সামনে কি বিজেপিরই দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলটি এই আপ্ত ধারণায় এতটাই বিশ্বাসী যে বিধানসভা নির্বাচনে দলটির যে পোস্টার ছাপা হয়েছিল, তাতে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের ছবিও ছিল। কংগ্রেস যখন হরিয়ানা শাসন করত, তখন তাঁর বিরুদ্ধে জমি কেনাবেচায় ২ নম্বরির অভিযোগ উঠেছিল।

কিন্তু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থানে আমি সবচেয়ে বেশি বিচলিত হয়েছি। তাদের পায়ের নিচের মাটি শক্ত হচ্ছে। বিজেপি যদি নিজের মতো চলত, তাহলে আজ বা কাল হোক, অন্য আর পাঁচ-দশটা রাজনৈতিক দলের মতোই তার অবস্থা হতো। কিন্তু বিজেপির পথপ্রদর্শক হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), যারা বহুত্ববাদী ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়।

কিন্তু ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে গেলেও বিজেপির অগ্রযাত্রা থামছে না। না, এটা এমন নয় যে স্বভাবগতভাবে সহিষ্ণু ভারতীয়রা নিজেদের মৌলিক চরিত্র হারিয়েছে। এর কারণটা হচ্ছে, মানুষ কংগ্রেস সরকারের দুর্নীতির জন্য বিরক্ত, কিন্তু দলগতভাবে বিজেপি এখন পর্যন্ত দুর্নীতি করেনি।

কংগ্রেসের সেরা চরিত্র ছিলেন মনমোহন সিং। কিন্তু সেই তাঁর জমানায় কমনওয়েলথ গেমস ও কয়লা কেলেঙ্কারির মতো কাণ্ড ঘটল। বস্তুত, এখন মনে হচ্ছে, তিনি দলকে খুবই চমৎকার একটা পর্দা দিয়েছিলেন, যার আড়ালে দলীয় লোকেরা অবাধে দুর্নীতি করেছেন। আর এখন তো গণপরিসরে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে যে সোনিয়া গান্ধী তাঁর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের ‘পরামর্শে’ বিপুল টাকা তুলেছেন, যতটা তিনি পেরেছেন, যার লক্ষ্য ছিল দলীয় কাঠামোকে ঠিক রাখা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।

এটা ঠিক বিজেপির সংকীর্ণতার জন্য কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে উঠছে। কিন্তু দলটির সহসভাপতি রাহুল গান্ধীর তো আর নরেন্দ্র মোদির মতো গুণাবলি নেই। সে কারণে আগামী নির্বাচনে মানুষকে যদি মোদি ও রাহুলের মধ্যে কাউকে বেছে নিতে হয়, তাহলে তারা মোদিকেই বেছে নেবে।

লোকসভা নির্বাচন হতে এখনো তিন বছর বাকি। বিজেপি ও কংগ্রেস ছাড়া অন্য দলগুলো একধরনের ঐকমত্যে আসতে পারে, যাতে তাদের ভোট ভাগাভাগি না হয়। কিন্তু নেতা কে হবেন, সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ, ভারতীয় জনগণ সম্ভাব্য প্রধানমন্ত্রীর দলকে ভোট দেয়, যদিও ভারতের সরকারব্যবস্থা রাষ্ট্রপতিশাসিত নয়। তবে সেটা ভারতের জন্য বেশি জুতসই কি না, সেটা ভিন্ন বিতর্ক।

একটা ব্যাপারে মিল আছে, সেটা হলো বিজেপি জোর কদমে এগিয়ে চলেছে, যার ধারাবাহিকতায় তারা আসামেও জিতেছে। কিন্তু এর মূল কারণ হচ্ছে কংগ্রেস আসামে আশপাশের অঞ্চল থেকে সেখানে মানুষের অভিবাসনকে প্রশ্রয় দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ফকরুদ্দিন আলী আহমেদ প্রকাশ্যেই বলেছেন, ‘আলী’ ও ‘কুলিদের’ কারণেই তাঁরা আগের নির্বাচনে জিতেছিলেন। ‘আলী’ দিয়ে তিনি মুসলমানদের বুঝিয়েছেন, আর বিহারি শ্রমিকদের বলেছেন ‘কুলি’।

আসাম যদি আবারও ‘বহিরাগতদের’ নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে শুরু করে, তাহলে বহু মানুষই এর আওতায় চলে আসবে। আগেও এই সমস্যা মোকাবিলা করতে হয়েছে, অনেক মানুষকেই উৎখাত ও বাস্তুচ্যুত হতে হয়েছে। কিন্তু যখন শুধু মুসলমানদের উৎখাত করা হয় বা কোনো হিন্দুকে প্রশ্নও করা হয় না, তখন ব্যাপারটা সাম্প্রদায়িক মোড় নেয়। গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে কি ভারতের এটা করা উচিত? আর সে এটা করতে থাকলে ভারতীয় সমাজ কি নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করতে পারে?

কংগ্রেস যেহেতু এখন ধর্তব্যের মধ্যে নেই, সেহেতু কোন দল এই সাম্প্রদায়িকতাবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেবে, সে প্রশ্নটাই এখন সমাজের সামনে এসে দাঁড়িয়েছে। সন্দেহ নেই, এ ব্যাপারে বামপন্থীদের অঙ্গীকারের ঘাটতি নেই। কিন্তু তারা আর সমাজে পাত্তা পায় না। এমনকি আদর্শবাদী কমিউনিস্ট ইএমএস নামবুদিরিপাদের নেতৃত্বে কেরালায় কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পাঁচ দশক পরও তারা তেমন অগ্রগতি করতে পারেনি।

এটা সত্য, নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কিছুটা কমলেও তিনি এখনো চিত্তাকর্ষক চরিত্র। তিনি কত মানুষের কর্মসংস্থান ও তাদের জীবনমানের কতটা উন্নয়ন করতে পারেন, এ দুটি জিনিসের ওপরই তাঁর ভবিষ্যৎ নির্ভর করছে। এটাও সত্য যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলে তা মৌলবাদের আবরণ হিসেবে কাজ করতে পারে। কিন্তু কথা হচ্ছে, সেই উন্নয়ন যেন স্রেফ স্লোগান না হয়, বাস্তব হয়, যেটা এখন পর্যন্ত বাগাড়ম্বরের পর্যায়ে রয়েছে।

এমনকি মৌলবাদেরও রাশ টানতে হবে। মোদি সেটা বোঝেন, আর সে কারণেই তিনি এমন কোনো নীতিগত সিদ্ধান্ত নেননি, যাতে মনে হয় ভারত ধর্মনিরপেক্ষতার পথ থেকে বিচ্যুত হয়েছে। তার আসল সমস্যা হচ্ছে আরএসএস, যারা মোদির শাসনামলের বাকি সময়ে দেশটাকে গেরুয়াকরণ করতে চায়, যতটা করা সম্ভব। সন্দেহ নেই, মোদি ক্ষমতায় ফিরতে চাইবেন। কিন্তু তত দিনে আরএসএসের বিষদাঁতটা যদি মানুষ দেখে ফেলে, তাহলে হয়তো বিজেপির পক্ষে ফিরে আসা কঠিন।

ভোটের ধরন ও যেসব জায়গায় বিজেপি জিতেছে তাতে বোঝা যায়, তারা তৃণমূলের দল কংগ্রেসের শিকড় উপড়ে ফেলেছে। আসল কথা হলো, বিজেপির আদর্শ নয়, মানুষ কংগ্রেসের দুর্নীতিতে অত্যন্ত বিক্ষুব্ধ। মোদি ও আরএসএস যদি এই শিক্ষা লাভ করে, তাহলে যতই দিন যাবে, ততই বিজেপি আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে।

অনুবাদ: প্রতীক বর্ধন

কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।