সাংসদ রানা ও সাংসদপুত্র রুমন সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনের পত্রিকার দুটি খবর—টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় কারাগারে এবং চাঁদাবাজির অভিযোগে সাতক্ষীরার নারী সাংসদ রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রথম আলোর খবরে প্রকাশ, কেবল এই হত্যা মামলা নয়, টাঙ্গাইলের খান পরিবারের ‘বড় ভাই’ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খানের বিরুদ্ধে বিভিন্ন সময় ৪৬টি মামলা হয়েছে। এর মধ্যে বিচার ছাড়াই ৪৪টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। আর ফারুক হত্যা মামলার আসামি হিসেবে ২২ মাস ধরে আত্মগোপনে ছিলেন এই সাংসদ। রোববার টাঙ্গাইলের বিচারিক আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

জামিন শুনানির একপর্যায়ে আদালতে উপস্থিত হন নিহত ফারুক আহমেদের স্ত্রী ও মামলার বাদী নাহার আহমেদ। তিনি দুটি কথা বলার জন্য আদালতের অনুমতি চেয়ে সাংসদ আমানুরকে উদ্দেশ করে বলেন, ‘তোকে আমরা সন্তানের মতো মনে করতাম। আর তুই আমাকে বিধবার শাড়ি পরালি।’ এ সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সাংসদ আমানুর।

আমাদের দেশে সাধারণত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ক্ষমতাধরদের পক্ষে সাফাই গাইতে অভ্যস্ত। কিন্তু টাঙ্গাইলের অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান তা করেননি। তিনি জামিনের বিরোধিতা করে বলেছেন, ‘আইনের চোখে সবাই সমান। কে সাংসদ, কে সাধারণ মানুষ, সেটা দেখার বিষয় নয়। তিনি এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পরে পলাতক হন। একজন সাংসদের কাছে এটা প্রত্যাশিত নয়।’
এই সাহসী বক্তব্য দেওয়ার জন্য অতিরিক্ত পিপি ধন্যবাদ পেতে পারেন।

কয়েক দিন আগে টাঙ্গাইল গিয়েছিলাম পেশাগত কাজে। সেখানে আওয়ামী লীগের হালহকিকত জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টাঙ্গাইলে আওয়ামী লীগে খান ও সিদ্দিকী পরিবারের দ্বন্দ্ব বেশ পুরোনো। কাদের সিদ্দিকীর দলত্যাগ এবং লতিফ সিদ্দিকীর নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর খান পরিবারের উত্থান ঘটে। কিন্তু ফারুক হত্যাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ায় এখন আর তাদের প্রভাব নেই। জেলা কমিটিতে সাংসদ রানার বাবা আতাউর রহমান ছাড়া খান পরিবারের কেউ নেই। সিদ্দিকী পরিবার আগেই বাতিল হয়ে গেছে। তবে মুরাদ সিদ্দিকী নতুন করে দলে ঢোকার চেষ্টা করছেন। বর্তমান জেলা কমিটি পুরো খান পরিবারের বিরুদ্ধে। এমনকি ফারুক হত্যা মামলায় আসামি রানার পক্ষে আওয়ামী লীগ সমর্থক কোনো আইনজীবী দাঁড়াননি। যাঁরা দঁড়িয়েছেন, তাঁরা সবাই বিএনপির সমর্থক। রানা কারগারে যাওয়ার পর সোমবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে বিরাট আনন্দ মিছিল হয়েছে।

আমানুর রহমান ২২ মাস গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারলেন কীভাবে? তিনি একজন সাংসদ। তিনি আওয়ামী লীগের নেতা। প্রথম আলোর খবর অনুযায়ী, আমানু​র ও তাঁর ভাইদের বিরুদ্ধে গত ২৫ বছরে একাধিক হত্যাসহ অন্তত ৫০টি মামলা হয়েছে। এই ২৫ বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে ১৩ বছর। অন্য দল ক্ষমতায় থাকতে তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা হলেও আওয়ামী লীগ আমলের মামলাগুলো ভিত্তিহীন নয়। কিন্তু এর আগে কোনো মামলাতেই তাঁকে বা তাঁর ভাইদের বিচারের সম্মুখীন হতে হয়নি। কখনো রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার হয়েছে, কখনো মামলার বাদীকে ভয়ভীতি দেখিয়ে বা টাকাপয়সা দিয়ে মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের তদন্তে ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসার পর ২০১৪ সালের নভেম্বরে তাঁরা আত্মগোপনে যান। পলাতক অবস্থাতেই গত ৩ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত আমানুরসহ পলাতক ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আমানুরের বাড়ির মালপত্র আদালতের নির্দেশে ক্রোক করা হয়। তাঁকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। তারপরও হাজির না হওয়ায় মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর করা হয়। ২৯ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হওয়ার কথা।

২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৪ সালের আগস্টে পুলিশ এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামে আমানুরের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করে। আদালতে তাঁদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।

একজন সাংসদ কীভাবে ২২ মাস পালিয়ে থাকেন? তিনি যদি মনে করেন, মামলাটি সাজানো, তাহলে শুরুতেই আদালতে হাজির হয়ে আইনি লড়াই চালিয়ে যেতে পারতেন। সেসব না করে তিনি পালিয়ে বেড়িয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের নির্দেশে সাংসদের বাড়িঘর ক্রোক করলেও তাঁকে খুঁজে পায়নি। অথচ তিনি পলাতক অবস্থায় দু-দুবার সংসদ ভবনে গিয়ে হাজিরা খাতায় সই দিয়ে সদস্যপদ রক্ষা করেছেন। যিনি সংসদের কোনো কার্যক্রমে অংশ নেননি, অধিবেশন কক্ষেও অনুপস্থিত থেকেছেন, তিনিই কিনা সদস্যপদ রক্ষার জন্য হাজিরা খাতায় নিজেকে উপস্থিত দেখিয়েছেন। এটি অনৈতিক ও বেআইনি। এ ব্যাপারে আমরা মাননীয় স্পিকারের সুস্পষ্ট নির্দেশনা চাই। সংসদে হাজির হওয়া মানে ভবন পরিদর্শন করা নয়। হাজির হওয়া মানে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়া। প্রায় দুই বছর ধরে এই সাংসদ তাঁর নির্বাচনী এলাকার মানুষকে ঠকিয়েছেন।

গত রোববার সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে রাশেদ সরোয়ার ওরফে রুমনকে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, রাশেদ সরোয়ারের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি জুলফিকার আলী একটি মামলা করেন। মামলায় জুলফিকার আলীকে মারধর ও তাঁর কাছে চাঁদা দাবির অভিযোগ করা হয়। এ ছাড়া গত ২৪ আগস্ট সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে অন্য একটি মামলা করেন।

প্রথম আলোর খবরে আরও জানা যায়, ‘শ্যামনগর থানার ওসি ইনামুল হক গত ১৯ মে রাতে বলেছিলেন, রাশেদ সরোয়ারকে উপজেলার সুন্দরবন-সংলগ্ন বরসা রিসোর্টের একটি কক্ষ থেকে ওই দিন বিকেল চারটায় তিনজন নারীসহ গ্রেপ্তার করা হয়। রুমনের কাছ থেকে তাঁর মা রিফাত আমিনের নামে নিবন্ধন করা পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়। সাংসদের গাড়ি নিয়ে তিনি ওই রিসোর্টে গিয়েছিলেন। পরে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দিয়ে রাশেদকে আদালতে পাঠানো হয়। তিন নারীকে ছেড়ে দেওয়া হয়। পরে জামিনে মুক্তি পান রাশেদ। গতকাল রোববার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

সাংদদ বা সাংসদপুত্র হলেই যা খুশি, তা-ই করা যায়! অন্তত সাংসদ রানা ও সাংসদপুত্র রুমন সেটাই করে দেখিয়েছেন। এর আগে গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম নিজের গাড়ি থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে গুলি করে আহত করেন। গত এপ্রিলে সাংসদ পিনু খানের ছেলে রনির গুলিতে এক অটোরিকশাচালক ও এক রিকশাচালক নিহত হন। রনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর নেশার শিকার হলো দুটি পরিবার।
এ রকম সাংসদ ও সাংসদপুত্রদের নেশা ও হিংসার শিকার হয়ে কত পরিবার যে সর্বস্বান্ত হয়েছে, তার হিসাব কে নেবে?