আজ ৬৯ বছর পেরিয়ে ৭০ বছরে পা দিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। চল্লিশ সহস্রাধিক প্রাণের চাঞ্চল্যে গমগম করে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল পঠনে সীমাবদ্ধ থাকেনি, দেশের ইতিহাস ও ঐতিহ্যের সংগ্রামে বুক পেতে দিয়ে এগিয়ে চলছে। ছায়াশীতল এই ক্যাম্পাস তাই আমাদের মাতৃতুল্য।
বাংলাদেশ বিনির্মাণে রাজশাহী বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে শ্রেণিসংগ্রামে যুক্ত থেকে কৃষক-তাঁতি-জেলে থেকে শুরু করে সমাজের উঁচুতলার সন্তানদের আলোকিত করার যে দায়িত্ব নিয়েছে, তার ফলস্বরূপ আজ আমরা দেশের বাইরে বসেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোহজালে আবদ্ধ রয়েছি। বর্তমানে আমি যে বিশ্ববিদ্যালয়ে যুক্ত রয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ে আট বছর পড়াশোনা করার পর যে স্মৃতিভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি স্মৃতি ফেলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পাঁচ বছরের কম সময়ে পড়াশোনা করে আসা ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যতটা হৃদয়ঙ্গম করেছি, যতটা জেনেছি, ভালোবেসেছি, তা পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ে পাব বলে বিশ্বাস করি না। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি প্রাক্তন শিক্ষার্থীদের কাছে চির অম্লান।
তাই বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকলেও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভালো অর্জন যেমন আমাদের চোখকে শীতল করে দেয়, তেমনি নেতিবাচক কর্মফল আমাদের কাঁদায়, ভাবায়। ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠার পর সাত দশকে পা দেওয়া আমাদের মতিহারের এই সবুজ চত্বরটির চাওয়া–পাওয়ার হিসাব কষা মোটেই মন্দ হবে না। বরং সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়তা বাড়াবে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় আলোকিত করতে গিয়ে নানা সমস্যায় মুখামুখি হওয়া বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি কতটা মন্থর কিংবা গতিশীল ছিল, তা গবেষণার বিষয়। তবে আমরা যে লক্ষ্যে উত্তরবঙ্গে এ বিশ্ববিদ্যালয় পেয়েছি, তা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। তবে রাজধানী ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তুলনা করি, তাহলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডাইভারসিটি বা বৈচিত্র্যতা চোখে পড়ার মতো কখনোই ছিল না। এর অন্যতম কারণ, ঢাকা কিংবা তার আশপাশের জেলাগুলোর ছেলেমেয়েরা অনেক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পেলেও তাঁরা রাজধানী ছেড়ে যেতে চান না। ফলে আঞ্চলিকতার গণ্ডি পেরোনো অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে, যদিও বর্তমানে এ অবস্থার পরিবর্তন আসছে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ধুঁকতে থাকা আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ও বৈশ্বিক শিক্ষার সঙ্গে তাল মিলাতে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। শিক্ষা ও গবেষণায় বার্ষিক কেন্দ্রীয় বরাদ্দ অপ্রতুলতার অজুহাতে মাদার বখশের এই বিশ্ববিদ্যালয়ে এখনো বিশ্বায়নের ছোঁয়া লাগেনি। সীমাবদ্ধ রিসোর্সের মধ্যে কিছু জেদি শিক্ষক গবেষণায় দিনাতিপাত করলেও অন্যরা গবেষণার উপযুক্ত পরিবেশ পায়নি কিংবা হয়ে উঠছে না। ১৯৭৩ অধ্যাদেশে পরিচালিত হওয়া এই বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন জ্ঞান তৈরি করার কাজ শিক্ষকদের কাঁধে দিলেও তা বহন করতে মুখ থুবড়ে পড়েছে। যুগের পর যুগ ধরে এক সিলেবাস পাঠসূচিতে অর্ন্তভুক্ত থাকায় সিলেবাসের সৃজনশীলতায় কলেবর বাড়েনি। একঘেয়েমি প্রশ্ন প্রণয়নে একাডেমিক ফলাফল বাড়লেও গুণগত শিক্ষার আস্ফালন আমাদের বিশ্ববিদ্যালয় অনুভব করেনি কিংবা করতে পারেনি।
আবাসিক হলগুলো থাকার পরও যখন আবাসন সমস্যা কাটছে না, তখন সেখানে অবৈধ দখলদারের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠে সাধারণ শিক্ষার্থীদের। যুগের পর যুগ ধরে ক্ষমতাশীন ছাত্রসংগঠনের হাতে জিম্মি থাকা আবাসন হলগুলোর ভয়ার্ত পরিবেশ কাটেনি। ফলে পত্রিকার সিরিজ শিরোনাম বিশ্ববিদ্যালয়কে ম্লান করলেও কর্তৃপক্ষদের দৃষ্টিহীনতা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে করেছে বিঘ্নিত।
দেশের পত্রপত্রিকায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিবাচক সংবাদের চেয়ে নেতিবাচক সংবাদে ভরা থাকে। ইতিবাচক সংবাদের খোড়াক না থাকায় নানা কারণে সমালোচিত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা যদি করা হয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এ তালিকায় সামনে স্থান দিতে হবে। সন্তানকে উচ্চশিক্ষায় পাঠিয়ে গত কয়েক দশকে অন্তত ৩৫ জন মা–বাবাকে তাঁদের সন্তান হারানোর জন্য অশ্রুবিসর্জন দিতে হয়েছে। কারও হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, পঙ্গুত্ব কিংবা অন্ধত্ব নিয়ে পার করছেন অনেক শিক্ষার্থী। আর এসব ঘটনা ঘটেছে মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর কোন্দলে। মৌলবাদীদের উত্থানে দিনদুপুরে রগ কাটার আতঙ্ক ছিল। এ ছাড়া কখনো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের উঁচু তলা থেকে ফেলে দিয়ে, কখনো গুলি করে, কখনো পিটিয়ে মেরে ম্যানহোলে ফেলে, আবার কখনো ট্রাকচাপায় নিহত হয়েছেন শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নন, মুক্তিযুদ্ধের পর মৌলবাদী গোষ্ঠী কিংবা তাদের সমর্থকদের হাতে নিহত হওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এস এ তাহের, অধ্যাপক ড. এ কে এম শফিউল আলম কিংবা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর রক্ত মিশে গেছে মতিহারের সবুজ চত্বরে।
নেতৃত্ব তৈরি করার অজুহাতে গড়ে ওঠা ছাত্রসংগঠনগুলো ঠিক কতটা ভূমিকা রাখছে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তে এসে ছাত্ররাজনীতির ঘেরাটোপে আমাদের শিক্ষার্থীরা ঠিক কতটা যুক্তিপ্রিয়, বিশ্লেষণশীল হচ্ছেন, তা কেবল বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সরকারকে সদিচ্ছার পরিচয় দিতে হবে।
আবাসিক হলগুলো থাকার পরও যখন আবাসন সমস্যা কাটছে না, তখন সেখানে অবৈধ দখলদারের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠে সাধারণ শিক্ষার্থীদের। যুগের পর যুগ ধরে ক্ষমতাশীন ছাত্রসংগঠনের হাতে জিম্মি থাকা আবাসন হলগুলোর ভয়ার্ত পরিবেশ কাটেনি। ফলে পত্রিকার সিরিজ শিরোনাম বিশ্ববিদ্যালয়কে ম্লান করলেও কর্তৃপক্ষদের দৃষ্টিহীনতা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে করেছে বিঘ্নিত। পুরোনো এ সমস্যা সমাধানে আমরা কোনো প্রশাসনকে শক্তিশালী ভূমিকায় থাকতে দেখিনি। এর কারণে সমস্যার জাল আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক বিকাশে অন্তরায় হিসেবে থেকেছে। যদিও বিষয়টিতে সরকারের প্রচ্ছন্ন ভূমিকা হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত রেখেছে। আর এ সমস্যা সমাধানে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। সমস্যার গভীরে গিয়ে তা মূলোৎপাটন করতে হবে।
সাত দশকে পা রাখা শহীদ শামসুজ্জোহার রক্তে ভেজা মতিহারের এ সবুজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব শিক্ষকদের সংখ্যা আঙুলের কড়ে গোনা যায়। শিক্ষার্থীদের মৌলিক ও নায্য দাবি আদায়ে শিক্ষকেরা কয়েক দশক ধরে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দেখা গিয়েছে। নিয়মের বাইরে গিয়ে অযোগ্য শিক্ষক নিয়োগের সংবাদ যেমন ছিল, তেমনি অসার উপাচার্যদের কাঁধে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব আমাদের বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক উন্মেষ করাতে ব্যর্থ হয়েছে। সমালোচিত ব্যক্তিদের বিচারের আওয়তায় না আসার দরুন শিক্ষকদের প্রতি শ্রদ্ধার অবনমন ঘটেই চলছে, যা কখনোই ভালো ফল বয়ে আনতে পারে না। ছাত্র-শিক্ষক কেন্দ্র থাকলেও মুষ্টিমেয় কিছু শিক্ষকের কর্মফলের জন্য তা কাজে আসছে না। ছাত্র-শিক্ষকদের সম্পর্কোন্নয়ন না করতে পারলে ক্লাসের পঠন-পাঠনে অম্ল-মধুরতা তৈরি হয় না। তলানিতে থাকা এই সম্পর্কোন্নয়নে ৭৫৩ একরের এই বিশ্ববিদ্যালয়কে নিতে হবে কার্যকর ভূমিকা।
দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নির্যাতিত কিংবা রক্তাক্ত হওয়ার ঘটনা কম নয়। জাতীয় স্বার্থে কাতর হওয়া ছাত্র-শিক্ষকদের এই সম্পর্ক ঈর্ষণীয় বটে। তবে সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া শিক্ষকদের প্রতি এই শ্রদ্ধাবোধ তৈরি করার দায়িত্ব কেবল শিক্ষার্থীদের নয়, শিক্ষকদের উদার দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ডে আকৃষ্ট করার দায়িত্ব তাঁদেরও।
এত নেতিবাচক আলোচনার পরও ১২ অনুষদের ৬০ বিভাগের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর বিশাল কলেবরের এই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের দেশের মানবসম্পদ সরবরাহের প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত হচ্ছে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলেও বিশ্বের প্রায় সব বড় বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছেন। শিক্ষা–গবেষণায় নিজেদের শ্রেষ্ঠত্ব তৈরি করছেন। দেশের ভেতর ও বাইরে নানা প্রতিষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নেতৃত্ব কেবল শোভাই বৃদ্ধি করছে না, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিধি বাড়াচ্ছে।
আমরা আশাবাদী মানুষ। রাষ্ট্র অধ্যাপক অরুণ কুমার বসাক, মনজুর হোসেনদের সম্মানিত করুক বা না করুক, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। অধ্যাপক হাসান আজিজুল হক তাঁর জ্ঞানের বাতি জ্বালিয়ে গেছেন, সনৎকুমার সাহারা আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। এভাবে নতুনেরা আসবে, নতুনদের হাতে এই বিশ্ববিদ্যালয়ের সব গ্লানি মুছে গিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরবে। ক্ষয়িষ্ণু ছাত্র-শিক্ষকদের মধুর সম্পর্কে ফিরে এসে প্রাণচাঞ্চল্যে ভরে উঠুক আমাদের উত্তরের এই বাতিঘর। ৭০ বছরে পা রাখা বিশ্ববিদ্যালয়ের অতীত ভুলভ্রান্তি শুধরে সামনের দিনগুলোতে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করুক, এই কামনা করি। এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মনেপ্রাণে চাই, অন্তত শতবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ শত বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিক।
ড. নাদিম মাহমুদ জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক