
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজনটা কিন্তু দলগত বা রাজ্যগত নয়, সেখানে পার্থক্যটা প্রজন্মের মধ্যকার। সহস্রাব্দ প্রজন্ম, অর্থাৎ যাঁদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে, তাঁদের বেশির ভাগই ট্রাম্পকে ভোট দেননি। আগামী দিনে তাঁরাই ট্রাম্পবিরোধী আন্দোলনের কর্ণধার হবেন। বয়স্ক মার্কিন নাগরিকেরা বিভাজিত হয়ে পড়েছেন। কিন্তু ট্রাম্প মূলত ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ভোটই বেশি পেয়েছেন। বিভিন্ন ইস্যুতে তরুণ ভোটাররা ট্রাম্পকে প্রত্যাখ্যান করবেন, যাঁকে তাঁরা অতীতের রাজনীতিক হিসেবে দেখেন, ভবিষ্যতের নয়।
এতক্ষণ যা বললাম, তা গড়পড়তা, একেবারে অবিমিশ্র নয়। তবু পরিসংখ্যান দেখলে বোঝা যায়, প্রজন্মগত পার্থক্য কতটা। এক্সিট পোলের হিসাব অনুযায়ী, ৪৫ ও তদূর্ধ্ব ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন, ৩০-৪৪ বছর বয়সীদের মধ্যে ৪২ শতাংশ আর ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ৩৭ শতাংশ মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছেন। ২০১৪ সালের এক জরিপ অনুসারে সহস্রাব্দ প্রজন্মের ৩১ শতাংশ মানুষ উদার, যেখানে বেবি বুমার প্রজন্মের (৫০-৬৮) ২১ শতাংশ ও সাইলেন্ট জেনারেশনের ১৮ শতাংশ (৬৯ ও তদূর্ধ্ব) এই নীতিতে আস্থা রাখেন।
আজকের তরুণ উদার মানুষেরা পরবর্তীকালে রক্ষণশীল হয়ে যাবেন—বিষয়টা তা নয়। আজকের এই সহস্রাব্দ প্রজন্মের তরুণেরা বেবি বুমার ও সাইলেন্ট জেনারেশনের তরুণদের চেয়ে অনেক বেশি উদার। তাঁরা দল করবেন না বলে সিদ্ধান্তই নিয়েছেন। তাঁদের কাছে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বর্ণগত, ধর্মীয় ও লৈঙ্গিক বহুত্ববাদ বড় ব্যাপার নয়। শ্বেতাঙ্গ, আফ্রিকান, আমেরিকান, হিস্পানিক, এশীয়, স্থানীয় ও অভিবাসীদের নিয়েই তাঁদের এই দেশ, যা অতীত থেকে তেমন একটা নাটকীয়ভাবে ভিন্ন নয়। তাঁদের কাছে পুরুষ ও নারী সমকামী বা ট্রান্স জেন্ডার, বাই সেক্সুয়াল বা ইন্টার সেক্সুয়াল মানুষ সমস্যা নয়, এদের তারা সহজভাবে নিতে পারেন, যেটা তাঁদের পিতামহের (ট্রাম্পের প্রজন্ম) আমলে নিষিদ্ধ ব্যাপার ছিল।
দ্বিতীয়ত, তরুণেরা তথ্য বিপ্লবের যুগে এক অভূতপূর্ব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তাঁরা এমন এক সময়ে শ্রমবাজারে প্রবেশ করছেন, যখন বাজার থেকে প্রাপ্ত মুনাফা দ্রুত পুঁজির (রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট মেশিন) ঘরে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ তা শ্রমিকের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তবে বয়স্ক বৃদ্ধ মানুষেরা এই প্রাযুক্তিক বিপ্লবজনিত স্টক বাজারে যে তেজিভাব সৃষ্টি হচ্ছে, তার সুফল ভোগ করছেন।
ট্রাম্প করপোরেট ও এস্টেট কর কমিয়েছেন, যার বদৌলতে এই বয়স্ক ধনী মানুষদের পকেট আরও ভারী হবে (ট্রাম্পের মন্ত্রিসভায় যাঁদের উপস্থিতি যথেষ্ট)। এতে বাজেট ঘাটতি এবং তরুণদের ওপর চাপ আরও বাড়বে। বিষয়টা হচ্ছে, তরুণদের জন্য এর বিপরীত নীতি প্রয়োজন: বয়স্ক মানুষের ওপর অতিরিক্ত করারোপ করে মাধ্যমিক–পরবর্তী শিক্ষায় অর্থায়ন, চাকরির প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য অধিকতর বিনিয়োগ করা প্রয়োজন।
তৃতীয়ত, এই তরুণেরা তাঁদের বাপ-দাদার চেয়ে জলবায়ু পরিবর্তন ও তার হুমকির বিষয়ে অধিক সচেতন। ট্রাম্প জীবাশ্ম জ্বালানি দিয়ে বয়স্ক প্রজন্মকে প্ররোচিত করার চেষ্টা করছেন, যদিও এতে তরুণদের কিছু নেই। তাঁরা দূষণমুক্ত জ্বালানি চান এবং এই পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন, যে পৃথিবীতে তাঁদের উত্তরসূরিরা আসবে, যাদের জন্য তাঁদের স্থান ছেড়ে দিতে হবে।
কথা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন ও তার কারণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রজন্মের মধ্যে যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, তা মূলত
বয়স্ক মার্কিনদের অজ্ঞতার কারণে হচ্ছে, যাঁদের মধ্যে ট্রাম্পও আছেন। এই বয়স্ক মার্কিন নাগরিকেরা স্কুলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে পড়েননি। তাঁরা গ্রিনহাউস গ্যাস-সংক্রান্ত মৌলিক বিজ্ঞান অধ্যয়ন করেননি। আর সে কারণেই তাঁরা নাতি-নাতনিদের প্রজন্মের ঘোর বিপদ উপেক্ষা করে স্বল্পমেয়াদি আর্থিক স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
২০১৫ সালের জুন মাসের এক সমীক্ষায় দেখা গেছে, ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ৬০ শতাংশ বলেছেন, মানুষের কার্যক্রমের জন্যই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, যেখানে ৬৫ ঊর্ধ্ব নাগরিকদের ৩১ শতাংশ এটা মনে করেন। এ বছরের জানুয়ারি মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁদের বয়স ৬৫ বা তার বেশি, তাঁরা নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানির বিস্তার পছন্দ করেন, যেখানে ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে মাত্র ১৯ শতাংশ জীবাশ্ম জ্বালানির পক্ষে।
বিষয়টা হচ্ছে, ট্রাম্পের অর্থনৈতিক নীতির লক্ষ্যবস্তু হচ্ছে এই শ্বেতাঙ্গ ও আদি মার্কিনরা। তিনি বয়স্ক ধনী ব্যক্তিদের কর কমাতে চান, যার কারণে তরুণদের ঘাড়ে ঋণের বোঝা আরও বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের ছাত্রদের কাঁধে যে এক লাখ কোটি ডলারের ঋণ রয়েছে, সে ব্যাপারে তিনি উদাসীন। তিনি ১৯৯০-এর দশকে মুক্ত বাণিজ্যবিষয়ক নাফটা চুক্তির পুনর্মূল্যায়ন করতে চান, কিন্তু রোবট ও কৃত্রিম বৃদ্ধিমত্তা একবিংশ শতকে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ সৃষ্টি করছে, সে বিষয়ে তাঁর মাথাব্যথা নেই। আরও কয়েক বছর যুক্তরাষ্ট্রের কয়লা, তেল ও গ্যাসের ভান্ডার থেকে মুনাফা করার ব্যাপারে তিনি বাতিকগ্রস্ত, তাতে পরিবেশ বিপর্যয় ঘটলেও তাঁর কিছু এসে যায় না।
কেউ বলতে পারেন, বয়সের কারণে ট্রাম্পের মনোভাব এমন পশ্চাদ্মুখী। মার্কিন ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট, তাঁর বয়স এখন ৭০ (রোনাল্ড রিগ্যান তাঁর চেয়ে সামান্য কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন)। তবে বয়সই এখানে একমাত্র ও এমনকি প্রধান কারণ নয়। এবারের নির্বাচনে সবচেয়ে নিষ্কলুষ প্রার্থী বার্নি স্যান্ডার্সের বয়সও ৭৫, যিনি এই সহস্রাব্দ প্রজন্মের নায়ক। ৮০ বছর বয়সী পোপ ফ্রান্সিসও এই তরুণ প্রজন্মকে জাদু করেছেন। কারণ, তিনিও এই তরুণদের উদ্বেগকে নৈতিকতার বাতাবরণে নিয়ে এসেছিলেন, তা সে দারিদ্র্য, কর্মসংস্থানের জটিলতা বা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে হোক না কেন। তিনি এসবকে ট্রাম্পের সমালোচনা বলে উড়িয়ে দেননি।
মনোভাব ও রাজনৈতিক ঘরানাই মূল ব্যাপার, বয়স নয়। তরুণ প্রজন্ম যে প্রকৃত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার
সঙ্গে ট্রাম্পের যোগ নেই। স্মরণকালের মধ্যে তাঁর প্রতিই মানুষের আকর্ষণ সবচেয়ে ক্ষণস্থায়ী হবে। অনেকের চোখই কংগ্রেসের রাজনৈতিক বিভাজনের মধ্যে নিবদ্ধ। কিন্তু শেষমেশ এই তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তনটাই নিয়তি নির্ধারণ করবে। স্যান্ডার্স এই তরুণ প্রজন্মের প্রতি আবেদন রেখেছিলেন। সামনে এই তরুণদেরই সময় আসছে। খুব সম্ভবত ২০২০ সালে তাঁরা যে প্রেসিডেন্টকে সমর্থন করবেন, সময়টা তাঁরই হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেফরি ডি স্যাক্স: অধ্যাপক, টেকসই উন্নয়ন বিভাগ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।