সামাজিক বিকল্প ও সামাজিক কল্যাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর্ত্য সেন
অমর্ত্য সেন

মানুষ চিরকাল দলবদ্ধ হয়ে জীবনযাপন করেছে। তাঁর জীবন অনিবার্যভাবে সমষ্টির সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে। কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা খুব সহজ কাজ নয়। বিশেষত, দলের প্রত্যেক সদস্যের চিন্তা ও স্বার্থ এক নয়। ফলে সামষ্টিক সিদ্ধান্ত কীভাবে গ্রহণ করা সম্ভব? 
একনায়কেরা মানুষের জীবনের সবকিছুই নিয়ন্ত্রণ করতে চায়। সেটা করতে গিয়ে তারা অন্য সবার অভিরুচিই অগ্রাহ্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেরূপ ক্ষমতা অর্জন করা খুব সহজ নয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেকোনো ধরনের একনায়কত্বই সমাজ পরিচালনার পদ্ধতি হিসেবে মারাত্মক।
ফলে সামাজিক বিজ্ঞানীরা সামষ্টিক সিদ্ধান্তের মধ্যে কীভাবে ব্যক্তির চিন্তা প্রতিফলিত করা যায়, দীর্ঘদিন ধরেই তার উপায় তালাশ করছেন। এমনকি সে সমাজটি পুরোপুরি গণতান্ত্রিক না হলেও কীভাবে তা করা যায়, সে উপায় বের করতেও তাঁরা নানা গবেষণা করছেন। উদাহরণস্বরূপ, খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে গ্রিসে অ্যারিস্টটল ও ভারতে কৌটিল্য তাঁদের গ্রন্থ যথাক্রমে রাজনীতি ও অর্থনীতিতে সামাজিক নির্বাচনের নানা দিক অনুসন্ধান করেছেন (কৌটিল্যের বইয়ের সংস্কৃত শিরোনাম হচ্ছে অর্থশাস্ত্র। এর আক্ষরিক অনুবাদ হচ্ছে ‘বস্তুগত কল্যাণের শাস্ত্র’)।
একটি আনুষ্ঠানিক শাস্ত্র হিসেবে সামাজিক নির্বাচন প্রথম আলোর মুখ দেখে ১৮ শতকের শেষের দিকে। এ ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেন ফরাসি গণিতবিদেরা, বিশেষত জে সি বোরদা ও মারকুইস ডি কনডোরেক্ট। তখন ছিল ইউরোপীয় আলোকায়নের স্বর্ণসময়। আলোকায়ন যুক্তিভিত্তিক সামাজিক কাঠামোর কথা বলেছে। আর তার অগ্রাধিকার ছিল মানুষের অভিরুচির ভিত্তিতে সমাজ নির্মাণ।
কিন্তু বোরদা, কনডোরেক্ট প্রমুখের তাত্ত্বিক অনুসন্ধানের ফল হয় নেতিবাচক। যেমন কনডোরেক্ট যে ‘নির্বাচনী প্যারাডক্স’ (আপাত স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়)-এর কথা বলেছেন, তাতে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন শেষমেশ এক অচলায়তনের সৃষ্টি করতে পারে। এ ব্যবস্থায় প্রত্যেক বিকল্পই অন্য কোনো বিকল্পের কাছে ভোটে পরাজিত হয়। ফলে কোনো বিকল্পই অন্য কোনো বিকল্পের সামনে দাঁড়াতে পারে না।
আজকের সুনির্দিষ্ট ও আধুনিক রূপের যে সামাজিক বিকল্পের তত্ত্ব, তার গোড়া খুঁজলে দেখা যায়, কেনেথ জে অ্যারো ১৯৫০ সালে তাঁর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অভিসন্দর্ভে তার রূপরেখা প্রণয়ন করেছেন। অ্যারোর তত্ত্বে তাঁর সেই বিখ্যাত ‘ইম্পসিবিলিটি থিওরেম’ রয়েছে।
অ্যারোর এই থিওরেমে দেখা যায়, সমাজে ব্যক্তির অভিরুচির শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সামাজিক সিদ্ধান্তে পৌঁছার ক্ষেত্রে খুব স্বল্প মাত্রায় যুক্তির দোহাই পাড়তে হলে কোনো প্রক্রিয়াতেই এই দুটো শর্ত পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের মতামত ও যুক্তি দুটি একত্রে ঠিকঠাক যায় না। তাঁর অভিসন্দর্ভের ভিত্তিতে ১৯৫১ সালে সোশ্যাল চয়েস অ্যান্ড ইন্ডিভিজ্যুয়াল ভ্যালুস গ্রন্থটি রচিত হলে তা তৎক্ষণাৎ ধ্রুপদি গ্রন্থের মর্যাদা পেয়ে যায়।
অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, নৈতিক ও রাজনৈতিক দার্শনিক, সমাজবিজ্ঞানী ও এমনকি সাধারণ জনগণও এক ঝলকেই বুঝে যায়, ফলাফল কতটা ধ্বংসাত্মক। আলোকায়নের চিন্তায় সামাজিক যুক্তির ফুল ফোটার দুই শতাব্দী পর মনে হচ্ছে, ভাসা ভাসা হলেও, এ প্রকল্প অনিবার্যভাবে ধ্বংস হবে।
কেন ও কীভাবে অ্যারোর এই অসম্ভাব্যতার ফলাফল এল, তা বোঝা দরকার। যে আনুষ্ঠানিক যুক্তিকাঠামো, এই তত্ত্বের নাড়ি পুঁতে দিয়েছে, তা পরীক্ষা করে দেখা যায়, শুধু ব্যক্তির অভিরুচির ক্রমের ওপর নির্ভর করলে একদম বিসদৃশ সামাজিক বিকল্পগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে ওঠে।
সামাজিক কল্যাণের ক্ষেত্রে কিছু বলতে গেলে ব্যক্তিদের লাভ ও লোকসানের তুলনামূলক হিসাব নেওয়া আবশ্যক। তাঁদের সমৃদ্ধির আপেক্ষিক হিসাব নেওয়াও জরুরি। শুধু সামাজিক বিকল্পের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামত থেকে তা অনুধাবন করা সম্ভব নয়। এটাও পরীক্ষা করা দরকার, কোনো ধরনের অভিরুচি সংখ্যাগরিষ্ঠতা পেলে তা ভোটের নানা প্রক্রিয়ার জন্য সমস্যাজনক হয়ে ওঠে।
তথাপি, গণতন্ত্রের দাবি কী, তা বুঝতে অ্যারোর ইম্পসিবিলিটি থিওরেম এক বড় ভূমিকা পালন করে। তা শুধু ভোট গণনার ওপরই নির্ভর করে না (অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ)। গণতন্ত্র আরও কার্যকর করতে তথ্যের ভিত আরও সমৃদ্ধ করা ও মিথস্ক্রিয় গণযুক্তি আরও বৃহৎ পরিসরে ব্যবহার করতে হবে। এর ফলে সামাজিক কল্যাণের আরও যৌক্তিক মূল্যায়ন করা সম্ভব হয়।
সামাজিক বিকল্পের তত্ত্ব একটি বড় শাস্ত্রে পরিণত হয়েছে, সেটা বিভিন্ন প্রশ্ন আমলে নিয়েছে। কোন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠের শাসন নিশ্চিত ও ধারাবাহিক সিদ্ধান্ত নিতে পারে? অকাট্য ফলাফল পাওয়ার জন্য নির্বাচনী প্রক্রিয়াই বা কতটা শক্তিশালী? একটি সমাজ তার ব্যক্তিদের নানামুখী স্বার্থের আলোকে কতটা ভালোভাবে কাজ করছে, সে বিচার আমরা কীভাবে করব? ব্যক্তির অভিরুচির যথাযথ ও সামগ্রিক স্বীকৃতি দিয়ে আমরা কীভাবে ব্যক্তির অধিকার ও স্বাধীনতা আত্তীকরণ করতে পারি? সমাজে নানা ধরনের মানুষ আছে, তাদের দুঃখ-দুর্দশাও ভিন্ন। ফলে সমাজের সামষ্টিক দারিদ্র্য আমরা কীভাবে নির্ণয় করব? পরিবেশের মতো গণসম্পদের সামাজিক মূল্যায়ন আমরা কীভাবে করব?
এসব প্রশ্নের বাইরেও ন্যায়বিচারের তত্ত্ব সামাজিক নির্বাচনের তত্ত্ব থেকে রসদ জোটাতে পারে (২০০৯ সালে আমি আইডিয়া অব জাস্টিস বইয়ে যা বলেছিলাম)। তদুপরি, সামাজিক বিকল্পের তাত্ত্বিকদের সম্মিলিত সিদ্ধান্তের ওপর পরিচালিত গবেষণা থেকে যে বোঝাপড়া সৃষ্টি হয়েছে, তা এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়—এরূপ গবেষণায়ও সহায়তা করেছে। যেমন লৈঙ্গিক অসমতার পরিণতি ও রূপ বা দুর্ভিক্ষের সংঘটন ও প্রতিরোধ।
সামাজিক নির্বাচন তত্ত্বের প্রাসঙ্গিকতা অপরিসীম, এর পরিসরও বৃহৎ। সামাজিক যুক্তিবিন্যাসের প্রচেষ্টা খাটো না করে অ্যারোর এই গভীরভাবে চ্যালেঞ্জিং ইম্পসিবিলিট থিওরেম, যা আরও অনেক রচনার রসদ জুগিয়েছে—আমাদের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে যৌক্তিক উপায়ে ভাবতে উৎসাহিত করেছে। এর ওপরই আমাদের বেঁচে থাকা ও সুখ নির্ভর করে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অমর্ত্য সেন: নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।