সাইবার স্বাধীনতার শুধু 'চীনা বৈশিষ্ট্য' কাম্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন ১০ কোটি টুইটার আদান–প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় উইপোডটকম
প্রতিদিন ১০ কোটি টুইটার আদান–প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় উইপোডটকম

তবে যেটুকু আঁচ করতে পেরেছি তা হলো আমরা যেভাবে প্রেস ফ্রিডম এবং সাংবাদিকের স্বাধীনতার ধারণায় অভ্যস্ত, তা থেকে চীনা সমাজ অনেক দূরে। প্রপাগান্ডা শব্দটি আনুষ্ঠানিকভাবে সিপিসি কেবল ধারণই করে না, এই নামে পার্টির একটি পুরোদস্তুর শক্তিশালী বিভাগ রয়েছে। বেইজিংভিত্তিক পার্টি গবেষক ওয়াং দংয়ের কাছে জানতে চাইলে তিনি বললেন, এটা তাঁদের সমাজে কোনো নেতিবাচক অর্থ বহন করে না।

বেইজিংয়ে সিপিসির ভাইস মিনিস্টার গুয়ো ইয়েচৌর কাছে রেহনুমা জানতে চেয়েছিলেন যে আপনারা মানুষে মানুষে যোগাযোগের কথা বলছেন, কিন্তু এখানে এসে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কারণ, ফেসবুকের মতো সামাজিক মিডিয়া এখানে নিয়ন্ত্রিত। উত্তর ছিল রক্ষণশীল। গুয়ো স্মিত হেসে একটু ঠেস দিলেন। বললেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সামাজিক মিডিয়া নির্ভরতা তাঁর বোধগম্য নয়। তাঁর কিশোরী মেয়েকে ইন্টারনেটের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে যে উদ্বিগ্ন ছিলেন, তা–ও জানালেন তিনি।

তবে বাইরে থেকে চীনের সাইবার জগৎ​ সম্পর্কে যতটা কড়াকড়ি বলে অনুমান করেছিলাম, সেটি হয়তো একেবারে অমূলক নয়। আবার সেখানে ইন্টারনেট বা বাকস্বাধীনতার চর্চা বাড়ছেও। তবে সবকিছুকেই তারা ‘চীনা বৈশিষ্ট্য’ দিয়ে সংজ্ঞায়িত করতে চায়। চীন উন্মুক্ত হতে শুরু করেছে এবং দিন যতই যাবে ততই সেখানে বাকস্বাধীনতা বিস্তৃত হবে। আলোর নিচে অন্ধকার থাকবে। তবে সেটা কতটা প্রগাঢ় বা গা সওয়া হবে, সেটা মূলত নির্ভর করবে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের ওপর। 

এক দশক আগে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আমি তাদের সংবিধানের ‘প্রথম সংশোধনী’ দেখে মুগ্ধ হয়েছিলাম। ১৭৯১ সালে লেখা হয়েছিল বাকস্বাধীনতাকে রুদ্ধ করে কংগ্রেস কখনো কোনো আইনই সৃষ্টি করবে না। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমি তাদের প্রেস ফ্রিডম সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। তারপর আমরা বেদনাহত হলাম, কী মিথ্যাচার করে জর্জ বুশ জুনিয়র ইরাক ছারখার করলেন। আর প্রতিটি মার্কিন মিডিয়া তথাকথিত ওয়ার অন টেররকে তাদের নীতি হিসেবে গ্রহণ করল। সেই সংশোধনী সংবিধানে টিকে আছে। আমেরিকা অনেক দূরে সরেছে। সুতরাং কাগজে থাকা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক।   

চীনে এখন ১৮তম সংসদ চলছে। তারা সংসদকে বলে ন্যাশনাল কংগ্রেস। এই ১৮তম কংগ্রেসের সবচেয়ে বেশি উচ্চারিত যেসব বিষয় ও পরিভাষা তার অন্যতম হচ্ছে ইন্টারনেট ও নিউ মিডিয়া। ১৩৫ কোটি মানুষের দেশে এর ব্যবহার বেশ জোরেশোরে বাড়ছে। চীন বিশ্ব থেকে নিজেকে আড়াল করে রেখেছে। কিন্তু নাগরিকের কাছে সেভাবে নয়। শতভাগ ইন্টারনেট কভারেজের পথে চীন। কিন্তু তার মাথায় ‘চীনা বৈশিষ্ট্য’ ঘুরপাক খাচ্ছে। তার গণতন্ত্র, সমাজতন্ত্র ও আইনের শাসন—সবটাই যেন হতে হবে ‘চীনা বৈশিষ্ট্যমণ্ডিত’। কিন্তু এর সবটাতেই একটা সর্বজনীন দিক থাকতে হবে। তাকে কেবলই ‘পাশ্চাত্যের’ বলে দূরে ঠেলে রাখা যাবে না। কারণ, পাশ্চাত্যের যা কিছু অনুসরণীয় ও সর্বজনীন তা বিচ্ছিন্নভাবে পাশ্চাত্যের নয়, অনেক কিছুই এসেছে সভ্যতার বিবর্তনের ধারায়। খোদ ইংরেজি অনেকাংশে মিলিত সভ্যতার ফসল। তাই সব সময় ইংরেজিকে ‘পাশ্চাত্যের’ বলে দূর দূর করা নিরর্থক।

মধ্যাহ্নভোজে জিজ্ঞেস করলাম, ইংরেজি জানা সত্ত্বেও বিদেশিদের সঙ্গে আলোচনায় আপনারা সব সময় কেন চীনা ভাষায় কথা বলেন। কোনো কি আইনি বাধ্যবাধকতা আছে? গুয়ো ইয়েচৌ বললেন, মাতৃভাষায় কথা বলাটাই স্বাভাবিক। কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তারপর বলি, আপনাদের মনোবাসনা কি এই যে চীনকে বুঝতে হলে সবাইকে চীনা ভাষা রপ্ত করতে হবে? আন্তদেশীয় কানেকটিভিটি নিয়ে সংলাপ করতে গিয়ে আমি আসলে কিছুটা অসহায় বোধ করেছিলাম। দোভাষী ছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলা কঠিন। যাতায়াতও সহজ নয়। কারণ, মনের ভাব প্রকাশের জন্য একজন ইংরেজি জানা লোকের দেখা পাওয়া দুষ্কর। পথেঘাটে সর্বত্র চীনা ভাষা। ইউরোপেও তাই। কিন্তু সেখানে পথ চলতে, খাবার খেতে,  কী কেনাকাটা করতে আপনি কোনোমতে কাজ চালিয়ে নিতে পারবেন। যে বস্তু খাবেন না, তা খেতে হবে না। বেইজিংয়ে আমাদের যে হোটেলে (ওয়াংশু) রাখা হয়, সেটা বিশেষ করে বিদেশি মেহমানদের জন্যই। এ রকম একটি হোটেলের স্টাফ সদস্যরা চীনা ছাড়া বোঝেন না। দু-একজন যাঁরা ছিলেন, তাঁদের সাহায্যে ইন্টারনেট চালুর পরে দেখা গেল ল্যাপটপের পর্দা চীনা ভাষায় ভরে গেছে। চীনা ওয়েবসাইটের দারুণ গতি। গুগল টিপতেই গতির অধোগতি। অবশ্য প্রথম আলোসহ অনেক বাংলা ওয়েবসাইট খোলার গতি ভালোই ছিল।       

চীনা জনগণের জীবনে গুগল, ইয়াহুর মতো টুলস নিত্যসঙ্গী হোক সেটা হতে দেয়নি চীন সরকার। আমি একে স্বাগত জানাই। চীনাদের গুগল ও ইয়াহু হচ্ছে বাইদুডটকম ও কিউকিউডটকম। অবশ্য চীনে গুগল নিয়ন্ত্রিত অবস্থায় আছে। আমাদের দেশে সবে বিক্রয়ডটকমের মতো অনলাইন বাজার চালু হয়েছে। চীন ইতিমধ্যে আমেরিকার বৃহত্তম অনলাইন বাজার আমাজনকে টেক্কা দিয়েছে। চীনে আমাদের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম ফজলুল করিমের কাছ থেকেই জানলাম, আলীবাবা ডটকম বিস্ময়কর সাফল্য পেয়েছে। তিনি আলীবাবার সদর দপ্তরে গিয়েছিলেন। গত ১১ নভেম্বর এই আলীবাবা একদিনে ৯৩০ কোটি ডলার বিক্রি করেছে। এর ক্রয়ফরমায়েশের ৪৩ ভাগ এসেছে মোবাইল থেকে আর এর নেপথ্যে ‘বিজয় লক্ষ্মী নারী’। আমাজন চীনে ব্যবসা করেছে। কিন্তু বিদেশি পণ্য অনুরাগী চীনা ক্রেতারা ভাষার বাধার কারণে জুত করতে পারছেন না। তাঁরা বিরক্ত।

 দেখলাম সিপিসির গবেষণা সেলের উপমহাপরিচালক লুয়ান ​িচয়াংচাং একটি পার্টি পুস্তিকায় ‘সিটিজেন’ শব্দটির পরিবর্তে ‘নেটিজেন’ শব্দ ব্যবহার করেছেন। তার মানে আমাদের ঘরের কাছে ১৩৫ কোটি নেটিজেন একটি অসামান্য সাইবার যুদ্ধের সম্মুখভাগের যোদ্ধা হিসেবে তৈরি হচ্ছে। ‘নেটিজেন’ ইতিমধ্যে ৬১ কোটি ছাড়িয়ে গেছে। এই যুদ্ধকে জ্ঞান আহরণ ও বিতরণের যুদ্ধে রূপান্তর করতে হবে। যে ‘রুদ্ধ’ দেশ ‘নেটিজেন’ (৯১ ভাগের ঘরে ইন্টারনেট আছে) শব্দ ধারণ করেছে, যে দেশ সড়ক ও সমুদ্রে ছয় স্তরবিশিষ্ট কানেকটিভিটির মাধ্যমে সমগ্র বিশ্বকে রবিঠাকুরের দ্যোতনায় ‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থিতে’ বাঁধতে চাইছে, তারা নিশ্চয় সাইবার জগতের কানেকটিভিটিকে সংকীর্ণতা থেকে রেহাই দিতে উদ্যোগী হবে।

পিকিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ঝাই কুন সিপিসির সদস্য। কিন্তু তিনি গুগল নিয়ন্ত্রণে দলের নীতির সমালোচনা করলেন। বললেন, কালেভদ্রে গুগলে ঢুকতে পারি, তবে গতি খুব মন্থর। এতে জ্ঞানের জগতে অবাধ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। আমার ব্যক্তিস্বাধীনতা খর্ব হচ্ছে। তিনি আশাবাদী এই বেড়াজাল একদিন ছিন্ন হবে।

আমি বলব, চীনকে তার ওই নেটিজেনদের মোবাইল সেটগুলোর সঙ্গে আন্ত-আঞ্চলিক ও আন্তমহাদেশীয় মোবাইল বা অনলাইনে কানেকটিভিটির একটি মেলবন্ধন আজ হোক কাল হোক ঘটাতে হবে। ইচ্ছা থাকলে উপায় হবে। এক চীনা তরুণী আমাকে সেই দিশা দিয়েছেন।

কুনমিং হোটেল। মধ্যরাত। একটা দরকারি কাজে সাহায্য দরকার। ফোনে বোঝাতে ব্যর্থ হয়ে লবিতে যাই। সহাস্য অভ্যর্থনাকারী বুঝতে বিফল হলেন। তিনি তাঁর মোবাইল সেট এগিয়ে দিলেন। সেখানে ল্যাঙ্গুয়েজ টুলস। গুগলের বিকল্প। আমি ইংরেজিতে লিখলাম। তিনি চীনা করে নিলেন। এই সাইবার নাগরিকের প্রত্যুৎপন্নমতিত্বে বিপদমুক্ত হলাম। চীনের মাইক্রোব্লগাররা একদিন একটি সাইবার বিপ্লব আনবে। এর রং লাল হবে কিনা জানি না, তবে এর একটি আন্তর্জাতিক মাত্রা প্রত্যাশিত। প্রতিদিন মতামতধর্মী ১০ কোটি টুইটার
রিলিজ হওয়ার দেশে সম্প্রতি এক নাগরিককে ‘গুজব’ ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয়। কয়েদির পোশাকে তাঁকে টিভিতে দেখানো হয়। চীনের সংবিধানে ‘ব্যক্তিস্বাধীনতা’, ‘বাকস্বাধীনতা’, ‘মানবাধিকার’—এ রকম শব্দ জায়গা করে নিয়েছে। চীন তার নয়া প্রতিশ্রুতিমতে সাইবার স্বাধীনতার ‘অপব্যবহারকারীদের’ কী ধরনের ‘আইনের শাসনে’ মোকাবিলা করে, তা দেখার বিষয়।

মিজানুর রহমান খান: সাংবাদিক৷