সাঁওতালদের রক্তে ভেজা ইক্ষু খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোবিন্দগঞ্জের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চার শতাধিক লোককে আসামি করে সাঁওতালদের বিরুদ্ধে মামলা করে। পুলিশ আসামি ধরতে সাঁওতালপল্লিতে অভিযান চালাতে থাকে। পুরুষেরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের। অথচ সাঁওতালদের তিনজন মানুষ খুন, বহু আহত এবং ঘরবাড়ি লুট ও ফসল বিনষ্ট হওয়ার ১০ দিনের মধ্যেও কোনো মামলা নেওয়া হয়নি। অবশেষে ঢাকায় সাঁওতাল নেতাদের সঙ্গে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের বৈঠক শেষে ঘটনার ১১ দিন পরে ১৬ নভেম্বর রাতে স্বপন মুর্মু সাঁওতালদের পক্ষে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে গাইবান্ধা থানায় মামলা করেন। এরপর ২৬ নভেম্বর থোমাস হেমব্রম বাদী হয়ে সাংসদ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ, স্থানীয় উপজেলা নির্বাহী  কর্মকর্তা আবদুল হান্নান ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়ালসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের নামে থানায় আরেকটি মামলা করেন।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরাখবরে ধারণা হয়েছিল, সাঁওতালদের গ্রামেই হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে সাঁওতালপল্লি ও খামারের বসতি দুটো আলাদা জায়গা। মূল সাঁওতালপল্লি ওই বসতি থেকে প্রায় এক-দেড় কিলোমিটার দূরে। অসহায় এই মানুষগুলো কিছু সুযোগসন্ধানী রাজনীতিক ও ভূমিদস্যুর স্বার্থ হাসিলের জন্য ব্যবহৃত হয়েছেন। 

রংপুর চিনিকলের এই সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ১ হাজার ৮৪২ একরের। এর ১ হাজার ৫৩২ একর চাষযোগ্য। জমি হুকুমদখল শুরু হয়েছিল ১৯৫৪ সালে, হস্তান্তর হয় ১৯৬২ সালে। চিনিকলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল বলেছেন, ‘বলা হচ্ছে এর নাম “বাগদা ইক্ষু খামার” এবং এখানে আখ ছাড়া অন্য কিছু চাষ করা চলবে না। কিন্তু তা নয়। এর নাম “সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার”। আখ দুই বছরের ফসল। জমির একাংশে চারা রোপণ করা হয়, অন্য অংশে পরিণত আখ থাকে। ফলে সারা বছরই মাঠের একটা অংশ বাহির থেকে খালি বলে মনে হয়। তা ছাড়া, এক ফসল কাটা থেকে নতুন রোপণের মাঝে প্রায় মাস ছয়েক সময় জমি খালি থাকে। তখন জমি ফেলে না রেখে স্বল্প মেয়াদের মৌসুমি ফসল চাষ করা হয়। তাতে কলের আয় বাড়ে।’

খোঁজখবর নিতে গিয়ে এখানে ‘টু–লেট আর সাবলেট’ বলে একটি চালু শব্দ পাওয়া গেল। ‘টু–লেট’ হলো চিনিকল দরপত্রের মাধ্যমে খামারের জমি ভাড়া দেওয়ার প্রক্রিয়া। আর ‘সাবলেট’ হচ্ছে ইজারা নিয়ে তা আবার অন্যদের কাছে ইজারা দেওয়া। মাঝখানে হাতবদলের মোটা মুনাফা। এই করেই খামারটি চলছিল ২০০৪ থেকে ২০১৫ সাল অবধি। ক্রমাগত লোকসানের মুখে ২০০৪ সালে কল লে–অফ ঘোষণা করা হয়, চলে ২০০৬ সাল পর্যন্ত। লে–অফের সময় খামারের অধিকাংশ জমি স্থানীয় পত্রপত্রিকায় দরপত্র আহ্বানের মাধ্যমে দুই বছর মেয়াদে লিজ দেওয়া শুরু হয়। বড় বড় এলাকা নিয়ে একেকটি ব্লক করে চাষাবাদ করা হয়। একেকটি ব্লকে হয়তো দুই শ থেকে পাঁচ শ একর পর্যন্ত জমি থাকে। এত বড় ব্লক বরাদ্দ নেওয়া স্বল্প বা মাঝারি আয়ের লোকের পক্ষে সম্ভব নয়। উপরন্তু রয়েছে রাজনৈতিক প্রভাব। দেখা গেছে তৎকালীন সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর ভাই লিটন চৌধুরী অধিকাংশ জমি লিজ নিয়েছিলেন। আরও কিছু প্রভাবশালী এসব জমি লিজ নিয়ে নিজেরা কিছু চাষ করতেন আর বেশি অংশ ছোট ছোট অংশ করে সাব লিজ দিতেন। একেবারে নিম্ন আয়ের লোকদের মধ্যে বছরভিত্তিক বা মৌসুমভিত্তিক একটি বা দুটি ফসলের জন্য লিজ দিতেন।

লিজগ্রহীতাদের ওপর চিনিকল কর্তৃপক্ষের কার্যত কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাঁরা জমিতে চাতাল তোলা থেকে তামাক চাষ পর্যন্ত করেছেন। এই যখন হাল, তখন একটি মহল সাঁওতালদের উসকানি দিতে থাকে। সাঁওতালরা ২০১৩ সাল থেকে আন্দোলন শুরু করেন। লক্ষণীয় বিষয় হচ্ছে সাঁওতালরা নন, এতে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (এখনো দলের ওই পদে আছেন) এবং জাতীয় পার্টির শাহজাহান মিয়া। তাঁরা দুজন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে ২০১৪ সালে গঠন করেন ‘সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটি’। এতে নেতৃত্বের পর্যায়ে সাঁওতালদের মধ্যে থেকে সহসভাপতি পদে আসেন ফিলিমিন বাস্কে। সাঁওতালরা জানিয়েছেন, বর্তমান গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদও তাঁদের সমর্থনে সংহতি কমিটির বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য রেখেছেন। ২০১৫ সালে লিজ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে একটি প্রভাবশালী মহল নেপথ্যে থেকে সাঁওতালদের উসকানি দিতে থাকে খামারের জায়গা দখল করতে।তাদের লক্ষ্য ছিল জমি দখলের মাধ্যমে চিনিকল কর্তৃপক্ষকে আবার আগের মতো লিজ প্রক্রিয়া শুরু করতে বাধ্য করা।

>সাঁওতালদের সমর্থন নিয়ে শাকিল আহমেদ ৬ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। তিনি তঁাদের বুঝিয়েছিলেন ভোটে জিতলে জমি উদ্ধার করা সহজ হবে। কিন্তু নির্বাচনে জেতার পর তাঁর অবস্থান বদলে যেতে থাকে

এদিকে সাঁওতালদের সমর্থন নিয়ে শাকিল আহমেদ ৬ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। তিনি তঁাদের বুঝিয়েছিলেন ভোটে জিতলে জমি  উদ্ধার করা সহজ হবে। কিন্তু নির্বাচনে জেতার পর তাঁর অবস্থান বদলে যেতে থাকে। এই পর্যায়ে গত ১ জুলাই রাতে সাঁওতালরা খামারের মধ্যবর্তী স্থানে চারটি বড় আকারের বসতি নির্মাণ করেন। এই বস্তিগুলোতে চার শতাধিক সাঁওতাল পরিবার বসবাস শুরু করে। এদের মধ্যে মূল সাঁওতালপল্লির সাঁওতালদের সঙ্গে ছিলেন ঘোড়াঘাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, রংপুর এসব এলাকা থেকে আসা সাঁওতালরা। আত্মীয়তার সূত্রে এই এলাকার সাঁওতালদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। বসতি স্থাপনের পর সাঁওতালরা খামারের বিভিন্ন প্রবেশপথে তির-ধনুক নিয়ে পাহারা বসান।

অন্যদিকে, ভূমি উদ্ধার কমিটির নেতা শাহজাহান মিয়া একক নেতৃত্ব পেয়ে আশপাশের লোকদের কাছে বিভিন্ন দরে জমি লিজ দিতে থাকেন। এসব কারণে গ্রামবাসী সাঁওতালদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সাঁওতালরা যৌথভাবে অনেক বড় বড় জমিতে চাষাবাদ শুরু করেন। এর মধ্যে ১৩৫ একরে ছিল রোপা আমন ধান। আর ছিল ১১৫ একরে বীজ পাট ও সাড়ে তিন শ একরে মাষকলাই। হামলার দিনে পাট ও কলাই বিনষ্ট হয়। এই হামলায় ইউপি চেয়ারম্যান ও ভূমি উদ্ধার কমিটির সভাপতি শাকিল আহমেদ পুলিশের সঙ্গে ছিলেন।

বাস্তবতা হলো, এসব জায়গা এককালে সাঁওতালদের পূর্বপুরুষদেরই ছিল, তা সবাই মানছেন। এই মানুষগুলোর অধিকাংশই এখন ভূমিহীন। তাঁদের মাথা গোঁজার ঠাঁইও নেই। আশ্রয় দেওয়ার কথা বলে তঁাদের প্রলুব্ধ করা সহজ। স্বার্থান্বেষীরা সেটাই করেছে। আর জীবন ও সম্পদের চরম মূল্য দিয়েছেন তাঁরা। এ দেশে বহুজনের বহু কিছু হলো। এই চিরবঞ্চিত নিরাশ্রয়ী মানুষদের যদি একটু মাথা গোঁজার ঠাঁই হয়, তাতে কী এমন ক্ষতিবৃদ্ধি হবে?

আশীষ-উর-রহমান: সাংবাদিক।