সাভার ট্র্যাজেডি: ভবিষ্যৎ করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মে ২০১৩, প্রথম আলোর উদ্যোগে ‘সাভার ট্র্যাজেডি: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলোআলোচনাআব্দুল কাইয়ুমসাভারে ভবনধসের ভয়াবহ ধ্বংসযজ্ঞ সবাই দেখেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা দেখতে চাই না। এ জন্য ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা প্রয়োজন। এটাকে কেবল দুর্ঘটনা বলা যাবে না। আগেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তার পরও কাজ করতে বাধ্য করা হয়েছে। এ পর্যন্ত শত শত লাশ উদ্ধার করা হয়েছে। আজ আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো, ভবন নির্মাণের ত্রুটি। ভবন নির্মাণের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা কী আছে। নীতিমালা ঠিকমতো মানা হয় কি না। রাজউক না পৌরসভা—কে ভবন নির্মাণের অনুমোদনদাতা, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব বিষয় আজকের আলোচনায় আসবে। শুরুতে আলোচনা করবেন জামিলুর রেজা চৌধুরী।জামিলুর রেজা চৌধুরীগত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। পৃথিবীর ইতিহাসে এটা ছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনা। শত্রুর আক্রমণ ছাড়া কেবল নির্মাণত্রুটির জন্য এত বড় দুর্ঘটনা পৃথিবীতে ঘটেনি। সাভারে নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস হয়। এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু সেখানে নির্মাণগত কোনো ত্রুটি ছিল না। ছোট বিমানের আঘাতেও টিকে থাকার সক্ষমতা টুইন টাওয়ারের নকশায় ছিল। কিন্তু বড় বিমানের আক্রমণের ধারণা ছিল না। ১৯৯৫ সালের ২৯ জুন সিউলে একটি শপিং কমপ্লেক্স ধসে পড়ে। এখানে ৫০২ জনের মৃত্যু হয়। নকশার বাইরে মালিক ওপরতলায় একটি রেস্টুরেন্ট করেছিল। এটা ছিল ভবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তা ছাড়া চলন্ত সিঁড়ি বসানের জন্য মাঝের কলাম সরিয়ে নেওয়া হয়েছিল। রানা প্লাজার মতো সিউলের ওই ভবনও ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। রানার মতো ওই মালিকও বিষয়টি গুরুত্ব দেননি। দুই বছর আগে কানাডায় একটি ভবনধসের ঘটনা ঘটে। সেখানে মাত্র দুজন মারা যায়। ভবনটি করা হয়েছিল লেক ভরাট করে। লেক, খাল-বিল ভরাট করে কোনো স্থাপনা নির্মাণ করা একেবারেই অন্যায়। কানাডার এ ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। রানা প্লাজা থেকে এ পর্যন্ত অসংখ্য লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর অনেকে মারা যাচ্ছেন। বেঁচে যাওয়া অনেকে সারা জীবন পঙ্গু থাকবেন। অনেকের মানসিক সমস্যা তৈরি হবে। আমরা সবার মঙ্গল কামনা করছি। আশা করছি, বিজিএমইএ, সরকার তাঁদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। রাত-দিন যেসব স্বেচ্ছাসেবক, প্রশিক্ষিত বাহিনী কাজ করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। নীতিমালা কেন অনুসরণ করা হয়নি? কোথায় বাধা ছিল? এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে এ দুর্ঘটনা ভবিষ্যৎ দুর্ঘটনা এড়ানোর জন্য বড় ভূমিকা রাখবে বলে আশা করি। সাধারণত বড় কোনো দুর্ঘটনার পর সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেয়। এসব পদক্ষেপ ভবিষ্যৎ দুর্ঘটনা থেকে রক্ষা করে। যেমন চিলিতে ১৯৬০ সালে বড় ধরনের ভূমিকম্প হয়। এরপর ভূমিকম্প থেকে ভবন রক্ষার জন্য সরকার কঠিন নীতিমালা অনুসরণ করে। দুই বছর আগে চিলিতে ভূমিকম্পে তেমন ভবনধস হয়নি। ১৯৯৫ সালের শপিং মল দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ায় কোনো ভবনধসের ঘটনা শোনা যায়নি। তাই আশা করব, সাভারের বেদনাদায়ক ঘটনার পর সরকার ভবন নির্মাণে এমন সব পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এ রকম মর্মান্তিক মৃত্যুর হাত থেকে দেশবাসী রক্ষা পায়।মো. নূরুল হুদাসাভারের মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের জন্য মাগফিরাত কামনা করছি। যাঁরা বেঁচে আছেন, তাঁদের ভালো থাকার প্রার্থনা করছি। রাজউকের কাজকে দুভাগে ভাগ করতে চাই। প্রথমত, রাজউকের বিধিবিধান ও করণীয়। দ্বিতীয়ত, সাভার ট্র্যাজেডির আলোকে অভিজ্ঞতা। রাজউকের বিধিবিধানগুলো হলো এক. ইমারত নির্মাণ বিধিমালা, দুই. টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৫৫৩, তিন. রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইন-২০১০, চার. জলধারা আইন-২০০০ ও পাঁচ. ন্যাশনাল বিল্ডিং কোড। এ বিধিবিধানগুলো দ্বারা রাজউক পরিচালিত হয়। বর্তমানে রাজউকে চারজন অথরাইজ অফিসার আছেন। ম্যাজিস্ট্রেট (নিম্ন আদালতের বিচারক) আছেন তিনজন। ৪০ জন ইন্সপেক্টর (পরিদর্শক) আছেন। ১৯৫৯ সালে ঢাকা শহরের প্রথম মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করা হয়। তখন এর আয়তন ছিল ৩২১ বর্গমাইল। আমরা এই সীমানার মধ্যে কাজ করি। ২০১০ সালে ড্যাপ (ডিটেল এরিয়া প্ল্যান) হয়। ড্যাপের গেজেট প্রকাশ করা হয় ২০১০ সালের শেষে। এবং ড্যাপের আওতা হয় ৫৯০ বর্গমাইল। এ পরিকল্পনা অনুসারে, উত্তরে গাজীপুর, দক্ষিণে ধলেশ্বরী নদী, পূর্বে শীতলক্ষ্যা নদী ও পশ্চিমে সাভার পৌরসভা।পৌরসভা অ্যাক্ট ২০০৯ অনুসারে ১৯৫৯ সালের মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত ৩২১ বর্গমাইলের বাইরের এলাকার ভবন অনুমোদনের দায়িত্ব পৌরসভার। ড্যাপ অনুসারে সাভার, গাজীপুর, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা পর্যন্ত ভবন অনুমোদনের দায়িত্ব রাজউকের। কিন্তু ড্যাপের গেজেট প্রকাশিত হওয়ার পর জাতীয় সংসদের কয়েকজন সাংসদসহ বিভিন্ন মহল থেকে জোরালো প্রতিবাদ আসে। তখন এলজিইডিমন্ত্রীকে প্রধান করে সাতজন মন্ত্রীর সমন্বয়ে সরকার একটি কমিটি তৈরি করে। এই কমিটির একটি দিকনির্দেশনা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি কোনো প্রকার দিকনির্দেশনা দেয়নি। এদিকে আইনেরও দ্বৈততা রয়েছে। এসব কারণে এখনো ড্যাপের আওতায় ভবন নির্মাণের অনুমোদন পৌরসভা দিয়ে থাকে। ড্যাপের আওতা বেড়ে যাওয়ায় বাড়তি লোকবলের তালিকা তৈরি করেছি। দ্রুত নিয়োগপ্রক্রিয়া শুরু করতে পারব বলে আশা করছি। এই নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের জনবল বাড়বে। যেমন অথরাইজ অফিসার চারজন থেকে হবে ২৪ জন। তিনজন ম্যাজিস্ট্রেট থেকে হবে ১০ জন। ইন্সপেক্টরের সংখ্যা ৪০ থেকে ২৫০ হবে বলে আশা করছি। অন্যদিকে কাজের সুবিধার জন্য ঢাকাকে আটটি জোনে ভাগ করা হয়েছে। আইন ও বিধিবিধান সংশোধনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়েছে। ফলে ড্যাপের আওতাধীন ৫৯০ বর্গমাইলই রাজউকের নিয়ন্ত্রণে চলে আসবে। একটি ভবনের আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল দুটি ডিজাইন (স্থাপত্য ও কাঠামোগত নকশা)। রাজউক কেবল আর্কিটেকচারাল ডিজাইন পাস করে। কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ডিজাইনের আওতায় মৃত্তিকা, নকশা, নির্মাণ ও ইলেকট্রিক্যাল প্রকৌশলী কাজ করেন। কোনো দেশের রাজউক একটি ভবনের আগাগোড়া দেখে না। মালিক তাঁর নিজ দায়িত্বে এই বিশেষজ্ঞ লোক দিয়ে সর্বক্ষণ এটি দেখাশোনা করবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, তাঁরা কোটি কোটি টাকা ভবন নির্মাণে ব্যয় করলেও অল্প কিছু টাকা ব্যয় করে বিশেষজ্ঞ লোক নিয়োগ করেন না। এ কাজগুলো করেন মিস্ত্রি, ড্রাফটসম্যান, ডিপ্লোমা প্রকৌশলী ইত্যাদির মাধ্যমে। একটি নিরাপদ ভবন নির্মাণের জন্য আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল দুটি ডিজাইনই গুরুত্বপূর্ণ। এখন মূল কাজ হলো মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোমোবাশ্বের হোসেনযদি এ রকম ঘটনা ঘটত, বিজিএমইএ রানা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, বিজিএমইএর নির্দেশে একজন শ্রমিকও কাজে যাননি, এ অবস্থায় রানা প্লাজা ধসে পড়েছে; তাহলে বিজিএমইএর অন্য রকম ভাবমূর্তি তৈরি হতো। তাজরীনের পর বিজিএমইএর এই সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তারা সে সুযোগ নিতে পারেনি। ইতিপূর্বে আমাদের দেশের সরকার পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ মনে করেছিল। এ ভবনগুলো হেলে পড়েছিল। ভিত্তি সরে গিয়েছিল। সরকারের নির্দেশে ফায়ার ব্রিগেড ও বিভিন্ন সংস্থা এগুলোকে ঘেরাও করে রাখে। তারপর কোনোটি সংস্কার করেছে অথবা ভেঙে ফেলেছে। আমাদের সে অভিজ্ঞতা ছিল। রানা প্লাজার ক্ষেত্রে কেন সেটি করা হলো না? কেন বিজিএমইএ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিল না? এই শ্রমিকদের রক্ষা করতে পারলে বিশ্বকে আমরা অন্য রকম বার্তা দিতে পারতাম। আমরা যারা এসব কাজের সঙ্গে যুক্ত, আমাদের অনেক দোষ আছে। রানাকে যদি ঠিকভাবে বোঝানো যেত পাঁচতলা ভবন ১০ তলা করলে এটি ভেঙে পড়বে, তাহলে হয়তো তিনি এটি করতেন না। রানা প্লাজা যখন ভেঙে পড়ে, তখন তিনি নিজেও এর মধ্যে ছিলেন। তিনি যদি জানতেন ভবন ভেঙে পড়বে, তাহলে তাঁকে কোটি টাকা দিলেও ভবনের মধ্যে থাকতেন না। এখানে একটি বড় বিষয় কাজ করেছে, তা হলো অজ্ঞতা। অজ্ঞতা, লোভ ও পেশিশক্তি—এ তিনটি যখন এক হয়, কেবল তখনই এ ধরনের বিপর্যয় ঘটে। দেশের চিকিৎসাবিজ্ঞান অনেক এগিয়েছে। যেকোনো মানুষ সাধারণ ডাক্তার দেখান না। তাঁরা বিশেষজ্ঞ ডাক্তার দেখান। একই পরীক্ষা দু-তিন জায়গায় করান। এখন একজন রিকশাওয়ালাকেও পানি পড়া দিলে বকা দেবে। চিকিৎসার ক্ষেত্রে আমরা অসম্ভব রকমের সচেতন হয়েছি।আমাদের দেশের মিস্ত্রিরা সাধারণত দোতলা বাড়ি বানিয়ে অভ্যস্ত। গ্রামে কারও দোতলা বাড়ি থাকলে তার অনেক সুনাম হয়। এই মিস্ত্রি দিয়েই ১০ তলা, ২০ তলা ভবন করা হচ্ছে। সে মালিককে বোঝায়, ‘স্যার, এত রড তো লাগে না। আপনার অনেক টাকার ক্ষতি করেছে। আপনি পাঁচতলা ভবনকে ১০ তলা করতে পারবেন।’ মালিক তখন তলা বাড়াতে থাকেন। দেখেন, ভবন তো পড়ে না। ঠিকই তো আছে। একটা তলা বাড়াতে পারলে তাঁর কয়েক লাখ টাকা আয় বাড়ে। তিনি একটার পর একটা তলা বাড়াতে থাকেন। এবং এভাবে বিপর্যয় হচ্ছে। বিভিন্ন এলাকার সাংসদদের নিয়ে এসব গোলটেবিল করতে হবে। তাঁদের এগুলো বোঝা দরকার। আমরা যারা এসব বিষয় জানি, তারাই আলোচনা করি। এভাবে পরিবর্তন আনা যাবে না। মোহাম্মদ আবু সাদেকভবন নির্মাণের কতগুলো পূর্বশর্ত আছে। সেগুলোর বিষয়ে বলতে চাই। যেমন প্রথমত মাটি পরীক্ষা। সঠিকভাবে মাটি পরীক্ষার ওপর নির্ভর করে ভবনের ভিত্তি কেমন হবে। এরপর আসে সুপারস্ট্রাকচার (উপরিকাঠামো) নকশা। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার (মাটি পরীক্ষা ও ভিত্তির কাজের সঙ্গে যুক্ত প্রকৌশলী)। একটা ভবনের ওপর ও নিচের দুটি অংশ (সাবস্ট্রাকচার ও সুপার স্ট্রাকচার) থাকে। মাটির নিচের অংশে কোনো দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে সেটা কোনো সংকেত দেয় না। কিন্তু ওপরের অংশের সমস্যা সংকেত দেয়। রানা প্লাজায় কিন্তু ওপরের অংশ সংকেত দিয়েছিল। আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি। স্থপতি ও প্রকৌশলীরা নকশা করে দেন। কিন্তু নকশা ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, সেটার কোনো তদারকি থাকে না। এই তদারকি জরুরি। নির্মাণসামগ্রীর মান ঠিক না থাকলে সেটাও ভবনধসের কারণ হতে পারে। রানা প্লাজায় নির্মাণসামগ্রীর মান মোটেই ভালো ছিল না। তারপর মাটি পরীক্ষার নিয়ন্ত্রণ সংস্থা (রেগুলেটরি বডি), অকুপেন্সি সার্টিফিকেট (শর্তপূরণ সনদ), বিমা (ইনস্যুরেন্স) ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি সংযোগ প্রদান করা যাবে। ২০০৫ সালে আর্ম ফোর্সেস থেকে ৩৫০ কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি কেনার চহিদাপত্র দেওয়া হয়। অধ্যাপক জমিলুর রোজার চৌধুরীর নেতৃত্বে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বাদ দিয়ে এবং যাচাই-বাছাই করে ২৩৩ কোটি টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত হয়। এ পর্যন্ত কেনা হয়েছে ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি। এখানে একটা বিষয়ের উল্লেখ করতে চাই। ৪০০৫ বছর আগে ব্যাবিলনিয়ার রাজা ‘হাম্মুরাবি কোড’ প্রচলন করেন। সে আইনে ছিল, ভবননির্মাতাকে প্রতি বর্গফুটে একটা নির্দিষ্ট পরিমাণ সিলভার (স্থানীয় মুদ্রায় প্রদেয় অর্থ) দেওয়া হবে। কিন্তু ভবনধসে ভবনের মালিক ও তাঁর ছেলেমেয়ের মৃত্যু হলে ভবননির্মাতা ও তাঁর ছেলেমেয়ের ফাঁসি হবে। সম্পত্তির ক্ষতি হলে, নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি ভবনের মালিককে দিতে হবে। এ আইনকে যুগোপযোগী করে আমাদের দেশে প্রয়োগের বিষয়টি ভাবতে হবে। আমরা চোখে ব্যথা, বুকে ব্যথা হলে বিশেষজ্ঞের কাছে যাই। বড় বড় ভবন নির্মাণের জন্য যাই ডিপ্লোমা প্রকৌশলী অথবা অনভিজ্ঞ স্নাতক প্রকৌশলীর কাছে। আমাদের চিন্তাচেতনার পরিবর্তন আনতে হবে। মোহাম্মদ আব্দুল আউয়ালঅনুমোদনের সঙ্গে ভবনধসের কোনো সম্পর্ক নেই। ভবনটি রাজউক অনুমোদন করলেও ধসে পড়ত। রাজউক কেবল লে-আউটের অনুমোদন দেয়। রানা প্লাজার ছাদ ও কলামের কংক্রিটের নমুনা এনেছি। ছাদ ও কলামের নমুনার মধ্যে অনেক পার্থক্য। কলামের ঢালাইতে অধিক পরিমাণ বালু ছিল। কংক্রিট, বালু, সিমেন্ট ও পানির মিশ্রণের অনুপাত কলাম ঢালাইয়ের ক্ষেত্রে ঠিক ছিল না। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, আমাদের দেশের মানুষ সাধারণত ছাদ ঢালাইয়ের সময় ঢালাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ব্যবহার করেন। কিন্তু কলাম ঢালাইয়ের সময় মেশিনপত্র ব্যবহার করেন না। অধিকাংশ মানুষ মনে করেন, কলাম ঢালাই মানে অল্প ঢালাই। যেকোনোভাবে করে ফেললেই হলো। ফলে যে কলামের ওপর ভবন দাঁড়িয়ে থাকে, সে কলাম হয় দুর্বল। রানা প্লাজার মতো এত উঁচু ভবনেও কলাম ঢালাইয়ে মেশিনপত্র ব্যবহার না করে হাতে ঢালাই করা হয়েছে। তাই এর কলাম ভবনের ভার বহনের ক্ষমতা হারিয়েছিল। এ ক্ষেত্রে আমাদের প্রকৌশলীরাও দায় এড়াতে পারেন না। তাঁরা প্রকৌশলী হতে চান না, সবাই কর্মকর্তা হতে চান। কেউ কাজের গোড়ায় যেতে চান না। ব্যক্তিমালিকানাধীন ভবনগুলোর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা দরকার। ব্যক্তিমালিকানা ভবনে স্কুল-কলেজও নিষিদ্ধ করা প্রয়োজন। যেকোনো সময় এসব ভবনে দুর্ঘটনা ঘটতে পারে। কর্মক্ষম থাকার জন্য, শক্তিধারণ করার জন্য মানুষের মাসল দরকার। কেবল রডের ওপর ভবন দাঁড়িয়ে থাকে না। কংক্রিট হলো ভবনের মাসল। এটাকে অবশ্যই শক্তিশালী করতে হবে। ১৯৯৩ সালে ভবন নির্মাণবিধি (বিল্ডিং কোড) তৈরি হয়। ২০ বছর অতিবাহিত হলো। কখনো আমরা ভবন নির্মাণবিধি কাজে লাগাতে পারিনি। ২০০৬ সালে ফিনিক্স ভবন ভেঙে পড়ে। তখন ভবন নির্মাণবিধিকে আইনের আওতায় আনা হয়। কেউ ভবন নির্মাণবিধি অমান্য করলে সাত বছর কারাদণ্ডসহ জরিমানারও ব্যবস্থা আছে। সাত বছর হলো বিধিটি আইনের আওতায় এসেছে। এখনো একটা কেস পর্যন্ত করা হয়নি। দেশে এত মানসম্পন্ন প্রকৌশলী থাকার পরও দুর্ঘটনা ঘটছে। আমাদের সবার লজ্জা হওয়া উচিত।ইকবাল হাবিবভবিষ্যৎ করণীয় কী, সে বিষয়ে আমার কিছু সুপারিশ রয়েছে। যেমন এক. জরুরি ভিত্তিতে মাঠপর্যায়ের ভবনগুলো জরিপ করতে হবে। এ ক্ষেত্রে শিল্পভবনকে প্রাধান্য দিতে হবে। ঢাকা শহরের ৭০ শতাংশ ভবনের সঙ্গে কোনো প্রকৌশলীর সম্পৃক্ততা নেই। ভবনগুলোর কাঠামোগত ও ব্যবহারোপযোগিতা এবং বিপদ ও বিপদের মাত্রার ভিত্তিতে তালিকা তৈরি করতে হবে। যে ভবনগুলো বিকল্পভাবে, যেমন বাণিজ্যিকের পরিবর্তে আবাসিক বা নবায়ন করে ব্যবহারোপযোগী করা হয়েছে, তার একটি তালিকা তৈরি করতে হবে। অবশিষ্ট ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করতে হবে। দুই. নির্মোহভাবে সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিন. রানা প্লাজার পাঁচতলার অনুমোদন। তিনি কীভাবে পাঁচতলার ওপর ভবন তুললেন? ইমারত নির্মাণবিধিতে স্তরে স্তরে তদারকির কথা বলা হয়েছে। এখানে সিডিএ, আরডিএ, কেডিএ (চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ), রাজউক—কেউ তার দায়িত্ব পালন করেনি। চার. রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএকে ভবন ও ফ্ল্যাট নির্মাণ, ঝিল-বিল উন্নয়নের কাজ থেকে সরে আসতে হবে। জাতীয় ভবন নির্মাণ নীতিমালা পালনকে বাধ্যতামূলক করার ব্যাপারে দেশব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। পাঁচ. সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করে বিদেশি ক্রেতাদের পাশাপাশি একটি শক্তিশালী কমপ্লায়েন্স কমিশন করতে হবে। ছয়. শ্রম আইনের ক্ষতিপূরণের ব্যবস্থাকে পুনর্মূল্যায়ন করতে হবে। দেশের শ্রম আইন অনুযায়ী, একজন মানুষ ৬০ বছর কর্মক্ষম থাকেন। কেউ ২০ বছরে মারা গেলে, তিনি আরও ৪০ বছরে যা আয় করতেন, সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।মোহাম্মদ আবদুল ওয়াজেদবিজিএমইএর তথ্যমতে, রানা প্লাজায় পাঁচটি পোশাক কারখানা ছিল। এখানে তিন হাজার ১২২ জন শ্রমিক কাজ করেছেন। তাঁদের মধ্যে দুই হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নয়জন হাসপাতালে মারা গেছেন। তাঁদের কেউ কেউ হয়তো সারা জীবন পঙ্গু থাকবেন। ছয় মাস হলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ৫০ জন কর্মকর্তা বিরামহীনভাবে মৃতদেহ ব্যবস্থাপনা, ডিএনএ শনাক্তকরণসহ বিভিন্ন কাজ করছেন। সরকার দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর নিয়ে একটা অধিদপ্তর গঠন করেছে। এখন আমাদের মাঠপর্যায়ে ও নীতিনির্ধারণী পর্যায়ে কর্মকর্তা আছেন। ২৪ এপ্রিলেই রানা প্লাজা পরিদর্শন করি। পরের দিন বিকেলে বিভিন্ন বাহিনীর সঙ্গে আলোচনা হয়। তারপর বিভিন্ন বাহিনী মিলে একসঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত খুবই সুশৃঙ্খলভাবে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। জিওসিকে (জেনারেল অফিসার কমান্ডিং) প্রধান করে একটি কমিটি গঠন করেছি। শুরুতে সমন্বয়হীনতার কিছুটা অভিযোগ ছিল। কার কী কাজ, কে কোথায় যাবে, কাকে কী কখন নির্দেশ দেওয়া হবে ও বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণসহ অধিদপ্তর ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। এখন যে সমস্যা মোকাবিলা করছি, পরবর্তী সময়ে নিশ্চয়ই এটা আমরা কাটিয়ে উঠব। জাতীয় নির্মাণবিধিকে দেশব্যাপী কাজে লাগানোর জন্য চারটি বড় কর্মশালা করে সুপারিশ জমা দিয়েছি। সে সুপারিশ বাস্তবায়িত হয়নি। দুর্যোগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ যৌথ আলোচনা সভায় এ সুপারিশ বাস্তবায়নের কথা বলা হয়েছে। তা-ও কাজ হয়নি। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনকে যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এখন উপজেলা পর্যায়ে ছয়তলা ভবন হচ্ছে। দেশব্যাপী জাতীয় নির্মাণবিধিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে আমাদের বিপর্যয় আসতে থাকবে।সৈয়দা রিজওয়ানা হাসানরানা প্লাজা ধস নিয়ে অনেক কথা হয়েছে। ভবনধস ছাড়াও আগুন, গুজব বিভিন্ন কারণে মানুষ মারা যেতে পারত। এটা প্রচণ্ড রকমের সুশাসন, মানবাধিকার ও জবাবদিহির অভাব, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও সবকিছুকে ছাপিয়ে রাজনীতিকীকরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগকে দুর্যোগ হিসেবে দেখতে হবে। পোশাকশিল্প টিকে থাকবে কি থাকবে-না, সেটা প্রধান বিষয় নয়। পৃথিবীর অন্য দেশেও পোশাকশিল্প আছে। কিন্তু আমাদের মতো হুড়মুড় করে ভবন ভেঙে পড়ে না। এত লাশের ওপর দাঁড়িয়ে আইনের দ্বৈততার মতো হালকা কথা মানুষ শুনতে চায় না। আইনের দ্বৈততা একটি আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া যায়। মূল কথা হলো, রাজউকের জবাবদিহি নেই। সরকারের কারখানা পরিদর্শকের সংখ্যা বাড়াতে হবে। ঠিকভাবে তদারকি করতে হবে। পদ্মা সেতুর মতো প্রকল্প নিয়ে এত হাঁকডাক। অথচ কিছু যন্ত্রপাতি কেনা যায় না, এটা খুব হাস্যকর। শিল্প পুলিশকে আরও কার্যকর করতে হবে।রাজউকে জাল স্বাক্ষর উপস্থাপনের কথা শুনলাম। আমার অফিসার আমার সামনে জাল স্বাক্ষর আনার সাহস পাবে? এ থেকে রাজউকের চরম দৈন্যের চিত্র ফুটে ওঠে। রাজউকের চেয়ারম্যানকে বলব, যাঁরা নিয়ম ভঙ্গ করে ভবন নির্মাণ করেছেন, তাঁদের একটা তালিকা ওয়েবসাইটে দিয়ে দিন। নিয়ম ভঙ্গকারীদের সাজা দিন। কোনো কারণে পুনরায় অনুমোদন দেবেন না। তাহলে রাজউকে কোনো দিন দুর্নীতি বন্ধ হবে না। অন্যায়ভাবে ভবন নির্মাণও বন্ধ হবে না। ফাঁসির পক্ষপাতী নই, কিন্তু দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। পোশাকশিল্পের মালিক ও সরকারের মধ্যে জামাই আদর খেলা চলছে। প্রধানমন্ত্রীকে কেন পোশাকশিল্প টিকিয়ে রাখার কথা বলতে হবে? কোনো শিল্প টিকে থাকবে কি না, সেটি সেই মালিকদের দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান টিকে থাকবে কি না, সে দায়িত্ব সেই প্রতিষ্ঠানকে নিতে হবে। আওয়ামী লীগের স্লোগান মেহনতি মানুষের জয় হোক। মেহনতি মানুষের জয় হয় না। জয় হয় শিল্পমালিকদের।মেহেদী আহম্মদ আনসারীরানা প্লাজায় অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাঁদের পুরস্কৃত করা উচিত। রাজউক বলে থাকে পাঁচ হাজার ভবন ঝুঁকিপূর্ণ—এ তথ্য ঠিক নয়। অসংখ্য ভবন আইন মেনে করা হয়নি। এই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আইন না মানলেও ঝুঁকিপূর্ণ না-ও হতে পারে। স্পেকট্রাম ভবন ভাঙার আগে কোনো রকম ঝুঁকি বোঝা যায়নি। একটি কলামে সামান্য সমস্যা ছিল। বাইরে থেকে কলামটির সমস্যা বোঝা যায় না। তাই অন্য সব কাজের পাশাপাশি দুটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। এক. প্রকৌশলী কর্তৃক তদারকি। দুই. নিজস্ব অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে মান নিশ্চিতকরণ। আমরা অনেক ভবন পরীক্ষা করছি। এর ৫০ শতাংশ ভবনের যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, তাহলে সেটা হবে মাটির জন্য। কারণ, ভিত্তিপ্রস্তরের সমস্যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। রাজউকের উচিত মাটি পরীক্ষার প্রতিবেদনসহ ভবনের সার্বিক নকশা জমা নেওয়া। প্রত্যেকের জন্য অকুপেন্সি সনদ বাধ্যতামূলক করে দিতে হবে। ড্যাপ অনুসারে ঢাকাকে তিনটি অঞ্চলে ভাগ করে একটি মানচিত্র করা হয়। এই মানচিত্রে কোন অঞ্চলের মাটির মান কেমন, সেটি উল্লেখ আছে। রাজউক এটি জনসাধারণকে জানানোর উদ্যোগ নিতে পারে। তাহলে অন্তত সাধারণ মানুষ তিনটি অঞ্চলের মাটি সম্পর্কে সাধারণ ধারণা পাবে। দীর্ঘ মেয়াদে কেবল বিধিবদ্ধ ভবন পরিষদ (বিল্ডিং অথরিটি) করলে হবে না। এটা রাজউকের মতো শ্বেতহস্তী হয়ে থাকবে। এ ক্ষেত্রে একটি ভবন কমিশন করতে হবে। একটি ভবনকে নিরাপদ করার জন্য যা যা করা দরকার, তার সবই এ কমিশন করবে।আলী আহম্মদ খানআমি মূলত উদ্ধারকাজ সমন্বয় করি। উদ্ধার ও অনুসন্ধানের কাজের সঙ্গে আমরা যুক্ত। কয়েক মাস আগে ঢাকার আশপাশ থেকে সদস্য এনে ৫০ জনের একটি দল গঠন করি। এদের প্রশিক্ষণের ব্যবস্থা করি। রানা প্লাজার দুর্ঘটনায় তাদের দ্রুত কাজে লাগাতে পেরেছি। এখন আমাদের পরিকল্পনা, ঢাকায় দুটি এবং প্রতিটি জেলা শহরে একটি করে প্রশিক্ষিত দল গঠন করা। এই দলের সঙ্গে স্বেচ্ছাসেবক থাকবে। রানা প্লাজায় স্থানীয় স্বেচ্ছাসেবকেরা অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো কাজ করেছেন। এই দলগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি পেলে দ্রুত উদ্ধারকাজ করতে পারব। তাজরীনের পর এক হাজার পোশাকশিল্প কারখানা জরিপ করেছি। এদের তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগকে বলেছি নিরাপদ। দ্বিতীয় ভাগকে বলেছি কিছু সংযোজন-বিয়োজন করে উপযুক্ত করার। তৃতীয় ভাগকে আমরা ঝুঁকিপূর্ণ বলেছি। ভীতি তৈরি করার প্রয়োজন নেই। সবাইকে দায়িত্ব নিতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। কাজ করতে হবে। আমার জানামতে, পোশাকশিল্প আগুন নিরাপত্তার ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। সবাই কাজ করছে। কিন্তু হঠাৎ করে হয়তো পরিবর্তন আসবে না। জবাবদিহির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করতে না পারলে আমার দুর্ঘটনা থেকে রক্ষা পাব না।জামিলুর রেজা চৌধুরীদুই ঘণ্টার আলোচনায় প্রায় সবদিক উঠে এসেছে। এর সঙ্গে কয়েকটি বিষয় যোগ করতে চাই। সাধারণ মানুষ কীভাবে বুঝবে একটি ভবন অনুমোদিত কি না? এ জন্য ভবনের প্রবেশপথে ভবন অনুমোদন ও অকুপেন্সি সনদ রাখার সুপারিশ করেছি। রাজউক এ জন্য কুইক রেসপন্স (দ্রুত সাড়া) পদ্ধতি ব্যবহার করতে পারে। ভবনের অবস্থান কোথায় ও অনুমোদন আছে কি না, রাজউক সেটা তার ওয়েবসাইটে দেওয়ার ব্যবস্থা করবে। ফায়ার সার্ভিসের অধীনে বা অন্য কোনোভাবে বিশেষজ্ঞ উদ্ধারকর্মী দল গঠন করতে হবে। ইউএসএআরের (আরবান সার্চ অ্যান্ড রেসকিউ) জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ইলেকট্রিশিয়ানসহ সব ধরনের টেকনিশিয়ানদের লাইসেন্স (কাজের অনুমতিপত্র) থাকতে হবে। রাজউকের সীমানা ছোট করতে হবে। রাজউক এত চাপ নিতে পারছে না বলে আমার ধারণা। একজন আরেকজনের ওপর দায় চাপিয়ে রক্ষা পেতে চায়। কার কী দায়িত্ব সেটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। একাধিক গার্মেন্টস ভিলেজ (নির্দিষ্ট পোশাকশিল্প এলাকা) করতে হবে। রাজউকের সীমানা নির্ধারণ সমস্যা এখনো শেষ হয়নি। আর নির্মাণপ্রতিষ্ঠান এ দুর্বলতার সুযোগ নিচ্ছে। যেখানে যে ধরনের ভবন নির্মাণ করার কথা না, সেখানে সে ধরনের ভবন নির্মাণ করছে। ফলে ভবিষ্যতে আমরা আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারি।আব্দুল কাইয়ুমআজকের আলোচনা থেকে অনেক সুপারিশ, পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করবে বলে আমাদের বিশ্বাস। ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাঁরা অংশ নিলেনজামিলুর রেজা চৌধুরী: উপাচার্য, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টামো. নূরুল হুদা: চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)মোহাম্মদ আবদুল ওয়াজেদ মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরআলী আহম্মদ খান: ব্রিগেডিয়ার জেনারেল, মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সমোবাশ্বের হোসেন: সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটমোহাম্মদ আবু সাদেক: সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি ও পরিচালক, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটসৈয়দা রিজওয়ানা হাসান: নির্বাহী পরিচালক, বেলামেহেদী আহম্মদ আনসারী: অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েটমোহাম্মদ আব্দুল আউয়াল: ব্যবস্থাপনা পরিচালক, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি. ও সাবেক সভাপতি, রিহ্যাব ইকবাল হাবিবস্থপতি ও সদস্যসচিব, নগরায়ণ ও সুশাসন কমিটি এবং যুগ্ম সম্পাদক, বাপাসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো