
আপনার কোনো স্বজন অসুস্থ, কিংবা দুর্ঘটনায় আহত হলেন। আপনি তাঁকে নিয়ে গেলেন হাসপাতালে। আপনার মনে আশা, আপনার স্বজন সুচিকিৎসা পাবেন, সুস্থ হয়ে ঘরে ফিরবেন। কিন্তু হাসপাতালের ফটকেই মৃত্যু ওত পেতে ছিল; শুধু ওই অসুস্থ বা আহত ব্যক্তির জন্য নয়, আপনার নিজের জন্যও। যমের বেশে আপনাদের ওপর চড়াও হলো একটা অ্যাম্বুলেন্স।
হ্যাঁ, অ্যাম্বুলেন্স। আপনি ভেবেছেন, অ্যাম্বুলেন্স তো রোগী নিয়ে হাসপাতালে ছোটে তার প্রাণরক্ষার জন্য; সেই অ্যাম্বুলেন্স কেন রোগী ও তার স্বজনদের প্রাণ কেড়ে নেবে?
জি না, আপনার এ রকম ‘স্বাভাবিক’ চিন্তার কোনো অর্থ নেই। হাসপাতালের গেটেই আপনি রোগীসুদ্ধ মারা পড়তে পারেন অ্যাম্বুলেন্সের চাপায় কিংবা ধাক্কায়, সপরিবারে।
এটা বাংলাদেশ। এ দেশে ‘অস্বাভাবিক’ সব রকমের ঘটনাই ঘটতে পারে। গত শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে ঘটেছে। একটা অ্যাম্বুলেন্স চাপা দিয়ে মেরেছে এক অন্তঃসত্ত্বা নারীকে, সাত বছরের এক শিশুকে, তার মাকে এবং এক বৃদ্ধ ভিক্ষুককে। বিনা মেঘে বজ্রপাতের মতো মৃত্যু নেমে আসে এই দেশে। আপনার-আমার, যেকোনো মানুষের ওপর, যেকোনো মুহূর্তে। পৃথিবীর সব দেশ সম্পর্কেই এই কথা বলা যায়, কিন্তু আমাদের দেশে জীবন এত অনিশ্চিত, অপমৃত্যু কিংবা আকস্মিক মৃত্যুর ঘটনা এত বেশি, এত ঘন ঘন ঘটে যে আমরা অবাক হওয়ারও ফুরসত পাই না।
কিন্তু ‘দুর্ঘটনাজনিত’ সব মৃত্যুর দায় নিয়তির ওপর চাপিয়ে দিয়ে সান্ত্বনা খোঁজাও নিষ্ফল; আসলে সান্ত্বনা মেলে না। কারণ, সব দুর্ঘটনা, এত বেশিসংখ্যক দুর্ঘটনা, অনিবার্য নয়। অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। শুধু যানবাহনের দুর্ঘটনায় বছরে কুড়ি হাজারের বেশি (বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে) মানুষের মৃত্যু এবং আরও প্রায় সমানসংখ্যক মানুষের অঙ্গপ্রত্যঙ্গ হারানোর বাস্তবতা অনিবার্য বাস্তবতা নয়।
শনিবারের দুর্ঘটনাটিও অনিবার্য ছিল না। সেদিন ওই অ্যাম্বুলেন্স যিনি চালাচ্ছিলেন, তিনি সেটির চালক নন, চালকের সহকারী। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, ১৮ বছর বয়সী ওই তরুণ মোটরযানের ‘ব্রেক আর এক্সিলারেটরের মধ্যকার পার্থক্যই জানেন না’। ব্রেক কষতে গিয়ে তিনি এক্সিলারেটরের ওপর চাপ দিয়ে অ্যাম্বুলেন্সটাকে প্রাণঘাতী এক দানবে পরিণত করেছিলেন।
দুই.
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে শনিবারের ওই দুর্ঘটনার খবর পরদিনের জাতীয় সংবাদপত্রগুলোর প্রথম পাতায় স্থান পেয়েছে। কিন্তু লক্ষ করার বিষয়, খোদ দুর্ঘটনাটাই খবরের প্রধান বিষয় ছিল না। কারণ, সম্ভবত এই যে এ দেশে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে প্রতিনিয়ত এত বেশিসংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে যে তার সংবাদমূল্য কমে গেছে। প্রতিনিয়ত যা ঘটে, তা সংবাদ সৃষ্টি করে না—প্রথাগত সাংবাদিকতায় এ রকম ভাবা হয়।
কিন্তু শনিবারের ওই দুর্ঘটনার দৃশ্যপটে বড় খবরের উপাদান ছিল। সেটা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সেবা-ব্যবস্থার প্রায়-অনুপস্থিতি এবং সেই সুযোগে গড়ে ওঠা এক জবরদস্তিমূলক ব্যবসা। রোববার প্রথম আলো প্রথম পাতায় যে সচিত্র প্রতিবেদন ছেপেছে, তার শিরোনাম ছিল ‘এ কেমন অ্যাম্বুলেন্স–সেবা!’ সমকাল-এর শিরোনাম ছিল ‘নির্দয় অ্যাম্বুলেন্স বাণিজ্য’। অন্য যেসব সংবাদপত্র খবরটি ছেপেছে, সেগুলোর শিরোনামেও ‘অ্যাম্বুলেন্স’ শব্দটি ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ২ হাজার ৬০০। কিন্তু ভর্তি হওয়া রোগীর সংখ্যা সব সময়ই তিন হাজারের বেশি থাকে। তা ছাড়া বহির্বিভাগে আরও প্রায় তিন হাজার রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন। দেশের প্রধান ও সবচেয়ে বড় এই হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে মাত্র সাতটা। বার্ন ইউনিটের দুটো, বাকি পাঁচটা মূল হাসপাতালের। কিন্তু বার্ন ইউনিটের অ্যাম্বুলেন্স দুটো চলে না। কারণ, জ্বালানি বরাদ্দ নেই। মূল হাসপাতালের পাঁচটা অ্যাম্বুলেন্সের মধ্যে দুটো নষ্ট।
তাহলে এত বড় এই হাসপাতালের অ্যাম্বুলেন্স–সেবা চলছে কীভাবে? তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ব্যক্তিমালিকানার অ্যাম্বুলেন্স দিয়ে। তাঁদের অ্যাম্বুলেন্সের সংখ্যা ৭০-৭৫। তাঁরা জোটবদ্ধ হয়ে অ্যাম্বুলেন্স ব্যবসা চালাচ্ছেন বছরের পর বছর। বাইরের কোনো অ্যাম্বুলেন্স ওই হাসপাতালে ঢুকতে দেন না। তাঁরা তাঁদের অ্যাম্বুলেন্সের ভাড়া নেন নিজেদের ইচ্ছামতো হারে। কখনো কখনো কোনো কোনো রোগীর আত্মীয়স্বজনদের একসঙ্গে দুটো অ্যাম্বুলেন্স ভাড়া নিতেও বাধ্য করেন; প্রয়োজন না থাকা সত্ত্বেও। আমাদের সাংবাদিকেরা সরেজমিনে দেখে ও শুনে এসব তথ্য জেনেছেন। প্রথম আলোতেই এ সম্পর্কে দীর্ঘ প্রতিবেদন ছাপা হয়েছে গত ১৭ জুলাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ আছে, তাঁদের সঙ্গে যোগসাজশের ভিত্তিতেই চলছে এই জবরদস্তিমূলক অ্যাম্বুলেন্স ব্যবসা।
এই চিত্র শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নয়। সারা দেশের সব বড় বড় সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা-ব্যবস্থার চিত্র মোটামুটি একই রকম। আমি নিজে রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বরিশালের প্রধান সরকারি হাসপাতালগুলোর সামনে প্রচুর বেসরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু প্রায় সব হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেগুলো হয় অচল, নয় দাপ্তরিক প্রক্রিয়াগত ঝামেলার কারণে সেগুলো পাওয়া সাধারণ রোগীদের পক্ষে প্রায় অসম্ভব। আসলে প্রতিটি সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা প্রায় অকার্যকর ও দুর্লভ হয়ে পড়েছে বেসরকারিভাবে গড়ে ওঠা অ্যাম্বুলেন্স ব্যবসার কারণে। এখানে কায়েমি স্বার্থ প্রবল; দলীয় রাজনৈতিক প্রভাব ওই কায়েমি স্বার্থের সঙ্গে ভালোভাবে জড়িত।
কিন্তু বাস্তবতার আরেকটা পিঠও আছে। সব সরকারি হাসপাতালে নিজস্ব অ্যাম্বুলেন্সের সংখ্যা রোগীর তুলনায় এত কম যে সেগুলো পূর্ণ মাত্রায় সক্রিয় থাকলেও অ্যাম্বুলেন্স সেবার ঘাটতি থেকেই যেত। দৃষ্টান্তস্বরূপ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মাত্র সাতটা অ্যাম্বুলেন্স দিয়ে চলতে পারে না। কমপক্ষে ৭০টা অ্যাম্বুলেন্স যে নিশ্চিতভাবে প্রয়োজন, তার প্রমাণ বেসরকারি মালিকানাধীন ৭২টি অ্যাম্বুলেন্স সেখানে দিব্যি ব্যবসা করছে।
বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো না থাকলে রোগীরা যে কী বিপাকে পড়তে পারেন, তার একটা চিত্র দেখা গেল শনিবারের ওই দুর্ঘটনার জের ধরেই। রোববারের সংবাদমাধ্যমে তাদের নির্দয় ও জবরদস্তিমূলক ব্যবসার খবর ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সগুলো উধাও হয়ে গেল। তার ফলে রোগীদের যে দুর্ভোগে পড়তে হলো, তারও সচিত্র প্রতিবেদন দেখা গেল সোমবারের সংবাদপত্রে।
সমস্যাটা আসলে বড়। সমাধানের জন্য বড় উদ্যোগের প্রয়োজন। সব সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের সংখ্যা আরও অনেক বাড়াতে হবে। এটা প্রথম কাজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরও সমস্যার পরিপূর্ণ সমাধান মিলবে না। বেসরকারি খাতের অ্যাম্বুলেন্স সেবারও প্রয়োজন থাকবে। দরকার সেই সেবা-ব্যবস্থাকে নিয়মকানুন, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জবাবদিহির মধ্যে আনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক সাবেক পরিচালকের ভাষ্য থেকে জানা গেল, অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তা ছাড়া নগরের বিভিন্ন হাসপাতালের কাছাকাছি জায়গায় অ্যাম্বুলেন্স ডিপো করারও প্রস্তাব ছিল। কিন্তু কোনো প্রস্তাবই চূড়ান্ত হয়নি। ওই সাবেক পরিচালকের মন্তব্য: হাসপাতালের কর্মচারীরা সব সময় ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট, ফলে তাঁরা এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিতে পেরেছিলেন।
সরকারের দায়িত্ব ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট চক্রটাকে ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু করা। নইলে সরকারি হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স সেবার উন্নতি সম্ভব নয়।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]