বছরের শুরুতে টোরি পার্টির ঘনিষ্ঠ রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান সিভিটাস ব্রিটেনের বৈদেশিক সাহায্যের অধিকতর সদ্ব্যবহারের উপায় হিসেবে সাহায্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের প্রস্তাব দেয়। প্রস্তাবটির মূল কথা হচ্ছে, মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হচ্ছে জরুরি পরিস্থিতিতে সাহায্য করা এবং সে কাজটি যেহেতু তাদের মতে সেনাবাহিনী সবচেয়ে ভালো পারে, সে কারণে ব্রিটেনের বৈদেশিক সাহায্যের অন্তত তিন ভাগের এক ভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া। এই প্রস্তাবটিকে সাহায্যের সামরিকীকরণ বা মিলিটারাইজেশন অব এইড বলে অভিহিত করেছেন লেবার পার্টির নেতা বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের এই এক চমৎকার সংস্কৃতি। এখানে প্রধান রাজনৈতিক দলগুলোর মতাদর্শ বা ভাবধারার সমর্থক গবেষণা প্রতিষ্ঠানগুলোই প্রথম বিভিন্ন নীতির বিষয়ে বিতর্কের সূচনা করে থাকে। সেই বিতর্ক যেমন জনমত গঠনে সহায়ক হয়, তেমনি তা থেকে রাজনীতিকেরাও তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সক্ষম হন। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব সিভিল সোসাইটি বা সিভিটাসের এই প্রস্তাব প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই তাই প্রধানমন্ত্রী ক্যামেরনের মুখ থেকে এ ধরনের ভাবনা-চিন্তার প্রতি তাঁর সমর্থনের কথা শোনা গেল। ভারত সফর শেষে দেশে ফিরে ক্যামেরন বললেন যে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তার অর্থ ব্যয় করার ক্ষেত্রে সুবিবেচনার পরিচয় দিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় ডিএফআইডি পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে অবিশ্বাস্য রকম ঘনিষ্ঠভাবে কাজ করে। প্রশ্নটি যদি হয় যে ভঙ্গুর এবং অস্থিরতার মধ্যে থাকা দেশগুলোতে ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমরা আমাদের কাছে থাকা তহবিল আরও ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ব্যয় করব কি না, তাহলে আমার উত্তর হবে হ্যাঁ, আমাদের সেটাই করা উচিত। ক্যামেরন বলেন যে অনেক ক্ষেত্রেই উন্নয়নের আগে প্রয়োজন নিরাপত্তা ও স্থিতিশীলতা।প্রধানমন্ত্রী ক্যামেরনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দল লেবার পার্টি বলেছে, তাঁর এই মন্তব্য টোরি পার্টির যে অংশটি বৈদেশিক সহায়তার বাজেট অপরিবর্তিত রাখার বিরোধিতা করছে, তাদের খুশি করতেই এই উদ্যোগ। ছায়া মন্ত্রিসভায় আন্তর্জাতিক সহায়তাবিষয়ক মন্ত্রী রুশনারা আলী এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে কোটি কোটি পাউন্ড সাহায্যের অর্থ সামরিক খাতে স্থানান্তরের যে কথা প্রধানমন্ত্রী বলেছেন, তাতে তিনি উদ্বিগ্ন। রুশনারা আলী বলেন, ২০১৫ পরবর্তী উন্নয়ন কর্মসূচি ঠিক করার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্যানেলের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী ক্যামেরনের উচিত ছিল সাহায্যের সামরিকীকরণের বিরোধিতা করা। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা ছিল ২০১৫ সাল এবং পরের উন্নয়ন কর্মসূচি ঠিক করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের গত অধিবেশনে প্রধানমন্ত্রী ক্যামেরনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্যানেল গঠিত হয়। রুশনারা আলী বলেন, বিশ্বের দরিদ্রতম মানুষের জন্য যে অর্থ ব্যয় হওয়ার কথা, তাকে সামরিক খাতে স্থানান্তর করা হলে ব্রিটেন আন্তর্জাতিক সহায়তার প্রশ্নে তার অঙ্গীকার রক্ষা থেকে সরে আসবে। উন্নয়নশীল দেশগুলোর মোট জাতীয় উৎপাদনের শূন্য দশমিক ৭ শতাংশ আন্তর্জাতিক উন্নয়নে ব্যয় করার জন্য শিল্পোন্নত দেশগুলোর জোট জি-এইটে অঙ্গীকার করা হলেও গর্ডন ব্রাউনই প্রথম তাঁর বাজেটে তা পূরণ করেছিলেন। প্রধানমন্ত্রী ক্যামেরন ব্রিটেনের এই অঙ্গীকার রক্ষা করে আন্তর্জাতিক সহায়তার জন্য বার্ষিক ৮০০ কোটি পাউন্ডের বরাদ্দ অপরিবর্তিত রাখায় তাঁর দলের একটি বড় অংশ ক্ষুব্ধ। কেননা, তাদের যুক্তি কৃচ্ছ্রতার কারণে দেশের ভেতরে সব সরকারি ব্যয় যেখানে কমানো হচ্ছে, সেখানে বৈদেশিক সহায়তা কেন কমানো হবে না? বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পক্ষ থেকেও প্রধানমন্ত্রী ক্যামেরনের এই প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ উন্নয়ন সংস্থা অক্সফ্যাম বলেছে যে ব্রিটিশ করদাতারা চান তাঁদের সাহায্যের টাকায় হাসপাতাল তৈরি হোক, তা দিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার কেনা তাঁরা দেখতে চান না।ইউকে এইড নেটওয়ার্কের সমন্বয়কারী এমি ডড সিভিটাসের প্রস্তাব প্রকাশের পর উন্নয়নবিষয়ক সংবাদ সংস্থা ডেভেক্সকে বলেন যে সাহায্য প্রতিরক্ষা খাত বা পররাষ্ট্র দপ্তরে স্থানান্তর করা হলে তাতে সাহায্যের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে। উন্নয়নকর্মীদের উদ্বেগের কারণগুলোর মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে, বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনায় এ ধরনের পরিবর্তন আনা হলে তাতে চলমান দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সামাজিক বিষয়ে যেসব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো বাধাগ্রস্ত হবে। উন্নয়ন ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনকারী উন্নয়নকর্মীদের দক্ষতা ও সেবা থেকে বঞ্চিত হবে বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম। শিল্পোন্নত দেশগুলোর অন্যরাও যদি ব্রিটেনের পথ অনুসরণ করা শুরু করে, তাহলে আন্তর্জাতিক পরিসরে তৎপর বহুজাতিক এনজিওগুলো তহবিল সংকটের মুখে পড়তে পারে। ক্যামেরনের এই পরিকল্পনার বিরোধিতা এসেছে তাঁর জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও। আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান লিবারেল ডেমোক্র্যাট এমপি ম্যালকম ব্রুস বলেছেন, প্রতিরক্ষা খাতের বাজেট কমানোর বিষয়টি সাহায্যের অর্থ দিয়ে পূরণ করা যাবে না।সিভিটাসের প্রস্তাবের মূল কথা হচ্ছে ভূমিকম্প, সুনামি অথবা দুর্ভিক্ষের মতো দুর্যোগের ক্ষেত্রে দ্রুত এবং কার্যকর ত্রাণ তৎপরতা পরিচালনা নিশ্চিত করার ক্ষমতা সবচেয়ে ভালো রয়েছে সেনাবাহিনীর। এই প্রস্তাবের পক্ষে আরেকটি বড় যুক্তি হচ্ছে, ব্রিটেনের সাহায্য কার্যক্রম পরিচালনার ব্যয় অনেক বেশি এবং তাতে অপচয় ও দুর্নীতির অনেক সুযোগ থাকে। সাহায্য পৌঁছানোর জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার, বিমান বা জাহাজের খরচ হিসাবে প্রাপ্য অর্থ সামরিক বাহিনীকে দেওয়াই এ ক্ষেত্রে যথেষ্ট নয় উল্লেখ করে দাবি করা হয়েছে, বৈদেশিক সাহায্যের ব্যবস্থাপনায় আমূল সংস্কারের স্বার্থেই এই পরিবর্তন প্রয়োজন। সিভিটাসের প্রস্তাবে আরও যেসব পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হচ্ছে, বিবিসি বাংলার মতো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সব ভাষা বিভাগের খরচ বৈদেশিক উন্নয়ন বা সাহায্যের টাকা থেকে দেওয়া। সিভিটাসের মতে, বিদেশে গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার এবং আরও প্রভাব বিস্তারের জন্য প্রথাগত সাহায্যের পরিবর্তে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সেবার পেছনে বার্ষিক ২৭ কোটি পাউন্ড ব্যয় করা অনেক বেশি অর্থবহ হবে। বাংলাদেশে অবশ্য বিবিসি এই সাহায্যের অর্থ দিয়েই গত কয়েক বছর ধরে বাংলাদেশ সংলাপ নামে রেডিও ও টেলিভিশনের জন্য অনুষ্ঠান করে আসছে। ব্রিটেন বাংলাদেশে বছরে ২৫ কোটি পাউন্ড করে উন্নয়ন সহায়তা দিচ্ছে, যা ২০১৫ সাল পর্যন্ত অব্যাহত থাকার কথা। তবে ব্রিটিশ সাহায্যের সামরিকীকরণ হলে ২০১৫ সালের পর পরিস্থিতি কী দাঁড়াবে বলা মুশকিল। অতীতে বড় ধরনের জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ত্রাণকাজ পরিচালনার জন্য যেমন বাংলাদেশে এসেছে, ভবিষ্যৎ ব্রিটিশ সহায়তার রূপটি কি সে রকমই হবে? কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।