>

গ্যারি জে ব্যাস তাঁর দ্যব্লাডটেলিগ্রাম: ইন্ডিয়াসসিক্রেটওয়ারইনইস্টপাকিস্তান বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অজানা দিকের ওপর আলোকপাত করেছেন। এ বইটির কিছু নির্বাচিত অংশ প্রথমআলোর পাঠকদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো তৃতীয়পর্ব।
বাংলাদেশের নেতাদের সঙ্গে ভারতীয় নেতাদের দ্বন্দ্ব-বিবাদ থাকলেও তাঁরা সীমান্ত বন্ধ করেননি। ফলে শরণার্থীরা ভারতে আসতেই থাকে। এদিকে মধ্য জুলাইয়ের দিকেই ভারত সরকার বুঝে ফেলে, শরণার্থীদের ফেরত নেওয়ার মতো রাজনৈতিক সমাধান পাকিস্তানের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ ভারতকে ধীরে ধীরে যুদ্ধের দিকেই যেতে হবে। ভারতীয় আমলা ডি পি ধরযুদ্ধের পক্ষেই ছিলেন। তিনি খোলাখুলি বলেছিলেন, বাঙালি বিদ্রোহীরা যদি আরও কার্যকর যুদ্ধ শুরু করে ‘আমাদের প্রতিবেশী ভূখণ্ডে নিরাপদ অঞ্চল গড়ে তুলতে পারে, তাহলে ভারত-পাকিস্তান যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।’ সে রকম একটি সম্ভাবনা সম্পর্কে আমাদের অহেতুক ভীত হওয়ার দরকার নেই। যুদ্ধ যদি এভাবে শুরু হয়, তাহলে তা হতে দিন, আমাদের এটা এড়ানো যাবে না।
মাও সেতুং গেরিলা যুদ্ধসম্পর্কিত এক বিখ্যাত পুস্তিকায় লিখেছিলেন, ‘বৈরিতা বাড়তে থাকলে গেরিলারা ধীরে ধীরে নিয়মিত বাহিনীতে পরিণত হয়।’ এটা নিশ্চিত, অনেক বাঙালির মনেই এ সম্ভাবনা উঁকিঝুঁকি দিচ্ছিল। মিজানুর রহমান চৌধুরী এই অপরিণত গেরিলাদের সংগঠিত করে নিয়মিত বাহিনী গড়তে চেয়েছিলেন, যাঁরা ভারী কামান ও বিমানবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারবে, যাঁদের একটি ছোট বিমানবাহিনী থাকবে। তিনি লিখেছেন, ‘আমাদের শেষমেশ “বন্ধু সরকারের” সঙ্গে বোঝাপড়া করতে হবে, তারা আমাদের পুরো চাহিদা পূরণ করবে কি না।’

বাংলাদেশের প্রবাসী সরকারও সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কেন্দ্র করে নিয়মিত সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিল। জুলাই মাসে তারা অনিয়মিত ও প্রাথমিক পর্যায়ের সেনাদের নিয়ে সমন্বিত কমান্ড সদর দপ্তর স্থাপন করে, যার প্রধান ছিলেন এম এ জি ওসমানী। এরপর বাঙালি যোদ্ধারা বাংলাদেশ বাহিনীর অধীনে যুদ্ধ পরিকল্পনামাফিক কাজ করা শুরু করেন। বিদ্রোহ কীভাবে করতে হয়, সেটা বোঝার জন্য তাঁদের কার্যক্রম পাঠ করা উচিত।
ওসমানীর কর্মীরা সব গেরিলাকে নিজেদের কমান্ডে নিয়ে আসেন। যোদ্ধাদের মধ্যে প্রতি সাতজন বিদ্রোহী ও একজন কর্মকর্তাকে নিয়ে একটি দল গঠন করা হয়, যাঁদের তত্ত্বাবধান করতেন একজন রাজনৈতিক উপদেষ্টা। তাঁরা আশা করেছিলেন, তাঁদের হাতে পিস্তল, রাইফেল ও সস্তা সাব মেশিনগান দেওয়া হবে, অথবা হালকা মেশিনগান ও কিছু রকেট লঞ্চার দেওয়া হবে, যাতে তাঁরা গানবোট, বাংকার ও গোলাবারুদের মজুত ধসিয়ে দিতে পারেন। তাঁরা লুঙ্গি ও কুর্তা পরে স্থানীয় মানুষের সঙ্গে মিশে যান। যখনই সম্ভব হয়, এই গেরিলারা ঘরের কাছেই যুদ্ধ করবেন—এমনটাই কথা ছিল। তাঁদের কমান্ডারের ইচ্ছা ছিল, তাঁরা বড় এলাকাজুড়ে ধারাবাহিক, সুপরিকল্পিত ও বলিষ্ঠ (যার মাত্রা প্রতিদিনই বাড়বে) গেরিলা আক্রমণ শুরু করুক। এ প্রক্রিয়ায় তাঁরা শত্রুপক্ষের স্থানীয় দালাল ও রাজাকারদের শেষ করে দেবেন, কাজটা নৃশংস, যার মধ্যে সবচেয়ে বাজে ধরনের ব্যক্তিগত হিসাব-নিকাশ ও অপপ্রয়োগের সম্ভাবনা ছিল। বিদ্রোহীরা এবার শুধু সেতু ও রেলসড়ক ধ্বংসের লক্ষ্যে নয়, তাঁরা নদীবন্দর, শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র, তেলের ডিপো—এগুলোও ধ্বংস করার লক্ষ্যে মাঠ নামলেন। এর ফলে সময়মতো পাকিস্তানিদের ‘রক্তক্ষরণ হয়ে অকেজো’ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন এই বিজয়ী গেরিলারা হয়তো ‘অনিয়মিত সেনাবাহিনী থেকে জনগণের সেনাবাহিনীতে’ পরিণত হতে পারবেন।
তবে বাস্তবতা খুবই নৈরাজ্যিক ছিল। আর্চার ব্লাডের বন্ধু শহুদুল হকত্রিপুরার এক প্রশিক্ষণ শিবিরে একটি প্লাটুনের দায়িত্বে ছিলেন। তিনি স্মরণ করেন, ‘পুরো ব্যাপারটাই এত আধাখেঁচড়া ছিল যে আমি খুবই হতাশ হয়ে পড়ি।’ তিনি বলেন, ‘সেখানে না ছিল টাকাপয়সা, না ছিল উপকরণ, ছিল শুধু নিবেদিতপ্রাণ সৈন্য, আমাদের কাজ ছিল, তাদের প্রশিক্ষণ দেওয়া।’ তাঁদের কাঁঠাল ছাড়া খাওয়ার আর কিছু ছিল না, যে বস্তু তিনি আজ পর্যন্ত খান না, ঘৃণা করেন। গেরিলাদের বাঁশের মাচার ওপর ঘুমাতে হতো, ফলে বর্ষা মৌসুমে তাঁদের প্রায় ভেসে যেতে হতো। কয়েক সপ্তাহ পর তিনি নিজেও মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, তাঁর মলের সঙ্গে রক্ত পড়ত। সেখানে না ছিল চিকিৎসক, না ছিল ওষুধ, শুধু ডাবের পানি দিয়ে তাঁর চিকিৎসা করা হতো, কিন্তু তাতে কাজ হয়নি। যেখানে তাঁর বন্ধুরা ঢাকায় গেরিলা অভিযানে যেতেন, সেখানে তাঁকে বাড়ি নিয়ে যেতে হলো। তিনি বলেন, ছয় সপ্তাহে তাঁর ওজন অর্ধেক হয়ে গিয়েছিল।
আরেকজন বিদ্রোহীর ভাষ্য হচ্ছে, তাঁদের ‘ওপর যেন নরক নেমে এসেছিল।’ যুদ্ধের সিনেমায় তাঁরা যেসব বিস্ফোরক দেখেছেন, সেগুলোই তখন তাঁদের ব্যবহার করতে হতো, তাতে আগুন দিতে গিয়ে তাঁদের হাত কাঁপত, হাতের ওপর তাঁদের নিয়ন্ত্রণ থাকত না। পরিস্থিতি ছিল খুবই নাজুক, যোদ্ধাদের মশা তাড়ানিয়া ওষুধ দরকার ছিল, সঙ্গে বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার জন্য পানি নিরোধক উপাদান, সাপের কামড় থেকে বাঁচার জন্য বিষ-নিরোধক রক্তাম্বু (সেরাম) দরকার ছিল। সেনাদের গুলি ও গ্রেনেড ফুরিয়ে যাচ্ছিল। তাঁরা মাসে একটি সাবান পেতেন। নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের ভাষ্য হচ্ছে, ‘স্বাধীনতাযুদ্ধটা একদম অপেশাদার ও শিক্ষানবিশ ঢঙে পরিচালিত হচ্ছিল।’ তিনি ওসমানীকে খারিজ করে বলেন, এই ব্যক্তি ‘সেনাবাহিনীর সরবরাহ কোরের একজন সাবেক কর্মকর্তা, যিনি পদাতিক সেনা হতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন।’
এদিকে স্বাধীনতাযুদ্ধ যত তীব্র হচ্ছিল, ততই বাঙালি বিদ্রোহী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত বাড়ছিল। বাংলাদেশি একজন মেজর, যাঁর আবার ভারতপন্থী বলে পরিচিতি আছে, ও তাঁর সহকর্মীরা বুঝতে পারছিলেন, ‘বাংলাদেশি সেনাদের নিয়ন্ত্রণ ক্রমাগত ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যাচ্ছে’, ফলে যোদ্ধাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হচ্ছিল। এমনকি কিশোর যোদ্ধাদের ব্যবস্থাপনাও ঠিকঠাক হচ্ছিল না। যে ছেলেরা প্রশিক্ষণ নিয়ে ফিরছিল, তাদের অস্ত্র দেওয়া হচ্ছিল না। তবে যখন বিএসএফ দায়িত্বে ছিল, তখন পরিস্থিতি এমনটা ছিল না।
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর আর এন কাও ভারত সরকারকে তাগাদা দেন, তারা যেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড ও বাংলাদেশি জাতীয়তাবাদী বাহিনীর মধ্যকার সম্পর্ক দ্রুত ঠিক করে ফেলে। বাংলাদেশের সেনারা মনে করছিলেন, ভারত ধীরে চলো নীতি নিয়েছে। ফলে তাঁরা সতর্ক করে দেন, বর্ষা মৌসুমে যদি ভারতীয়রা সহায়তা না বাড়ায়, তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, এতে মানুষের দুঃখ-দুর্দশা যেমন বাড়বে, তেমনি যুদ্ধের নিয়ন্ত্রণ বামপন্থীদের হাতে চলে যাবে। তখন চীনা কমিউনিস্টরাও বসে থাকবে না।
গ্যারি জে ব্যাস: লেখক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।