সরকারের অনুরোধ আন্তর্জাতিক নীতিমালা মেনে ফেসবুক গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে

ফেসবুক এখন জীবনযাপনের অনিবার্য অংশ। ব্যক্তি আর সমাজের পাশাপাশি রাজনীতি ও রাষ্ট্রকেও গভীরভাবে প্রভাবিত করছে এই সামাজিক যোগাযোগমাধ্যম। তাদের নিয়ে তর্ক–বিতর্কও কম নেই। ফেসবুকের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান সাবহানাজ রশীদ। সাক্ষাৎকার নিয়েছেন পল্লব মোহাইমেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবহানাজ রশীদ
প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান হিসেবে আপনার নিয়োগের প্রায় এক বছর হতে চলল। এক বছরে আপনার অভিজ্ঞতা কেমন?

সাবহানাজ রশীদ: আমি সব সময়ই বাংলাদেশ নিয়ে কাজ করতে চেয়েছি। আমি সৌভাগ্যবান যে বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের বাংলাদেশ দলে কাজ করার সুযোগ পেয়েছি। শুরুর দিন থেকেই চেষ্টা করেছি ফেসবুকে দেশীয় অংশীদারত্ব বাড়াতে। যেন বাংলাদেশের মানুষ একে অপরের সঙ্গে আরও যুক্ত হতে পারে। তারা যেন অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল নাগরিকতার অংশভাক হয়ে উঠতে পারে।

প্রশ্ন:

প্রথম আলো: এই অতিমারির সময়ে আপনারা কী করছেন?

সাবহানাজ রশীদ: এখন আমাদের মূল ফোকাস হচ্ছে মানুষকে কোভিড-১৯ মহামারির প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করা। গত বছর আমি ফেসবুকে যোগ দেওয়ার পর থেকে আমরা কোভিড-১৯ টিকা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি–সম্পর্কিত তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে আমরা স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে সব সময় কাজ করি। এ জন্য আমরা দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা ও দক্ষতাবিষয়ক কার্যক্রমও চালু করেছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করে এবং বাংলাদেশের গল্প বিশ্বের কাছে তুলে ধরতে পেরে আমি গর্বিত।

প্রশ্ন:

প্রথম আলো: পাবলিক পলিসি প্রধান নিয়োগ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশকে ফেসবুক গুরুত্ব দিচ্ছে। এই গুরুত্বের কারণ কী—ব্যবসা, না বিপুলসংখ্যক ব্যবহারকারী?

সাবহানাজ রশীদ: বাংলাদেশ অনেক আগে থেকেই ফেসবুকের কাছে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই ফেসবুক বাংলাদেশ নিয়ে কাজ করছে। মূলত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফেসবুকের কার্যক্রম পরিচালিত হয়। সেসব জায়গায় নিয়োজিত দলই বাংলাদেশ নিয়ে কাজ করে। আমি কাজ করি সে দলের অংশ হিসেবে। এখানে আমার কাজের ক্ষেত্র পাবলিক পলিসি বা জননীতি। মূলত ব্যবহারকারীরা যাতে ফেসবুকের সর্বোচ্চ সুবিধা পায়, সে জন্য যেকোনো দেশের নীতিনির্ধারক, সরকারি ও বেসরকারি সংস্থা আর এই খাতের অংশীদারদের সঙ্গে নীতিমালা ও প্রক্রিয়া নিয়ে কাজ করে পাবলিক পলিসি দল। পাশাপাশি আমাদের দল বাংলাদেশের ভাষা, যোগাযোগ ও অংশীদারত্ব ইত্যাদি নিয়ে কাজ করে।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলা নববর্ষে ফেসবুক ও ইনস্টাগ্রামে এবার বিশেষ ফিল্টার দেওয়া হলো। আর কাজটি করানো হলো বাংলাদেশের শিল্পী ও প্রোগ্রামারদের দিয়ে। এমন আরও কোনো উদ্যোগ কি চলবে?

সাবহানাজ রশীদ: বাংলা নববর্ষ উপলক্ষে আর্টিফিশিয়াল বা অগমেন্টেড রিয়ালিটি ফিল্টারগুলো নিয়ে কাজ করা ছিল দারুণ এক অভিজ্ঞতা। এ কাজে আমরা একজন বাংলাদেশি শিল্পী ও ডেভেলপারের সঙ্গে কাজ করেছি। আরাফাত করিম প্রতিভাবান তরুণ শিল্পী। আর প্রোগ্রামার ইশরাত ঊর্মি আগে থেকেই ঢাকায় আমাদের ফেসবুক ডেভেলপার সার্কেলের (ডেভসি) সদস্য। ডেভসি নামে আমাদের যে কমিউনিটি আছে, সেখানে ডেভেলপাররা ফেসবুকের বিভিন্ন প্রযুক্তির ওপর তাঁদের অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পান। ভবিষ্যতে আমরা আরও অনেক দেশীয় ডেভেলপার ও ক্রিয়েটরদের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশে ফেসবুক পেজের মাধ্যমে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন। ‘এফ–কমার্স’ শব্দও প্রচলিত হয়েছে। উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আপনাদের কোনো উদ্যোগ আছে কি?

সাবহানাজ রশীদ: প্রযুক্তিপ্রতিষ্ঠান হিসেবে ফেসবুকের লক্ষ্য, মানুষের মধ্যে যোগাযোগ সহজ করা এবং সামাজিক বন্ধন বাড়ানো। বাংলাদেশসহ সারা পৃথিবীর ছোট ব্যবসাগুলো তাদের ক্রেতাদের সঙ্গে যুক্ত হতে এবং নিজেদের ওয়েবসাইটে ব্যবহারকারী বাড়িয়ে ক্রেতাদের আরও আগ্রহী করে তুলতে নিয়মিতই আমাদের সেবা ব্যবহার করছে। তাদের সহায়তা করার জন্য আমরা আরও নতুন নতুন উপায় খুঁজে বের করতে কাজ করে যাচ্ছি। ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের জন্য ফেসবুক ফর বিজনেসে কিছু অনলাইন কোর্স আছে। গত বছর বাংলাদেশে আমরা ‘বি ডিসকভারড’ নামে একটি প্রচারণা চালিয়েছিলাম। সেখানে দেশি উদ্যোক্তা ও ফেসবুক বিশেষজ্ঞরা মতবিনিময় করেছেন। ভবিষ্যতে ‘শি মিনস বিজনেস’ নামে একটি কর্মসূচি চালু করার জন্য আমরা এখন কাজ করছি।

প্রশ্ন:

প্রথম আলো: সরকারি সিদ্ধান্তে ফেসবুক, ইউটিউব, গুগলসহ প্রযুক্তিগত বৈশ্বিক কোম্পানিগুলো এবার ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে। বিজ্ঞাপন বা অন্য কোনো উৎসে বাংলাদেশ থেকে ফেসবুকের আয় আগেও হতো। তখন কি সেই আয়ের ওপর ফেসবুক কোনো কর দিত?

সাবহানাজ রশীদ: করের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে নিই। যেসব দেশে আমাদের কার্যক্রম আছে, সেখানে প্রয়োজনীয় সব কর আমরা পরিশোধ করি। এ বছরের জুন মাসে ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন পেয়েছে। জুলাই মাসে আমরা আমাদের প্রথম ভ্যাট রিটার্ন দাখিল করেছি এবং সময়মতো ভ্যাট পরিশোধ করেছি।

প্রশ্ন:

প্রথম আলো: ফেসবুক বিভিন্ন দেশের স্থানীয় আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, বিশেষ করে কনটেন্টের ব্যাপারে। বাংলাদেশের প্রচলিত আইন মানার ক্ষেত্রে ফেসবুকের কোনো বাধ্যবাধকতা আছে কি? কোনো দেশের সরকার ব্যবহারকারীর নির্দিষ্ট কোনো কনটেন্ট মুছে দিতে ফেসবুককে অনুরোধ করলে ফেসবুক কি তা মুছে দেয়?

সাবহানাজ রশীদ: ফেসবুকে কী করা যাবে আর কী করা যাবে না, তার স্পষ্ট রূপরেখা দেওয়া আছে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে। এর মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত। বাংলাদেশসহ সারা বিশ্বে আমাদের ব্যবহারকারীদের মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই নীতিমালা তৈরি করা হয়। আমাদের নীতির বাইরে যায়, এমন কিছুকে আমরা সরিয়ে দিই। আমরা সব সময়ই প্রযুক্তি, এর পদ্ধতিগত দিক এবং কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর নজর দিই, যেন কেউ নীতিমালা ভাঙলে আমরা আরও দ্রুত পদক্ষেপ নিতে পারি। নীতিমালা ভঙ্গের প্রভাব যেন খুব বেশি মানুষের ওপর না পড়তে পারে। ২০১৩ সাল থেকে আমরা গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভের (জিএনআই) সদস্য। এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে পৃথিবীজুড়ে আমাদের অনেক দল কাজ করে। জিএনআইয়ের নীতি ও নির্দেশিকা অনুসারে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে কোনো অনুরোধ পেলে তা আন্তর্জাতিক মানবাধিকার ও সংশ্লিষ্ট দেশের আইন—দুটোকে মাথায় রেখে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো খতিয়ে দেখে।

প্রশ্ন:

প্রথম আলো: ফেসবুক তো বিশ্বের সামাজিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ, সম্পর্কের বিষয়গুলো পরিবর্তন করে দিয়েছে। বাংলাদেশের মতো দেশে এই পরিবর্তন কতটা ইতিবাচক আর কতটা নেতিবাচক বলে আপনি মনে করেন?

সাবহানাজ রশীদ: আমাদের সর্বশেষ গ্রাহক বা ব্যবহারকারী জরিপে অংশগ্রহণকারীদের ৭৯ শতাংশ জানিয়েছেন, মহামারির শুরু থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা ফেসবুক অ্যাপ আগের চেয়ে বেশি ব্যবহার করেছেন। বাংলাদেশিদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের কোভিড-১৯ তথ্যকেন্দ্রটি বাংলায় রূপান্তর করেছি। এখন একটি ক্লিকের মাধ্যমেই ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা জাতীয় টিকা নিবন্ধন পোর্টালে যেতে পারেন এবং কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারেন। খুঁজে বের করতে পারেন কাছের টিকাদান কেন্দ্র। অন্যদিকে রক্তের প্রয়োজন মেটাতে এক কোটির বেশি মানুষ ইতিমধ্যে আশপাশের ব্লাড ব্যাংক থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুকের ‘ব্লাড ডোনেশন’ সুবিধায় নিবন্ধন করেছেন। আবার যেকোনো প্রযুক্তি বা উদ্ভাবনের মতো ইন্টারনেটেরও অপব্যবহার হতে পারে। এ কারণে, মানুষকে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা দিতে আমরা খুব গুরুত্বের সঙ্গে আরও উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও দক্ষ জনশক্তির পেছনে বিনিয়োগ করেছি। আমাদের বহুমুখী ‘রেসপন্সিবল ইনোভেশন টিম’ নিরাপদ ও সবার উপযোগী প্রযুক্তি তৈরি করতে নিজেদের ও বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে।

প্রশ্ন:

প্রথম আলো: ব্যবহারকারীর প্রোফাইল বা অ্যাকাউন্টের নিরাপত্তা দিতে আপনাদের নানা প্রযুক্তিগত ব্যবস্থা আছে। তবে আমাদের দেশের বেশির ভাগ ব্যবহারকারী অতটা সচেতন বা দক্ষ নন। তাই অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে শুরু করে নানা বিপত্তিতে পড়েন অনেকে। কেউ বিপদে পড়লে ফেসবুক কীভাবে সহায়তা করতে পারে?

সাবহানাজ রশীদ: ফেসবুকের জন্য এর ব্যবহারকারীদের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ, বলতে পারেন সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা মনে করি, প্রতিরোধের প্রথম ধাপ হলো সচেতনতা। বাংলাদেশিদের মধ্যে ডিজিটাল স্পেস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। তবে নানা ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরও কেউ এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের সহায়তার জন্য রয়েছে আমাদের ‘হেল্প সেন্টার’। আমাদের পরামর্শ হলো, সবাই যেন আমাদের ‘সিকিউরিটি চেকআপ’ ও ‘প্রাইভেসি চেকআপ’ অপশনগুলো ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করেন।

প্রশ্ন:

প্রথম আলো: ভুয়া সংবাদ (ফেক নিউজ), ভুয়া অ্যাকাউন্ট ইত্যাদি নিয়ে ফেসবুকের বেশ সমালোচনা রয়েছে। এ ব্যাপারে আপনারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন?

সাবহানাজ রশীদ: ভুল তথ্য, বিভ্রান্তিকর সংবাদ সত্যিই একটা বড় সমস্যা। আমরাও এ নিয়ে সচেতন। সে জন্য দীর্ঘদিন ধরে আমরা এসব নিয়ে কাজ করছি। ভুয়া সংবাদ ও ভুল তথ্য প্রতিরোধে আমরা তিনটি ধাপে কাজ করি। প্রথমত, আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করে এমন কনটেন্ট সরিয়ে ফেলি। এসবের মধ্যে আছে ক্ষতিকর ভুল তথ্য, যা বাস্তবে সহিংসতা ঘটাতে পারে। দ্বিতীয়ত, সারা বিশ্বে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে আমরা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) থেকে সনদপ্রাপ্ত ৮০টি স্বাধীন থার্ড পার্টি ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি। তারা কোনো কনটেন্টকে অসত্য বলে চিহ্নিত করলে সেটা যেন আর ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা নেওয়া হয়। তৃতীয়ত, কোনো একটি কনটেন্ট সম্পর্কে আমরা ব্যবহারকারীদের নানা ধরনের তথ্য দিই, যেন তারা নিজেরাই তা দেখে সিদ্ধান্ত নিতে পারে।

২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত ১ কোটি ৮০ লাখের বেশি ভুল তথ্য আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলেছি। পাশাপাশি আমাদের কোভিড-১৯ তথ্যকেন্দ্রে বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ আন্তর্জাতিক স্বাস্থ্য কর্তৃপক্ষ থেকে প্রকাশিত তথ্য জানতে পেরেছে। পাশাপাশি আমাদের অ্যাপগুলোতে নানা ধরনের সচেতনতামূলক প্রচারণা চলে। যেমন বাংলাদেশসহ এশিয়ার ২৬টি দেশে আমরা কোভিড-১৯ সম্পর্কিত ভুল তথ্য প্রতিরোধে প্রচারণা চালু করেছি। বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে বাংলাদেশে ২ কোটি ৩০ লাখের বেশি মানুষকে গত এপ্রিল থেকে জুলাই মাসে আমরা অনলাইনে কোভিড-১৯ বিষয়ক ভুল তথ্য শনাক্ত করা শিখতে সাহায্য করেছি। ভুল তথ্যের বিষয়টি বেশ জটিল এবং ভুল তথ্য নিয়মিত তার মোড়ক পাল্টায়। বিভ্রান্তিকর তথ্য যুগে যুগেই বিভিন্ন দুর্যোগের সময় ছড়িয়েছে। যেমন চতুর্দশ শতাব্দীতে বিউবনিক প্লেগ যখন ইতালিতে ছড়িয়ে পড়ছিল, তখনো মানুষের মুখে মুখে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এমনিতেও প্রযুক্তির এই জগৎটা নতুন। তাই ডিজিটাল দুনিয়ায় মানুষের সচেতনতা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকার অনেক সময় ফেসবুকের কাছে ব্যবহারকারীর তথ্য চেয়ে থাকে। এ ক্ষেত্রে ফেসবুকের নীতিমালা কী কিংবা সেটা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা কতটা নিশ্চিত করে?

সাবহানাজ রশীদ: আমাদের কাজের মূল মন্ত্র হলো মানুষের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা। ব্যবহারকারীদের তথ্য কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে ব্যাপারে স্বচ্ছতা তৈরি ও তার নিয়ন্ত্রণ দেওয়ার জন্য আমরা বেশ কিছু টুলস তৈরি করেছি। প্রতিটি নতুন প্রযুক্তিপণ্য ও ফিচার ডিজাইন করার সময় আমরা সব সময় ব্যবহারকারীর গোপনীয়তার বিষয়টি মাথায় রাখি। কোন কোন তথ্য আমরা সংগ্রহ করি, কীভাবে সেই তথ্য আমরা ব্যবহার করি এবং একজন ব্যবহারকারীর তার নিজের তথ্য দেখতে পারার, সংশোধন করার, অন্য কোথাও সরানোর ও মুছে ফেলার কী অধিকার আছে—এসব বিষয়ে আমাদের তথ্য নীতিমালায় বলা আছে। শর্তাবলিতে কোনো পরিবর্তন আনার আগে আমরা ব্যবহারকারীদের বার্তা পাঠাই এবং তাদের সম্মতি নিই।

বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে আমরা যে অনুরোধগুলো পাই, সে বিষয়ে আরও তথ্য সবাইকে জানানোর চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বছরে দুইবার ‘ট্রান্সপারেন্সি রিপোর্ট’ প্রকাশ করে থাকি। এ প্রতিবেদনে বিভিন্ন দেশের সরকারের কাছে ব্যবহারকারীদের তথ্য নিয়ে কী ধরনের অনুরোধ আমরা পাচ্ছি, তার উল্লেখ থাকে। তবে প্রতিটি অনুরোধকে আইনি যথার্থতার জন্য খুব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। এই প্রক্রিয়ায় কোনো অনুরোধ অতিরিক্ত বিস্তৃত অথবা অস্পষ্ট মনে হলে তা প্রত্যাখ্যান করতে পারি বা সুনির্দিষ্টভাবে জানাতে বলতে পারি।

প্রশ্ন:

প্রথম আলো: ভারতে ফেসবুক নিবন্ধিত প্রতিষ্ঠান। বাংলাদেশে এর নিবন্ধন নেই। বাংলাদেশে ফেসবুকের অফিস খোলার কোনো পরিকল্পনা রয়েছে?

সাবহানাজ রশীদ: আমরা পৃথিবীর অনেক দেশেই আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি, কিন্তু সবখানেই আমাদের অফিস নেই। বাংলাদেশ নিয়ে আমিসহ অনেকেই কাজ করছেন। অফিস খোলার ব্যাপারটি নানা বিষয়ের ওপর নির্ভর করে। তবে অফিস থাকা বা না থাকার বিষয়টি কোনো দেশে ফেসবুকের কাজের ওপর কোনো প্রভাব ফেলে না।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশে ফেসবুকের কার্যক্রম নিয়ে ভবিষ্যৎ ভাবনা কী?

সাবহানাজ রশীদ: আমাদের লক্ষ্য, মানুষকে একটি নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তারা একে অন্যের সঙ্গে যুক্ত হতে পারে এবং একটি প্রাণবন্ত কমিউনিটি গড়ে তুলতে পারে। এই মুহূর্তে মহামারি একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলাদেশে যেখানে প্রতিনিয়ত নতুন রোগী শনাক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের ব্যবহারকারীদের নানা ধরনের তথ্য ও রিসোর্স দিয়ে সহায়তা করে যাব এবং সর্বশেষ স্বাস্থ্যবিষয়ক তথ্য তুলে ধরব। পাশাপাশি আমরা ক্ষুদ্র ও ছোট ব্যবসা, নারী উদ্যোক্তা এবং তরুণদের ডিজিটাল সক্ষমতা বাড়ানোর জন্য যে কাজ করছি, তা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষের ডিজিটাল ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে আমরা আশাবাদী।

প্রশ্ন:

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

সাবহানাজ রশীদ: আপনাকেও ধন্যবাদ।