
১৮ জানুয়ারি সকালে বরিশালের বধ্যভূমিতে প্রতিষ্ঠিত স্মৃতিসৌধ চত্বরে গিয়ে দেখি নানা বয়স ও শ্রেণির মানুষের ভিড়। তাঁরা অপেক্ষা করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর জন্য। এই বধ্যভূমির সঙ্গে বরিশালবাসীর আবেগ ও ভালোবাসা জড়িত। একাত্তরে দখলদার পাকিস্তানি বাহিনী যেখানে মুক্তিযোদ্ধাসহ বহু মানুষকে ধরে এনে হত্যা করেছে, সেই স্থানটি রক্ষায় স্বাধীনতার ৪৫ বছর পরও আন্দোলন করতে হচ্ছে। এটি আনন্দের খবর নয়।
ঠিক সাড়ে ১০টায় মন্ত্রী এলেন। বধ্যভূমি, পার্শ্ববর্তী দিঘি, যার একাংশ খাদ্য অধিদপ্তর ইতিমধ্যে ভরাট করে ফেলেছে। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সাংসদ, প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বধ্যভূমি রক্ষা আন্দোলনের নেতারা ছিলেন। সবার কথা শুনে মন্ত্রী বললেন, সাইলো বরিশালে হবে, তবে বধ্যভূমির ক্ষতি করা যাবে না। এটাই ছিল বরিশালবাসীর দাবি। কিন্তু গত কয়েক মাসে এ নিয়ে পানি কম ঘোলা হয়নি।
বিশ্বব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর যে আটটি স্টিলনির্মিত আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, তার একটি হওয়ার কথা বরিশালে। ২০০১ সাল থেকে এই প্রকল্প নিয়ে দেনদরবার হলেও ২০১১ সালে জরিপকাজ শেষ হওয়ার পর বিষয়টি চূড়ান্ত হয়। বরিশালবাসী চান বধ্যভূমির জমি, দিঘি ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে পার্শ্ববর্তী কোথাও সাইলো হোক।
সহকর্মী সাইফুর রহমানকে নিয়ে বধ্যভূমি এলাকায় পৌঁছাতেই মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বললেন, ‘আমরা প্রথম আলোর কাছে কৃতজ্ঞ। প্রথম আলোর কারণেই আজ বধ্যভূমি ও দিঘিটি রক্ষা পেয়েছে।’ এ সময় আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সাইফুর জানান, গত ২৭ আগস্ট প্রথম আলোয় খবর প্রকাশের পরই বধ্যভূমি রক্ষার আন্দোলন জোরদার হয়। প্রশাসন নানা অপকৌশলে কাজটি চুপচাপ সারতে চেয়েছিল। পারেনি।
গত বছরের ২৭ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত খবরটি ছিল এ রকম: ‘বরিশাল নগরের প্রায় তিন একরের একটি দিঘি ভরাট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দিঘির অনেকাংশের পানি অপসারণ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন বধ্যভূমি এবং রিজার্ভ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ব্যারাকের পাশে থাকা দিঘির চার পাড়ে পিলার (স্তম্ভ) স্থাপনের কাজ চলছে। দিঘির পাশেই আছে স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধার কবর। ১২ একর জায়গার মধ্যে ওই প্রকল্প বাস্তবায়ন করার কথা। দুই একর জমি বধ্যভূমি এলাকার আওতায়। খাদ্য অধিদপ্তর বলছে, পুকুরসহ ১০ একর জায়গার উন্নয়ন করা হবে। আট একর পুকুর ভরাট, দুই একর নিচু জমি ভরাট, প্রাচীর নির্মাণ ও প্রকল্প কার্যালয় নির্মাণ করা হবে। ওই প্রকল্পের মধ্যে পাশাপাশি ১৬টি গুদাম, প্রশাসনিক ও আবাসিক ভবন থাকবে। ছোট-বড় আরও পাঁচটি ভবন নির্মাণ করা হবে।’
খবরটি প্রকাশের পরই বরিশালে বধ্যভূমি ও দিঘি রক্ষার আন্দোলন জোরদার হয়। স্থানীয় ২৭টি সাংস্কৃতিক সংগঠন মিলে প্রথমে গঠিত হয় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। পরে মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে যুক্ত হন। বরিশালের সব রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধি আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে যুক্ত করে গঠন করা হয় ১০১ সদস্যের বরিশাল বধ্যভূমি রক্ষা কমিটি। প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল হন এর আহ্বায়ক। বধ্যভূমি রক্ষার দাবিতে তাঁরা সভা–সমাবেশ, মানববন্ধনসহ লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। প্রধানমন্ত্রীর বরাবার স্মারকলিপি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর বরিশালে আধুনিক খাদ্যগুদাম প্রকল্প পরিচালক ও খাদ্য অধিদপ্তর বরিশালের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। নাগরিকেরা দিঘির পাশে থাকা পরিত্যক্ত গুদাম ভেঙে সাইলো নির্মাণের অনুরোধ জানালে প্রশাসন বিবেচনার আশ্বাস দেয়। কিন্তু আমলাতন্ত্র বলে কথা। দিনের বেলায় কাজ বন্ধের কথা বললেও রাতের অন্ধকারে দিঘি ভরাটের কাজ চালাতে থাকে। প্রথম আলোয় ফের খবর ছাপা হয়, ‘নাগরিক দাবি উপেক্ষা করে দিঘি ভরাট চলছে’।
বধ্যভূমিতে যাওয়ার সময় আমরা দেখতে পাই পাশের বিশাল দিঘির একাংশ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। দুই পাশে কংক্রিটের পিলারও বসানো আছে। জানতে চাই, কীভাবে এসব সম্ভব হলো? সাংবাদিক বন্ধুরা জানালেন, স্থানীয় ছাত্রলীগের একাংশকে হাত করে প্রশাসন এ কাজ করেছে। কিন্তু তারা সুবিধা করতে পারেনি। বধ্যভূমি রক্ষার নাগরিক আন্দোলনটি গণ-আন্দোলনে রূপ নেয়। আন্দোলন চলা অবস্থায় গত মাসের শেষ দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বরিশালে এলে বধ্যভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে তাঁর কাছে স্মারকলিপি দিলে তিনি তাৎক্ষণিকভাবে দিঘি ভরাটের কাজ বন্ধের নির্দেশ দেন। অন্যদিকে বধ্যভূমি রক্ষা কমিটির নেতারা আগৈলঝাড়ায় গিয়ে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর সহায়তা চান। তিনি টেলিফোনে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে। এরপর খাদ্যমন্ত্রী বরিশালে এসে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নরমে-গরমে অনেক কথা বলেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার কোনো বধ্যভূমির ক্ষতি করতে পারে না। কিন্তু নির্ধারিত স্থানে সাইলো না হলে বরিশালেই যে তা হবে, সেই নিশ্চয়তা নেই। স্বভাবতই তাঁর এ বক্তব্যে আন্দোলনকারীরা হতাশ হন। নিরুপায় হয়ে তাঁরা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর শরণাপন্ন হন। তাঁর বাড়ি ঝালকাঠি।
এখানে উল্লেখ্য, গত এক মাসে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বরিশালে আসেন সাইলো সমস্যা নিয়ে কথা বলতে। প্রথমে আসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এরপর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সবশেষে এলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পত্রিকায় খবর এসেছে, প্রধানমন্ত্রীও চান না বধ্যভূমির ক্ষতি করে সাইলো হোক। তাহলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দিঘি ভরাট করার সাহস পেলেন কোথায়? এটাই বরিশালবাসীর প্রশ্ন।
বধ্যভূমি রক্ষা কমিটি রাস্তায় আন্দোলনের পাশাপাশি আদালতেও গিয়েছে। বরিশাল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা মহিউদ্দিন মানিক বীর প্রতীক বরিশালের অতিরিক্ত জেলা জজ আদালতে মামলা করলে বিচারক বিষয়টি তদন্ত করে কোতোয়ালি থানাকে প্রতিবেদন দিতে বলেন। এরপর হিউম্যান রাইটস অ্যান্ড পিচ অব বাংলাদেশের পক্ষে আসাদুজ্জামান জনস্বার্থে হাইকোর্টে রিট করলে আদালত সাইলো নির্মাণকাজের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন।
কিন্তু বরিশালবাসী এতেও আশ্বস্ত হতে পারছেন না। তাঁরা বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন। বধ্যভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা যেমন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি রক্ষা করতে চাই, তেমনি চাই সাইলোটিও বরিশালে হোক।’ তিনি বললেন, বধ্যভূমি এলাকার বাইরে পুরোনো ত্রিশ গোডাউন এলাকায় এটি করা যেতে পারে। সরকার চাইলে আশপাশের জমি অধিগ্রহণ করেও সাইলো নির্মাণ করতে পারে। বরিশালে সাইলো প্রকল্পের পরামর্শক জানিয়েছেন, বরিশালে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত ওয়ার্ল্ড ব্যাংককে জানানো হয়েছে। তারা সাইলো নির্মাণের প্রস্তাবিত স্থানটি প্রস্তুত অবস্থায় চাইছে। পাশের পরিত্যক্ত গুদাম ভেঙে সাইলো নির্মাণের সুযোগ নেই। কে বলল সুযোগ নেই? দিঘি ভরাট করে যদি সাইলো হতে পারে, পুরোনো গোডাউন এলাকায়ও হতে পারবে।
সেদিন বধ্যভূমি এলাকায় দেখলাম শিল্পমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুই পাশে ছাত্রলীগের নাদুসনুদুস চেহারার কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আর ছাত্রলীগের নেতারা অপেক্ষা করছিলেন, কখন টিভি ক্যামেরা আসে। ছাত্রলীগের এই কর্মীরা কোন গ্রুপের জিজ্ঞেস করলে বধ্যভূমি রক্ষা কমিটির একজন নেতা বললেন, এঁরা দুই গ্রুপের হয়েই কাজ করেন। আজ যাঁরা মন্ত্রীর সঙ্গে থেকে দিঘি রক্ষার পক্ষে অবস্থান নিলেন, তাঁদের মধ্যে কেউ যে রাতের বেলায় দিঘি ভরাটকাজে যুক্ত ছিলেন, তা না কে বলতে পারে? নাগরিক কমিটির সঙ্গে আলোচনায় প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বধ্যভূমির উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিলেও তাঁরা তা প্রত্যাখ্যান করেন। তাঁরা বলেন, ‘শহীদদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না।’
ক্ষমতাধরেরা অনেক সময় জনগণের ন্যায্য দাবিও উপেক্ষা করেন। গণমাধ্যমে সুপরামর্শকেও বক্র দৃষ্টিতে দেখেন।
কিন্তু সেই জনগণ যখন সংঘবদ্ধ হয়ে তাঁদের ন্যায্য দাবিটি উত্থাপন করেন, তখন সেটি যে অগ্রাহ্য করা যায় না, বরিশালের ঘটনা তারই প্রমাণ। শেষ পর্যন্ত প্রশাসন গণদাবির কাছে নতিস্বীকার করল।
কিন্তু আন্দোলন কী বন্ধ হবে? ‘না, আন্দোলনের প্রথম পর্যায় শেষ হলো। অর্থাৎ বধ্যভূমি ও দিঘি রক্ষা হলো। এপ্রিলে বিশ্বব্যাংক প্রতিনিধিদের আসার পর দ্বিতীয় পর্যায় শুরু হবে। সাইলো বরিশালেই হতে হবে।’ বললেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল। (শেষ)
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]