সাধু, ভাবিয়া করিও কাজ...

আমরা কেউই ভবিষ্যৎ জানি না। কী করতে কী হয়ে যাবে কে বলতে পারে? আপনার দৃষ্টিতে আপনি ভাবলেন, মহৎ কাজ করে ফেলেছেন। কিন্তু সময় সেটার জন্য শাস্তি দিতে পারে। ২০১২ সালে মালের জঙ্গিনেতা আহমাদ আল-মাহদি জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য-ঘোষিত টিমবাকটুর ঐতিহাসিক সৌধগুলো ধ্বংস করে গর্ব করেছিলেন। চার বছর পর এ সপ্তাহে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করল। ১১ বছরের সাজাও হলো। তাঁর দেশবাসীর কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। তাই বিশ্ব ঐতিহ্যে হাত দেওয়ার আগে ভাবা দরকার।
মাহদির বিচারের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাংস্কৃতিক সম্পদ ধ্বংসকে যুদ্ধাপরাধের আওতায় আনা হলো (নিউইয়র্ক টাইমস, ৮ অক্টোবর, ২০১৫)। আগেকার দিনে যুদ্ধাপরাধ বলতে ব্যক্তিকে হত্যা-ধর্ষণ ও গণহত্যা বোঝানো হতো। কিন্তু এখন বিশ্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ ধ্বংসকেও যুদ্ধাপরাধ হিসেবে দেখা হচ্ছে। মাহদির অপরাধ, তিনি নিজ হাতে তাঁর জন্মভূমি মালির প্রাচীন শহর টিমবাকটুর প্রাচীন মসজিদ ও দরগা ধ্বংস করেন। ২০১২ সালে আল-কায়েদার সঙ্গে জড়িত মাহদির দলের সশস্ত্র লোকেরা টিমবাকটু দখল করে এই ধ্বংসযজ্ঞ চালায়।
মাহদি সভ্যতার কত বড় ক্ষতি করেছেন, তা বুঝতে মালি সাম্রাজ্যের সাবেক রাজধানী টিমবাকটুর ইতিহাসে সামান্য নজরপাত করা প্রয়োজন।
ইউরোপীয় রেনেসাঁর জন্য যেমন ইতালির ফ্লোরেন্স নগর বিখ্যাত, ইসলামি রেনেসাঁর জন্য তেমনই বিখ্যাত পশ্চিম আফ্রিকার শহর টিমবাকটু। টিমবাকটু এ জন্য রেনেসাঁ যুগের ফ্লোরেন্সের সঙ্গে তুলনীয়। ইউরোপের কাছে তখন এ শহর হয়ে উঠেছিল একই সঙ্গে আকর্ষণীয় ও রহস্যময়। একে বলা হতো বইয়ের শহর। টিমবাকটুর ইতিহাসের শুরু দশম শতকে। এরপর তেরো থেকে সতেরো শতক অবধি এটা ছিল ইসলামি জ্ঞানচর্চার পীঠস্থান। ধর্মতত্ত্ব, শিল্পকলা ও বিজ্ঞানচর্চার তীর্থ হয়ে উঠেছিল শহরটি। বই রপ্তানি করা ছিল টিমবাকটুর ব্যবসাগুলোর অন্যতম। সম্রাট আসকিয়া মোহাম্মদের উৎসাহে হাজার হাজার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল। বিভিন্ন ভাষার বই অনুবাদ করা হয়েছিল।
দশম শতকে এ শহরের ধনী এক নারী প্রতিষ্ঠা করেন আফ্রিকার প্রথম বিশ্ববিদ্যালয়—সাংকোরি মসজিদ ও মাদ্রাসা। এখানে পড়াতে আসতেন বাইরের অধ্যাপকেরাও। এখানে একসঙ্গে বাস করতে পারতেন ২৫ হাজার ছাত্র। বইয়ের সংখ্যার দিক থেকে সে আমলে সাংকোরি পাঠাগারের তুলনা ছিল একমাত্র মিসরের আলেকজান্দ্রিয়ার পাঠাগার। টিমবাকটুর পাঠাগারে ছিল চার থেকে সাত লাখ পুস্তকের পাণ্ডুলিপি। এত সব কারণেই টিমবাকটুর প্রাচীন স্থাপনাগুলোকে জাতিসংঘের ইউনেসকো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছিল।
উগ্রপন্থী মাহদির পক্ষে বোঝা সম্ভব ছিল না, সভ্যতার কত বড় ক্ষতি তিনি করছেন। এর মাধ্যমে পৃথিবী হারিয়ে ফেলল বিরাট এক সাংস্কৃতিক কেন্দ্রের উত্তরাধিকার। প্রত্নতাত্ত্বিক দিক থেকেও এই ক্ষতি অপূরণীয়। পৃথিবী আরেকটা সাংকোরি মসজিদ বানাতে পারবে না।
কেবল যুদ্ধের জন্য নয়, উন্নয়নের জন্যও বিশ্ব ঐতিহ্য হুমকির মুখে পড়তে পারে। পাকিস্তানের লাহোরের প্রস্তাবিত মেট্রো লাইন নির্মাণ আটকে দিয়েছেন সে দেশের একটি আদালত। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়, শালিমার গার্ডেনও ইউনেসকোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যের অংশ। এর ২০০ ফুটের মধ্যে মেট্রোরেল হলে শালিমার গার্ডেনসহ মুঘল আমলের ১১টি স্থাপনার ক্ষতি হবে।
এখনো ‘উন্নয়নের’ নামে বিশ্বের বিরলতম প্রাকৃতিক সম্পদ ধ্বংসকে যুদ্ধাপরাধ কিংবা আন্তর্জাতিক অপরাধ হিসেবে দেখা শুরু হয়নি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি ধ্বংসের কারণে মানবজাতি যে বিপর্যয়ের কিনারে এসে পৌঁছেছে, তাতে মানুষ আগের চেয়ে অনেক বেশি পরিবেশসচেতন। অস্তিত্ব যখন হুমকিতে এসে পড়ে, তখন টনক থাকলে তা নড়ানোই ভালো। তাই প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে চিহ্নিত বিশ্ব ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যের ক্ষতি করায় বাহাদুরি তো নেইই, বরং তা ভবিষ্যতে তা অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বাংলাদেশের সুন্দরবনও বিশ্ব ঐতিহ্যের অংশ। সুন্দরবনের কোনো বিকল্প নেই। সুন্দরবনের জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর রামপাল প্রকল্প নিয়ে এগোনোর আগে তাই আরেকবার ভাবা দরকার। এ প্রসঙ্গে ভারত থেকেও উদাহরণ দেওয়া যায়। ভারতে সরকার সম্প্রতি ৩০০ কোটি ডলারের একটি হীরক উত্তোলন প্রকল্প সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে। বনের বাঘের চলাচলের পথ অবাধ রাখা ও পরিবেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতভাবে বেঁচে যায় ভারতের মধ্যপ্রদেশের ছাত্তারপুর বনাঞ্চলের ৯৭১ হেক্টর এলাকার মোট ৪ লাখ ৯২ হাজার গাছ।
সম্প্রতি ভারতের বেশ কয়েকজন নদী, বন ও পরিবেশ বিশেষজ্ঞ সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের খবরে বিস্ময় প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান ড. কল্যাণ রুদ্র একাধারে বিশিষ্ট পরিবেশবিদ ও নদী বিশেষজ্ঞ। ঢাকার অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বা ভারতের কোথাও সংরক্ষিত অরণ্যের এত কাছে তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার কোনো নজির নেই। ভারতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ীই এই তাপবিদ্যুৎকেন্দ্র “রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি”-র গোত্রে পড়ে, অর্থাৎ এই শিল্প পরিবেশের জন্য অতি বিপজ্জনক, এটা “এফ্লুয়েন্ট” ও “এমিশন” দুটোই করে। সেখানে কোনো অভয়ারণ্যের খুব কাছে এ ধরনের প্ল্যান্ট স্থাপনের কোনো প্রশ্নই ওঠে না।’ তাঁর কথার প্রতিধ্বনি করেছেন ভারতের বিভিন্ন রাজ্যর পরিবেশবিদ ও বন বিশেষজ্ঞরাও (২২ আগস্ট, ২০১৬)।
ভারত-পাকিস্তান যা পারে, তা যদি আমরা না পারি, তাহলে সেই ব্যর্থতা কার হবে? সেটা দেশের ব্যর্থতা, জনগণের ব্যর্থতা, সর্বোপরি সরকারের ব্যর্থতা। এ রকম ব্যর্থ হতে কেন ভালোবাসে কিছু মানুষ? আফসোস!