সাত খুনের বিচারের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিজন ভ্যানে নূর হোসেন (ডানে) ও তাঁর এক সহযোগী
প্রিজন ভ্যানে নূর হোসেন (ডানে) ও তাঁর এক সহযোগী

আলোচ্য বিষয় নিশ্চয়ই স্পষ্ট। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার রায় হয়েছে। ওই অপহরণ, হত্যা ও লাশ গুমের সঙ্গে যাঁরা সরাসরি জড়িত বলে প্রমাণিত হয়েছে, তাঁদের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। বাকিদের, অর্থাৎ যাঁরা এই অপরাধ সংঘটনে সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের কারাদণ্ড হয়েছে বিভিন্ন মেয়াদের।
বিচারে সবারই সন্তুষ্টি আছে। তদন্ত কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর এবং এই মামলার শতাধিক সাক্ষীর—সবাই কঠিন দায়িত্ব সুচারুভাবে পালনের জন্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
প্রথম থেকে জনমনে শঙ্কা ছিল মামলার ভাগ্য নিয়ে। এক অর্থে নূর হোসেন ইদানীংকালের সফল রাজনীতিবিদ। অর্থাৎ অপরাধে তিনি যত বেশি সিদ্ধহস্ত হচ্ছিলেন, তাঁর তত বেশি তরক্কি হচ্ছিল রাজনৈতিক অঙ্গনে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে শুধু আওয়ামী লীগই না, এ কালের সফল উঠতি রাজনৈতিক অনেক নেতার মতো তাঁর সম্পৃক্ততা ছিল অন্য দলের সঙ্গেও।
আজকাল রাজনৈতিক দলগুলোর মধ্যে নূর হোসেনের মতো ‘প্রভাবশালী’ নেতা তৈরি হচ্ছেন সম্ভবত প্রচুর। গত সপ্তাহে পত্রিকায় খবর ছাপিয়েছিল ছাত্রলীগের সভাপতি ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মফস্বল শহরে গেছেন সভা-সম্মেলনে যোগ দিতে।
আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন হতো ‘হিজ হিজ হুজ হুজ’ নিয়মে। অর্থাৎ যিনি যেভাবে পারেন, সেভাবে নির্বাচন করে জয়ী হন। দলীয় মনোনয়নের কোনো ব্যাপার ছিল না। এখন দলীয় মনোনয়ন দরকার সব নির্বাচনের জন্য। নূর হোসেন-মার্কা লোকজনকে মনোনয়ন দিলে মনে করা হয় জেতার সম্ভাবনা বেশি। তাঁদের অপরাধলব্ধ টাকা আর পেশিশক্তি নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখে। অর্থাৎ, নির্বাচন যদি হয়ে যায় অপরাধীদের প্রতিযোগিতার ক্ষেত্র, তাহলে নূর হোসেনের মতো প্লেয়াররা দলের জন্য মূল্যবান হাতিয়ার।
এক নূর হোসেনের ফাঁসি হয়েছে। পেছনের নূর হোসেনরা ধরাছোঁয়ার বাইরে। নূর হোসেনরাই যদি রাজনীতির মাঠ দখল করতে থাকেন, তাহলে সাত খুনের মতো ঘটনা হয়ে উঠবে অনেক বেশি নিত্যনৈমিত্তিক। তাই বিচারেই বিচার শেষ হয়নি।
টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান খানকে (রানা) দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জেনেছি। রানার মতো আরও সাংসদ নিশ্চয় আছেন। ছাত্রনেতা হয়ে হেলিকপ্টারে যাতায়াত, কোটি টাকার গাড়ি ব্যবহার, খুনের জন্য কোটি কোটি টাকা খরচ—এসব ‘নেতা’ দলে বিশাল বিশাল অবস্থায় থাকা চলতে থাকলে নূর হোসেনের মৃত্যুদণ্ডাদেশটা বৃথা যাবে। তাঁর ফাঁসি কার্যকর হলে তিনি নিশ্চয়ই আর অপরাধ করতে পারবেন না। কিন্তু রাজনীতিটা যদি নূর হোসেনদের মতো লোকের চারণভূমি হিসেবে থেকেই যায়, তাহলে...।

২.
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে বাহিনীর একটা ইউনিট এই জঘন্যতম অপরাধটি করেছে। অর্থের বিনিময়ে মানুষ খুন করা—এটা কোনোমতেই প্রথম অপরাধ হতে পারে না। অর্থের বিনিময়ে খুন সে–ই করতে পারে, যে অতীতে আরও অনেক অপরাধ করেছে।
আর নিম্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী যদি দোহাই দেন যে স্যার আদেশ দিয়েছিলেন সে জন্য পেট কেটেছি, তাহলে বুঝতে হবে বাহিনীতে বিরাট সমস্যা আছে। বাহিনীর একজন বা দুজন সদস্য হঠাৎ যদি কোনো অপরাধমূলক কাজ করে ফেলেন, সেটা অনেক ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে ‘ক্ষমাসুন্দর’ দৃষ্টিতে দেখা যেতেও পারে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত বড়সংখ্যক ব্যক্তি যখন এ রকম অপরাধে জড়িত হন ‘অর্থ উপার্জনের জন্য’, তখন বিচারে শাস্তি হওয়াটাই শেষ কথা হতে পারে না।
প্রয়োজন বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত। বাহিনীর এত বেশিসংখ্যক লোক কীভাবে এত বড় অপরাধ করলেন। নিশ্চয় বাহিনীর নিজস্ব নিয়মকানুন, শৃঙ্খলাবিধি, চেইন অব কমান্ড ও জবাবদিহির কাঠামোসহ অনেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভেঙে গিয়েছিল। আর এটা নিশ্চয়ই এক দিনে হয়নি। ভবিষ্যতে যে আবারও হবে না, তারই-বা নিশ্চয়তা কী।
হয়তো অভ্যন্তরীণ তদন্ত হয়েছে। গলদটা চিহ্নিত হয়েছে। প্রতিকারমূলক ব্যবস্থাও হয়তো নেওয়া হয়েছে। কিন্তু আমরা তো কিছুই জানি না। ব্যাপারটার গভীরতা অনেক বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের আইজি যতই অস্বীকার করেন না কেন, জনমনে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কোনো সন্দেহ নেই যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তা-কর্মচারী চাঁদাবাজি, দখলবাজি, অপহরণ, গুম এমনকি হত্যাকাণ্ডের (বিচারবহির্ভূত) সঙ্গে জড়িত।
তাই তদন্ত দরকার সমস্যার কারণ উদ্ঘাটনে এবং সমাধানের পথ চিহ্নিত করে সেই মাফিক ব্যবস্থা নেওয়ার জন্য। অন্তত জনগণকে আশ্বস্ত করা হোক—আমরা তদন্ত করছি, ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই না যে কোনো নাগরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৃত অপরাধের শিকার হোক।

৩.
সাত খুন মামলার নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এখন সরকারের দায়িত্ব ও কর্তব্য। উন্নত দেশগুলো অপরাধের শিকার ব্যক্তিদের (গুরুতর আহত হওয়ার ক্ষেত্রে) এবং নিহত বা খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা চালু করেছে, প্রায় ৫০ বছর আগে। আমাদের প্রতিবেশী ভারতও ২০০৮ সালে তাদের ফৌজদারি কার্যবিধিতে ৩৫৭ক ধারা যোগ করে অপরাধের শিকার ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সরকারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
সাত খুনের ঘটনা ঘটিয়েছিলেন যাঁরা, অর্থাৎ অপরাধীরা, সবাই সরকারের বেতনভোগী কর্মকর্তা-কর্মচারী। তাই এ ক্ষেত্রে রাষ্ট্রের একটা সরাসরি দায়ভার আছে। নিহত ব্যক্তিদের পরিবার আর্থিক কষ্টে আছে; দু-চারজনের ব্যাপারে পত্রপত্রিকায় বিশদ রিপোর্ট ছাপা হয়েছে।
সব অপরাধের শিকার বা অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে এখনই ক্ষতিপূরণ দিতে হবে, সে দাবি করছি না। কিন্তু সাত খুনের মামলার অপরাধীরা যেহেতু সরকারি ব্যক্তি, তাই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করা এখন রাষ্ট্রের নৈতিক, আইনগত ও মানবিক দায়িত্ব।
সুবিচারের ব্যবস্থা করে রাষ্ট্র একটা ভালো কাজ করেছে। এখন নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিয়ে আরেকটা ভালো কাজ করতে হবে রাষ্ট্রকে।

>সাত খুনের মামলার অপরাধীরা যেহেতু সরকারি ব্যক্তি, তাই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করা এখন রাষ্ট্রের নৈতিক, আইনগত ও মানবিক দায়িত্ব

৪.
এই বিচারের ফলে কিছু আইনের সংশোধনীর ব্যাপারও সামনে নিয়ে আসা যায়। আমাদের দুর্নীতি দমন আইনে ১৯৪৭ সাল থেকেই বিধান আছে যে দুর্নীতির দায়ে বিচারে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির কারাদণ্ডের (দুর্নীতির সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাবাস) সঙ্গে সঙ্গে দুর্নীতিলব্ধ যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত হবে। এই অর্থদণ্ডের বিধানটা অন্য ফৌজদারি আইনেও জুড়ে দিতে হবে চিন্তাভাবনা করে।
যেমন এখন আইনে বলা আছে, গুরুতর জখমের (অস্ত্র বা অস্ত্রজাতীয় কোনো কিছু ব্যবহার না করে) সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড এবং জরিমানা। যেসব শাস্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণটা নির্দিষ্ট করা আছে, সেখানে সাধারণত এক, দুই বা পাঁচ হাজার টাকার কথা বলা আছে।
ভিকটিমের ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য আর্থিক জরিমানার পরিমাণটা বাড়াতে হবে। ধরুন, আপনার ২০ হাজার টাকা দামের টেলিভিশন চুরি গেছে। চোর ধরা পড়ল, বিচার হলো, শাস্তি পেল তিন বছরের কারাবাস। এতে ভিকটিম হিসেবে আপনার কী লাভ? হ্যাঁ, বিচার হয়েছে—ওটাই সান্ত্বনা। কিন্তু শাস্তি হিসেবে যদি জুড়ে দেওয়া হতো ৪০ হাজার টাকা জরিমানা, যার অর্ধেক পাবেন আপনি আর অর্ধেক পাবে রাষ্ট্র; তাহলে আরও ভালো ন্যায়বিচার হতো।
সাত খুনের মামলার কিছু অপরাধী হর্তাকর্তা। নিশ্চয় সহায়-সম্পত্তি আছে তাগড়া-তুগড়া। খুনের শাস্তিসংক্রান্ত পেনাল কোডের ৩০২ ধারায় জরিমানার কথা বলা আছে। কিন্তু বড় অঙ্কের জরিমানা আরোপের প্রচলন নেই। ভিকটিম ও অপরাধের শিকার ব্যক্তিদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য জরিমানার দিকে নজর দিতে হবে। ক্ষতিপূরণের টাকা অপরাধীদের কাছ থেকে আদায় করতে হবে। যে ক্ষেত্রে অপরাধী নিজেই নিঃস্ব, সে ক্ষেত্রে ক্ষতিপূরণের মাধ্যমে কষ্ট কমানোর দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। এ পথে যাত্রা শুরু হোক সাত খুন মামলার নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণের মাধ্যমে।

শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। আইনের শিক্ষক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।