সরকারের চাওয়া বাড়ছে, বাজেট বড় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা শুনতে পাই, আমাদের দেশে দারিদ্র্য কমছে। গরিব মানুষের সংখ্যা কি কমছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কয়েক বছর পরপর পরিবারের আয়-ব্যয় নিয়ে নমুনা জরিপ করে, কিছু উপাত্ত বের করে। সেটা দেখে আমরা দারিদ্র্যের হদিস পাই-বাড়ছে না কমছে। যে লোকটি গরিব, তার কাছে সংখ্যাতত্ত্বের দাম কী? দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমে নাহয় ৩০ কিংবা ২৪ শতাংশ হলো। কিন্তু ওই ২৪ শতাংশের মধ্যে যে আছে, তার সান্ত্বনা কোথায়? দুটি দেশের মধ্যে তুলনামূলক আলোচনায় এ ধরনের উপাত্তের মূল্য আছে। কিন্তু গরিব মানুষ এসব তথ্য-উপাত্ত দিয়ে কী করবে? আমি তো দেখি অনেকগুলো পরিবার বছরের পর বছর রেললাইনের ধারে বা কোনো পরিত্যক্ত জায়গায় বস্তিঘরে থাকছে। ওদের জীবনে কী পরিবর্তন এসেছে?

কিছুদিন আগে মিরপুরে ইলিয়াস মোল্লাহর বস্তিতে আগুন লেগে কয়েক হাজার মানুষ মুহূর্তের মধ্যেই একেবারে নিঃস্ব হয়ে গেল। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। কাঁথা-বালিশ, বাসন-কোসন, সামান্য সম্পদ যা আছে, তা-ও হারায় এই সব মানুষ-কখনো প্রকৃতির খেয়ালে, কখনোবা মানুষের তৈরি ঘটনায়। স্কুলে পড়ার সময় রবীন্দ্রনাথের ‘সামান্য ক্ষতি’ কবিতাটি মন ছুঁয়ে গিয়েছিল। এত বছর পরও রবীন্দ্রনাথের ওই শব্দগুলো এখনো কত প্রাসঙ্গিক!

একটা দৃশ্য পথে-ঘাটে প্রায়ই চোখে পড়ে। একটা বড় কালো রঙের গাড়ি যাচ্ছে পতাকা উড়িয়ে। কালো কাচে ঢাকা গাড়ি। ভেতরের মাননীয় যাত্রীকে চেনা যাচ্ছে না। তার আগে বা পিছে পুলিশের একটা পিকআপ। ইলেকট্রনিক ব্যাটন হাতে নিয়ে একজন উর্দিধারী চিৎকার করে লোকজনকে পথ থেকে সরে যেতে বা ওই পতাকাবাহী গাড়িটিকে পথ করে দিতে বলছে। তারপর হুস করে গাড়িটি চলে গেল। পেছনে ছোটখাটো একটা জ্যাম বাঁধিয়ে। ওই দিকে হয়তো পথে বাসের অপেক্ষায় লম্বা লাইন। অনেকক্ষণ হলো বাস আসে না। এলেও হুটোপুটি করে দরজার হাতল ধরে কয়েকজন ঝুলে পড়ে, বাসের ভেতরে ঢোকার চেষ্টা করে। মেয়েদের অবস্থা বর্ণনার অতীত।

এটা হলো উন্নয়নের ছবি। গাড়ির সংখ্যা বাড়ছে। বাড়ছে বাসযাত্রীর সংখ্যা। সবাইকে কাজের জন্য ছুটতে হচ্ছে। মানুষ বেশি, রাস্তায় গাড়ি চলে বেশি, কাজের সন্ধানে মানুষ বের হয় বেশি। তাই দুর্ঘটনাও হয় বেশি। খবরের কাগজের পাতা খুললেই শুধু দুর্ঘটনার খবর। যাঁরা নিয়মিত বাসে-টেম্পোতে চড়েন, তাঁরা জানেন, গন্তব্যে পৌঁছাতে হলে ঠাসাঠাসি করেই ‘গণপরিবহনে’ যেতে হয়। অনেক সময় হাত বাইরে থাকে, মাথা বাইরে থাকে। সবার আরামে যাওয়ার বন্দোবস্ত থাকলে তো এমনটি হতো না!

একটা দেশ কতটুকু সভ্য, তার নানা ধরনের নির্ণায়ক থাকতে পারে। আমার মতে, একটি চলমান সমাজে গণপরিবহনের অবস্থাই বলে দিতে পারে আমরা সভ্য না অসভ্য, কিংবা কোন পর্যায়ের সভ্য। মুশকিল হলো, যাঁরা নীতি তৈরি করেন, তাঁরা গণপরিবহন ব্যবহার করেন না। আর যাঁরা গণপরিবহন ব্যবহার করেন, নীতিনির্ধারণে তাঁদের কোনো অংশগ্রহণ নেই। সুতরাং যথা পূর্বং তথা পরং।

আমাদের দেশে আনুষ্ঠানিক খাতে সবচেয়ে বেশি লোক কাজ করে পোশাকশিল্পে। তাঁদের সংখ্যা কত? হয়তো ৪০,৫০, ৬০ লাখ কিংবা তারও বেশি। সকাল হলেই দেখি তাঁরা দল বেঁধে কাজে যাচ্ছেন, হেঁটে। হাতে হয়তো একটা টিফিন কেরিয়ার। বেশির ভাগই অল্প বয়সী মেয়ে, রোগা-পাতলা, চোখ ঢুকে গেছে কোটরে। দেখলেই বোঝা যায়, দেহে পুষ্টি নেই। ফলে রোগ বাসা বাঁধতে পারে খুব সহজেই। একটা কথা আমরা প্রায়ই শুনি, আমাদের পোশাকশিল্পে শ্রমিকদের মাথাপিছু উৎপাদনক্ষমতা অন্য দেশগুলোর তুলনায় কম। পর্যাপ্ত খাবার নেই, অসুখ হলে ওষুধপথ্য নেই, বস্তিঘরের চালা দিয়ে পানি পড়ে, বস্তির নালা-নর্দমায় পোকামাকড় আর রোগজীবাণু কিলবিল করে। তাঁরা বেঁচে আছেন-এটাই তো পরমাশ্চর্য! এরপর তো উৎপাদনক্ষমতা!

দেশে ভাসমান জনগোষ্ঠীর আকার ও প্রকার কী-তার খোঁজ কি আমরা রাখি? একটা দারিদ্র্যায়ণ প্রক্রিয়া তো আছেই। প্রান্তিক চাষিরা জমি হারিয়ে, ভিটে হারিয়ে শহরমুখো হয়। গন্তব্য একটাই-বস্তি। কেউ কেউ বলেন, গ্রাম থেকে শহরে লোক আসা ঠেকাতে হবে। এটা কি সম্ভব? গ্রামগুলো তো আর গ্রাম নেই। সেখানে বসবাস করা যায় না। সবচেয়ে বড় কথা হলো, সেখানে কাজ নেই। কাজের খোঁজে মানুষ শহরমুখো হয়। যারা আগে চলে এসেছে, থিতু হয়েছে, করে খাচ্ছে, তারা মনে করে, নতুন উপদ্রবগুলো কেন আসছে?

আমরা বন্যা বা ঘূর্ণিঝড় নিয়ে অনেক চিৎকার-চেঁচামেচি করি। কিন্তু এ দেশের সবচেয়ে বড় নীরব ঘাতক হলো নদীভাঙন। প্রতিবছর কত লোকের ভিটা আর চাষের জমি যে নদীর পেটে যায়, তার কোনো পরিসংখ্যান নেই। নদীভাঙা মানুষগুলো সব হারিয়ে প্রথমে যায় ছোট শহরে। তারপর যায় বড় শহরগুলোতে, যেখানে কাজের সংস্থান বেশি। ঢাকা শহরে পথ চলতে গিয়ে কোনো টেম্পোর চালক বা সহকারী, কোনো দোকানের বিক্রয়কর্মী কিংবা ফেরিওয়ালা দেখলেই মনে হয়, তাঁর একটা অতীত আছে। এ অবস্থায় তাঁর জন্ম হয়নি। সব হারিয়ে তিনি এসেছেন শহরে। এখানে লোকের নানা রকমের চাহিদা। সে অনুযায়ী পণ্য জোগান দেওয়ার কাজটি করে তাঁর হয়তো দুবেলা খাওয়ার পয়সা জোটে। মেয়র সাহেবরা যখন হুংকার দিয়ে ফুটপাত থেকে ফেরিওয়ালাকে তাড়া করেন, তাঁরা কি ভাবেন যে একজন হকারের মুখের দিকে আস্ত একটি পরিবার তাকিয়ে আছে? ফুটপাত পরিষ্কার থাকলে নাগরিকেরা স্বস্তি পান, গায়ে বাতাস লাগিয়ে হাঁটতে পারেন। কিন্তু যাঁদের হটিয়ে হাঁটেন, তাঁরা যাবেন কোথায়? সংবিধানে আছে, এ দেশের মালিক জনগণ। তো এই ‘জনগণ’ জানেই না, সংবিধানে তাদের মালিকানা স্বত্ব দেওয়া আছে।

আগামী সপ্তাহগুলো খবরের কাগজ আর টেলিভিশনের টক শো গরম থাকবে যে বিষয়গুলো নিয়ে, তার অন্যতম হলো বাজেট। বাজেট বানান আমলারা। যখন যে দলের সরকার থাকে, তাঁরা তাঁদের দলের প্রয়াত নায়ক এবং বর্তমান নেতার বন্দনা করে শুরু ও শেষের দিকে কয়েকটি প্যারাগ্রাফ জুড়ে দেন। ভেতরটা থাকে একই রকম। এটাকেই তাঁরা ইনিয়ে-বিনিয়ে বলেন উন্নয়নের রোল মডেল, হাজার বছরের শ্রেষ্ঠ বাজেট, যুগান্তকারী বাজেট ইত্যাদি। দিন দিন সরকার বড় হচ্ছে। সরকারের খাই বাড়ছে, খরচ বাড়ছে। সুতরাং বেশি করে খাজনা আদায় করতে হচ্ছে। মানুষের প্রকৃত আয় সেভাবে বাড়ছে না। ফলে মানুষ খাজনা দিতে ইতস্তত করে। একটা কথা প্রায়ই শোনা যায়, আমি তো সার্ভিস পাই না, ট্যাক্স কেন দেব? আমাদের বুঝতে হবে, ট্যাক্স না দিলে রাস্তা খোঁড়াখুঁড়ি হবে না, ঠিকাদারি লাটে উঠবে, কর্তাদের গাড়ি চলবে না, তাঁদের যখন-তখন বিদেশ ঘোরা বন্ধ হয়ে যাবে, সাদা হাতিগুলো কষ্ট পাবে।

অর্থমন্ত্রী বলেছেন, এবারের সম্ভাব্য বাজেট হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো। এই সংখ্যা লিখতে গেলে কয়টি শূন্য বসাতে হবে, জানি না। একটা কথা অহরহ শুনি, আমাদের আমলে এত বড় বাজেট দিচ্ছি, আগে তো কম ছিল। তখন উন্নয়ন হয়নি, এখন হচ্ছে। আমি খোঁজ দিয়ে দেখলাম, ১৯৭২ সাল থেকে শুরু করে প্রতিবছরই বাজেটের আকার বেড়েছে। প্রতিবছরের বাজেটই আগের বছরেরটা ছাড়িয়ে গেছে টাকার অঙ্কে। এগুলো হলো অর্থহীন আস্ফালন। কাজের কথা হলো, ‘লাভজনক কাজের’ সুযোগ তৈরি হচ্ছে কি না। মেগা প্রজেক্টের দিকে সরকারের ঝোঁক বেশি। কারণটা আমি বুঝি না। দুষ্টু লোকে অবশ্য অন্য কথা বলে। কত টাকা খরচ করলে কত টাকা আয় হবে এবং কতজন মানুষের কর্মসংস্থান হবে, তার একটা চাঁছাছোলা হিসাব থাকা দরকার বাজেটে।

মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক
mohi 2005 @gmail. com