সাম্প্রদায়িক সম্প্রীতি বনাম ‘ধর্মীয় অনুভূতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র মতো জনপ্রিয় শব্দবন্ধ বাংলা ভাষায় বেশি নেই। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, ইসলামী ঐক্যজোট—তথাকথিত সাম্প্রদায়িক-অসাম্প্রদায়িক নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মুখে মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির জয়গান। এমন কোনো রাজনৈতিক দল খুঁজে পাওয়া যায় না, যারা প্রকাশ্যে বলে যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না।সম্প্রতি কক্সবাজার জেলার তিনটি ও চট্টগ্রাম জেলার একটি উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর আক্রমণের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দবন্ধটির ব্যবহার বেড়ে গেছে। সবাই বলছেন, এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি। ঠিক এ প্রসঙ্গেই আরেকটি শব্দবন্ধেরও বহুল ব্যবহার লক্ষ করা যাচ্ছে। সেটি হলো ‘ধর্মীয় অনুভূতি’। বাংলাদেশের মানুষের যেকোনো অনুভূতিই বেশ স্পর্শকাতর। এ দেশের মানুষ ভীষণ আবেগপ্রবণ, তাদের অনুভূতিশক্তি অত্যন্ত প্রখর। খুব সহজেই সে অনুভূতিতে আঘাত লেগে যায়। রামুর সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের প্রাথমিক দৃশ্যমান কারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের ‘ধর্মীয় অনুভূতি’র ওপর আঘাত। আঘাতটি এসেছে বৌদ্ধ সম্প্রদায়ের একজন মাত্র তরুণের পক্ষ থেকে। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কোরআন অবমাননার ছবি যুক্ত (ট্যাগ) করেছেন তাঁর কোনো ‘ফেসবুক ফ্রেন্ড’। উদ্দেশ্যমূলকভাবে ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে কাজটি করা হয়েছে কি না, বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অতি ক্ষুদ্র একটি ধর্মসম্প্রদায়ের একজন মানুষের পক্ষে এ রকম দুঃসাহসী কাজ করা আদৌ সম্ভব কি না—এসব চিন্তা করার অবকাশ আমরা পাইনি। ঘটনাটির কথা শোনামাত্র, ছবিটি স্বচক্ষে না দেখেও প্রচণ্ড আঘাত লেগেছে অনেক মুসলমানের ধর্মীয় অনুভূতিতে। মাথায় রক্ত চড়ে যাওয়া বলে যাকে, অবস্থাটা হয়েছে সেই রকম। রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয়গুলো ও ঘরবাড়ির ওপর আক্রমণ যেন সেই মাথায় রক্ত চড়ে যাওয়ারই ফল।এই ঘটনা কাদের ইন্ধনে কারা কী উদ্দেশ্যে কেমন করে ঘটিয়েছে, ঘটনাটি সুপরিকল্পিত ছিল, নাকি স্বতঃস্ফূর্ত ছিল—এসব নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ফেসবুকের ছবিটির কথা প্রচার করে উত্তেজনা সৃষ্টি করা, মোটরযানে করে বাইরের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন নিয়ে আসা, কেরোসিন, পেট্রল, ‘গান পাউডার’ সংগ্রহ করা ইত্যাদি আলামত থেকে পুলিশ, আক্রান্ত বৌদ্ধ জনগোষ্ঠী ও প্রত্যক্ষদর্শীদের অনেকের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছে যে ঘটনাটি সুপরিকল্পিতই ছিল। বিশেষ একটি মহল বা গোষ্ঠী এটি ঘটিয়েছে। সরকারি অবস্থানের সঙ্গে মিল রেখে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির সুপরিকল্পিত কাজ। তারা রোহিঙ্গাদের ব্যবহার করেছে। কেউ কেউ বলছেন, একটি নয়, এর সঙ্গে জড়িত ছিল একাধিক গোষ্ঠী। রামু-কক্সবাজার ও উখিয়া অঞ্চলের মানুষের মত, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এই হিংসাত্মক ধ্বংসযজ্ঞে অংশ নেননি। রামুতে অনেক মুসলমান লজ্জা ও ক্ষোভ প্রকাশ করে আমাকে বলেছেন, যারা এই কাজ করেছে, তারা ‘মোসলেম’ নয়, অর্থাৎ কোনো মুসলমান এমন গর্হিত কাজ করতে পারেন না বলে তাঁরা বিশ্বাস করেন। তাঁদের মতে, যাঁরা এই কাজ করেছেন, তাঁরা ইসলাম ধর্মাবলম্বী হলেও তাঁদের এই কাজ ইসলামসম্মত হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে হিংসা ও হানাহানির কোনো স্থান নেই।পুরো ঘটনার একটা ছবি পাওয়ার আশায় তিন দিন ধরে রামু, কক্সবাজার ও উখিয়ার বিভিন্ন জনপদে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। নিটোল, অখণ্ড কোনো ছবি পাওয়া গেল না। বড্ড জটিল মনে হয় সবকিছু: রাজনীতির নানা কৌশল, স্থানীয় আর্থরাজনৈতিক ও সামাজিক সম্পর্কগুলোর জটিল সমীকরণ, পুলিশ প্রশাসনের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার অভিযোগ। তবু, যে ঘটনা ঘটেছে, তা মোটেও বিমূর্ত কিছু নয়। অপরাধীদের অবশ্যই শনাক্ত করা সম্ভব, পুলিশ সম্ভবত ইতিমধ্যে তা করে ফেলেছে। কারা তাদের নেপথ্যে কলকাঠি নেড়েছে, টাকাপয়সা ও প্রণোদনা জুগিয়েছে, সেসবও ইতিমধ্যে পুলিশ ও গোয়েন্দারা জেনে ফেলেছেন বলে মনে হয়। কিন্তু সংবাদমাধ্যমের কাছে তাঁরা এখনো সবকিছু প্রকাশ করেননি। সম্ভবত খতিয়ে দেখা হচ্ছে, সরকারি অবস্থানের সঙ্গে তাঁদের পাওয়া চিত্রটি কতটা সামঞ্জস্যপূর্ণ, কতটা নয়।সরকার আন্তরিকভাবে চাইলে এই ঘটনার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে অবশ্যই শাস্তি দিতে পারবে। কিন্তু একটি বিষয়ের প্রতিকার সম্ভব কি না, জানি না। বিষয়টি ‘ধর্মীয় অনুভূতি’র। যে বৌদ্ধ তরুণের ফেসবুক অ্যাকাউন্টে অন্যের ট্যাগ করা একটি ছবি এই সহিংস ধ্বংসযজ্ঞের কারণ হলো, তিনি এখন নিরুদ্দেশ। তাঁর কোনো বক্তব্য কেউ শুনবেন না, সেই সুযোগই তিনি পাবেন না। তাঁর কারণেই মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, এটাই চূড়ান্ত কথা। তা হলে ফেসবুক বা ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো ব্যবহার কতটা ঝুঁকিপূর্ণ, সে কথা কি ভাবা যায়? কে আমার ফেসবুক অ্যাকাউন্টে কী ছবি ট্যাগ করে দিল, আর তাতে ঘটে গেল এই মহা বিপর্যয়, পুরো সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন কিছু বোধ-বিবেচনাহীন মানুষ—এই বিপদের প্রতিকার কী?অনেকের মতো আমারও ধারণা ছিল, কোনো সাধারণ ধর্মপ্রাণ মুসলমান বৌদ্ধ সম্প্রদায়ের ওপর ওই সব হামলায় অংশ নেননি। যাঁরা এ কাজ করেছেন, তাঁরা উগ্র ধর্মীয় মানসিকতার, তাঁদের সঙ্গে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতির সম্পর্ক আছে। কিন্তু কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে বিস্মিত হলাম। বৌদ্ধ সম্প্রদায়ের সদস্য ছাত্রলীগের এক স্থানীয় নেতা বললেন, তাঁর সংগঠনেরই আরেকটি অংশের কয়েকজন কর্মী বৌদ্ধদের বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়েছেন, এমনকি তাঁরা ওই নেতার বাড়িতে ও তাঁদের বৌদ্ধপল্লিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ‘তখন সে আর ছাত্রলীগের কর্মী না, মুসলমান। আমিও আর ছাত্রলীগের নেতা না, বৌদ্ধ হয়ে গেছি। কারণ, আমি বৌদ্ধ বলেই আক্রান্ত হচ্ছি।’ নেতাটি বলছিলেন। অন্তত তিনজন মুসলমান যুবকের কাছে আমরা শুনতে পেলাম, রামু থানার ওসি (এ কে এম নজিবুল আলম) ও আরও কয়েকজন পুলিশ সদস্য বৌদ্ধদের ওপর হামলা শুধু নিষ্ক্রিয়ভাবে চেয়ে চেয়ে দেখেননি, বরং উসকানি দিয়েছেন। কাঠ ব্যবসায়ী এক মুসলমান যুবক আমাকে বলেছেন, ওসি তাঁকে উসকানোর চেষ্টা করেছেন এই বলে, ‘কিছু করতে হবে না? সহ্য করে যেতে হবে?’ আরেক যুবক আমাকে বলেছেন, তিনি তাঁর প্রতিবেশী বৌদ্ধদের আক্রমণের মুখ থেকে বাঁচানোর জন্য বন্ধুদের সংগঠিত করার সময় পুলিশের এক সদস্য তাঁকে বলেছেন, ‘তুই বড়ুয়াদের পক্ষ নিয়েছিস? তোর ইমান চলে গেছে!’ এই যুবকদের ধারণা, রামুর পুলিশ সদস্যদের মধ্যে এ ধরনের গোঁড়া মানুষের সংখ্যা বেশি বলেই বৌদ্ধদের ওপর অমন ব্যাপক হামলা ঘটতে পেরেছে।সবচেয়ে গুরুতর বিষয়, আক্রান্ত বৌদ্ধদের অনেকের সঙ্গে কথা বলে মনে হলো, তাঁরাও বিশ্বাস করেন, যাঁরা তাঁদের ওপর আক্রমণ করেছিলেন, তাঁদের প্রধান পরিচয় তাঁরা মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত—সব দলীয় রাজনৈতিক পরিচয় তাঁদের কাছে একাকার হয়ে গেছে। রামুর মেরং লোয়া বৌদ্ধপল্লিতে কয়েকজন নারী বললেন আরও এক উদ্বেগের কথা। শ্রীকূল নামের পাড়া থেকে মেরং লোয়ায় যাওয়া-আসার পথে মুসলমানদের কয়েকটি মাংস বিক্রির দোকান থেকে লোকেরা ছুরি শানাতে শানাতে তাঁদের ডেকে ডেকে বলেন, ‘আসো, দেশি গরুর মাংস খেয়ে যাও।’ এ রকম অভিজ্ঞতা তাঁদের জীবনে এই প্রথম।গত শনিবার রাতে রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর দিয়ে যে প্রলয় বয়ে গেছে, তাতে সত্যিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি।আমরা যখন সংবাদমাধ্যমে জাতীয় কোনো সমস্যা নিয়ে লিখি, তখন একধরনের আশাবাদ জাগিয়ে রাখার চেষ্টা করি। চূড়ান্ত হতাশাব্যঞ্জক চিত্র আমরা পারতপক্ষে তুলে ধরতে চাই না। কারণ, আমাদের বিশ্বাস, আশাই শেষ সম্বল। আশা ফুরোলে আর কিছুই থাকে না। পোড়া বৌদ্ধমন্দিরগুলোতে ঘুরে ঘুরে আশার চিহ্নগুলো খুঁজেছি। আক্রান্ত বৌদ্ধ নারীদের কাছে জানতে চেয়েছি, আক্রমণের সময় তাঁদের সারা জীবনের প্রতিবেশী মুসলমানরা কি তাঁদের পাশে এসে দাঁড়াননি? না, তেমন উত্তর বেশি পাইনি, যা শুনে মন আশা ফিরে পায়। যখন দুয়েকটি জায়গায় জানতে পেরেছি যে একজন মুসলমান তরুণ একটি বৌদ্ধপল্লির মানুষের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছেন, তখন মন আশা ফিরে পেয়েছে। কিন্তু যখন শুনতে পেয়েছি, এক তরুণ ভয়ে-বিস্ময়ে কাঁপতে কাঁপতে দেখছেন যে তাঁরই স্কুলজীবনের এক সহপাঠী এসে হামলা চালাচ্ছেন তাঁর ভগবানের মূর্তিতে, অথবা একই ছাত্রসংগঠনের দুজন সদস্য চরম সংকটের মুহূর্তে সব পরিচয় ভুলে গিয়ে সাম্প্রদায়িক পরিচয়টিই চূড়ান্ত মৌলিক বলে অনুভব করছেন, তখন মনে হয়েছে, আমাদের আর কী রইল? মশিউল আলম: সাংবাদিক [email protected]