
মাস দুয়েক আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ঢাকায় এসেছিলেন। সঙ্গে ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন অ্যাডমিরালসহ উঁচু পদের কয়েকজন সামরিক কর্মকর্তা। চীন থেকে বাংলাদেশ দুটো সাবমেরিন কেনার খবর জানাজানি হওয়ার পরপরই ছিল এই সফর। তখন সবাই স্বাভাবিকভাবেই দুয়ে-দুয়ে চার মিলিয়েছিলেন। শোনা গিয়েছিল, চীন থেকে ডুবোজাহাজ কেনার ব্যাপারটা ভারতের না-পছন্দ। ‘আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া’। মনোহরজি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথাবার্তা বলেছিলেন। তিনি কী বার্তা দিয়েছিলেন, তার সবটা আমরা জানি না। অনুমান করা যায়, প্রতিবেশী ভারত থাকতে বাংলাদেশ চীনের সঙ্গে কেন ঘনিষ্ঠতা বজায় রাখছে, বিশেষ করে প্রতিরক্ষাসম্পর্কিত বিষয়ে, যা ভারতের জন্য খুবই অস্বস্তিকর। কেননা, ভারত আর চীন অনেক ব্যাপারে শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বৈরীও বটে। আর বাংলাদেশ তো ভারতের খুবই আপনজন। স্বাভাবিকভাবেই চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারত সুনজরে দেখেনি।
বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা অবশ্য আলাদা। সে ভারত ও চীন উভয় দেশেরই বন্ধুত্ব চায়। ভারতের সঙ্গে বন্ধুত্ব তো জন্মলগ্ন থেকেই। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে জড়িয়ে আছে ভারত। বাংলাদেশের রণাঙ্গনে মিশে আছে ভারতীয় সৈন্যদের রক্ত। এটা তো ভোলার নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চীনের সঙ্গেও সম্পর্ক গাঢ় হচ্ছে। বাংলাদেশে এখন যে অর্থনৈতিক উন্নয়নের ধারা, সেখানে চীন ক্রমেই নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে নিজেকে তুলে ধরেছে। বাংলাদেশ তার জাতীয় স্বার্থে ভারত ও চীন উভয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং তা আরও মজবুত করার চেষ্টা করবে, এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রতিপাদ্য হওয়া দরকার।
বৈদেশিক সম্পর্কের ভাঙা-গড়ার ইতিহাস নতুন নয়। সম্পর্ক গড়তে সময় লাগে অনেক, ভাঙতে লাগে কয়েক মুহূর্ত। মনে একবার অবিশ্বাসের বীজ ঢুকে গেলে কালক্রমে তা বিশাল বৃক্ষ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ-ভারত সম্পর্কও অনেকটা ওই রকমের। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এই সম্পর্ক অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে। সম্পর্কটা সব সময় সরলরেখায় চলেনি।
সম্প্রতি বাংলাদেশ-ভারত সামরিক সম্পর্কের ধরন ও গতিপ্রকৃতি জন-আলোচনায় উঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। প্রথম আলোর প্রতিবেদক সৌম্য বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র ধরে জানিয়েছেন, সামরিক সহযোগিতার অংশ হিসেবে ভারত বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণের প্রস্তাব দিয়েছে। যদি সমঝোতা হয়, তাহলে বাংলাদেশে যৌথ সহযোগিতায় সামরিক সরঞ্জাম তৈরি হবে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও বাড়বে। বাড়ানো হবে প্রশিক্ষণের সুযোগ। ভারত চাইছে একটা প্রতিরক্ষা চুক্তি। এই শব্দের ব্যাপারে বাংলাদেশের আপত্তি আছে। কেননা, এ ধরনের চুক্তির ফলে বাংলাদেশের জনমনে এমন ধারণা তৈরি হতে পারে যে বাংলাদেশের নিরাপত্তা ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই বাংলাদেশ চাইছে একটা ‘সমঝোতা স্মারক’। (প্রথম আলো, ৭ মার্চ ২০১৭)
বাংলাদেশ-ভারত সম্পর্কের পারদ গত ৪৫ বছরে এত ওঠানামা করেছে যে এ বিষয়ে আগবাড়িয়ে ভবিষ্যদ্বাণী করতে যাওয়াটা নিছক বোকামি হবে। দুই দেশের সামরিক মনস্তত্ত্বের খোলামেলা আলোচনার পরিবেশ হয়তো তৈরি হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের লক্ষ্য ছিল স্বাধীনতা। আর ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা। দুটো লক্ষ্য এক জায়গায় এসে এক মোহনায় মিশে গিয়েছিল। স্বভাবতই ভারত আশা করেছিল, পূর্বাঞ্চলে তার নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, তার সমাধান হয়ে যাবে। কিন্তু সেই উদ্বেগ এখনো রয়ে গেছে বলেই ভারতের বর্তমান নীতিনির্ধারকেরা মনে করেন।
১৯৬৬ সালে শেখ মুজিব আঞ্চলিক স্বায়ত্তশাসনের রূপরেখা দিয়েছিলেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ‘পূর্ব পাকিস্তানের’ অরক্ষিত অবস্থার ঝুঁকির কথা তিনি উল্লেখ করে এ অঞ্চলের জন্য আলাদা প্রতিরক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সশস্ত্র বাহিনীকে ব্রিটিশ-পাকিস্তানি আমলের মতোই পুনর্গঠিত করেছিলেন। তিনি সামরিক বাহিনী রাখার প্রয়োজন বোধ করেছিলেন। কিন্তু রাজনীতিতে সামরিক আধিপত্য বিস্তারের বিরুদ্ধে ছিলেন আপসহীন। নয়াদিল্লির নীতিনির্ধারকদের অনেকেই মনে করেন, বাংলাদেশের জন্য আলাদা সামরিক বাহিনী পোষার দরকার নেই। ভারতই বাংলাদেশের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। এ ধরনের তত্ত্ব অবশ্য আগেও ছিল। পাকিস্তান সরকার বরাবর মনে করত, একটি শক্তিশালী কেন্দ্র (ইসলামাবাদ) হলো ‘পূর্ব পাকিস্তানের’ জন্য রক্ষাকবচ।
যাহোক, বাংলাদেশে এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী—সবই আছে। প্রতিটি সরকার এই বাহিনীগুলোর উন্নয়ন ও উৎকর্ষের জন্য নানান পরিকল্পনা নেয়। বাজেট বরাদ্দ দেয়। বাংলাদেশের সামরিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেড়েছে। এটা একটা বড় বাস্তবতা।
আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সামরিক বাহিনীর উপস্থিতি লক্ষণীয়। বিভিন্ন সংঘাতময় অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষী দল সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশের ভেতরেই অনেকে ‘এত বড়’ একটা সামরিক বাহিনী পোষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? মিগ আর সাবমেরিন দিয়ে আমাদের কাজ কী? ইত্যাদি। প্রশ্ন অবশ্য আরও অনেক কিছু নিয়েই তোলা যায়। যেমন দেশে এতগুলো বিশ্ববিদ্যালয়ের দরকার কী? এতগুলো মন্ত্রণালয়ের কী প্রয়োজন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফি বছর নতুন নতুন বিভাগ কেন খোলা হচ্ছে? এতগুলো পত্রিকারই বা কী দরকার? কিংবা এতগুলো টিভি চ্যানেল ও ব্যাংক?
সামরিক বাহিনীকে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে মিলিয়ে দেখা হয়। আমাদের কোনো নিরাপত্তা বা প্রতিরক্ষা নীতি আছে বলে জানা যায় না। তবে রাজনীতি ও প্রশাসনে সামরিক বাহিনীকে আমরা ছড়ি ঘোরাতে দেখেছি অনেক বছর।
মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। বাংলাদেশের জন্মলগ্নেই ভারতের সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর সম্পর্ক তেতো হয়ে গিয়েছিল। উপলক্ষ ছিল পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নিয়ে। ভারতীয় সেনারা অনেক কিছুই ভারতে নিয়ে গিয়েছিল। বাংলাদেশের সামরিক বাহিনীর তখন শিশুকাল। তাদের দরকার অনেক অস্ত্র আর সরঞ্জাম। পরে অবশ্য দখলে আসা অস্ত্রের কিছু অংশ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। জয়দেবপুরের অস্ত্র কারখানাটি সচল করার ব্যাপারে ভারত প্রয়োজনীয় সাহায্য দিতে রাজি হয়। এ ছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণসুবিধা চাওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সম্পর্কের ব্যাপারে উৎসাহী ছিল না। এসব কথা উঠে এসেছে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও ১৯৭২-৭৫ সালে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জ্যোতিন্দ্র নাথ দীক্ষিতের বয়ানে (সূত্র: দীক্ষিত, লিবারেশন অ্যান্ড বিয়ন্ড: ইন্দো-বাংলাদেশ রিলেশনস)।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঢাকা সফরে আসেন ১৯৭২ সালের ১৭ মার্চ। বঙ্গভবনে দুই প্রধানমন্ত্রী ২৫ বছর মেয়াদি ‘বাংলাদেশ-ভারত শান্তি, মৈত্রী ও সহযোগিতা’ চুক্তি সই করেন ১৯ মার্চ সকালে। এই চুক্তির দুটো ধারায় সামরিক সহযোগিতার কথা বলা হয়েছিল। এই চুক্তিটি প্রকৃতপক্ষে ১৯৭১ সালের ৯ আগস্ট ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ২০ বছর মেয়াদি মৈত্রী চুক্তির অনুরূপ। কয়েকটি ধারা ছিল হুবহু এক।
ভারত-বাংলাদেশ চুক্তির অনেক সমালোচনা হয়েছে। বিশেষ করে কয়েকটি ডানপন্থী ও পিকিংপন্থী রাজনৈতিক দল এই ‘চাপিয়ে দেওয়া গোপন চুক্তি’র প্রবল বিরোধিতা করে বলেছিল, বাংলাদেশ ভারতের করদ রাজ্য হয়ে গেছে। একটি মন্তব্যে বলা হয়, শেখ মুজিব নিরপেক্ষ বৈদেশিক নীতি গ্রহণ করবেন—এটা জানতে পেরে ভারত বাংলাদেশের ওপর এই চুক্তি চাপিয়ে দেয়। দীক্ষিতের বর্ণনায় জানা যায়, এই চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আগ্রহে এবং এটা কোনো গোপন বিষয় ছিল না। এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তির উদাহরণ পৃথিবীতে অনেক আছে। ওই সময় অপপ্রচারের মাধ্যমে উগ্র ভারতবিরোধী মনোভাব উসকে দেওয়া হয়েছিল।
মাওলানা ভাসানী ওই সময় একটা সাপ্তাহিক পত্রিকা বের করতেন। নাম ছিল হক-কথা। পত্রিকাটির চতুর্থ সংখ্যায় (২৪ জুন ১৯৭২) ব্যানার হেডলাইন ছিল, ‘বাংলাদেশের প্রতিরক্ষা পঙ্গু রাখতে রুশ-ভারতীয় চক্রান্ত’। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা যাতে না গড়ে ওঠে, সে জন্য একাত্তরেই ভারতের সঙ্গে মুজিবনগর সরকারের গোপন চুক্তি হয়েছিল বলে দেশে একটা প্রচার ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও এই প্রচার ছিল জোরেশোরেই। ওই সময় কুমিল্লা সেনানিবাসের একটি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবু তাহের এ ব্যাপারে ছিলেন সবচেয়ে উচ্চকিত। মুজিব সরকার সেনাবাহিনীর উন্নয়নে অবহেলা দেখিয়েছেন বলে তিনি অভিযোগ তোলেন। তিনি বলেছেন, ভারতের সহযোগিতায় রক্ষীবাহিনীর মতো আধা সামরিক বাহিনী গঠন করলে তিনি সংশ্লিষ্ট মহলের কাছে এর প্রতিবাদ করেছিলেন। যুদ্ধের সময় ভারতের সঙ্গে করা গোপন চুক্তির ব্যাপারেও প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। (সূত্র: লরেন্স লিফশুলজ, বাংলাদেশ: দ্য আনফিনিশড রেভল্যুশন)।
বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীর জন্য বরাবর চীন থেকেই বেশির ভাগ অস্ত্রশস্ত্র আমদানি করে থাকে। কেন করে, তার একটা ব্যাখ্যা হয়তো আমাদের সামরিক বাহিনীর কাছে আছে। হয়তো এ কারণে যে এগুলো দামে কম কিংবা বেশি কার্যকর, খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় সহজে ইত্যাদি। বাংলাদেশ শিগগিরই অস্ত্রের সন্ধানে নতুন একটা বাজারে ঢুকবে কি না, তা নির্ভর করবে তুলনামূলক সুবিধার ওপর (কমপারেটিভ অ্যাডভান্টেজ)। প্রশ্ন উঠতে পারে, আমাদের এত অস্ত্রের কী দরকার? এটা আমাদের জানা থাকা দরকার যে বিদেশে শান্তিরক্ষী পাঠালে সঙ্গে দরকারি অস্ত্রশস্ত্র এবং যানবাহনও পাঠাতে হয়, যাতে তারা অন্যের মুখাপেক্ষী না হয়ে পড়ে। এসবের দাম জাতিসংঘ পরে চুকিয়ে দেয়। মিশন থেকে ফিরে এলে ওই সব অস্ত্র ও সরঞ্জাম বাংলাদেশের হয়ে যায়। এটাই বাড়তি সুবিধা। অবশ্য যুদ্ধবিমান কিংবা ডুবোজাহাজের ব্যাপার আলাদা। এগুলো দরকার হয় দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা নীতি ও রণকৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে। আমি আগেই বলেছি, এ ধরনের নীতি ও কৌশল সম্পর্কে আমি অজ্ঞ এবং জন-আলোচনায় এ বিষয়টি নেই। সংসদেও এ নিয়ে আলোচনা হয় না। হয়তো অতিসংবেদনশীলতা ও নিরাপত্তাজনিত গোপনীয়তার কারণে। যেহেতু দেশটা এখনো অনেক গরিব এবং অনেক স্কুলে ছাদ নেই, বেঞ্চ নেই, শিক্ষক নেই। তাই এত টাকা খরচ করে ব্যয়বহুল সামরিক সরঞ্জাম কেনার যুক্তিটা নাগরিকদের বোঝাতে হবে। কোনটা অগ্রাধিকার পাবে, তা জানার অধিকার জনগণের আছে।
যাহোক, এ রকম একটা প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাবেন আগামী এপ্রিলে। তাঁর সফর ইতিমধ্যে দুবার পিছিয়েছে। যে কারণে পিছিয়েছে বলে জনমনে ধারণা, সেই কারণটির সুরাহা হয়নি এখনো। তিস্তার ব্যাপারে অনড় অবস্থান বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তাঁর জনপ্রিয়তা ধরে রেখেছেন নিঃসন্দেহে। তাঁর ‘জল জাতীয়তাবাদ’ তাঁকে অনেক সুবিধা দিয়েছে। জনতুষ্টির রাজনীতিতে এটা খুবই দরকার। আমরা দেখব, আমাদের প্রধানমন্ত্রী এ দেশের মানুষের তুষ্টির জন্য দিল্লি থেকে কী নিয়ে আসেন। আমাদেরও আছে ‘পানি জাতীয়তাবাদ’। এর সঙ্গে যোগ হয়েছে চীন-ভারত দ্বৈরথে আমাদের অবস্থান স্পষ্ট করার ব্যাপারটা। শেখ হাসিনার সামনে একটা বড় পরীক্ষা।
এ দেশে একদল লোকের রক্তে আছে ভারতবিরোধিতা। ভারতকে তারা কোনোভাবেই সহ্য করতে পারে না। আরেক দল লোক আছে, যারা ভারতের ব্যাপারে সব সময়ই দুর্বল। এই দুই গোত্রের লোকদের বাইরে আছে অগুনতি মানুষ, যারা ভারতের বন্ধুত্ব চায়, মর্যাদার সঙ্গে বাঁচতে চায়। আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই বিরাট জনগোষ্ঠীকে নিরাশ করবেন না।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]