দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত আদেশ জারির পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা দেখে সরকার সিদ্ধান্ত নেবে যে তা পর্যালোচনা বা রিভিউর আবেদন করা হবে কি না। খুবই যৌক্তিক মন্তব্য। সেই সময়েই অবশ্য তিনি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেন বাধা সৃষ্টি করতে চান, তা নিয়ে প্রশ্ন তুলে কিছুটা হতাশা প্রকাশ করেন। কিন্তু সপ্তাহখানেক পর সংসদ অধিবেশনে তাঁর দল এবং তাঁর সরকারের অংশ বিরোধী দলের সাংসদদের যে প্রতিক্রিয়া দেখা গেল, তাতে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এই ভেবে যে সরকার এবং বিচার বিভাগের এই টানাপোড়েন না জানি কী এক নতুন সংকটের জন্ম দিতে যাচ্ছে? তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ফলে আমরাও কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পেরেছি।
সাংসদ এবং মন্ত্রীদের অনেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতি স্পষ্টতই কঠোর ভাষায় অভিযোগ উত্থাপন করে ওই রায়ের সমালোচনা করেছেন। ব্যক্তিগতভাবে প্রধান বিচারপতির প্রতি অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। ওই রায়কে ষড়যন্ত্র অভিহিত করায় আপিল বিভাগের অন্য বিচারপতিরাও অন্যায় দোষারোপের শিকার হয়েছেন। অথচ সংসদের কার্যবিধির ২৭০ বিধির (বক্তৃতাকালে পালনীয় বিধি) ৩ উপবিধিতে বলা আছে (কোনো সদস্য বক্তৃতাকালে), ‘কোন আলোচনা যথাযথ ভাষায় লিখিত বাস্তব-প্রস্তাবভিত্তিক না হইলে, রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের কোন বিচারকের ব্যক্তিগত আচরণ সম্পর্কে কটাক্ষের সমতুল্য কোন মন্তব্য করিবেন না।’ অথচ সেদিনের বিতর্কে সাংসদেরা যে তাঁদের কাছে বিচারপতিদের জবাবদিহি করতে বাধ্য করানোর জন্য কতটা সচেষ্ট তার নমুনা তুলে ধরেছেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আনতে গিয়ে তাঁরা ভুলে গিয়েছিলেন যে তাঁদের সুপারিশে পাঁচ বছরে খুনের মামলাসহ নানা ধরনের গুরুতর অপরাধের মোট ৭ হাজার ১৯৮টি মামলা প্রত্যাহার করানো হয়েছে (শেষ বৈঠকে ৪০টি খুনের মামলা প্রত্যাহার! ২ ফেব্রুয়ারি ২০১৪, প্রথম আলো)। সাংসদপ্রতি গড় করা হলে তাঁদের প্রত্যেকের ওপর অন্তত ২০টি করে মামলায় ভুক্তভোগীদের বিচারবঞ্চিত করার দায় বর্তায়। সাংসদদের সেদিনের প্রতিক্রিয়া যাঁরা টেলিভিশনের পর্দায় প্রত্যক্ষ করেছেন, তাঁদের অনেকেই বলতে বাধ্য হয়েছেন, সংসদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা কেন আইনের শাসনের জন্য বিপদ বয়ে আনবে—এসব বক্তৃতাই তার প্রমাণ।
তবে বিষয়টিতে নীরব থেকে প্রধানমন্ত্রী যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তাতে তাঁকে ধন্যবাদ দিতেই হয়। ধারণা করি, তাঁর সম্মতি ছিল না বলেই আইনমন্ত্রীও অনির্ধারিত বিতর্কে অংশ নেননি এবং সরকার শেষ পর্যন্ত কী করতে যাচ্ছে তা খোলাসা করেননি। পূর্ণাঙ্গ রায় প্রকাশ না পাওয়া পর্যন্ত সেটাই যৌক্তিক। তবে সংসদীয় কার্যবিধি মেনে চলার জন্য তাঁরা সাংসদদের নির্দেশনা দিলে সেদিনের ওই অপ্রীতিকর বিতর্ক এড়ানো যেত। বাংলাদেশের সংসদীয় বিতর্কে যে বিষয়টি একেবারে নতুন নয়, সে কথাটি অবশ্য স্মরণ করিয়ে দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার (Tirade against SC: AL following in JP footsteps? By Shakhawat Liton, জুলাই ১৭, ২০১৭)। পত্রিকাটি বলেছে, আগের সংসদীয় বিতর্কটি ছিল ১৯৯০-এর জানুয়ারিতে। সাবেক স্বৈরশাসক জেনারেল এরশাদের সময়ে আওয়ামী লীগ ও বিএনপির বয়কটের মধ্যে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে গঠিত সংসদে যে অষ্টম সংশোধনী গৃহীত হয়েছিল, সুপ্রিম কোর্ট ১৯৮৯-এর সেপ্টেম্বরে তা আংশিকভাবে বাতিল করে দেন। তারই প্রতিক্রিয়ায় তখনকার ক্ষমতাসীন জাতীয় পার্টির সাংসদেরা একইভাবে সংসদে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। ইতিহাসের এ এক অদ্ভুত পুনরাবৃত্তি!
আইনের শাসন নিশ্চিত করার অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে বিচার বিভাগকে দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নব্বইয়ের গণ-আন্দোলনের পরিণতিতে গণতন্ত্রে প্রত্যাবর্তনের পরও উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলোর দলীয়করণের প্রভাব থাকছে। উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রধান বিচারপতিকে প্রধান করে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের বিধান করা হলেও সে আইনকে তামাদি হতে দিয়েছে পরবর্তীকালের নির্বাচিত সরকার। সংসদে অনুমোদনের জন্য উত্থাপনই করেনি। অথচ সেই তত্ত্বাবধায়ক আমলের সুপারিশ অনুযায়ী নিম্ন আদালতের বিচারক নিয়োগের জুডিশিয়াল সার্ভিস কমিশন ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। নিম্ন আদালত ও উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকারের এই দ্বৈতনীতির ব্যাখ্যা কী? কমনওয়েলথ সচিবালয়ের এক গবেষণায় বলা হচ্ছে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, এমন ধরনের ক্ষমতা ভাগাভাগি এবং মানবাধিকার-সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের নিষ্পত্তি করার কাজটি করেন উচ্চ আদালত। সুতরাং, সেই আদালতের ওপর নির্বাহী বিভাগের প্রভাব খাটানোর যেকোনো ব্যবস্থাই বিচারব্যবস্থায় রাজনৈতিক দূষণ ঘটাতে পারে। উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের আইন করায় আমাদের রাজনীতিকদের অনাগ্রহের সেটাই যে একটা বড় কারণ, তা অনুমান করতে কারও কষ্ট হওয়ার কথা নয়।
ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো নিয়োগবিধির আগে অপসারণের আইন করতে সরকার যখন বেশি উৎসাহী হয়, তখনই তা সন্দেহের জন্ম দেয়। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ বহাল রেখে অপসারণের ক্ষমতাও নিজেদের হাতে নিয়ে নেওয়ার উদ্যোগে তাই আবেগই তাঁদের প্রধান হাতিয়ার। আবেগটি মুক্তিযুদ্ধের এবং দেশের প্রথম সংবিধানের। অথচ বাস্তবতা হচ্ছে ওই সংবিধানের সবচেয়ে গভীর ক্ষতটি তাঁরাই তৈরি করেছিলেন। ১৯৭৫-এর ২৬ জানুয়ারি চতুর্থ সংশোধনীতে বিচারপতিদের নিয়োগ এবং অপসারণের ক্ষমতার পুরোটাই তাঁরা দিয়েছিলেন রাষ্ট্রপতির হাতে। এ কথা ঠিক যে রাষ্ট্রপতির একক ক্ষমতাটি বিচার বিভাগের কাছে ফেরত যায় সামরিক শাসনামলে, ১৯৭৭ সালে। তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান সংযোজন হওয়ায় বিচার বিভাগ কিছুটা হলেও লাভবান হয়।
বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার মধ্যেই দেশের সব রাজনৈতিক সমস্যার সমাধান নিহিত বলে যাঁরা মনে করেন, তাঁরা যদি একটু গত সাড়ে চার দশকে দুনিয়ার পরিবর্তনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন, তাহলে বুঝতে পারতেন যে তাঁদের দাবিতে আবেগের প্রাধান্যই বেশি, নতুন বাস্তবতার স্বীকৃতি নেই। দুনিয়াজুড়ে আইনের শাসনের ধারণা এখন অনেকটাই বদলে গেছে। কমনওয়েলথ দেশগুলো গ্রহণ করেছে এক নতুন নীতিমালা, ল্যাটিমার হাউস প্রিন্সিপলস। আর কমনওয়েলথের চেয়েও বৃহত্তর পরিসরে, জাতিসংঘের উদ্যোগে ২০০২ সালে গৃহীত হয়েছে ব্যাঙ্গালোর নীতিমালা। ব্যাঙ্গালোর নীতিমালায়ও স্পষ্ট ভাষায় বলা আছে, ‘বিচারকেরা তাঁদের আচরণের জন্য জবাবদিহি করবেন বিচারব্যবস্থার মান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত এমন প্রতিষ্ঠানের কাছে, যেটি হবে স্বাধীন এবং নিরপেক্ষ।’
একটু আগে কমনওয়েলথের যে গবেষণাটির কথা উল্লেখ করেছি, সেটি প্রকাশিত হয় ২০১৫ সালের ৭ জুলাই। দ্য অ্যাপয়েন্টমেন্ট, টেনিওর অ্যান্ড রিমুভাল অব জাজেস আন্ডার কমনওয়েলথ প্রিন্সিপলস: আ কম্পেন্ডিয়াম অ্যান্ড অ্যানালাইসিস অব বেস্ট প্র্যাকটিস শিরোনামের ওই গবেষণাপত্রে কমনওয়েলথের সদস্য ৫৩টি দেশের বিচারকদের নিয়োগ ও অপসারণ পদ্ধতির খুঁটিনাটি তুলে ধরে সেগুলোর বিশদ বিশ্লেষণ করা হয়েছে। রাষ্ট্রের তিনটি অঙ্গ—সংসদ, নির্বাহী বিভাগ ও আদালতের মধ্যে ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কমনওয়েলথ ২০০৪ সালে একটি নীতিমালা চূড়ান্ত করে, যা ল্যাটিমার হাউস প্রিন্সিপলস নামে পরিচিত। ল্যাটিমার হাউস নীতিমালা গৃহীত হওয়ার পর কমনওয়েলথের বিভিন্ন দেশে অল্প সময়ের মধ্যেই বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন প্রতিষ্ঠা করা হয়, যেগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও মালয়েশিয়াও রয়েছে।
ওই ল্যাটিমার হাউস প্রিন্সিপলস বলছে, অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে অভিযুক্ত বিচারককে ‘একটি স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালে’ শুনানির সুযোগ দিতে হবে। কমনওয়েলথের গবেষণা প্রতিবেদন বলছে, একেকটি অভিযোগের সময় একেকটি ট্রাইব্যুনাল গঠন কিংবা এক ব্যক্তিনির্ভর কোনো ট্রাইব্যুনাল না হওয়াই ভালো। কেননা, তাতে অভিযুক্ত বিচারকের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা বিদ্বেষ দেখানোর ঝুঁকি কমানো সম্ভব। একটি স্থায়ী কমিশন বা ট্রাইব্যুনালে এ ধরনের প্রভাবিত হওয়ার আশঙ্কা কম। আন্তর্জাতিক রীতিনীতি, বিশেষ করে জাতিসংঘের গৃহীত নীতিমালাও বিচার বিভাগীয় তদন্ত এবং শুনানি ও অপসারণ-প্রক্রিয়াকে সমর্থন করে। (বিস্তারিত: আইনমন্ত্রীর কনভেনশন ও আইনের শাসন, ৫ আগস্ট, ২০১৫, প্রথম আলো এবং ঐতিহাসিক দুর্ঘটনার পথে ধাবমান বাংলাদেশ, ৩ মে ২০১৬, প্রথম আলো)
বাংলাদেশ যে ল্যাটিমার হাউস নীতিমালা এবং ব্যাঙ্গালোর প্রিন্সিপলস এই দুটোই অনুসরণের অঙ্গীকার করেছে, সে কথাটিও আমরা ভুলে যাচ্ছি। বিচারপতিদের নিয়োগ, পারিশ্রমিক, পদোন্নতি এবং অপসারণের মতো বিষয়গুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার চেষ্টা এখন একটি সর্বজনীন চর্চায় রূপ নিয়েছে। সে কারণেই আন্তর্জাতিক পরিসরে এসব নীতিমালা তৈরি হয়েছে বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে। দুটো নীতিমালাই গৃহীত হয়েছে চলতি শতাব্দীর গোড়ার দিকে। সবার লক্ষ্য হচ্ছে আইনের শাসনকে সমৃদ্ধ করা, সামনের দিকে এগোনো। কেউ এখন আর পেছনের দিকে যেতে চায় না।
কামাল আহমেদ: সাংবাদিক।