
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় দায়রা জজ আদালত ঘোষণা দেওয়ার পর র্যাব নামের সংস্থাটি নতুনভাবে আলোচনায় এসেছে। চাঞ্চল্যকর এ মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলসহ র্যাবের ১৬ জন সদস্য। একই দণ্ডে দণ্ডিত হয়েছেন ১০ জন বেসামরিক ব্যক্তি। অবশ্য সাত খুনের ঘটনাটি শুধু সংখ্যায় নয়, বিভিন্ন মাত্রায় ছিল বিরল। অভিযোগ রয়েছে স্থানীয় একজন গডফাদার তাঁর অবৈধ সম্পদ অর্জনের পথে অপর একজন প্রতিদ্বন্দ্বীকে খুন করাতে স্থানীয় র্যাব কর্মকর্তাদের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে চুক্তিবদ্ধ হন। স্থানীয় র্যাব ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে একাধিক কর্মকর্তা ও সদস্য ওই প্রতিদ্বন্দ্বীকে তুলে নিতে গিয়ে নিয়ে যান সাতজনকে। কারণ হচ্ছে, অপহরণের আলামত গোপন রাখতে হবে। খুন করে তাঁদের সবাইকে। নদীতে গুম করা হয় তাঁদের লাশ।
ঘটনাটি স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। প্রতিবাদী হয় জনগণ। পাশাপাশি সোচ্চার থাকে গণমাধ্যম। ঘটনাটি সর্বোচ্চ আদালতের নজরে এলে তাঁদের নির্দেশে মামলা প্রকৃত গতি পায়। বিচার–প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হলেও এ পর্যন্ত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ। পাশাপাশি অনেক ব্যক্তি ও সংস্থা র্যাব ভেঙে দেওয়ার দাবিও জানাচ্ছে। এর মধ্যে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি মানবাধিকার সংগঠনও। আমরা খবরের কাগজে দেখি রায়ে বিজ্ঞ বিচারক সংস্থা হিসেবে র্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। পাশাপাশি মন্তব্য করেছেন, যেসব সংস্থা থেকে র্যাবে পদায়ন করা হয় তাদের অনেক যাচাই-বাছাই করে তা করা সংগত। অন্যদিকে র্যাবের মহাপরিচালকও বলেছেন, এ কাজটির দায়দায়িত্ব র্যাবের নয়; বরং সেসব সদস্যের, যাঁরা কাজটি করেছেন।
আলোচনায় আসে, এ দায়টি শুধু ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বলা যাবে কি না? ঘটনার দিন র্যাবের ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্য সদস্যরা কর্মরত ছিলেন। তাঁদের গোয়েন্দা সূত্র ব্যবহৃত হয়েছে আক্রমণের মূল শিকার কাউন্সিলর নজরুলের গতিবিধি জানতে। ব্যবহৃত হয়েছে সংগঠনের যানবাহন, অস্ত্র, মালামালসহ বিভিন্ন পর্যায়ের জনবল। সুতরাং কাজটি নিছকই ব্যক্তিগত দায়িত্বে করা হয়েছে, এমনটা বলা যাবে না। আবার এ কার্যক্রম প্রতিষ্ঠানের ম্যান্ডেটভুক্ত নয়; বরং এর বিরোধী ও শাস্তিযোগ্য। তাই এটাকে সর্বাংশে প্রাতিষ্ঠানিক বলাও যথার্থ নয়।
তবে নিষ্ঠুর সত্য যে জনগণকে দুর্বৃত্তদের হাত থেকে বিভিন্নভাবে রক্ষা করতে যে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে, তাদেরই কিছুসংখ্যক সদস্য এমন জঘন্য কাজটি করলেন। তাঁরা কাজটি করেছেন ভাড়াটে খুনির মতো। অপব্যবহার করেছেন প্রাতিষ্ঠানিক ক্ষমতা। নারায়ণগঞ্জ ঢাকা মহানগর থেকে খুব দূরের স্থান নয়। এখানে কর্মরত ব্যাটালিয়নটির নেতৃত্বের অনুরূপ আচরণ সম্পর্কে আরও বেশ কিছু অভিযোগ এবং এ ধরনের অপরাধ চক্রের সঙ্গে যোগসাজশের বিষয়ে সদর দপ্তরের না জানা কিংবা কোনো ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। এ ব্যর্থতায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার সক্ষমতা সম্পর্কে প্রশ্ন আসে। আকৃতি ও প্রকৃতি ভিন্ন হলেও অতীতে এরূপ হয়েছে আর চলছে—এমনটা ধরে নিলে নেহাত ভুল বলা যাবে না। সেগুলো যা-ই হোক আলোচিত ঘটনাটিকে নেহাতই ব্যক্তিগত অপরাধ বলার সুযোগ নেই। এখানে দায়বদ্ধতা রয়েছে প্রতিষ্ঠানের।
তবে তাই বলে কি আমরা র্যাব ভেঙে দেওয়ার দাবি জানাব! ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠিত হয়। এটা পুলিশ বাহিনীর একটি অঙ্গ এবং মহাপরিদর্শকের নিয়ন্ত্রণে রয়েছে। শুরু থেকেই এটা নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। এখনো আছে। তবে সব সরকারই এটা ব্যবহার করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত র্যাবের কার্যক্রম পর্যালোচনা করলে এর সাফল্যের তালিকায় অনেক কিছু আসবে। জেএমবির তৎপরতা নিয়ন্ত্রণে বাহিনীটি অত্যন্ত সাফল্যের পরিচয় দেয়। সক্ষম হয় এর নেতাদের দেশের প্রচলিত আইনের আওতায় আনতে। দেশের শীর্ষ সন্ত্রাসীদের জন্যও একপর্যায়ে এ বাহিনী ছিল ত্রাস। এদের অনেকের তৎপরতাই তারা বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে তা করতে গিয়ে ক্ষেত্রবিশেষে বেছে নিয়েছে বিচারবহির্ভূত হত্যার পথ। এ নিয়ে সমালোচিত হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়ক শক্তি হিসেবে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বিশেষ করে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতা আইনশৃঙ্খলা ব্যবস্থার গুরুতর অবনতি ঘটায়। তখন কোথাও কোথাও পুলিশ অনেকটা কাবু হয়ে যায়। হতাহত হন বেশ কিছু পুলিশ সদস্য। এমনকি রাজধানীতেও তাঁরা আক্রান্ত হয়েছেন। সে পরিস্থিতি র্যাব এবং কোথাও কোথাও বিজিবি নিয়োগ করে নিয়ন্ত্রণে আনা হয়। এখন পুলিশের শক্তি-সামর্থ্য অনেক বাড়লেও দুর্ভাগ্যজনকভাবে দেশের অপরাধ জগতেরও প্রসার ঘটছে।
ভেজালবিরোধী অভিযান, ডলার জালিয়াতি চক্র ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায়ও র্যাব উল্লেখযোগ্য অবদান রাখছে। তাদের একটি অতিচমৎকার গোয়েন্দা নেটওয়ার্ক আছে। একে ব্যবহার করে অপরাধজগতের ওপর ক্রমান্বয়ে আঘাত করে যাওয়া সহজতর। জঙ্গিবিরোধী অভিযানে পুলিশের একটি ইউনিট এখন যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। তবে পাশাপাশি র্যাবের সামর্থ্যকেও কাজে লাগালে আরও ভালো ফল পাওয়া যাবে। তদুপরি অন্য বেসামরিক সংগঠনগুলোর মতো পুলিশে দলীয়করণের অভিযোগ ব্যাপক। কিন্তু সামরিক বাহিনীতে এ ধরনের অবস্থা অনেক কম। র্যাবে সামরিক বাহিনীর কর্মকর্তারা থাকেন বিধায় রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম।
প্রশংসার পাশাপাশি র্যাবের সমালোচনা করারও অনেক কিছু রয়েছে। বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আগেই আলোচিত হয়েছে। এ ছাড়া অভিযোগ রয়েছে তারা কোনো ব্যক্তিকে হেফাজতে নিয়ে অনেক দিন পর কোনো বিশেষ স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়। এ ছাড়া গুম করে ফেলার অভিযোগ তো আছেই। বলা হয়, বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন বাহিনীর কিছু কিছু সদস্য। একটির প্রমাণ তো নারায়ণগঞ্জের সাত খুনের মামলাতেই হয়ে গেল।
তবে সাত খুন না হলেও খুনসহ বিভিন্ন বিচারবহির্ভূত হত্যা, চোরাচালান, মাদক পাচার, চাঁদাবাজি ইত্যাদির অভিযোগ তো পুলিশসহ
আরও কিছু প্রতিষ্ঠানের কোনো কোনো সদস্যের বিরুদ্ধেও রয়েছে। তা-ই বলে কি আমরা পুলিশবিহীন একটি রাষ্ট্রের কথা চিন্তা করতে
পারি! স্বল্প সময়ের জন্যও এমনটা চলতে পারে না। তাই র্যাবকে ভেঙে দেওয়ার দাবি কেন আসে—এটা দুর্বোধ্য।
প্রাতিষ্ঠানিকভাবে র্যাব পুলিশের অঙ্গ হলেও এর জনবলকাঠামো কিছুটা ভিন্নতর। সশস্ত্র বাহিনীর তিনটি অঙ্গ—পুলিশ, বিজিবি ও
আনসার সদস্যরা এতে রয়েছেন। এ সংস্থার মহাপরিচালক হন পুলিশ থেকেই। তবে কোনো না কোনো কারণে ব্যাটালিয়নগুলো মূলত সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজন বিবেচিত হলে জনবলকাঠামোয় বাহিনীগুলোর অনুপাত পুনর্বিন্যাস করা যায়। তবে সবচেয়ে বেশি প্রয়োজন এসব বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা।
পুলিশের কার্যক্রম আইন ছাড়াও একটি প্রবিধান দ্বারা পরিচালিত হয়। রয়েছে যুগবাহিত রেওয়াজ। তাঁরাও সময়ে-সময়ে এগুলোকে অবজ্ঞা বা অপব্যবহার করেন। আবার তা করার জন্য ক্ষেত্রবিশেষে জবাবদিহিও করতে হয়। নিজস্ব চেইন অব কমান্ড ছাড়াও একটি সমান্তরাল সমন্বয়ব্যবস্থা রয়েছে পুলিশের ক্ষেত্রে। কিন্তু র্যাব ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ অনুসারে গঠিত হলেও পুলিশ প্রবিধান অনুসরণ করে না। এর ফলে কার্যত মাঠপর্যায়ে সমান্তরাল দুটো আইন প্রয়োগকারী সংস্থা হয়ে গেছে। তাদের কার্যক্রম সম্পর্কে প্রায়ই পুলিশ সুপাররা অবগত হন না। তেমনি অবস্থা জেলা ম্যাজিস্ট্রেটদের। মহানগর পুলিশের অধিক্ষেত্রে পুলিশ কমিশনারও অন্ধকারে থাকেন র্যাবের কার্যক্রম সম্পর্কে। অথচ ফৌজদারি কার্যবিধি অনুসারে সেনাবাহিনী তলব করা হলে তাঁরাও কাজ করেন জেলা ম্যাজিস্ট্রেট এবং ক্ষেত্রবিশেষে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে। তাই র্যাবের সঙ্গে কোনো না কোনো প্রকার একটি সমান্তরাল সমন্বয়ব্যবস্থা অতিপ্রয়োজনীয়। প্রতিষ্ঠার এক যুগ পাড়ি দিয়েছে র্যাব। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।
পরিশেষে বলা চলে র্যাবের সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কৃতিত্ব এ বাহিনীরই। তেমনি নারায়ণগঞ্জ ঘটনার গ্লানিও তাদেরই নিতে হবে। তবে এর জন্য র্যাব ভেঙে দেওয়ার দাবি সমর্থনযোগ্য নয়; বরং বাহিনীটিকে অধিকতর পেশাদারির সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালন নিশ্চিত করার দায়িত্ব এর নেতৃত্বের।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]