সাবধান, হাওরে দুর্নীতি হতে পারে
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলহানির কারণে হাওরাঞ্চলের মানুষ আগামী এক বছরের জন্য যে গভীর সংকটে পড়েছেন, সরকার তা গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বলে মনে হচ্ছে। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জ সফরের মধ্য দিয়ে গুরুত্বটা স্পষ্ট হয়েছে।
প্রধানমন্ত্রী সেখানে আশ্বাস দিয়েছেন, সরকার হাওরবাসীর পাশে থাকবে, প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা করবে। তিনি বলেছেন, খাদ্যের অভাব হবে না। কারণ, দেশে যথেষ্ট খাদ্য মজুত আছে। এর পরেও প্রয়োজন হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে হাওরবাসীকে সম্ভাব্য অনাহার থেকে রক্ষা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণসাহায্য, কৃষিঋণ পরিশোধ এক বছরের জন্য স্থগিত রাখা ইত্যাদি পদক্ষেপের কথা তিনি ঘোষণা করেছেন। তা ছাড়া কিছু সহযোগিতা কর্মসূচি ইতিমধ্যেই চালু হয়েছে। যেমন: স্বল্পমূল্যে চাল বিক্রি এবং কিছু নগদ টাকা প্রদান। ভিজিএফ কর্মসূচির আওতাও বাড়ানো হয়েছে। সারা বছর ধরে, অর্থাৎ আগামী মৌসুমের ফসল না ওঠা পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলে বলা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে এসব প্রতিশ্রুতি অবশ্যই স্বস্তিদায়ক, তবে দুর্গত হাওরবাসীর দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট নয়। কারণ, আর সবার মতো তাঁদেরও অভিজ্ঞতা হলো সরকারি প্রতিশ্রুতি পূরণে অনেক ঘাটতি থেকে যায়।
আমরা যদি হাওরবাসীকে আন্তরিকভাবেই সহযোগিতা করতে চাই, তাহলে গৃহীত সব ত্রাণ-সহযোগিতা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সহানুভূতির সঙ্গে, সম্পূর্ণ সৎভাবে।
সততার প্রসঙ্গ তুলছি এই কারণে যে দুর্নীতির কারণে হাওরের ফসলহানির অভিযোগ উঠেছে। হাওরবাসী অভিযোগ করেছেন, ফসল রক্ষার জন্য সরকারি ব্যয়ে যেসব বাঁধ নির্মাণ ও মেরামত করার কথা ছিল, সেগুলো ঠিকমতো ও সময়মতো মেরামত করা হয়নি বলেই এত ব্যাপক ফসলহানি ঘটেছে। আর এখন যখন ক্ষতিগ্রস্ত হাওরবাসীর জন্য ত্রাণ-সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন হাওরবাসী আশঙ্কা করছেন, ত্রাণ কর্মসূচি বাস্তবায়নে আরও বড় আকারের অনিয়ম-দুর্নীতি হতে পারে। সুনামগঞ্জের রাস্তাঘাটে আমাকে অনেকেই বলেছেন, দুর্নীতিবাজেরা এখন বড় রকমের দুর্নীতির জন্য তৈরি হচ্ছে। তাঁরা মনে করছেন, ক্ষতিগ্রস্ত হাওরবাসীর জন্য প্রচুর পরিমাণ ত্রাণ-সাহায্য আসবে, দুর্নীতিবাজেরা তা থেকে নিজেদের আখের গোছানোর চেষ্টা করবে।
গরিব হাওরবাসীর হক মেরে দুর্নীতিবাজেরা নিজেদের আখের গোছাবে—এমন আশঙ্কার কথা আমি অনেকের মুখেই শুনেছি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতি বরদাশত করা হবে না, তবু হাওরবাসী আশ্বস্ত হতে পারছেন না। কারণ, তাঁরা দেখে আসছেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের কাজে অনিয়ম-দুর্নীতি একটা নিয়মিত ও স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়েছে। সময়মতো সঠিকভাবে বাঁধগুলো নির্মাণ ও মেরামত করা না হলে কয়েক লাখ হেক্টর জমির ফসল তলিয়ে যেতে পারে—এ কথা জানা থাকা সত্ত্বেও যারা বাঁধ নির্মাণ ও মেরামতের কাজে অনিয়ম-দুর্নীতি করতে পারে, তাদের কাছে হাওরবাসীর দুঃখকষ্ট কোনো ব্যাপারই নয়। এই সব নীতিহীন ও বিবেকবর্জিত লোককে কঠোর হাতে দমন করা দরকার।
হাওরবাসীকে তাঁদের এই দুর্দিনে সত্যিকার অর্থে সহযোগিতা করতে হলে প্রথম কাজ হবে সরকারি ত্রাণ-সহযোগিতা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। এটাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেটুকু সাহায্য-সহযোগিতাই দেওয়া হোক না কেন, তা যেন ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ঠিকমতো পৌঁছায়, এটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য সম্ভাব্য অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করাই যথেষ্ট নয়; কেউ যেন অনিয়ম-দুর্নীতি করার সুযোগই না পায়, সে লক্ষ্যে আগাম পদক্ষেপ নিতে হবে।
কিন্তু সেই পদক্ষেপ কে নেবে? ত্রাণ-সহযোগিতা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব যাঁরা পালন করবেন, তাঁদের সততা নিশ্চিত করা যাবে কীভাবে? তাঁরা নিজেরাই নিজেদের নীতি-নৈতিকতা অটুট রেখে সব গরিব মানুষের হক তাঁদের হাতে তুলে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু এই দেশে সাধারণত তা হয় না। একটা দৃষ্টান্তের কথা বলা যেতে পারে: সরকারের ভিজিএফ কর্মসূচি চালু করা হয়েছে একদম নিঃস্ব, ‘ভালনারেবল’ বা নাজুক জনগোষ্ঠীকে কোনো রকমে বেঁচে থাকতে সহযোগিতা করার লক্ষ্যে। সেই নিঃস্বতম সব মানুষের হকও যখন মেরে খাওয়া হয়, তখন বিবেক আর নীতি-নৈতিকতার কথা অর্থহীন হয়ে যায়। তাই দুর্গত হাওরবাসীর জন্য বরাদ্দ ত্রাণ-সহযোগিতা লুটপাটের চেষ্টা কেউ করবে না—এ রকম ভরসা অন্তত হাওরবাসী করতে পারছেন না।
সুতরাং হাওরের ত্রাণ কর্মসূচি বাস্তবায়নের ওপর কঠোর নজরদারির ব্যবস্থা নিতে হবে। যাঁরা ওই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবেন, নজরদারির দায়িত্ব তাঁদের দেওয়া যাবে না। বাইরের কোনো কর্তৃপক্ষ বা সংস্থার ওপর এই দায়িত্ব অর্পণ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কথা ভাবা যেতে পারে। দুর্নীতি দমনের দায়িত্বে নিয়োজিত এই সংস্থা সাধারণত দুর্নীতি ঘটে যাওয়ার পরে অভিযোগ উঠলে সেসব অভিযোগ তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু দুর্নীতির সুযোগ অবারিত রেখে দুর্নীতিবাজদের আখের গোছানোর সুযোগ দিয়ে পরবর্তীকালে তারা দুর্নীতি করেছে কি না, সেটা তদন্ত করা কোনো কাজের কাজ নয়। কাজের কাজ হলো কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায়, তা নিশ্চিত করা, দুর্নীতির সব পথ বা উপায় বন্ধ করা, দুর্নীতি প্রতিরোধ করা।
হাওরাঞ্চলের দুর্গত মানুষগুলোর প্রত্যেকের জন্য সরকার যেটুকু ত্রাণসাহায্য বরাদ্দ করবে, তার সবটুকু প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে ত্রাণ কর্মসূচি বাস্তবায়নের ওপর নিয়মিত নজরদারির ব্যবস্থা নেওয়া হোক। দুদক কিংবা সরকারের অন্য কোনো সংস্থার নেতৃত্বে নজরদারি টিম গঠন করা যেতে পারে, যারা মাঠপর্যায়ে ত্রাণ কর্মসূচি বাস্তবায়নের কাজ নিয়মিতভাবে নজরদারি করবে।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক