সাংস্কৃতিক ভিন্নতার সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন দেশে শরণার্থীদেরও হতে হবে দূরদর্শী ​ও খোলা মনের অধিকারী
নতুন দেশে শরণার্থীদেরও হতে হবে দূরদর্শী ​ও খোলা মনের অধিকারী

শরণার্থীরা যখন ইউরোপের পথে বিপজ্জনক ও প্রায়ই প্রাণঘাতী যাত্রা শুরু করছেন, তখন তাঁদের অনেকেই খুব সচেতনভাবেই অবগত যে পশ্চিমা দুনিয়ায় বসতি স্থাপন করতে হলে অন্য আরও কিছুর সঙ্গে তাঁদের ভিন্ন আইন ও জীবনযাত্রা মেনে নিতে হবে। তবে যাঁরা যুদ্ধের বর্বরতা এড়ানোর চেষ্টা করছেন, তাঁদের কাছে সাংস্কৃতিক ভিন্নতা হয়তো বড় ব্যাপার নয়।
তা সত্ত্বেও যেসব বিষয় নতুন দেশে তাঁদের ভবিষ্যৎ সফলতার গতিপথ নির্ধারণ করবে, সাংস্কৃতিক ভিন্নতা তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতির বিষয়ে সাহসী ও সৎ মূল্যায়ন না থাকলে এই ‘ভাগ্যবান’ শরণার্থীরা শুধু বর্ণবাদ ও ঘৃণার সম্ভাব্য ভুক্তভোগীই হবেন না, তাঁরা এক অনিশ্চিত ও অসুখী ভবিষ্যতের সম্মুখীন হতে পারেন। ঐতিহাসিকভাবে দেখা যায়, নতুন বসতি স্থাপনকারী ও গ্রহণকারী দেশ উভয়ই সাংস্কৃতিক প্রত্যাশার ব্যাপারটা খাটো করেছে। তারা এটাকে খাদ্যাভ্যাসের মতো ছোটখাটো কিছু ব্যাপারে পর্যবসিত করেছে। সংস্কৃতির ভিন্নতার আরও গভীর কিছু দিক রয়েছে। যার মধ্যে রয়েছে শরীরী ভাষার সূক্ষ্মতা থেকে চোখাচোখি ও আরও উন্মুক্ত কার্যক্রম, যেমন: স্থানীয় মানুষের সঙ্গে মেশা ও একাত্মবোধ তৈরি হওয়া।
‘মিস মাহমুদ, আপনি এখন থেকে একজন নিবন্ধিত ভিনদেশি (এলিয়েন),’ একজন নারী পুলিশ কর্মকর্তা আমার হাতে পুলিশ নিবন্ধন সার্টিফিকেট তুলে দেওয়ার সময় এ কথা বলেছিলেন। আমি শরণার্থী বা আশ্রয়প্রত্যাশী ছিলাম না, কিন্তু যুক্তরাজ্যের অন্য সব শরণার্থীর মতো আমাকেও পুলিশ নিবন্ধন সার্টিফিকেট জোগাড় করতে হয়েছিল।
এরপরের কয়েক মাস ‘ভিনদেশি’ শব্দটা আমার মাথার মধ্যে ঘুরঘুর করেছে। যদিও আমাকে বলা হয়েছে যে এটি স্রেফ একটি আইনি শব্দ, এর সঙ্গে সাংস্কৃতিক, জাতিগত ও ধর্মীয় ভিন্নতার সম্পর্ক নেই। ফলত, ব্রিটেনে আমি কতটা ভিনদেশি হতে পারি, সে চিন্তা থেকে মুক্ত হতে পারিনি। আমি সব সময় নিজেকে ইংরেজপ্রেমী হিসেবে বিবেচনা করেছি। আমি খুব অল্প বয়সে ইংরেজি শিখেছি, আমি শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, ডব্লিউ সমারসেট মম ও ব্রন্টি পরিবারের সদস্যদের লেখা পড়েছি, আর সেই কিশোর বয়স থেকে আমি ধর্মজ্ঞান করে বিবিসি সার্ভিস শুনেছি। এর কোনো অভিজ্ঞতাই ব্রিটেনে আমার অভিবাসনকে সহজতর করতে পারেনি। একটি দেশে বাস করা আর কিছু বই পড়া ও কিছু অনুষ্ঠান দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমি একজন ভিনদেশি, ইংল্যান্ড আমার কাছে ভিনদেশ।
এই বিচ্ছিন্নতার বোধ ধীরে ধীরে দূর হয়েছে। তার কারণ হচ্ছে, আমি সেখানে ভিনদেশি হিসেবে থাকতে চাইনি। কিন্তু তার মানে এই নয় যে আমি স্বজাতির বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে প্রতারণা করেছিলাম। সেটা না করে নিজের মূল্যবোধকে নতুন সমাজের সঙ্গে খুব স্বচ্ছন্দে খাপ খাইয়ে নিয়েছিলাম।
একজন অভিবাসী নতুন সমাজে কতটা বিচ্ছিন্ন বোধ করেন এবং সেটা কমাতে তিনি কী করতে আগ্রহী, সেটার ওপরই নির্ভর করে, তিনি দীর্ঘদিন টিকে থাকতে ও সফল হতে পারবেন কি পারবেন না। প্রত্যেক নবাগতের চ্যালেঞ্জ হচ্ছে, তার নিজের সংস্কৃতি ও নতুন সমাজের সংস্কৃতির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য প্রণয়ন করা। এই ভারসাম্য আনাটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু সেটা করতে পারলে মেওয়া মেলে, দীর্ঘ মেয়াদে তার সুফল পাওয়া যায়।
প্রথমত, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সংস্কৃতি কোনো অপরিবর্তনীয় ব্যাপার নয়। একটি সমাজের প্রথা ও সামাজিক আচরণ সব সময়ই বদলায়। ঐতিহাসিকভাবে, আন্দালুসিয়ার মুসলমানরা অন্যদের তুলনায় অধিক বিশ্বজনীন ও সাংস্কৃতিকভাবে উন্মুক্ত ছিলেন। এই আধুনিক যুগে মুসলিম দেশগুলোর সংস্কৃতির রূপের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। পাকিস্তানের প্রথা ও জীবনধারার সঙ্গে মিসরের সংস্কৃতির পার্থক্য রয়েছে, আবার এ দেশ দুটির সংস্কৃতির সঙ্গে ইয়েমেনের সংস্কৃতির পার্থক্য রয়েছে। এমনকি সাম্প্রতিক কালে একটি দেশের মধ্যেও সংস্কৃতির রূপের উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।
নিজের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কালানুক্রম সম্পর্কে ধারণা থাকা নতুন দেশে সফল হওয়ার পথে প্রথম পদক্ষেপ, সেটা থাকলে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে তিক্ত ধারণা পোষণ করা বা তাকে খারিজ করার মতো প্রবণতা থেকে মুক্ত থাকা যায়। দ্বিতীয়ত, বিশ্বাস হিসেবে ইসলাম আর সংস্কৃতি হিসেবে ইসলাম—এ দুয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। সব মুসলিম সমাজেরই নিজস্ব ঐতিহ্য আছে, কিন্তু অনেকেই সেটাকে বিশ্বাস হিসেবে ভুল করে বসেন।
এতে বিস্ময়ের কিছু নেই যে কেউ যদি ইসলামের উদার ব্যাখ্যার জায়গায় সবচেয়ে কঠোর ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, একাকী হয়ে যাবেন। বিশ্বাস হিসেবে ইসলামের অনেক উদার দিক আছে, যা অভিবাসীদের ইউরোপে বসতি স্থাপনে সহায়তা করতে পারে। ইসলাম বৈচিত্র্য ধারণ করে, অমুসলিমদের স্বাগত জানায়, এমনকি মুসলমানদের মধ্যে যারা ইসলামি আচার পালন করে না, তাদেরও সহ্য করে। বাগদাদ, করডোবাসহ অনেক মুসলিম সমাজেই এসব প্রথা ছিল। এখন অভিবাসীদের উচিত হবে, সেই সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো। মোদ্দা কথা হচ্ছে, মনোভাব ঠিক রাখতে হবে, কারণ এটা বিশ্বাসের ব্যাপার নয়।
জার্মানি যেসব অভিবাসীকে গ্রহণ করেছে, তঁাদের ‘ভাগ্যবান’ বলাটা যৌক্তিক। সর্বোপরি, তঁারা এক প্রাণঘাতী আন্তমহাদেশীয় ভ্রমণ করেও বেঁচে আছেন এবং গন্তব্যে পৌঁছেছেন। তা সত্ত্বেও এই ভাগ্য হয়তো বেশি দিন স্থায়ী হবে না, যদি তাঁরা প্রকৃত অর্থে সেখানে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা এবং গ্রহণকারী দেশ তাঁদের স্থানীয় সমাজের সঙ্গে অঙ্গীভূত করার ব্যবস্থা না করে। এ দুটো প্রচেষ্টার মেলবন্ধন ঘটতে হবে। অনেক শরণার্থী হয়তো নতুন বাড়ি ও সমাজে নিজেদের সংস্কৃতি প্রোথিত করার চেষ্টা করবেন।
তাঁদের মনোভঙ্গি হয়তো স্বল্প মেয়াদে সহজ মনে হতে পারে। নতুন দেশে শরণার্থীরা সফল হবেন, যদি তাঁরা সংস্কৃতিকে গতিশীল ও বিকাশমান ধারণা হিসেবে গ্রহণ করেন, আর যদি তাঁরা নিজেদের বিশ্বাসের গভীরে খুঁড়ে উদার মূল্যবোধ বের করে আনেন, যে কারণে তাঁদের পূর্বসূরিরা আন্দালুসিয়ার মতো পুরোনো পশ্চিমা সমাজে সফল হয়েছিলেন। গোঁড়া মতবাদ ও অদূরদৃষ্টি শরণার্থীদের ইউরোপে বসতি স্থাপন করার জন্য সহায়ক হবে না।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; আহরাম অনলাইন থেকে নেওয়া
নির্বানা মাহমুদ: চিকিৎসক ও মধ্যপ্রাচ্য-বিষয়ক লেখক।