
আজ থেকে সাড়ে চার দশক আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, যেদিন বাংলাদেশ হানাদারমুক্ত হলো, সেদিন স্বাধীনতার আনন্দ-উচ্ছ্বাসে-আবেগে আপ্লুত হয়ে দূর-ভবিষ্যতের কথা ভাবতে পারিনি। ধীরে ধীরে দৃশ্যপট স্বচ্ছ হলো। ভবিষ্যতের দিকে তাকাতে শুরু করলাম। সেই ভবিষ্যৎও ছিল রঙিন স্বপ্নে ভরা। হবেই-বা না কেন? যে জাতি এমন বীরত্বপূর্ণ যুদ্ধ করতে পারে, অকাতরে এমন আত্মত্যাগ করতে পারে, সেই জাতির ভবিষ্যৎ সম্পর্কে অনেক আশাবাদই তো যথার্থ ছিল। সেদিনের তরুণ প্রজন্মের বুকে ছিল দুরন্ত সাহস, মনে ছিল আদর্শবাদ আর চোখে ছিল স্বপ্ন। সেদিন কি কেউ ভেবেছিলেন যে চার দশক পরে এত বড় উল্টো যাত্রা হবে।
১৯৭২ সালে আমি ভেবেছিলাম, সমাজতন্ত্র না হোক, অন্ততপক্ষে একটি গণতান্ত্রিক মানবিক সমাজ আমরা গড়তে পারব। একটি ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে আর কিছু না হোক সাম্প্রদায়িকতাকে নির্মূল করা গেছে। যে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের প্রতিষ্ঠা, তা খণ্ডন করেই তো মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের আদর্শগত ভিত্তি তৈরি হয়েছিল একটু একটু করে ২৪ বছর ধরে। তাই তো দেখি যে একদিন যাঁরা ‘লড়কে লেঙ্গা পাকিস্তান’ বলে সোচ্চার ছিলেন, তাঁদের সন্তানেরাই, মাত্র এক প্রজন্ম পরের তরুণেরাই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন। ইতিহাসের এই অধ্যায়টিকে বোঝা যেমন সহজ নয়, তেমনি তার চেয়েও বেশি অসম্ভব মনে হয় স্বাধীনতা-পরবর্তী কয়েক দশকের মধ্যে ইতিহাসের এমন দুর্ভাগ্যজনক উল্টো যাত্রা।
বলছিলাম ১৯৭২ সালে আমি ভেবেছিলাম, দেশ থেকে সাম্প্রদায়িকতা নির্মূল হয়েছে। কিন্তু আমার ধারণা যে ভুল ছিল তা তো দেখাই যাচ্ছে। আমরা যেন ১৯৪৭-পূর্ববর্তী সাম্প্রদায়িক উন্মাদনার যুগে ফিরে গেছি। তুলনাটা বোধ হয় পুরো ঠিক হলো না। সে সময় জনগণের মধ্যে যে ধরনের সাম্প্রদায়িক উন্মাদনা ছিল, এখন তা নেই। কিন্তু বহুজনের মধ্যে, বিশেষ করে ক্ষমতাসীন ব্যক্তিদের মধ্যে, তা সে সরকারি দলেরই হোক আর বিরোধী দলেরই হোক, সাম্প্রদায়িক মানসিকতা যে ভালোভাবেই আছে তা অস্বীকার করা যাবে না। বিএনপি সরাসরি সাম্প্রদায়িক উসকানি দেয়। বিএনপির রাজনীতি এখন পাকিস্তান আমলের মুসলিম লীগের মতোই। কিন্তু শাসক দল আওয়ামী লীগ? আওয়ামী লীগও কি কোনো আদর্শের জায়গায় দাঁড়িয়ে আছে? দুর্নীতি, বেপরোয়া লুটপাট ও সশস্ত্র অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত শাসক দল আজ পরিপূর্ণরূপে আদর্শহীন। এমনকি অসাম্প্রদায়িকতার প্রশ্নেও তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না, যদিও ধর্মীয় সংখ্যালঘুদের একচেটিয়া ভোট তারা পায়।
শাসক দলের একটা বড় অংশ মনে করে যে হিন্দুরা তো তাদের রিজার্ভ ভোট। এই রকম মনে করাকে অসাম্প্রদায়িকতা বলে অভিহিত করা যায় না। অর্থনীতির অধ্যাপক আবুল বারকাতের এক সমীক্ষায় দেখা গেছে, শত্রুসম্পত্তি আইনের ফাঁদে ফেলে হিন্দু সম্পত্তির ৬০ শতাংশ দখল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সম্প্রতি কয়েকটি জায়গায় হিন্দু সম্পত্তি দখলের ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপিকে একসঙ্গেই তৎপর হতে দেখা গেছে। তাই আওয়ামী শাসন আমলেও হিন্দুধর্মাবলম্বীদের দেশত্যাগ করতে দেখা গেছে। কবি সোহরাব হাসান তাই প্রশ্ন তুলেছেন, ‘সংখ্যালঘুরা দেশ ছাড়বে, কেন ছাড়বে?’ (প্রথম আলো, ১৮ জুন ২০১৬) উত্তর খুব সহজ। সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এমনকি আওয়ামী লীগ সরকারও। এই দলের অনেকে মনে করেন, হিন্দুধর্মাবলম্বীরা দেশে থাকলে ভোটটা নিশ্চিত। আর চলে গেলে জমিটা দখল করা যাবে। দুই দিক দিয়েই লাভ।
১৯৪৭-এর দাঙ্গা এখন হচ্ছে না, কিন্তু সাম্প্রদায়িকতা দূর হয়নি। ’৪৭-পূর্ব অবস্থার সঙ্গে আরেকটা বড় অমিলের জায়গা হলো এই যে তখন সাম্প্রদায়িকতা দ্বারা সমাজটা কলুষিত থাকলেও আজকের মতো এমন ধর্মান্ধ জঙ্গিবাদ সেদিন ছিল না। পাকিস্তান আমলেও ছিল না। আল-কায়েদা, তালেবান, আর পরে আইএস ইত্যাদি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ সাম্প্রতিক কালের ঘটনা। তারই প্রভাবে এবং তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিছু বিভ্রান্ত যুবক শান্তির ধর্ম ইসলামের নামে মানুষ হত্যায় মেতে উঠেছে। এই জঙ্গি তৎপরতা, গুপ্তহত্যা, টার্গেট কিলিং যে কত ভয়ংকর হয়ে উঠতে পারে তা কয়েক বছর আগেও আমরা ভাবতে পারিনি। একটার পর একটা ব্লগার ও মুক্তবুদ্ধির মানুষ, লেখক, প্রকাশক খুন হয়ে চলেছেন। তখনো ভাঙা রেকর্ডের মতোই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে চলেছিলেন, ‘ওসব বিচ্ছিন্ন ঘটনা।’ গত বছর দীপন হত্যার সময় যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছিলেন, তখন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছিলেন, ‘হয় আমি বিচ্ছিন্নতার মানে জানি না অথবা উনি বিচ্ছিন্নতার মানে বোঝেন না।’
সেই সময় এবং তার আগে ও পরে দেখেছি এই সব হত্যাকাণ্ডের জন্য সরকার একতরফাভাবে বিএনপিকে অভিযুক্ত করে চলেছে। বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে যে নোংরা রাজনীতি করছে, তাতে এই ধরনের ধর্মান্ধতা উৎসাহিত হতে পারে। কিন্তু নির্দিষ্টভাবে এই সব হত্যাকাণ্ডের সঙ্গেই বিএনপি জড়িত, এমন কথা কেউ বিশ্বাস করবে না। আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন গুরুতর অভিযোগ উত্থাপন করলে তাঁর উচিত যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ-তথ্যাদি হাজির করা। অন্যদিকে বিএনপিরও কেউ কেউ সরকারের বিরুদ্ধে অনুরূপ পাল্টা অভিযোগ এনেছেন। সবটাই কাল্পনিক। একে বলে পরস্পরকে দোষারোপের খেলা বা ‘ব্লেম গেম’। পরস্পরের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ। গত বছর দীপন হত্যার সময় এমন ব্লেম গেম দেখে অধ্যাপক ড. অনুপম সেন দুঃখের সঙ্গে বলেছিলেন, ‘ব্লেম গেমে অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে।’ অধ্যাপক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছিলেন, ‘দেশের প্রধান দুটি দল মনে করে দোষারোপের সংস্কৃতি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে। ...যদি সত্যি সত্যিই বিরোধী দলের কোনো সংশ্লিষ্টতা থাকে, তবে তথ্য-প্রমাণ দিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক।’ কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হকও তখন বলেছিলেন, ‘কোনো অপরাধ ঘটলেই দোষারোপের রাজনীতি না করে যার যার জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
এত জন বড় মাপের মানুষের উপদেশ কোনো কাজে আসেনি। দোষারোপের রাজনীতি অব্যাহত আছে। আর একইভাবে অব্যাহত আছে ধর্মের নামে জঙ্গি তৎপরতা। এবং ক্রমাগত তা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে টার্গেট ছিলেন ব্লগার, লেখক, প্রকাশক। ক্রমাগত টার্গেট বৃদ্ধি পাচ্ছে পুরোহিত, যাজক, মন্দিরের পূজারি, শিয়া মুসল্লি—সবাই চাপাতির ঘায়ে বা বোমার আঘাতে নিহত হচ্ছেন। মনে হয় ঘাতকেরা ভিন্নমতাবলম্বীই শুধু নয়, অন্য কোনো ধর্মের মানুষকেই এ দেশে বাস করতে দেবে না। এমনকি মুসলমান ধর্মের অন্তর্গত শিয়া সম্প্রদায়ের লোকদেরও নিশ্চিহ্ন করা হবে। এঁরা ভুলে যান যে নবীজি হজরত মুহাম্মদ (সা.) যখন মদিনা শাসন করছিলেন তখন সেখানে অমুসলমানের সংখ্যা ছিল ব্যাপক। তাঁরা নিরাপদে জীবনযাপন করেছিলেন।
এই ধর্মান্ধ বিকৃত মানসিকতার ঘাতকদের সঙ্গে তর্ক করবে কে? তারা তো প্রকাশ্যে আসে না। অতএব যুক্তিতর্ক সবই নিরর্থক। এই ব্যাপারে এক লাখ আলেম যে বিবৃতি দিয়েছেন, সেটা ভালো কাজ হয়েছে। এই হত্যাকাণ্ড উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে দমন করতে হলে গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার। যতই গোপনে থাকুক তারা, সমাজের মধ্যে গণপ্রতিরোধ গড়ে তোলা গেলে তারা ধরা পড়বেই। এ জন্য ব্লেম গেম বাদ দিয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার জঙ্গিবাদ দমনে আগ্রহী নয়—এমন কথা বলি না। বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি প্রদানের ব্যাপারে দৃঢ় থেকেছেন, তাতে আমরা ধারণা করতে পারি যে তিনি জঙ্গি দমনেও দৃঢ় ও আন্তরিক। কিন্তু একই সঙ্গে যদি ব্লেম গেমের আকাঙ্ক্ষাও চাড়া দিয়ে ওঠে, তাহলে আসল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
তা ছাড়া, সরকারের মধ্যে অন্তর্ঘাতমূলক শক্তি কার্যকর কি না, সেটাও খতিয়ে দেখা দরকার। পুলিশি হেফাজতে, গুলিতে জঙ্গি বলে অভিযুক্ত ফাহিম যেভাবে নিহত হলেন, তাতে নানা প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের ভাষায় বলতে হয়, ‘দৃশ্যত রাষ্ট্রই কাঠগড়ায় রয়েছে’। যে ফাহিমকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয়েছিল, তাঁকে কেন সাধারণ পোশাকে বাইরে নিয়ে যাওয়া হলো অন্য জঙ্গিদের ধরতে? আর সেই জঙ্গিদের গুলিতে ফাহিম নিহত হন। তার পরদিনই (অর্থাৎ ১৯ জুন) ‘ক্রসফায়ারে’ নিহত হলেন আরেক সন্দেহভাজন জঙ্গি। ২০ জুনের প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ক্রসফায়ারেই সমাধান?’ স্পষ্টতই উত্তর হলো ‘না’। দুই কারণে এটি সমাধান নয়, বরং সংকটকে জটিলতর করবে। প্রথমত, সন্দেহভাজন জঙ্গি যদি কথিত ক্রসফায়ারে নিহত হন, তাহলে অনেক অনেক তথ্যই গোপন থেকে যায়। প্রশাসনের কোনো মহল কি কিছু তথ্য আসলেই গোপন করতে চায়? এবং কার স্বার্থে? দ্বিতীয়ত, ক্রসফায়ারের গল্প কেউ বিশ্বাস করে না। এটাকে বিচারবহির্ভূত হত্যা বলে মনে করা হয়। এমন বিচারহীনতার সংস্কৃতি ও গণতন্ত্রের সর্বনাশ বস্তুত অন্ধকারের শক্তিবৃদ্ধিতে সহায়তা করে।
বাংলাদেশে ধর্মান্ধ সশস্ত্র জঙ্গি তৎপরতা যে খুবই উদ্বেগজনক জায়গায় পৌঁছে গেছে, তা আর অস্বীকার করার উপায় নেই। আশু রাজনৈতিক ফায়দা লাভের দিক না ভেবে এই অশুভ শক্তিকে এখনই দমন করতে হবে। অবশ্য প্রশাসনিক পদক্ষেপ, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি—এই সব তো করতেই হবে, একই সঙ্গে জনগণকেও সমবেত করতে হবে। এ জন্য উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশও তৈরি করতে হবে। সমাজের মধ্য থেকেই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
অসাম্প্রদায়িক চেতনাবোধও নতুন করে তৈরি করতে হবে। এর জন্য যে রাজনৈতিক মতাদর্শগত, সাংস্কৃতিক বিপুল আয়োজন দরকার, তার কতটুকু আমরা করতে পেরেছি? সেই প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধিই-বা কতটুকু আছে?
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।