>প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে নিয়মিতভাবে পাঠকেরা বিভিন্ন সংবাদ ও মতামতের ওপর মন্তব্য করেন। এ সপ্তাহের কিছু নির্বাচিত মন্তব্য আজ প্রকাশিত হলো।
জাহাঙ্গীর শাহ। মার্চ ২৭

সংবাদ: গত সাত বছরে ঘটেছে ছয়টি বড় আর্থিক কেলেঙ্কারি। এসব কেলেঙ্কারিতে ৩০ হাজার কোটি টাকারও বেশি চুরি বা আত্মসাৎ করা হয়েছে। এ অর্থ দিয়েই অনায়াসে একটি পদ্মা সেতু তৈরি করা যেত। বড় এসব আর্থিক কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুলসংখ্যক সাধারণ মানুষ। এসব ক্ষেত্রে ব্যবস্থা না নিয়ে উল্টো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ছাড় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি কেলেঙ্কারিরও বিচার হয়নি। সাজা পাননি অভিযুক্তদের কেউ।
হাসান চৌধুরী
রাষ্ট্র যখন অপরাধী জেনেও মামলা করতে পারে না, তখন তা আর রাষ্ট্র থাকে না। রাষ্ট্রের কাজ জনগণের সেবা করা তার বিনিময়ে জনগণ ভ্যাট, ট্যাক্স ইত্যাদি দেয়। সারা বিশ্বে যখন তেলের দাম কমানো হয়েছে, তখন আমাদের দেশে বাড়ানো হয়েছে কেন? বিদ্যুৎ ও গ্যাসের দামও বাড়ানো হয়েছে এই চুরি হওয়া টাকার ঘাটতি মেটানোর জন্য?
আসমী
সরকারের সাফল্য এখানেই, প্রতিবাদ তো দূরে থাক, কেউ কথা বলে না। বাংলাদেশের মানুষ মেতে আছে ফেসবুক, ক্রিকেট, জন্মদিন, পয়লা ফাগুন, পয়লা বৈশাখ, মোটের ওপর উৎসব নিয়ে। আসলে আমরা সমস্যা ভুলে থাকতে চাই উৎসবের মাধ্যমে।
মাহতাব হোসেন
গত বিএনপি সরকারের আমলেও আর্থিক কেলেঙ্কারি ঘটেছে, তবে এ সরকারের আমলে ঘটা কেলেঙ্কারির কাছে তা ছিল অতি নগণ্য, কিন্তু সেই কেলেঙ্কারি নিয়ে আওয়ামী লীগ ও তার সরকার কত হম্বিতম্বি করল। একদিকে নানা প্রক্রিয়ায় জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, অপরদিকে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে লালবাতি জ্বালিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। কিন্তু আমরা মিডিয়ায় কেবলই উন্নয়নের ডুগডুগি বাজানোর গল্প শুনতে বা দেখতে বাধ্য হই।