এই লেখাটি যখন ছাপা হবে, তখন হয়তো সাভারের মর্মস্পর্শী ও হূদয়বিদারক ঘটনার উত্তাপ কিছুটা হলেও স্তিমিত হয়ে আসবে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাঁরা জান বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আবার আগের ধারাবাহিকতায় ঘটনা নিয়ে বেফাঁস কথাবার্তাও কম হয়নি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে অকুস্থলে গিয়েছিলেন মওদুদ আহমদ। গিয়েই তিনি তাঁর স্বভাবচরিত ভঙ্গিতে বললেন, ‘সরকার সেনাবাহিনীকে ঠিকমতো কাজে লাগাচ্ছে না।’ দলের নেতা হান্নান শাহ বললেন, ‘ভাগ্যিস আমরা হরতাল ডেকেছিলাম, না হয় আরও অনেক বেশি মানুষ হতাহত হতে পারত।’ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী একসময়ের রাষ্ট্রপতি। এখন একটি ছোট দলের বড় নেতা। তিনি বাণী দিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল না করলে এমন হতো না।’ হেফাজতের মাওলানা রুহী জানিয়ে দিলেন, ‘সরকার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারই পরিণামে এই গজব।’ তবে সবচেয়ে বড় বোমাটি ফাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এককালের ডাকসাইটে আমলা মহীউদ্দীন খান আলমগীর। তিনি বললেন, আসলে ঘটনার দিন হরতালওয়ালারা রানা প্লাজার স্তম্ভ ধরে ধাক্কাধাক্কি করার ফলে ভবনটা ধসে পড়ল। ভাগ্যিস তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখার বা পড়ার সময় নেই। বিএনপির খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা করলেন, ‘ঝাঁকুনি দিয়ে ভবন নয়, সরকারকে সরানো হবে।’ শিল্পকারখানায় দুর্ঘটনা নতুন বিষয় নয়। বিশ্বে এমন নজির নেই, যেখানে বড় বড় দুর্ঘটনা ছাড়া শিল্পোন্নয়ন হয়েছে। যে দেশ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে শিল্পকারখানায় দুর্ঘটনা ঘটলে মানবাধিকার গেল গেল বলে এত হইচই ফেলে দেয়, সেই যুক্তরাষ্ট্রে ঊনবিংশ ও বিংশ শতকের গোড়ার দিকে অজস্র শিল্প-দুর্ঘটনা ঘটেছে। সেই দেশের কয়লাখনিতে ভূমিধসে শ্রমিকের মৃত্যু তো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। একই চিত্র ইংল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশেও। ১৯১১ সালে নিউইয়র্কের ট্রাইএঙ্গেল সার্টওয়েস্ট ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ হয়ে ১৪৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। একটি কারখানায় যখনই দুর্ঘটনা হয়, তখনই তার জন্য ওই কারখানার মালিকদের সবাই এককভাবে দায়ী করে। এটি অবশ্যই ঠিক, কারখানায় শ্রমিকদের সার্বিক নিরাপত্তা দেওয়া এবং ভালোমন্দ দেখার প্রাথমিক দায়িত্ব মালিকদের। দেশের তৈরি পোশাকশিল্পের বয়স বড়জোর তিন দশক। সঠিক অর্থে একে পূর্ণাঙ্গ শিল্পও বলা যায় না। এটি সংযোজননির্ভর শিল্প। অর্থাৎ পোশাক হিসেবে যা রপ্তানি হয় তার প্রায় সম্পূর্ণ কাঁচামালই আমদানি করতে হয়। দেশে তা শুধু সংযোজন করা হয়। এই শিল্প এই দেশে গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, যত্রতত্র। দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার তৈরি পোশাক কারখানা আছে। এই শিল্পে ৪০ লাখের মতো শ্রমিক কাজ করেন, যার ৯০ শতাংশ নারী। এই খাত থেকে বাংলাদেশ বছরে প্রায় ২৪ হাজার কোটি ডলার (২৪ বিলিয়ন ডলার) আয় করে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারী দেশ। কিন্তু এ পর্যন্ত কোনো সরকারই এই গুরুত্বপূর্ণ খাতটির জন্য কার্যকর নীতিমালা তৈরি করেনি। এই শিল্পের যাঁরা মালিক তাঁদের আছে বিজিএমইএর মতো অত্যন্ত শক্তিশালী সংগঠন, যারা প্রয়োজনে সরকারকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। শ্রমিকদের পক্ষে কথা বলার কেউ নেই। যাঁরা নিজেদের শ্রমিকদের প্রতিনিধি মনে করেন, তাঁরা নিজেদের স্বার্থের বাইরে কদাচ যেতে পারেন। যে সাড়ে চার হাজার পোশাক প্রস্তুতকারী কারখানা আছে, এগুলো যেসব ভবনে গড়ে উঠেছে, তাকে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথমত, এগুলোর উল্লেখযোগ্য সংখ্যার অবস্থান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে। সেখানে কখনো সাভারের মতো দুর্ঘটনা ঘটে না। কারণ, দেশি এবং বিদেশি যাঁরাই বিনিয়োগ করেন, তাঁদের ভবন তৈরি করার সময় একটি নির্দিষ্ট গুণগত মান বজায় রাখতে হয়। কারখানায় অনেকগুলো করণীয় (Compliance) পালন করতে হয়। দ্বিতীয়ত, প্রক্রিয়াকরণ অঞ্চলের বাইরে অবস্থিত কারখানার সংখ্যা কয়েক গুণ বেশি। এগুলোর বেশ কিছু প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মানের। আর অনেকগুলো আছে যেখানে মানের বিন্দুমাত্র বালাই নেই। কিছু নিজেদের ভবনে আর বাকিরা ভাড়া করা ভবনে। কারখানা যেখানেই প্রতিষ্ঠিত হোক, উদ্যোক্তা চাইবেন কত কম খরচে তাঁর রপ্তানিযোগ্য পোশাক প্রস্তুত করা যায়। আর বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসার একমাত্র কারণ সবচেয়ে সস্তায় শ্রম। যেখানে শ্রীলঙ্কায় একজন শ্রমিককে ঘণ্টায় ৪৫ সেন্ট মজুরি দিতে হয়, সেখানে বাংলাদেশে দিতে হয় ২৫ থেকে ২৭ সেন্ট। এই মজুরি চীনে ৫০ সেন্ট আর পাকিস্তানে ৫৫ থেকে ৬০ সেন্ট। ভারতে ঘণ্টায় ৭০ সেন্টের নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। বাংলাদেশে একজন তৈরি পোশাকশ্রমিক মাসে গড়ে সর্বনিম্ন ৩৫ ডলার আর সর্বোচ্চ ৭০ থেকে ৮০ ডলার পর্যন্ত মজুরি পান। তাই ক্রেতারা এখানে ছুটে আসেন। অনেকে মনে করেন তাঁরা আমাদের কৃপা করছেন। মোটেও তা নয়। বাংলাদেশে তাঁরা আসেন কারণ, এখানে শ্রমিক শোষণ খুবই সহজ। অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশ থেকে একটি সাধারণ জামা যুক্তরাষ্ট্রের ওয়াল-মার্ট, জে সি পেনি, ম্যাসি বা গ্যাপ এ দেশ থেকে ক্রয় করে সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ ডলার দামে। পরিবহন খরচ তাদের। সেই জামা নিউইয়র্কে বিক্রি হয় প্রতিটি কমপক্ষে ৪০ ডলারে। প্রথম দুই কি তিন সপ্তাহে প্রতিটি জামায় তাদের মুনাফা হয় গড়ে ৩০ শতাংশ। তার পরের সপ্তাহে তা ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হয়। ইউরোপে ডলারের পরিবর্তে পাউন্ড অথবা ইউরো পড়তে হবে। এই আমদানিকারকেরা যদি তাঁদের মুনাফার হার একটু কম নিতে রাজি হতেন, তাহলে হয়তো বাংলাদেশের শ্রমিকেরা একটু বেশি মজুরি পেতেন এবং প্রস্তুতকারীরাও তাঁদের কারখানার কর্মপরিবেশ কিছুটা হলেও উন্নত করার চেষ্টা করতেন। একজন উদ্যোক্তার সব সময় প্রবণতা থাকে তিনি কীভাবে কম খরচে পণ্য উৎপাদন করে তা বেশি দামে বিক্রি করতে পারেন। এই যে রানা প্লাজায় যে পাঁচজন উদ্যোক্তার কারখানা ধসে এত শ্রমিকের প্রাণহানি হলো, তাঁরাও একই কাজ করেছেন। তাঁরা মনে করেছেন এক দিন কারখানা বন্ধ থাকলে তাঁদের ক্ষতি। আর তাঁদের সহায়তা করেছেন ভবনের মালিক। সাভার বা সাভারের মতো দুর্ঘটনা যখনই ঘটেছে, প্রতিটি দুর্ঘটনার পেছনে অনেক ব্যক্তি বা গোষ্ঠীর অবদান ছিল। কিন্তু আমদানিকারকেরা কি কম দায়ী? তাঁরা যদি অতি মুনাফার পরিমাণটা একটু কমাতে রাজি হতেন, তাহলে তো পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতো। যুক্তরাষ্ট্রের নানা সংগঠন হুমকি দিচ্ছে, বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করতে হবে। তা হলে তারা কোথায় যাবে? অন্য দেশে গেলে তো তাদের বেশি দামে এই পণ্য কিনতে হবে। তাহলে তারা এই মূল্যটা কেন বাংলাদেশে দিতে কুণ্ঠিত? ২০০৫ সালে যখন পোশাকশিল্পের কোটা পদ্ধতি উঠে গেল, তখন মঙ্গোলিয়ার কুড়িটির মতো তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা রাতারাতি বন্ধ হয়ে গেল। বেকার হয়ে গেলেন প্রায় ২০ হাজার শ্রমিক। এর ফলে সমাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলো। অনেক নারী পতিতাবৃত্তি বেছে নিলেন। এসব কারখানার মালিক ছিল যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। তারা রাতারাতি কারখানায় তালা লাগিয়ে চলে গেল চীনে। বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ হলে যে ভয়াবহ সামাজিক বিপর্যয় সৃষ্টি হবে তা তো চিন্তা করে দেখতে হবে। সাভার দুর্ঘটনার জন্য ভবনের মালিক বা সরকার (ভবনটি তৈরির কাজ শুরু হয় সাবেক জোট সরকারের আমলে) কেউ তাদের দায়িত্ব এড়াতে পারে না। ভবন তৈরির সময় রাজউকের তদারকি করার কথা। তারা কি তা করেছিল? একটি ভবন যখন ভাড়া নিতে যায় তখন কেউ সেই ভবনের নকশা বা অনুমোদনের কাগজপত্র দেখতে যায় না। যে ভবনে একটি নির্দিষ্টসংখ্যক মানুষ কাজ বা বসবাস করে, তার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না, তা দেখে ভবন ভাড়া নেওয়ার একটি আইন সরকার করতে পারে। একজন কারখানার মালিক যে যত বড় মুনাফাখোরই হোক না কেন, তিনি কখনো চাইবেন না যে তাঁর কারখানা বন্ধ হোক। সুতরাং ভবন ধসলে আর শত শত শ্রমিকের প্রাণহানি হলে নিশ্চয় কারখানার মালিকের বড় ধরনের দায়দায়িত্ব আছে, কিন্তু তারচেয়েও বড় দায়দায়িত্ব তো ভবনমালিকের আর রাজউকের মতো নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর। রানা প্লাজার মালিক সোহেল রানাকে আটক করা হয়েছে। দেশের মানুষ আশা করে রানাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ওপর খবরদারি করার জন্য যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, তেমনিভাবে তৈরি পোশাকশিল্পের জন্য একটি নিয়ন্ত্রণ সংস্থার অবশ্যই প্রয়োজন, যেমনভাবে প্রয়োজন এই শিল্পের জন্য একটি সুষ্ঠু নীতিমালা। তা না হলে সাভারের মতো দেশকাঁপানো ঘটনা ঘটতে থাকবে। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বিনীত আরজি। মাঝে মাঝে মনে হয় তিনি একাই পাহাড় ঠেলছেন এবং তাঁর চারপাশে ঘিরে আছে কিছু অযোগ্যের দল। তা যদি না-ই হবে তাহলে যখন সাভারে মাতম চলছে, তখন কীভাবে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বেশ নিশ্চিন্তে তাঁর নির্বাচনী এলাকায় হাওয়া খেয়ে বেড়ান? এমন হাওয়া খাওয়া মন্ত্রী বা ব্যক্তি আরও আছেন। আরজিটা হচ্ছে, দেখবেন নাকি একবার কারা কারা তাঁকে পুঁজি করে হাওয়া খাচ্ছেন? আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।