
সাকিব আল হাসানের স্যালুটটা চারদিকে ছড়িয়ে গেছে। ইংল্যান্ডের সঙ্গে ঢাকা টেস্টের শেষ দিনে স্টোকসকে আউট করে সাকিব স্যালুট দিয়েছিলেন। পরে গ্যালারিতে ‘দর্শক-ব্যাঘ্ররা’ সেই স্যালুট অনুকরণ করেন। সঙ্গে সঙ্গে ফেসবুকে শুরু হয় স্যালুটের ছবি দেওয়া। সে আগুন ছড়িয়ে গেল সবখানে। স্যালুট দিলেন সাকিব আল হাসানের এক বছরের মেয়ে আলায়না থেকে শুরু করে আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
সাকিবের মতো করে আমিও এখন স্যালুট জানাব। স্যালুট জানাব নিশ্চয়ই ইংল্যান্ড দলকে, বাংলাদেশে আসার জন্য, কারণ তারা এসেছে, খেলেছে এবং বলেছে, বাংলাদেশে সবারই আসা উচিত, এই দেশ নিরাপদ। স্যালুট জানাব টিম বাংলাদেশকে, যারা আমাদের দিয়েছে বিজয়ের আনন্দ। স্যালুট জানাব টিম পরিকল্পকদের, যাঁরা এর আগে ভারতের বিপক্ষে মোস্তাফিজকে নামিয়ে দিয়ে জয় সহজ করে দিয়েছিলেন, আর যাঁরা ইংল্যান্ডের বিপক্ষে নামালেন উনিশ বছরের মেহেদী হাসানকে।
এই যে অগতানুগতিকভাবে চিন্তা করার ক্ষমতা, এটাই আঠারোর ক্ষমতা। সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটা আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, আজ ৪ নভেম্বর ২০১৬ প্রথম আলো পূর্ণ করল তার আঠারো বছর বয়স। আঠারো বছর তো এমনিতেই কতগুলো রাষ্ট্রীয় ও সামাজিক কারণে তাৎপর্যপূর্ণ, আঠারো মানে প্রাপ্তবয়স্ক, ১৮ বছর বয়স হলে একজন নাগরিকের ভোটাধিকার জন্মে, তাঁকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়, অনেক দেশে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় আঠারোতেই। কিন্তু আঠারোর প্রতিচ্ছবিটা আসলে নতুন কিছু করার আর নতুন কিছু ভাবার ক্ষমতার, প্রতিবাদের, প্রতিরোধের। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সবটাই আছে, আঠারো মানে সাহস, আবার আঠারো মানে বেদনাও।
নিজের কিশোরবেলা, তরুণবেলার দিকে তাকিয়ে দেখি, আঠারো বছর কখন কীভাবে এসেছে, এবং চলেও গেছে, টের পাইনি। কারণ, আমাদের সময়ে জন্মদিন পালনের রেওয়াজ এখনকার মতো ব্যাপকভাবে প্রচলিত ছিল না। এখন তাকিয়ে দেখতে পাই, আমাদের জীবনের আঠারোয় এসেছিল সামরিক শাসন। আমাদের সময়ের প্রায় সব তরুণই সামরিক শাসনবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। একদিনের ঘটনা। সারা দেশে ৫৪ ঘণ্টার হরতাল। আমরা মিছিল নিয়ে পলাশী থেকে আজিমপুর ব্যারাকের দিকে যাচ্ছি, হঠাৎই পুলিশ শুরু করল গুলি। আমাদের মিছিল থেকে তিন-চারজন ঢলে পড়ল রাজপথে। মিছিল ছত্রভঙ্গ। কিন্তু একটা কথা বলে রাখি, মিছিলে নামলে ভয় বলতে কোনো জিনিস আর কাজ করে না। তখন নিজেকে অসীম শক্তিশালী বলে মনে হয়। মনে হয়, এই হাত বাড়তে বাড়তে আকাশ স্পর্শ করবে, ‘এ যৌবন জলরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাঁধ।’
১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় ইত্তেফাক-এর শিরোনাম ছিল এই কথাটা, কাজী নজরুল ইসলামের কবিতার পঙ্ক্তিটি দিয়ে শিরোনামটা করেছিলেন তখনকার ইত্তেফাক-এর বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেন। সত্যিই তারুণ্যের সম্মিলিত তরঙ্গ কোনো বাঁধই আটকাতে পারে না। ‘এ যৌবন জলতরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাঁধ/ রুধিবি কি দিয়া সাগর জোয়ার আকাশে যখন উঠেছে চাঁদ?’
কিংবা রবীন্দ্রনাথের কবিতাতে যে কথাটা বলা আছে, সেটাও তো আমরা স্মরণ করতে পারি। ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।’ প্রবীণেরা যে যার উচ্চ আপন মাচায় বসে চিত্রপটে আঁকা ছবির মতো চক্ষুকর্ণ ঢেকে ঝিমোতে থাকেন। ওই আধমরাদের বাঁচাতে দরকার তরুণদের আঘাত। কবি বলেছেন, ‘তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কী বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে।’ এর চেয়ে বাস্তব বিবরণ আর হয় না।
তরুণেরা যখনই নতুন কিছু করতে চায়, প্রবীণেরা বাধা দেয়। তরুণ বলতে কিংবা ‘আঠারো’ বলতে যেন আমরা বয়স না বুঝি। যিনি নতুন কিছু করেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু বলেন, তিনিই তরুণ। আর যিনি কায়েম হয়ে থাকা ব্যবস্থা কিংবা চিন্তা কিংবা স্থিতিকে আঁকড়ে ধরে থাকতে চান, পরিবর্তনকে স্বাগত জানাতে চান না, তিনিই প্রবীণ। আবার শারীরিক বয়স কম, কিন্তু পরিবর্তনকে স্বাগত জানাতে চান না, এমন নবীনও তো আমরা আমাদের মধ্যেই দেখতে পাই। কাজী নজরুল ইসলাম তাঁর ‘যৌবনের গান’ প্রবন্ধে ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন, ‘বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, বৃদ্ধ তাহারাই-যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক-পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁতি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার-বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্মই বার্ধক্য। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।’
তরুণেরা সারা পৃথিবীতে কত পরিবর্তনেরই না নেতৃত্ব দিয়েছে। কিংবা নিয়ামক হয়েছে। বাংলাদেশেও আমরা দেখেছি সেই তারুণ্যকে। যুগে যুগে। ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে গেল, রেখে গেল দুই দেশ, পাকিস্তান আর ভারত। কলকাতার সিরাজউদ্দৌলা হলে বন্ধু-সহকর্মীদের সঙ্গে আলাপকালে তরুণ শেখ মুজিবুর রহমান বললেন, এই স্বাধীনতা স্বাধীনতা নয়। ঢাকায় গিয়ে আমাদের প্রকৃত স্বাধীনতার জন্য আবার লড়াই শুরু করতে হবে। তা–ই করলেন তিনি। ঢাকায় এসে ১৯৪৮ সালেই ভাষা আন্দোলন শুরু করে দিলেন। তিনি, আর তাঁর মতো অনেক তরুণ, ১৯৪৮ সালের ভাষা আন্দোলনেই গ্রেপ্তার হন, কারাগারে নিক্ষিপ্ত হন। কারাগারে তিনি নিক্ষিপ্ত হয়েছেন অসংখ্যবার। তাঁর কাছে যেতেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোকেরা। তাঁরা যেসব রিপোর্ট করতেন, এখন সেসব প্রকাশিত হয়েছে। মুজিবকে তাঁরা বলতেন, আপনি দস্তখত দিন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। মুজিব বলতেন, জীবন দেব, কিন্তু দাসখত দিয়ে মুক্তি নেব না, বাংলার মানুষের মুক্তির জন্য জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেব। তবু আপস করব না। এসবির লোকেরা তাঁদের প্রতিবেদনে লিখেছেন, এই বন্দীর মনোবল অতি উচ্চ। এই যে মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গিত করা, এই মন্ত্রবলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করতে পেরেছিলেন। ১৯৬৯ সালে তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক, তখনো তাঁকে পেছন থেকে হঠাৎ গুলি করে মারার চক্রান্ত হয়েছিল। ১৯৭১ সালে তাঁর সেলের পাশে তাঁর জন্য কবর খোঁড়া হয়েছিল। মাথা নত করেননি বলেই তিনি আমাদের দিতে পেরেছেন স্বাধীন পতাকা।
যেমন আপস করেনি ১৯৫২ সালের তরুণেরা। তারই পথ ধরে আমরা পেলাম আত্মপরিচয়, ঝাঁপিয়ে পড়লাম স্বাধিকার আন্দোলনে। এবং অবশেষে মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন যাঁরা, তাঁদেরও বেশির ভাগই ছিল তরুণ। আমরা যদি রুমীর কথা বিবেচনা করি, রুমী তো উচ্চমাধ্যমিক পাস করে তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আর ইলিনয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কেবল। সেই ছেলে মুক্তিযুদ্ধে যাবেই। মা জাহানারা ইমাম শেষে বলেই ফেললেন, যা, তোকে দেশের জন্য কোরবানি করে দিলাম। কিংবা ধরা যাক, তাঁদেরই এক সহযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীকের কথা। তিনি তাঁর বিছানার মধ্যে বালিশ শুইয়ে রেখে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। তারপর ঢাকার ইস্কাটনের বাড়ির ছাদের ওপরে টিন মাড়িয়ে দেয়াল টপকে তিনি চলে যান মুক্তিযুদ্ধে। আমরা যদি মাহবুব আলমের লেখা গেরিলা থেকে সম্মুখযুদ্ধে বইটা পড়ি, দেখব, গ্রামের রাখাল, চাষি, লেখাপড়া না-জানা কিশোর-তরুণেরা কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কী অসমসাহসিকতার পরিচয় দিয়েছিল তারা। নাসির উদ্দীন ইউসুফের টিটোর স্বাধীনতা বইয়ে পড়ব, কীভাবে এক কিশোর টিটো মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। মেজর কামরুল হাসান ভূঁইয়ার ‘জনযুদ্ধের গণযোদ্ধা’ দেখি, গণযোদ্ধারা সমাজের বিভিন্ন স্তর থেকে আসা সাধারণ মানুষ—নিয়মিত বা প্রচলিত সৈনিক নয়, এরা অষ্টম শ্রেণির ছাত্র, নৌকার মাঝি, গেরস্ত ঘরের কামলা, ট্রাক ড্রাইভার, মোটরসাইকেল মেকানিক, কদাচিৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এরাই আমাদের চিরকালের আঠারো। আজকের তারুণ্যও জাগ্রত আছে। প্লেটোকে সক্রেটিস যেমনটা বলেছিলেন, সর্বোচ্চ দেশপ্রেম হলো সবচেয়ে সুন্দরভাবে নিজের কাজটুকু করা— এটা কিন্তু আজকের তরুণেরা দারুণভাবেই করছে। এরা কি ছেলে, কি মেয়ে—এরা ক্রিকেট মাঠের মেহেদী হাসান মিরাজ কিংবা মোস্তাফিজ, এরা ফুটবল মাঠের কৃষ্ণা, সানজিদা, মারিয়া। এরা সফটওয়্যার বানাচ্ছে, আইটি সেক্টরে বিপ্লব ঘটাচ্ছে, আবার এরাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে রেমিট্যান্স পাঠাচ্ছে দেশে, বৈজ্ঞানিক গবেষণায় অবদান রেখে অর্জন করছে আন্তর্জাতিক স্বীকৃতি। আবার এরাই কৃষিক্ষেত্রে ঘটাচ্ছে বিপ্লব।
প্রথম আলোর আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সেই তারুণ্যকে স্যালুট জানাই। সাকিব আল হাসানের মতো করেই হাত কপাল পর্যন্ত তুলে অভিবাদন জানাই। তারুণ্যের জয়ই বাংলাদেশের জয়। এবং বাংলাদেশের জয় যে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, বাংলাদেশকে যে ‘কেউ দাবায়া রাখতে’ পারবে না, সেই প্রেরণা, শক্তি, ভালোবাসা, স্বপ্ন আমরা পাই তারুণ্যের কাছ থেকেই। প্রথম আলো যেন তার হৃদয়ে, মননে ও অবয়বে সেই তারুণ্যকে ধরে রাখতে পারে। প্রথম আলোর মধ্যে সব সময়ই যেন থাকে আঠারোর উদ্দীপনা, সৃষ্টিশীলতা ও বাঁধভাঙা উজ্জয়নী জোয়ার।
প্রিয় পাঠক, প্রথম আলোর জন্মদিনের সকালটিতে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।