সাগরবক্ষে জোর অনুসন্ধান প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্যাস-সংকট ক্রমাগতভাবে বেড়ে গিয়ে একে একে সব ধরনের ব্যবস্থাপনাকে আঘাত করেছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা, গৃহস্থালি, সিএনজি—সব ক্ষেত্রেই এখন গ্যাসের রেশনিং। যে গ্যাস বাংলাদেশের জ্বালানি কার্যক্রমের ৭০ ভাগ বহন করে এসেছে, এখন তা জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গ্যাসের চাহিদা ও সরবরাহে ভারসাম্য রক্ষা করে দেশের জ্বালানি কার্যক্রমকে গতিশীল রাখার দয়িত্বে নিয়োজিত পেট্রোবাংলাকে এখন বড় একটা সময় কাটাতে হয়, কাকে রেখে কাকে গ্যাস দেবে, সে দরবারি-ব্যবস্থাপনায়।অথচ বাংলাদেশের ভূপ্রকৃতি যে গ্যাস-সম্পদের জন্য সুযোগ্য স্থান, ভূবিজ্ঞানীরা সে বিষয়ে একমত। এখানে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান চালানো হয়ে থাকলে গ্যাসের সংকট হওয়ার কথা নয়। আর সমুদ্রবক্ষ এ জন্য একটি মোক্ষম স্থান। দেশীয় কোম্পানির পক্ষে সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর যথেষ্ট কারিগরি ও আর্থিক সামর্থ্য না থাকায় সেখানে শুধু বিদেশি তেল কোম্পানি কর্মরত। তবে বাংলাদেশের সমুদ্রবক্ষে অনুসন্ধান কার্যক্রমে অনেক দিন থেকেই একরকম স্থবিরতা বিরাজ করছে। পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমার উভয়েই বঙ্গোপসাগরে তাদের অংশে বৃহত্ কর্মযজ্ঞ চালিয়ে বড় গ্যাস প্রাপ্তির যে সাফল্য অর্জন করেছে, বাংলাদেশ তা করতে ব্যর্থ হয়েছে।বাংলাদেশের সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানে এ রকম ধীরগতি কেন? বিদেশি কোম্পানিরা তাদের দেওয়া গ্যাস ব্লকে কেন যথেষ্ট অনুসন্ধানের কাজ করছে না? সমুদ্রবক্ষে খালি ব্লকগুলোতেই বা কেন যোগ্য বিদেশি কোম্পানিকে দিয়ে অনুসন্ধন করানো হচ্ছে না? সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি জাতীয় স্বার্থের পক্ষে না বিপক্ষে, তা নিয়ে কেন সরকার ও সুশীল সমাজের একটি মহলের মধ্যে পরস্পরবিরোধী ও অবিশ্বাসী মনোভাব বিরাজ করছে। বিদেশি কোম্পানির লোকেরাই বা সমুদ্রবক্ষে গ্যাস সন্ধানে বর্তমান ধীরগতি সম্পর্কে কী মনোভাব পোষণ করছে? কোন সমস্যা বাংলাদেশকে তার সমুদ্রবক্ষের গ্যাস সম্ভাবনাকে উম্মুক্ত করতে বাধাগ্রস্ত করছে?বর্তমানে বাংলাদেশের সমুদ্রবক্ষে শুধু দুটি স্থানে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম চালানো হচ্ছে। একটি হলো সাংগু গ্যাসক্ষেত্র এলাকায় ৩-ডি সাইসমিক জরিপ। অপরটি চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপ-সংলগ্ন সমুদ্রবক্ষে এর আগে খনন করা ম্যাগনামা কূপ এলাকায় ৩-ডি সাইসমিক জরিপ। সাংগু গ্যাসক্ষেত্রে উৎপাদন হারের হঠাৎ পতন, সমগ্র চট্টগ্রাম অঞ্চলে মারাত্মক গ্যাস-সংকটের কারণ ঘটায়। অপরদিকে এর আগে খননকৃত ম্যাগনামা-১ কূপে গ্যাসস্তরের অবস্থান নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। সাংগু ও ম্যাগনামা—এ দুটি স্থানে ৩-ডি জরিপের লক্ষ্য হলো নতুন কূপ খনন পরিকল্পনায় খননের স্থান নির্ধারণ করা। প্রকৃতপক্ষে কূপ খনন করাই গ্যাস আছে কি নেই, তা নিশ্চিতভাবে নির্ধারণ করার একমাত্র উপায়। কিন্তু এ কাজ পরিচালনাকারী যুক্তরাজ্যের কেয়ার্ন এনার্জি ও অস্ট্রেলিয়ার সান্তোস অয়েল কোম্পানিদ্বয় কূপ খননের ব্যাপারে তাদের রক্ষণশীল মনোভাবের কথা জানাতে দ্বিধা করে না।কূপ খননের ক্ষেত্রে তেল কোম্পানিগুলো কেন তৎপর নয়?—এ কথাটি শুধু কেয়ার্ন বা সান্তোসের জন্যই প্রযোজ্য নয়, সমুদ্র ব্লক ১৭ ও ১৮-তে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড কোম্পানি অথবা ৫, ৭ বা ১০ নম্বর ব্লকে অন্যান্য কোম্পানি, সবার ক্ষেত্রেই তাই। টেকনাফের কাছাকাছি ১৭ ও ১৮ নম্বর সমুদ্র ব্লক দুটি দক্ষিণে। মিয়ানমার সমুদ্রে বড় গ্যাস আবিষ্কারের পর বিশেষভাবে সম্ভাবনাময় প্রতীয়মান হয় এবং একপর্যায়ে ফ্রান্সের বিশ্বখ্যাত টোটাল অয়েল কোম্পানি এখানে যৌথ বিনিয়োগের জন্য এগিয়ে আসে। কিন্তু খনন কাজ না করে কেউবা চলে যায়, আবার কেউবা শুধু সময় ক্ষেপণ করে।সমুদ্রবক্ষে খনন কাজ করতে বিদেশি কোম্পানিগুলো তৎপর নয় কেন?—এ প্রশ্নের জবাবে কোম্পানির একজন প্রতিনিধি তাঁর মতামত ব্যক্ত করেন। তাঁর মতে, ‘বাংলাদেশে সমুদ্রবক্ষে অনুসন্ধান কূপ খননের একটি সমস্যা হলো সন্তোষজনক আর্থিক শর্তের অভাব। বিদেশি কোম্পানিগুলো এখানে গ্যাসের নির্ধারিত নিম্ন ও স্থির দামের কারণে তাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সহজে ওঠাতে পারে না। আন্তর্জাতিক বাজারে অনুসন্ধানের যন্ত্রপাতির ব্যবহার খরচ উল্লেখজনক বৃদ্ধি ও কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ হওয়ায়, আগের নির্ধারিত আর্থিক শর্তগুলো বর্তমানে কোম্পানির পক্ষে আশানুরূপ বলে মনে হয় না। নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস বিক্রি করতে না পারলে কোম্পানির পক্ষে একটি লাভজনক ব্যবসা পরিচালনা করা কঠিন হবে।অন্য কথায়, বিদেশি কোম্পানিগুলো চায় গ্যাসের দামের বৃদ্ধি। দেশের অভ্যন্তরেও অবশ্য গ্যাসের দাম বাড়ানো নিয়ে একরকম বিতর্ক বিদ্যমান। সরকারের ভেতরে বা বাইরে অনেকেই মনে করেন, বাংলাদেশে গ্যাসের দাম পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কম ও তা বাস্তবমুখী নয়। একজন বিশেষজ্ঞর মতে, গ্যাসের স্বল্প দাম জ্বালানি দক্ষতা বাড়ানোর পথে প্রধান বাধা। অন্য কথায়, যা স্বল্প মূল্যে পাওয়া যায়, তা অপচয়ে বাধা কোথায়? তবে গ্যাস তথা জ্বালানির দামের বৃদ্ধি দেশে যে মুদ্রাস্ফীতি ঘটাতে পারে এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা, যেমন বিদ্যুৎ, কৃষিকাজ ইত্যাদির ক্ষেত্রে যে বাড়তি বোঝা বহন করে নিয়ে আসতে পারে, সে বিষয়টি বিবেচনার দাবি রাখে। অন্যথায় এর থেকে উদ্ভূত সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা যেকোনো সরকারের জন্য অপ্রীতিকর হতে পারে। বিদেশি কোম্পানি গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে একটি ভিন্ন পন্থা অবলম্বনের সুপারিশ করে। একজন কোম্পানি প্রতিনিধির ভাষায়, ‘গ্যাসের দাম নির্ধারণে এমন একটি সূত্র বের করা উত্তম, যা কি না সরকার ও বিদেশি কেম্পানি উভয়ের জন্য সন্তোষজনক হবে। বাংলাদেশ যদি ভর্তুকি দিয়ে দেশের জনগণকে কম দামে গ্যাস দিতে চায়, তবে তার প্রাপ্য গ্যাসের অংশ থেকে দিতে পারে। বিদেশি কোম্পানি চায় তার অংশের গ্যাস সে স্বাধীনভাবে দেশের অভ্যন্তরে বাজারজাত করতে। সেক্ষেত্রে গ্যাসের দাম নির্ধারণে সরকারি হস্তক্ষেপ থাকবে না, বরং যেহেতু দেশীয় শিল্প-প্রতিষ্ঠানের অনেকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তার শর্তে উচ্চতর মূল্য দিতে আগ্রহী, তাই কোম্পানি ক্রেতার সঙ্গে মিলে গ্যাসের দাম নির্ধারণ করবে। গ্যাসের দাম নির্ধারণ নীতিতে এ ধরনের কাঠামোগত পরিবর্তন না আনলে বিদেশি কোম্পানিগুলোর একটিও বাস্তবধর্মী অনুসন্ধান কাজ চালাতে সক্ষম হবে না।’ বিদেশি কোম্পানি উপরোক্ত সূত্রে লাভবান হবে, তা তাদের বক্তব্য থেকেই স্পষ্ট। বাংলাদেশকে দেখতে হবে, এরূপ ব্যবস্থাপনা তার জন্য কতটুকু সুবিধা বা অসুবিধা বয়ে আনবে।দেশে সাগরবক্ষে গ্যাসের অনুসন্ধানকে অগ্রসর হতে না দেওয়ার পক্ষে অপর একটি উপাদান বর্তমানে দৃশ্যমান। প্রকৃতপক্ষে সাগরবক্ষে গ্যাস অনুসন্ধানের বিরুদ্ধে নাগরিক সমাজের একটি মহলের মধ্যে আন্দোলনমুখী মনোভাব বিরাজ করেছে। এ মহলটি মনে করে, বর্তমান পিএসসি নীতিমালায় বিদেশি কোম্পানিকে অনুসন্ধান করতে দিলে বাংলাদেশের গ্যাস রপ্তানি হবে। এ ধরনের আন্দোলনের পেছনে কোন সুপ্ত রাজনৈতিক মতলব আছে কি না, তা অন্য প্রশ্ন। তবে একটি বিষয় বলা যায়, এর পেছনে যে কিছু জনসমর্থন রয়েছে তার কারণ মূলত দুটো।প্রথমত, এ দেশে খনিজসম্পদ অনুসন্ধানে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলোর প্রতি জনগণের অবিশ্বাস বিদ্যমান। এর কারণ হলো, নিকট অতীতে একাধিক বিদেশি কোম্পানি দেশের সম্পদ ও জনগণের সম্পত্তি বিনষ্ট করার জন্য দায়ী থাকে। তদুপরি বিনষ্ট সম্পদ ও সম্পত্তির জন্য কোনো ক্ষেত্রেই কোম্পানির কাছ থেকে সন্তোষজনক ক্ষতিপূরণ পাওয়া যায়নি। যোগ্যতার ভিত্তির বদলে পেছনের দরজা দিয়ে ঢুকে পড়া কারিগরিভাবে অদক্ষ ও আর্থিকভাবে দুর্বল এ কোম্পানিগুলোর প্রতি জনগণের অবিশ্বাস ও ক্ষোভ স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। অনেক সময়ই জনগণের এ ক্ষোভ সাধারণভাবে সব বিদেশি কোম্পানির জন্য প্রকাশিত হয়।দ্বিতীয়ত, অতীতে গ্যাসের রপ্তানি বিষয়ে সরকারি কার্যক্রম ছিল গণবিরোধী। শুধু গণঅন্দোলনের ভয়ে বিগত সরকার গ্যাস রপ্তানি করা থেকে বিরত থাকে। বর্তমানে যদিও সরকার পরিবর্তন হয়েছে, সরকারি প্রশাসনে আমলাদের কার্যক্রম এখনও জনগণের আস্থা অর্জন করেনি। তাই সরকারি ভাষ্য হচ্ছে, পিএসসি-তে এলএনজি (তরলীকৃত গ্যাস) করে গ্যাস রপ্তানির ধারা থেকে থাকলেও বাস্তব অবস্থার প্রেক্ষাপটে গ্যাস রপ্তানি কখনোই হবে না, কারণ পিএসসি ধারায় গ্যাস কেনার প্রথম অধিকার বাংলাদেশের ও বাংলাদেশ গ্যাস কিনতে অসম্মতি প্রকাশ করলে তবেই রপ্তানি। কিন্তু যেকোনো কারণেই হোক, রপ্তানিবিরোধী মহলে সরকারের ব্যাখ্যা যথার্থভাবে পৌঁছেনি। পিএসসির নীতিমালায় বর্ণিত ধারাগুলো সম্পর্কে জনগণের অবিশ্বাস থেকে থাকলে, সরকারের দায়িত্ব ধারাগুলোকে জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা, যাতে পিএসসি তার ‘গোপনীয়’ মোড়ক থেকে বের হয়ে আসে। সরকার যদি মনে করে, বর্তমান নীতিমালায় প্রকৃতপক্ষে গ্যাস রপ্তানি সম্ভব নয়, তাহালে জনগণকে আস্থায় এনে এগিয়ে যেতে বাধা কোথায়?২০০৮ সালে ঘোষিত সমুদ্র গ্যাস ব্লক বিডিং ঘোষণার পর আজ পর্যন্ত শুধু তিনটি সমুদ্র ব্লকে অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কাজ চলেছে। ১৮টি গভীর সমুদ্র ব্লকসহ বাকি সমুদ্র ব্লকগুলো খালি ও অকার্যকর অবস্থায় পড়ে রইল। এদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমার তাদের সমুদ্র এলাকা ছাড়িয়েও বাংলাদেশের কোনো কোনো গ্যাসের ব্লক তাদের নিজের দাবি করে জোর অনুসন্ধান কাজ চালাচ্ছে। এর ফলে বাংলাদেশকে গ্যাস প্রসঙ্গ ছাড়াও সার্বভৌমত্ব প্রশ্নে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। সব পরিস্থিতিই বাংলাদেশকে একটি দিকনির্দেশনা প্রদান করে, আর তা হলো—এখনই তার সমুদ্রবক্ষে সর্বোতভাবে অনুসন্ধান কাজ শুরু করা অত্যাশ্যক। ড. বদরূল ইমাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ভিজিটিং ফ্যাকাল্টি, রেজাইনা বিশ্ববিদ্যালয়।