ে কমিশন গঠন করা হলে তাতে বাস্তবসম্মত সুপারিশ পাওয়া যাবে কি না, তাতে আমাদের সন্দেহ হয়।
আমাদের আরেকটি প্রস্তাব। আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ দলের টিভি চ্যানেল প্রতিষ্ঠা ও পরিচালনা করার কথা ভাবতে পারে। দলের কাজটি সরকারকে দিয়ে করানো ঠিক নয়। তবে সেখানেও পেশাদারি থাকতে হবে। কৌশলে প্রচার করতে হবে নিজেদের কথা। কোনো মিডিয়াকে ‘হিজ মাস্টার্স ভয়েস’ করলে সেই মিডিয়া কার্যকর হয় না।
মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।