সামরিক পদক্ষেপ সঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি অশ্লীল। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘পৈশাচিক’। কিন্তু এতে এক পুরোনো সমস্যার সৃষ্টি হয়। যখন কোনো খুনি ৩০০-৪০০ নিরীহ মানুষকে মেরে ফেলে, তখন কী হয়? বা ৫০০? সেটা কি তখন ‘সত্যিই পৈশাচিক’ বা ‘খুবই পৈশাচিক’ হয়?

নিসে মানবতার বিরুদ্ধে যে অপরাধ হলো, তার পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখানো হলো, তার চরিত্র বৈষয়িক, আর তার মাত্রা এতটাই যে সেটা পাগলামির পর্যায়ে চলে যায়। ওলাঁদকে ফরাসি গণমাধ্যম ‘জেনারেল ওলাঁদ’ বলে আখ্যা দিয়েছে। তিনি যখন মালিতে ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা পাঠালেন, তখন গণমাধ্যম তাঁকে এ আখ্যা দিয়েছিল। তিনি ঘোষণা দিয়েছেন, ফ্রান্স ‘সিরিয়া ও ইরাকে আরও কঠোর অবস্থানে যাবে।’

হ্যাঁ, ব্যাপারটি আমি বুঝে গেছি! তিউনিসিয়ার নাগরিক মোহাম্মদ লাউইজ বুলেলের সঙ্গে যদি আইএস বা নুসরার কোনো সম্পর্ক থাকত, তাহলে মেসোপটেমিয়া ও রাকার মরুভূমিতে ফরাসি ক্ষেপণাস্ত্র হামলার অন্য কোনো প্রভাব অনুভূত হতো না, বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র আঘাত হানাজনিত মনের আনন্দ ছাড়া।

তিউনিসিয়া সিরিয়া থেকে হাজার মাইলেরও বেশি দূরে অবস্থিত, ইরাকের কথা নাহয় বাদই দিলাম। কিন্তু পশ্চিমের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একজন খুনি আরবের সঙ্গে আরেকজন আরবের কোনো তফাত নেই। আর বুলেলের সঙ্গে যদি আইএসের সম্পর্ক থাকে, তা সে যতই স্বঘোষিত হোক না কেন, তাহলে বোমার আকৃতি যত বড় হবে, ততই ভালো। কথা হচ্ছে, যে এই প্রসঙ্গটি তুলেছে, তাকেই ‘সন্ত্রাসীদের বন্ধু’ বলে সমাজচ্যুত করা হয়েছে। আর কেউ যদি বলে এ ধরনের গণহত্যার পেছনে অন্য কারণ আছে, যেটা আমাদের জানা দরকার, তাহলে তার ওপর প্রভূত গালি বর্ষণ হবে, তা সেই কারণ যতই আধা পাগলা হোক না কেন। এই মুহূর্তে আইএসের সঙ্গে পশ্চিমাদের যে ঘৃণা বিনিময় হচ্ছে, তার সঙ্গে সেই কিং লিয়ার নাটকের অনেকটাই মিল রয়েছে: ‘আমি তাই করব...তারা যেটা করছে...তা সত্ত্বেও আমি জানি না, কিন্তু তারা এই পৃথিবীর সন্ত্রাসী।’

অবশ্যই, আমার ভয় হচ্ছে, সামনের দিনগুলোতে আমাদের আবারও অতীতের পাপের সেই বেদনাদায়ক পুনরাবৃত্তি হতে দেখব, যার তোড়ে আমরা ডুবে যাব: তাদের সন্তান/ভাই/ভাতিজা/চাচা যে একজন মারাত্মক খুনি, আত্মীয়স্বজনদের সেই ধারণা নেই। প্রতিবেশীরা সাক্ষ্য দেবে, হামলাকারী খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ ছিল (যে সম্ভবত নিজের মধ্যেই গুটিয়ে থাকত)। এর বাইরে আমরা দেখব, রাজনীতিকেরা ‘সন্ত্রাসবাদের’ নাম–গন্ধ পর্যন্ত মুছে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছেন, আর পুলিশ সহকর্মীদের সাহসিকতার প্রশংসা করছেন (এমনকি যেখানে নিসে হামলা ফরাসি নিরাপত্তা বাহিনীর সেই অর্থে জয় নয়)।

আর আমরা তিউনিসিয়া ও আলজেরিয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাস ভুলে যাব। আরও ভুলে যাব, এ বছর তিউনিসিয়ার ‘প্রোটেকটোরেটের’ ১২৫তম বার্ষিকী উদ্‌যাপিত হলো, আর তাদের স্বাধীনতার ৭০ বছর। একই সঙ্গে ২০১১ সালের বিপ্লবের পর তিউনিসিয়ার রাজনীতিতে ইসলামপন্থীদের ভীতিকর উত্থানের কথাও ভুলে যাব। আবার এই বেদনাদায়ক ইতিহাসকে নিসে হামলার ‘মূল কারণ’ হিসেবে আখ্যা দেওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু একটা পর্যায়ে পশ্চিমকে বুঝতে হবে, তারা যদি মালি, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করে বা তুরস্ক, মিসর ও উপসাগরীয় অঞ্চলে নাক গলায়, তাহলে তারা নিজের ঘরে ‘নিরাপদ’ থাকবে না।

এটা এখন পুরোনো গল্প। অতীতে আমরা কোরিয়া ও ভিয়েতনামে রোমাঞ্চ যাত্রায় গেলে এই ভয় থাকত না যে, উত্তর কোরিয়া লন্ডন আন্ডারগ্রাউন্ড উড়িয়ে দেবে বা ভিয়েতকং নিউইয়র্কে বিমান হামলা চালাবে। কিন্তু সেই দিন আর নেই। এখন বিদেশি অভিযানের জন্য চরম মূল্য দিতে হচ্ছে। সেটা অস্বীকার করা বা আড়ম্বরে এটা ঘোষণা দেওয়া যে, লন্ডন ও প্যারিসের বোমা হামলার সঙ্গে ইরাকে আমাদের বোমা ফেলার কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা অসততা। ইতিহাসের একপর্যায়ে যখন আমাদের নতুন আইন দিয়েই স্বাধীনতার পরিসর ছোট করতে হবে, তখন মধ্যপ্রাচ্য ও ইতিহাসের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। আর হ্যাঁ, ধর্মের সঙ্গে নতুন সম্পর্কে পড়তে হবে।

ইসলামপন্থীদের অপরাধ নিয়ে স্রেফ মাছিমারা কেরানির মতো একই কথা বলে গেলে চলবে না: এর মধ্যে বিবিসির এক প্রতিবেদক নিসের হামলার সঙ্গে ইসরায়েলিদের গায়ের ওপর ফিলিস্তিনিদের গাড়ি উঠিয়ে দেওয়ার তুলনা করেছেন। কিন্তু আমি সর্বশেষ যে ফোন ভিডিও দেখেছি, যার সঙ্গে নিসের ঘটনার মিল আছে, তাতে দেখা গেল, ২০১১ সালে মিসরের বিপ্লবের সময় সেনাবাহিনীর একটি ট্রাক ব্যাপক গতিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী জনতার ওপর উঠে গিয়ে পাগলের মতো ঘুরপাক খাচ্ছিল। নিসের পর সেটা আমরা মনে রাখিনি কেন? কারণ, সেই খুনিদের কখনোই গ্রেপ্তার করা হয়নি? কারণ, কেউই গতকালের খবর রাখে না। নাকি আমরা এটা মনে রাখি না এ কারণে, সেদিন যারা মারা গিয়েছিল তারা জাতিতে আরব ছিল, যারা দূরবর্তী কোনো দেশে এমন মানুষের সঙ্গে ঝগড়া করছিল, যাদের সম্পর্কে আমরা সামগ্রিকভাবে তেমন কিছু জানি না।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।

রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।