সরকারের ব্যর্থতা ও পাচারকারীদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিবাসী শ্রমিকেরা সব সময়ই প্রতারণা ও বঞ্চনার শিকার
অভিবাসী শ্রমিকেরা সব সময়ই প্রতারণা ও বঞ্চনার শিকার

দ্য ডেইলি স্টার পত্রিকার ৯, ১০ ও ১১ আগস্ট তিন কিস্তিতে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী প্রেরণে সরকারের ব্যর্থতার নেপথ্যে দুই দেশের জনশক্তি কারবারিদের সংঘবদ্ধ অপতৎপরতার সমীক্ষা প্রকাশিত হয়েছে। বর্তমান সরকারের আমলে ২০১২ সালের নভেম্বরে সরকারি উদ্যোগে অভিবাসী প্রেরণের চুক্তি স্বাক্ষরের পর মাত্র ৪০ হাজার টাকা খরচে হাজার দশেক মানুষ মালয়েশিয়া যেতে পেরেছেন। ম্যানপাওয়ার এজেন্সিগুলোর মাধ্যমে আগে মালয়েশিয়া যেতে এর প্রায় পাঁচ গুণ বেশি টাকা লাগত। সমীক্ষাটির প্রথম কিস্তিতে ওই পদ্ধতিতে অভিবাসীদের কাছ থেকে ২০০৭-০৮ সালে আদায় করা অর্থের একটা ভাগ-বাঁটোয়ারার চিত্র দেখানো হয়েছে।
দুই দেশের খরচগুলো যোগ করলে দেখা যাচ্ছে, একজন অভিবাসনেচ্ছু শ্রমিকের কাছ থেকে এই প্রক্রিয়ায় ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হতো, যার ভাগ মালয়েশিয়ার চাকরিদাতা, এজেন্ট, লবিস্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, এজেন্সির শহুরে দালাল, গ্রামীণ দালাল—সবাই পেয়ে যাচ্ছে।
সিঙ্গাপুরে পরিচালিত আমার ১৯৯৬-৯৭ সালের অভিবাসী-সম্পর্কিত গবেষণায়ও একই চিত্র ফুটে উঠেছিল। সিঙ্গাপুরের মতো একটি প্রায় দুর্নীতিমুক্ত দেশে যদি অভিবাসী শ্রমিকদের এ ধরনের শোষণের শিকার হতে হয়, তাহলে মালয়েশিয়ার অবস্থা আরও খারাপ হওয়াই স্বাভাবিক। বোধগম্য কারণেই বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকেরা সরকারের শুভ উদ্যোগটিকে বানচাল করতে উঠেপড়ে লেগেছিল এবং সরকারের সঙ্গে এই ইস্যুতে তাদের ঝগড়া ও টানাপোড়েন মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি-প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যেখানে আগে প্রতিবছর কয়েক লাখ বাংলাদেশি অভিবাসী মালয়েশিয়ায় যেতেন, সেখানে সরকার ওই দায়িত্ব নেওয়ার পর আড়াই বছরে মাত্র ১০ হাজার শ্রমিক যেতে পারার মানেই হলো, ব্যবস্থাটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ২০১২ সাল থেকে দুই দেশের সরকার পরিচালিত অভিবাসন-প্রক্রিয়া ব্যর্থ হওয়াতে অবৈধভাবে লাখ লাখ ‘নব্য বোট পিপল’ গত বছরগুলোতে জীবন বাজি রেখে মালয়েশিয়ায় ও থাইল্যান্ডে যাওয়ার জন্য হয়তো মানব পাচারকারীদের জালে ধরা দিয়েছে!
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগর-উপসাগরে ভাসতে থাকা অবৈধ অভিবাসীবোঝাই নৌযানের হাজার হাজার নারী-পুরুষ-শিশুর আহাজারি সারা বিশ্বের জনগণের বিবেককে নাড়া দিয়েছে। মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিংয়ের এই দুর্বৃত্তকবলিত বাণিজ্য নতুন কোনো ব্যাপার না হলেও থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে শত শত গণকবর আবিষ্কৃত হওয়ায় পুরো বিষয়টাতে কয়েক শ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বেপরোয়া খুন-জখম, জঙ্গলে যত্রতত্র লাশ পুঁতে ফেলা বা সাগরে লাশ ভাসিয়ে দেওয়া এবং অভিবাসীদের জিম্মি করে তাঁদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করার ঘটনা বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। শুধু মিডিয়ায় নয়, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির জগতেও প্রবল ঝড় উঠেছিল এই ‘নব্য বোট পিপল’ সংকটকে ঘিরে। মানব পাচারকারীরা যে অমানবিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তার বীভৎস চিত্রও ফুটে উঠেছে।
পাঠকদের জ্ঞাতার্থে বলছি, প্রতিবছর বাংলাদেশের শ্রমবাজারে ১৮ লাখের মতো কর্মপ্রত্যাশী মানুষ প্রবেশ করলেও দেশের অর্থনীতি সাত থেকে আট লাখের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে আজও অপারগ। প্রতিবছর বৈধ-অবৈধ পথে ছয় থেকে সাত লাখ মানুষ বিদেশে চলে যাওয়ার সুযোগ না পেলে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে প্রচণ্ড বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হতে বাধ্য। তাই আন্তর্জাতিক অভিবাসনকে তাত্ত্বিকভাবে ‘মেধা পাচার’ হিসেবে দেখার যুক্তি থাকলেও বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মতো জনাকীর্ণ দেশের জন্য এটাকে ‘সেফটি ভাল্ভ’ হিসেবে দেখাটাই যৌক্তিক। জীবন ও জীবিকার তাগিদে বাধ্য হয়ে এই অভিবাসীরা বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়লেও তাঁদের অভিবাসন-প্রক্রিয়ায় সরকারের কৃতিত্ব নেওয়ার অবকাশ নেই। বরং আমার গবেষণাগুলোতে বারবার ফুটে উঠেছে, পুরো অভিবাসন-প্রক্রিয়াকে ঘিরে বেশির ভাগ ক্ষেত্রে লোভাতুর ‘চক্রের’ দোর্দণ্ড প্রতাপ অভিবাসন-প্রত্যাশীদের শোষণ, প্রতারণা ও লুণ্ঠনের অসহায় শিকারে পরিণত করে চলেছে কয়েক দশক ধরে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাংলাদেশি অভিবাসীদের ৯৫ শতাংশই শিক্ষা ও দক্ষতার দিক থেকে বিশ্বের অন্য দেশের অভিবাসীদের চেয়ে পেছনে অবস্থান করছেন। তাই সবচেয়ে কম মজুরির ‘থ্রি ডি জব’গুলোই (ডার্টি, ড্যানজেরাস অ্যান্ড ডিমান্ডিং জবস) তাঁদের ভাগে জুটছে। কিন্তু পরিবারের মা-বাবা, স্ত্রী-পুত্র-কন্যা, ভাইবোনদের ভরণপোষণের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের অভিবাসীরা তাঁদের এই নিম্ন আয়ের ৫০ থেকে ৭৫ শতাংশই নিয়মিতভাবে রেমিট্যান্স হিসেবে দেশে পাঠান। বিশ্বের রেমিট্যান্সের গন্তব্য দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ষষ্ঠ—ভারত, মেক্সিকো, ফিলিপাইন, তুরস্ক ও ইন্দোনেশিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে এ ব্যাপারে। (পাকিস্তানের প্রায় এক কোটি অভিবাসী বিদেশে থাকলেও তাঁদের রেমিট্যান্স-প্রবাহ বাংলাদেশের তুলনায় কম)।
মিয়ানমারের ভাগ্যবিড়ম্বিত রোহিঙ্গারা বর্তমান ‘নব্য বোট পিপলের’ প্রায় ৮০ শতাংশ হলেও বাকি ২০ শতাংশ বাংলাদেশি অভিবাসী, যাঁরা জনশক্তি কারবারি চক্রের প্রতারণার ফাঁদে আটকা পড়ে ওই নৌযানগুলোর যাত্রীতে পরিণত হয়েছেন। অতএব, বাংলাদেশে অভ্যন্তরীণ রিফিউজি সমস্যা না থাকা সত্ত্বেও পুরো ব্যাপারটাকে ঘিরে বাংলাদেশের জনগণের ব্যাপক বেকারত্ব ও অর্থনৈতিক দুর্দশা আবার বিশ্ববাসীর আলোচনার খোরাকে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন মানব পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর পাশাপাশি যাঁরা এভাবে ভাগ্যান্বেষণে অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে প্রতারিত হয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করছেন, তাঁদেরও গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করতে। বাংলাদেশের তরুণ সমাজ যখন বেকারত্বের ও দারিদ্র্যের কশাঘাত থেকে পরিত্রাণের জন্য এভাবে জীবনের তোয়াক্কা না করে বিশ্বের সব মহাদেশে ছুটে চলেছে এবং সাগর-মহাসাগর পাড়ি দিয়ে উন্নততর ভবিষ্যৎকে ছুঁতে চাইছে, তখন বিষয়টাকে আরও একটু সংবেদনশীলভাবে বিবেচনা করাই ছিল প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশিত।
ইউরোপের কোনো দেশে যাওয়ার পথে সাহারা মরুভূমি পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বাংলাদেশের তরুণ, ভূমধ্যসাগরে ডুবে মরছেন বাংলাদেশি অবৈধ অভিবাসী। আমেরিকা যাওয়ার জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মরেছেন এ দেশের মানুষ, এমনকি মেক্সিকো-মার্কিন সীমান্তে মারা পড়েছেন বেশ কয়েকজন। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে এঁদের সবাই দরিদ্র পরিবারের সন্তান নয়, লাখ লাখ টাকা জনশক্তি রপ্তানিতে নিয়োজিত অসাধু ব্যবসায়ী এবং মানব পাচারকারী চক্রগুলোর লোভাতুর বাণিজ্যে বিনিয়োগ করে ‘সোনার হরিণ’ পাওয়ার মোহে ছুটছেন এ দেশের উচ্চমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। অভিবাসনের সফল অ্যাডভেঞ্চারগুলো আরও হাজার হাজার যুবককে স্বপ্ন দেখাচ্ছে অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে। এর মধ্যে মানসিক ব্যাধির সন্ধান করা সমীচীন নয়, ‘চেইন মাইগ্রেশনের’ গতি-প্রকৃতি এ রকমই হওয়ার কথা। বেকারত্বের গ্লানিতে নিমজ্জিত তরুণদের এ ধরনের আচরণ অত্যন্ত যৌক্তিক।
দ্য ডেইলি স্টার-এর সমীক্ষায় বলা হয়েছে, মালয়েশিয়ায়ও শক্তিশালী জনশক্তি কারবারি চক্র দুই দেশের সরকারের বন্দোবস্তে (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি-টু-জি) মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিক প্রেরণের ব্যবস্থাটিকে ভন্ডুল করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল। এই দুই কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর অপতৎপরতা সম্প্রতি সফল হয়েছে। ফলে দুই সরকারের মাধ্যমে অভিবাসী শ্রমিক প্রেরণের ব্যবস্থাটি জুন মাসে বন্ধ করে দিয়ে আবার ম্যানপাওয়ার এজেন্সিগুলোর মাধ্যমে (বিজনেস টু বিজনেস বা বি-টু-বি) শ্রমিক প্রেরণের ব্যবস্থা চালু করার জন্য দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন আলাপ-আলোচনা শুরু হয়েছে। দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক অভিযোগ তুলেছেন, মনে হচ্ছে সরকারি বন্দোবস্তটা যেন ব্যর্থ হওয়ার জন্যই প্রণীত হয়েছিল।
সম্প্রতি নুরুল ইসলাম বিএসসি জনশক্তি রপ্তানি ও বৈদেশিক নিয়োগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর প্রতি আমার আহ্বান: অভিবাসী শ্রমিকদের এসব চক্রের শোষণ-লুণ্ঠন থেকে যদি সুরক্ষার একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারেন, তাহলে আপনি সারা দেশের জনগণের মনে স্থায়ী আসন দখল করতে সমর্থ হবেন। আল্লাহ তাআলা আপনাকে যে সুযোগ দিয়েছেন, তার সদ্ব্যবহার করুন। বিশ্বের অন্য কোনো দেশের অভিবাসী শ্রমিকদের বাংলাদেশের শ্রমিকদের এক-তৃতীয়াংশও খরচ করতে হয় না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো ও ভিয়েতনাম থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করলে এই ব্যাপারে দিকনির্দেশনা পাওয়া যাবে।

ভাগ-বাঁটোয়ারার পরিমাণ
ভাগ-বাঁটোয়ারার পরিমাণ

ভাগ-বাঁটোয়ারার পরিমাণ
বাংলাদেশে (টাকা)
সরকারি ফিস, অন্যান্য খরচ ও ৪০,০০০
বিমানের টিকিট
গ্রামের দালাল ১০,০০০-২০,০০০
শহরের দালাল ১০,০০০-২০,০০০
রিক্রুটিং এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট দালাল ১০,০০০-২০,০০০
রিক্রুটিং এজেন্সি ২০,০০০-৩০,০০০
মোট: ৯০,০০০-১,৩০,০০০ টাকা
মালয়েশিয়ায় (রিঙ্গিত)
এজেন্টের মার্কেটিং ফিস ২০০-৫০০
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফিস ১,৫০০-২,০০০
লেভি ৩৬০-১,৮০০
ভিসা সংগ্রহ ৩০০-৫০০
লবিস্ট ফিস ১,০০০-১,২০০
ব্যাংক গ্যারান্টি ৩০
অ্যাটেসটেশন ও অন্যান্য ফিস ৫০-৫৫
মোট: ৩,৪৪০-৬,০৮৫ রিঙ্গিত (টাকায় ৬৮,৮০০–১,২১,৭০০)
সূত্র: মালয়েশিয়ার শ্রমিক অধিকার-সম্পর্কিত সংস্থা টেনাগানিটা

ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।