ধরা যাক, আপনার ঘরের কাছের একটি বৃক্ষ। পৃথিবীর আলো দেখার পর নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তিল তিল করে বেড়ে উঠতে থাকে বৃক্ষটি। একসময় পুষ্প-পল্লবে সুশোভিত হয়, ফুলের গন্ধে আমরা আকুল হই, ফলের বিচিত্রতায় মুগ্ধ হই, শ্যামল ছায়ায় ধন্য হই। তারপর বৃক্ষটি যখন যৌবনের স্বাদ পেতে শুরু করে, তখন একদিন আবিষ্কার করে তার গায়ে নম্বরসংবলিত একটি মৃত্যুপরোয়ানা ঝুলছে! আরও কিছুদিন পর একদল লোক কুড়াল আর করাত নিয়ে হাজির। তারপর সামাজিকতা আর দারিদ্র্যের নামে বলি হওয়া বৃক্ষটি করাতকলের মাধ্যমে আমাদের উন্নয়নের(!) ধারা অব্যাহত রাখতে ব্যাপক সহায়তা করে।পাঠক, আপনি শুধু বৃক্ষের জায়গায় একজন মানুষকে ভাবুন। মানুষের সমাজে কি এমন কোনো বর্বর ব্যবস্থা প্রচলিত আছে? আমরা যেমন ইচ্ছা করলেই কোনো প্রাণীর প্রাণ সংহার করতে পারি না, তেমনি বৃক্ষেরও না। প্রাণী হিসেবে অন্যদের যেমন আমরা অর্ধজীবন কামনা করি না, তেমনি বৃক্ষের ক্ষেত্রেও না। তবে এ কথাও সত্যি যে আমরা বিশেষ প্রয়োজনে বৃক্ষ কাটব আবার রোপণও করব। তার মানে এই নয় যে যখন-তখন ইচ্ছামতো সব বৃক্ষ কাটব।কিন্তু সামাজিক বনায়নের নামে আমাদের দেশে তা-ই করা হচ্ছে। ‘সামাজিক বনায়ন’তত্ত্বটি একদিকে যেমন ধার করা, অন্যদিকে শব্দটিও অনেকাংশে ভিত্তিহীন। আমরা খুব ভালো করেই জানি যে মানুষ কোনোভাবেই বন বানাতে পারে না, বন মহাকালের সৃষ্টি। তাহলে এ ক্ষেত্রে ‘বনায়ন’ একটি চটকদার শব্দ ছাড়া আর কী হতে পারে, যা সাধারণ মানুষকে শুধু আর্থিক সচ্ছলতা নামক মায়াজালের দিকে ধাবিত করে। বস্তুত এই সামাজিক বনায়ন এ দেশের প্রান্তিক মানুষের জীবনে কতটা সচ্ছলতা ফিরিয়ে আনতে পেরেছে, তার একটি বস্তুনিষ্ঠ পরিসংখ্যান এখন খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ, একবিংশ শতাব্দীতে এসে এখন আর আত্মঘাতী কোনো কাজ করার সুযোগ নেই। এমনিতেই আমাদের কাঙ্ক্ষিত বনভূমি নেই, সেখানে আবার বৃক্ষ রোপণের নির্দিষ্ট সময় পর কেটে ফেলা হলে তো আর কোনো কিছুই যুক্ত হলো না। একদিকে প্রাকৃতিক বনভূমি ধ্বংস, অন্যদিকে সামাজিক বনায়নের নামে বৃক্ষ নিধন—এই দুই কারণে প্রতিনিয়তই কমছে আমাদের বনভূমি। পার্থক্য শুধু এটুকুই, প্রাকৃতিক বন ধ্বংসের ক্ষেত্রে কিছুটা লুকোছাপা আর সামাজিক বৃক্ষ নিধন প্রকাশ্যে।আমরা অবশ্য এর কোনোটিই আশা করি না। আমরা চাই অত্যন্ত সচেতন ও স্বাভাবিক প্রক্রিয়াতেই দেশের বনভূমি বৃদ্ধি পাক। দেশপ্রেম জলাঞ্জলি দিয়ে উন্নয়ন সংস্থারগুলোর নীলনকশা বাস্তবায়ন কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়। দেশ ক্ষতিগ্রস্ত হবে, বিদেশ থেকে আমদানি করা এমন কোনো পরিকল্পনা গ্রহণ কাম্য নয়।সরকার সামাজিক বনায়নের নামে বৃক্ষ নিধনের যে উৎসব চালু করেছে, তা অচিরেই বন্ধ হওয়া উচিত। তবে সামাজিক বনায়নের পরিবর্তে সামাজিক বৃক্ষায়ণ নামে একটু আলাদাভাবে এই কার্যক্রম চলতে পারে। তাতে শুধু বৃক্ষ রোপণই করা যাবে, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কাটা যাবে না। একটি নির্দিষ্ট সময়ের পর উপকারভোগী ব্যক্তিকে প্রাপ্য মূল্য নির্ধারণ করে তা পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে। এ জন্য প্রকল্পের দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে উপকারভোগী ব্যক্তিদের প্রাপ্য অংশের নগদ অর্থ বরাদ্দ রাখা যেতে পারে। অথবা ফলদ বৃক্ষ ও লাকড়ি থেকে আয় করা সব অর্থ দীর্ঘ সময় ধরে উপকারভোগী ব্যক্তিরা প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে সামাজিক বনায়ন বিধিমালা, ১৫-এর উপবিধি নম্বর ৩ অনুসরণ করা যেতে পারে। সেখানে বলা হয়েছে, ‘যুক্তিসংগত কারণে ছাঁটাইকৃত ডালপালা, প্রথম ঘনত্ব হ্রাসকরণকালে কর্তিত, ফলদ বৃক্ষের ফল এবং উৎপাদিত কৃষিজাত ফসল সম্পূর্ণ উপকারভোগীগণ প্রাপ্য হইবেন।’ বর্ণিত এই ধারা আরেকটু শক্তিশালী করে এর আওতা বাড়িয়ে নেওয়া সম্ভব হলে সমস্যা অনেকটাই কেটে যাবে। আসলে এমন কিছু বিকল্প ব্যবস্থাই কেবল ভবিষ্যতে নির্দিষ্ট মেয়াদে বৃক্ষ নিধন থেকে আমাদের বিরত রাখতে পারে।বন অধিদপ্তর ২০১০ সালে সামাজিক বনায়ন বিধিমালার সর্বশেষ সংস্করণ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, শালবন ও প্রাকৃতিক বনের ক্ষেত্রে ২০ বছর এবং উডলট, বরেন্দ্র, কৃষিসহ অন্যান্য বনায়নের ক্ষেত্রে ১০, ২০ বা তিন কিস্তিতে ৪০ বছর মেয়াদি চুক্তি করা যাবে। পরিবর্তিত নীতিমালায় চুক্তির মেয়াদ স্বল্পকালীন হওয়ায় দ্রুত মুনাফার লোভে উপকারভোগী ব্যক্তিরা কিছু কিছু বনভূমি মাত্র ১০ বছর পরই উজাড় করতে শুরু করেন। এই চুক্তির মাধ্যমে বন অধিদপ্তরই সরাসরি মানুষকে বৃক্ষ নিধনে উদ্বুদ্ধ করছে বলে মনে হয়।বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বনভূমির উডলট ও কৃষিবনের ক্ষেত্রে উপকারভোগী ব্যক্তিরা পাবেন ৪৫ শতাংশ, বন অধিদপ্তর ৪৫ শতাংশ আর বাকি ১০ শতাংশ বৃক্ষ রোপণ তহবিলে জমা হবে। আবার শালবন অঞ্চলে বন বিভাগ পাবে ৬৫ শতাংশ, উপকারভোগী ব্যক্তিরা পাবেন ২৫ শতাংশ এবং বাকি ১০ শতাংশ যথারীতি বৃক্ষ রোপণ তহবিলে জমা হবে। বন বিভাগ ওই প্রস্তাবনার মধ্য দিয়ে বিপন্ন শালবনসহ অন্যান্য বনাঞ্চলের প্রাকৃতিক বনভূমি দ্রুত লোপাট করে সামাজিক বনায়নের মতো ক্ষতিকর একটি কাজে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে প্ররোচিত করেছে। এটি প্রাকৃতিক বনভূমি উজাড় করে বিদেশি বৃক্ষের বাগান তৈরির ক্ষেত্রে একধরনের বৈধতাও বটে! বনাঞ্চলের মানুষ ভেবেছে, সরকারি গাছ কাটা যতটা ঝক্কির কাজ, ততটাই সহজ সামাজিক বনায়নের গাছ কাটা। সুতরাং, সবকিছুর আগে প্রাকৃতিক বনগুলো সাফসুতরো করা প্রয়োজন। তারপর সামাজিক বৃক্ষ রোপণ। এতে দুই দিকেই লাভের অঙ্ক। আসলে প্রাকৃতিক বনের ধ্বংসাবশেষের ওপর ভিনদেশি বৃক্ষের ক্ষতিকর আচ্ছাদন চরম আত্মঘাতী একটি কাজ। অথচ আমাদের প্রাকৃতিক বনভূমিগুলোয় এই দৃশ্য এখন সবচেয়ে পীড়াদায়ক হয়ে উঠেছে। এখন প্রতিযোগিতা, কত দ্রুত প্রাকৃতিক বন পরিষ্কার করে সেখানে সামাজিক বৃক্ষের নামে কতগুলো বৃষবৃক্ষ রোপণ করা যায়। আসলে এর কোনো প্রয়োজনই নেই। বিরক্ত না করা হলে বনগুলো স্বাভাবিকভাবেই প্রকৃত রূপে আবার ফিরে আসতে পারে। তাই আমাদের উচিত বনকে বাণিজ্যিক দৃষ্টিতে না দেখে মূল্যবান প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা। কারণ, বনভূমিগুলোই মূলত আমাদের পরোক্ষভাবে বাঁচিয়ে রেখেছে। তাই এখন থেকে এমন একটি আইন হওয়া উচিত, যে আইনে অনুমতি ছাড়া একটি গাছও কাটা যাবে না।মোকারম হোসেন: প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক, সাধারণ সম্পাদক, তরুপল্লব।[email protected]