হিন্দুদের মধ্যে অসাধারণ ও ভালো কিছু ঘটেছে, যারা ভারতের জনসংখ্যার শতকরা ৮০ ভাগ। ৪০০ বছরের প্রথা ভেঙে দিল্লির ১১০ কিলোমিটার দূরে বৃন্দাবনের বিধবা নারীরা হোলি উৎসব উদ্যাপন করেছেন, একে অপরের গায়ে রং মেখেছেন, নেচেছেন। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, জাতীয় গণমাধ্যম ঘটনাটিকে খবরযোগ্য মনে করেনি।
হিন্দুধর্মে বিধবাদের কোনো মর্যাদা নেই। তাঁরা যদি রঙিন কাপড় পরেন তাহলে সমাজ তাঁদের নিচু চোখে দেখে। যদিও ঋগ্বেদে বলা হয়েছে, বিধবারা সাধারণ জীবনযাপন করবেন, কিন্তু পুরোহিত ব্রাহ্মণেরা তাঁদের মৃত্যুর চেয়েও খারাপ জীবন যাপন করতে বাধ্য করেছেন। এই ঋগ্বেদ বাইবেলের চেয়েও পুরোনো।
উদার ভারতীয় সংবিধান এসব শত বছরের সংস্কার ও চর্চার বিরুদ্ধে তেমন কিছু করতে পারেনি। বৃন্দাবনের বিধবারা ব্রাহ্মণদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন, তাঁরা অপ্রস্তুতভাবে সব মেনে নিয়েছেন। ফলে এটা বিধবাদের জীবনে সাহস বয়ে এনেছে।
তাঁরা সমতার জন্য বলিষ্ঠ লড়াই গড়ে তুলবেন, ঠিক যেমন তাঁরা বিভিন্ন মন্দিরে ঢোকার বা তার কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করছেন। এটা ভারতের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যে ধর্মনিরপেক্ষতা ক্রমাগত চাপের মুখে পড়ছে।
ভারত নামমাত্র ধর্মনিরপেক্ষতা গ্রহণ করেছে। এটা আদর্শ নয়। তবু সেখানে সংখ্যালঘুদের স্থান দেওয়া হয়েছে। সম্প্রতি ‘ভারতমাতা কী জয়’ স্লোগানকে কেন্দ্র করে এই স্থান সংকুচিত করার চেষ্টা করা হয়েছে।
গত কয়েক দিনে দুটি ঘটনা জানাজানি হয়েছে, এতে বিব্রত হওয়ার কারণ আছে। প্রথমটি হচ্ছে মহারাষ্ট্রের একটি আইন নিয়ে, যার বলে এক সাংসদকে ‘ভারতমাতা কী জয়’ স্লোগান না দেওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে। আইনে এটা বলা হয়নি, এই স্লোগান দেওয়াটা জরুরি কেন। এটা তো জাতীয় সংগীত (জনগণমন...) নয়, আবার জাতীয়ভাবে আদৃত গানও নয় (সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা)।
এমনকি কেউ যদি জাতীয় সংগীত বাজানোর সময় উঠে না দাঁড়ান, তাহলে সেটা বড়জোর অশ্রদ্ধা পোষণের ব্যাপার, আপনি সেটা পছন্দ নাও করতে পারেন। কিন্তু এর জন্য জেল-জরিমানা কীভাবে হতে পারে? ভারতীয় সংবিধানে ঔদার্য আছে, সেখানে বাক্স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে।
আবার কেউ হয়তো সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা ভালো চোখে নাও দেখতে পারেন। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে কাউকে জরিমানা করার বিধান নেই। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি কাউকে বলা হয়, তিনি কী বলতে পারবেন, আর কী বলতে পারবেন না, তাহলে গণতন্ত্রের চেতনাই বিনষ্ট হয়। মানুষ কোন কথা মানবে আর কোনটা মানবে না, সেটা তাদের অন্তর্নিহিত অধিকার। কিন্তু সেটা তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। মানুষ নিজেই নিজের প্রভু।
এই পরিপ্রেক্ষিতে ভগত সিংয়ের শাহাদতবরণের দিনটি এভাবে সবার অলক্ষ্যে চলে যাবে, তা ভাবাও বিস্ময়কর। সম্ভবত, এর কারণ হচ্ছে, তিনি নাস্তিক ছিলেন। ফলে যাঁরা চান মানুষ নিজের ধর্মীয় পরিচয় জামার হাতায় লাগিয়ে ঘুরে বেড়াক, তাঁরা ভগত সিংয়ের ব্যাপারে খুব একটা আগ্রহী হবেন না, সেটাই স্বাভাবিক। এই ঘরানার মানুষ মুক্তচিন্তার মানুষকেও দমিয়ে রাখতে চাইছে।
এসব তথাকথিত ধর্মরক্ষক কখনোই ভাবেননি, হিন্দুধর্ম থেকে কীভাবে অস্পৃশ্যতার ব্যাপার দূর করা যায়, যেটা এই ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এমনকি আজ ২১ শতকে এসেও মানুষ, বিশেষ করে নারীরা এই অস্পৃশ্যতা চর্চা করেন। এমনকি আইনে নিষিদ্ধ হলেও এই প্রথা সমাজ থেকে দূর হয়নি।
হিন্দুসমাজকে ভেবে দেখতে হবে, তারা কেন নিম্নবর্ণের মানুষের প্রতি অসংবেদনশীল। নিম্নবর্ণের মানুষকে গরুর চেয়েও অধম হিসেবে দেখা হয়, অথচ হিন্দুসমাজ গরুকে পূজা করে।
হিন্দুরা একজন দলিত মানুষ মারা গেলে যতটা না দুঃখিত হয়, তার চেয়ে গরু মারা গেলে বেশি দুঃখিত হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তো ভারতকে হিন্দুরাষ্ট্র মনে করে, হিন্দুসমাজ থেকে এই বৈষম্য দূর করতে তাদের মনোযোগ দিতে হবে, যে বৈষম্য হিন্দুসমাজকে বহুদিন ধরে কুরে কুরে খাচ্ছে। এর বিপরীতে দেখা যায়, মুসলিমসমাজে খাওয়ার ব্যাপারে উঁচু-নিচু নেই, তারা একত্রে বসে খায়।
যদিও হিন্দুত্ববাদ মূলত জীবন ও চিন্তাধারার ব্যাপার, এই ধর্ম আদতে গোঁড়ামির কারাগারে পরিণত হয়েছে। এই ধর্মের মধ্যে স্বাধীনতা থাকার কথা, এর সঙ্গে গোঁড়ামি সামঞ্জস্যপূর্ণ নয়। আরএসএস হিন্দুধর্মকে আরও আঁটসাঁট করার চেষ্টা করছে, যদিও কয়েক দশক ধরে এ চেষ্টা করার পরও তারা ব্যর্থ হয়েছে। তবে সন্দেহ নেই, সহিষ্ণুতা আগের চেয়ে অনেক কমে গেছে।
বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন ভারতীয়দের সহিষ্ণুতার প্রশংসা করেন। কিন্তু তিনি একটা কথা ভুলে যান, ভারতে হিন্দু ও মুসলমানেরা দুটি পৃথক জাতির মতো বাস করছে। তাদের মধ্যে সামাজিক যোগযোগ খুবই কম। আমার মনে আছে, আমার জন্মস্থান শিয়ালকোটে হিন্দু ও মুসলমানেরা একত্রে বসবাস করেছে। আমাদের কখনো মনেই হয়নি, আমরা পৃথক। আমরা একে অপরের বাড়িতে যেতাম, একত্রে খেতাম, আর ঈদ ও দীপাবলি একত্রে উদ্যাপন করতাম।
কিন্তু পাকিস্তানের দাবি উত্থাপিত হওয়ার পর থেকে পরিস্থিতি বদলে গেল। এমনকি আজ যখন দুই ধর্মের মধ্যে একটি বিভাজনরেখা আঁকা হয়ে গেছে, তখনো দুটি ধর্মের মধ্যকার পার্থক্য বেড়েই চলেছে। দেশভাগ কি সেরা সমাধান ছিল? পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহকে এ প্রশ্ন করা হলে তিনি জবাব দিয়েছিলেন, তিনি এর উত্তর জানেন না। শুধু উত্তর প্রজন্মই এ বিচার করতে পারে।
কিন্তু এ সত্য থেকে আমাদের দূরে সরে যাওয়ার উপায় নেই যে দেশভাগের কারণে হিন্দু ও মুসলমানের দূরত্ব ঘোচেনি। দুটি সম্প্রদায়ের মধ্যকার দূরত্ব ঘোচানোর আর কোনো উপায় কি ছিল না?
সংক্ষেপিত অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।