সাবিনাদের মরতে দেবেন না
প্রথম আলোয় ৭ আগস্টের একটি খবর, জুতা না পরে স্কুলে যাওয়ায় সাবিনা নামের এক ছাত্রীকে স্কুল থেকে বের করে দেন শ্রেণিশিক্ষক। এ অপমান সইতে না পেরে স্কুলছাত্রীটি আত্মহত্যা করেছে। নাটোরের সিংড়া উপজেলায় পৌর এলাকার চকসিংড়া মহল্লায় ৬ আগস্ট এ ঘটনা ঘটে।
আহ্, কী মর্মান্তিক একটি ঘটনা! সাবিনার বয়স হয়েছিল মাত্র ১২ বছর। ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে। আর এই বয়সেই কিনা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল মেয়েটি?
প্রথম আলোর খবর অনুযায়ী, স্কুলের জুতা পরে না আসার জন্য শ্রেণিশিক্ষক সাবিনাসহ তিনজন ছাত্রীকে বকুনি দেন এবং তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে জুতা পরে আসতে বলেন। কিন্তু বাড়ি এসে সাবিনা নিজ কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভাবি, এক দিন স্কুলে জুতা না পরে গিয়ে মেয়েটা কি খুব বেশি অপরাধ করে ফেলেছিল? এক দিন জুতা না পরলে কী হয়? মানি, স্কুলের নিয়মশৃঙ্খলার সঙ্গে বিষয়টি জড়িত। তাই বলে তখনই জুতা পরে আসতে হবে? এ কেমন শিক্ষক? কেমন তাঁর বিবেচনা?
ওই শিক্ষকের উদ্দেশে বলছি, খুব কি জরুরি ছিল ওই দিনই বাড়ি থেকে জুতা পরে আসতে বলার? কী হতো যদি পরদিন থেকে মেয়েটি জুতা পরে স্কুলে যেত? খুব ক্ষতি হতো কি?
সাবিনার শ্রেণিশিক্ষক হয়তো ভাবতে পারেননি তাঁর এ কাজের জন্য একটি মেয়ে এভাবে আত্মহত্যা করে ফেলতে পারে। এত তুচ্ছ কারণে কেউ আত্মহত্যা করে? অনেকেই হয়তো একই কথা বলবেন।
কিন্তু এটাও ভাবতে হবে, আমার কাছে যা তুচ্ছ, অন্যের কাছে তা বিরাট একটা ঘটনা, বিশেষ করে সাবিনার মতো বয়সী মেয়েদের কাছে, যারা বয়ঃসন্ধিক্ষণে উপস্থিত। মনোবিজ্ঞানীদের মতে, কৈশোরকালটা আসলে খুব স্পর্শকাতর সময়। এ সময় তাদের আবেগ একধরনের টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যায়। রাগ, ক্ষোভ, ঘৃণা, আনন্দ—সবকিছুই এ সময় একটু বেশি পরিমাণে থাকে। বেশির ভাগ ক্ষেত্রে তাদের কাজগুলো হয় আবেগনির্ভর। এসব কাজের ফলাফল কী হবে, সেটা তারা ভাবে না। ফলে ঘটে আত্মহত্যার মতো মারাত্মক ঘটনা।
গত ১৫ জুলাইয়ের ঘটনা। সিরাজগঞ্জে মা-বাবার ওপর অভিমান করে ফারিয়া জেরিন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। পরীক্ষার সময় পড়াশোনা বাদ দিয়ে টেলিভিশন দেখছিল বলে মা তাকে বকুনি দেন। আর তাতেই প্রচণ্ড অভিমান হয় জেরিনের। আর সেই থেকে আত্মহত্যা। ফেসবুক ব্যবহার করতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার স্কুলছাত্র শাওন (১৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ রকম অনেক ঘটনা আছে।
কথায় বলে, শাসন না করলে ছেলেপিলে মানুষ হয় না। কিন্তু শাসনের পদ্ধতি কী রকম, সেটাই বাবা-মা বা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। অনেকে ভাবেন, ছোটদের আবার মান-অপমান কী। অনেকেই আছেন, লোকজনের সামনেই সন্তানকে বকুনি দেন বা মারধর করেন। ওই শ্রেণিশিক্ষক হয়তো সাবিনাকে এমনভাবে বকুনি দিয়েছিলেন, যা তার কাছে অপমানের মনে হয়েছে।
পাঠকদের মনে আছে কি চাঁদপুরের সাথী আক্তারের কথা? স্কুলের বেতন ও পরীক্ষার ফি দিতে না পারায় প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো হয়েছিল। অপমান সইতে না পেরে আত্মহত্যা করে সে। গত বছরের ঘটনা এটা।
এ ধরনের ঘটনায় যে কিশোর-কিশোরীদের শুধু অপমানবোধ হয় তা নয়, সেই সঙ্গে যোগ হয় লজ্জা। এ লজ্জা সে কী দিয়ে ঢাকবে? উপায় তো একটাই, সবার চোখের সামনে থেকে আড়াল হয়ে যাওয়া। সেটাইবা হবে কীভাবে? তাই মরে যাওয়াই সবচেয়ে শ্রেয় মনে হয় তাদের কাছে।
তাই এ বয়সী ছেলেমেয়েদের শুধু শাসন করলে হবে না, তাদের ভালোবাসাও দিতে হবে। আপনার ভালোবাসা সঠিক দিকনির্দেশনা ও দৃঢ়তা আপনার সন্তানের এই টালমাটাল সময়টাকে সুন্দর করে পার করে নিয়ে যেতে পারে। ছোটবেলা থেকেই তাদের উচিত-অনুচিতবোধের শিক্ষা দিতে হবে। কীসে তার ভালো হবে এবং জীবনের প্রতিকূল পরিস্থিতি সে কীভাবে মোকাবিলা করবে, সে সম্পর্কে শিক্ষা দিতে হবে। তা না হলে অতি তুচ্ছ ঘটনাই তাদের কাছে বড় হয়ে দেখা দেয়। অতিরিক্ত শাসন বা বা অতিরিক্ত ভালোবাসা—কোনোটিই কিশোর-কিশোরীদের জন্য ভালো নয়। এমন ভালোবাসা সন্তানকে দেবেন না, যাতে সে বখে যায়। আবার এমন শাসনও করবেন না, যা তাকে মৃত্যুর মতো পরিণতির দিকে ঠেলে দেয়। শিক্ষকদেরও ছাত্রছাত্রীদের শাসনের বেলায় বিষয়টি মনে রাখতে হবে।