সাংবাদিকদের অন্ধ করে দিচ্ছে আইসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহেই আইসিস যেসব অশ্লীল ছবি প্রকাশ করে, তার ধারাবাহিকতায় তারা বয়স্ক প্রত্নতত্ত্ববিদ খালেদ আল আসাদের মুণ্ডুহীন লাশের ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, এই মানুষটির মুণ্ডুহীন লাশটির পালমিরার এক বৈদ্যুতিক থামে ঝুলছে। আমি ধাক্কা খেয়েছি এই ভেবে যে ‘ইসলামিক খিলাফত’ এমনভাবে সাংবাদিকতার জগৎকে ছুরিকাঘাত করেছে, যার ক্ষতটা খুবই গভীর। আমি শুধু খুন হওয়া সেই সব হতভাগা সাংবাদিকের কথা বলছি না, অথবা বলছি না বেচারা জন ক্যান্টলির কথা। তিনি ‘খিলাফতের ভূখণ্ড’ থেকে যে ভিডিও চিত্র পাঠিয়েছেন, তা ‘আরব্য রজনীর’ ভিত্তিতে রচিত শেহেরজাদের গল্পের মতো গল্প, যার প্রতিটি গল্পের কারণে যেন তাঁর আয়ু এক দিন করে বাড়ছে। বস্তুত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকার যে অপহৃতদের জীবন রক্ষায় আইসিসের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে, তার কারণে ক্যান্টলি যৌক্তিকভাবেই খেপেছেন।
আইসিস ও খিলাফতের সিনেমা ব্যবসায়ী প্রচারকেরা যে ছলনাময় ও নাটকীয় পন্থায় সাংবাদিকতার অন্যতম প্রধান কাজ ‘মুদ্রার অপর পিঠেও আলো ফেলা’ ভুলিয়ে দিয়েছে, নানাভাবে তা মুছেও দিয়েছে, আমি সে কথাই বলছি, এটা অনেকটা অলক্ষ্যেই থেকে গেছে।
আইসিস নিজেদের পত্রিকা দাবিক-এর মাধ্যমেও কাজটা করেছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই আমরা সাংবাদিকেরা সাধারণভাবে ঘটনা ‘কেন’ ঘটেছে, তার পেছনে ‘কে’ আছে, তা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আর ৯/১১-এর পর যদি আমরা ব্যর্থ হতাম, তাহলে ‘সন্ত্রাসের’ প্রশ্নে প্রতিকূল অবস্থায়ও আমাদের নিজেদের অবস্থান বজায় রাখতে হতো। এই মানবতাবিরোধী অপরাধের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েল ও আরব একনায়কদের প্রতি আমাদের সমর্থনের ব্যাপারটা যাচাই করতে হতো।
যতবারই আমরা শুনি যে ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, ততবারই আমরা পাঠকদের বোঝাতে চাই, ফিলিস্তিনি মানুষেরা নতুন ইসরায়েলি রাষ্ট্রের নৃশংস ‘জাতিগত নিধনযজ্ঞের’ শিকার, যার কারণে তাদের সাড়ে সাত লাখ মানুষ মারা গিয়েছিল। পরবর্তীকালে তাদের বংশধরেরাও তেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওদিকে মার্ক্সবাদী কুর্দি পিকেকে বাহিনীর ওপর প্রতিবেদন করতে গেলে—তুরস্কের ন্যাটো সরকারের চোখে যারা সবাই ‘সন্ত্রাসী’—দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় পশ্চিমাদের ব্যর্থতার কথা বলা এবং ৩১ বছর ধরে চলমান তুর্কি রাষ্ট্রের সঙ্গে কুর্দিদের যুদ্ধে যে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে, সেই সংখ্যাটা উল্লেখ করা যেন নৈতিক বাধ্যবাধকতা হিসেবে দাঁড়িয়ে গেছে। আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র কেন সেই একই সাদ্দাম হোসেনকে ইরাক-ইরান যুদ্ধে সমর্থন দিয়েছিল, সে প্রশ্নও আমাদের তুলতে হবে।
আইসিস এসবই বদলে দিয়েছে। দ্য এক্সপ্রেস-এর যেন ভাষা ফুরিয়ে গেছে, আইসিস-বিষয়ক প্রতিক্রিয়া জানানোর ভাষা তাদের আর নেই। ‘রক্তপিপাসু’, ‘অসুস্থ’, ‘বিকৃত’ ‘কলুষিত’, ‘নৃশংস’, ‘কুৎসিত’, আমরা শুধু আশা করতে পারি, আরও বীভৎস কিছু আইসিস করবে না, যাতে পত্রিকাটিকে ভাষার পরীক্ষা দিতে হয়। আইসিস ভিডিও আর অনলাইনে গর্বভরে মানুষের গলা কাটা ও নৃশংস হত্যাকাণ্ডের ছবি প্রকাশ করে। বন্দীদের গণহারে গুলি করে মারা, খাঁচার মধ্যে পাইলটকে পুড়িয়ে মারার দৃশ্য ধারণ করা, আর বন্দীদের গাড়িতে আটকে রেখে সেই গাড়িকে রকেটচালিত গ্রেনেডের লক্ষ্যবস্তুতে পরিণত করা—এসব কাজে সংগঠনটি আনন্দ পায়। আইসিস যেন সাংবাদিকতার জগতের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, ‘আমরা রক্তপিপাসু, অসুস্থ ও কলুষিত নই, আমরা তার চেয়েও খারাপ!’

>আইসিস কেন ইসরায়েলকে আক্রমণ করে না, আর ক্রুসেডার, শিয়া, খ্রিষ্টান ও কখনো কখনো ইহুদিদের প্রতি তারা এত ঘৃণা প্রকাশ করলেও ‘ইসরায়েল’ শব্দটা কেন তাদের মুখ দিয়ে বেরোয় না?

দাবিক যখন ঘোষণা দেয়, ইয়াজিদি নারী ও শিশুদের ধরার পর শরিয়া আইন অনুসারে তাদের যোদ্ধাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে, তখন সাংবাদিকেরা ব্যক্তিগতভাবে ভীত-বিহ্বল না হয়ে তো আর সেই খবর দিতে পারেন না। আবার আইসিস শত্রুদের হত্যা করলে সেই একই পত্রিকাটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ শব্দবন্ধটি ব্যবহার করে।
আজ কি আমরা মুদ্রার ‘অন্য পিঠটা’ দেখাই? আর আমরা অবশ্যই বছরের পর বছর ধরে চলা আরব একনায়কদের নৃশংসতার ঠিকুজি সন্ধান করতে পারি, যে একনায়কেরা পশ্চিমাদের পূর্ণাঙ্গ সমর্থন নিয়েই শাসন করেছে।
আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা অবশ্যই আমাদের করা উচিত। আইসিসের সঙ্গে তার ইসলামি ও বিদ্রোহী বন্ধু (নুসরা, জইশ আল-ইসলাম ও এমনকি অস্তিত্বহীন মুক্ত সিরীয় সেনাবাহিনী) এবং সৌদি, কাতারি ও তুর্কিদের যোগাযোগের ঠিকুজি উদ্ধারে আমরা আরও সময় ব্যয় করতে পারি। আর কী পরিমাণে মার্কিন অস্ত্র সিরিয়ার সীমান্ত হয়ে সরাসরি আইসিসের হাতে যায়, সে অনুসন্ধানও আমাদের করা উচিত।
আইসিস কেন ইসরায়েলকে আক্রমণ করে না, আর ক্রুসেডার, শিয়া, খ্রিষ্টান ও কখনো কখনো ইহুদিদের প্রতি তারা এত ঘৃণা প্রকাশ করলেও ‘ইসরায়েল’ শব্দটা কেন তাদের মুখ দিয়ে বেরোয় না? আর সিরিয়ায় ইসরায়েল শুধু সিরীয় সরকার বা সিরিয়াপন্থী ইরানি যোদ্ধাদের লক্ষ্য করে বোমা ফেলে কেন? কখনোই আইসিসের ওপর বোমা ফেলে না কেন? তুরস্ক তো আইসিসের ওপর হামলা করে, কিন্তু কুর্দিশ পিকেকের ওপর তারা আরও বেশি হামলা করে, এই পিকেকের একটি অংশ সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে লড়াই করছে। আবার তুরস্কের গণমাধ্যমই বা কীভাবে এই খবর ফাঁস করল যে তুরস্কের গোয়েন্দা সংস্থা সিরীয় সীমান্ত দিয়ে আইসিসের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছে? তুরস্কের প্রকৌশলীরা কি আইসিস নিয়ন্ত্রিত তেল কূপগুলো পরিচালনা করছে?
আইসিসের সহিংসতায় নয়, আইসিসের নেতারা যা বলেন না, যার সমালোচনা করেন না, যা উল্লেখ করেন না, সেদিকেই আমাদের সন্দেহ নিয়ে তাকাতে হবে। আর তা করতে গিয়ে আমাদের তুরস্ক, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার ও ইসরায়েল সম্পর্কেও প্রশ্ন করতে হবে। আমরা কি তা করছি? নাকি আমরা আইসিসকে সেই সুযোগ দেব, যাতে তারা সাংবাদিক সমাজকে তাদের অন্যতম প্রথম কাজ করা থেকে বিরত রাখতে পারে: ‘মুদ্রার অপর পিঠে আলো ফেলা’।

ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি।