ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ারের মৃত্যু আমাদের কাছে স্বজন হারানোর মতো ঘটনা। তিনি ছিলেন উপমহাদেশের সাংবাদিকতার লিজেন্ড ফিগার বা নায়ক পুরুষ। তাঁর জন্ম ১৯২৩ সালে। ৯৫ বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ জীবনে তিনি যেমন উপমহাদেশের অনেক উত্থান-পতনের সাক্ষী, তেমনি সাত দশকের বেশি সময় ধরে এ অঞ্চলের রাজনীতির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। তাঁর ব্যাখ্যা-বিশ্লেষণ সব ক্ষেত্রে নির্ভুল না-ও হতে পারে। কিন্তু তাঁর লেখার পাঠকমাত্রই একমত হবেন যে কুলদীপ নায়ার ছিলেন মনে-প্রাণে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে। সাম্প্রদায়িকতার পাশাপাশি উগ্র স্বাদেশিকতাকেও তিনি অপছন্দ করতেন। এ কারণে সাতচল্লিশে জন্মভূমি শিয়ালকোট (বর্তমানে পাকিস্তানে অবস্থিত) সপরিবার বিতাড়িত হলেও তাঁর লেখনী ও আচরণে কখনোই সাম্প্রদায়িক ভেদনীতি প্রকাশ পায়নি। আরও অনেকের মতো তিনি যখন সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিলেন, দেখলেন—সেখানেও আরেক দল মানুষ নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়ে পাকিস্তানে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কুলদীপ দুই দেশের বাস্তুত্যাগী ও বিতাড়িত মানুষকে হিন্দু, মুসলমান ও শিখ হিসেবে দেখেননি, দেখেছেন মানুষ হিসেবে। এই উপলব্ধিই তাঁকে উদার ও মানবতাবাদী করেছে।
কুলদীপ নায়ার ছিলেন এমন একজন সাংবাদিক, যিনি সত্য প্রকাশে কখনো কুণ্ঠিত হননি। ভারতের যে গুটিকয়েক সাংবাদিক জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন, তিনি ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। সে সময় তিনি জেলও খেটেছেন। ভারতের ক্ষমতাবলয়ের পুরোধা ব্যক্তিত্ব লাল বাহাদুর শাস্ত্রী, গুজরালি নন্দ, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, নরসিমা রাও, আই কে গুজরাল, মনমোহন সিং, অটল বিহারি বাজপেয়ি প্রমুখের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি অত্যন্ত কাছ থেকে ‘দিল্লির দরবার’ দেখার সুযোগ পেয়েছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে বাস সার্ভিস চালু হলো, তাঁর কিছুটা কৃতিত্ব কুলদীপ নায়ারও দাবি করতে পারেন। তিনি ও তাঁর সহযাত্রীরা মিলে ওয়াগা সীমান্তের দুই পাশে সম্প্রীতি সমাবেশ করেছেন। মোমবাতি জ্বালিয়ে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে।
কুলদীপ নায়ার যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার ছিলেন। রাজ্যসভার সদস্য হয়েছিলেন। কিন্তু সাংবাদিকতাকে কখনো ভোলেননি। যুক্তরাজ্যে হাইকমিশনার থাকাকালে পেশাগত কৌতূহল থেকেই তিনি র্যাডক্লিফের কাছে সীমানা ভাগ সম্পর্কে জানতে চেয়েছিলেন। ভারতে আসার আগে দেশটি সম্পর্কে ওই ভদ্রলোকের কোনো ধারণা ছিল না। সীমানা নির্ধারণে গঠিত কমিটির কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিনিধিরা দর-কষাকষি করেছেন। র্যাডক্লিফ শুধু কলম দিয়ে মানচিত্রে দাগ কেটে জানিয়ে দিয়েছেন, ‘এটি পাকিস্তানের আর ওটি ভারতের।’
শিয়ালকোট কুলদীপের জন্মভূমি। একই সঙ্গে এটি উর্দু ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ইকবাল ও ফয়েজ আহমেদ ফয়েজেরও জন্মভূমি। শিয়ালকোট থেকে তিনি দিল্লিতে এসে এক মুসলিম মালিকানাধীন উর্দু পত্রিকা আনজাম-এ চাকরি নেন। সেখানে পরিচয় হয় প্রখ্যাত বামপন্থী নেতা হাসরত মাহানির সঙ্গে। তাঁর পরামর্শেই কুলদীপ উর্দু থেকে ইংরেজি সাংবাদিকতা শুরু করেন। তিনি আজীবন গান্ধীর অহিংস ও উদার রাজনীতি লালন করেছেন।
ঢাকা ও দিল্লিতে বিভিন্ন বেসরকারি সংগঠনের যেসব আয়োজনে তাঁকে কাছ থেকে দেখেছি, তাতে মনে হয়নি তিনি বিশেষ কোনো দেশের বা সম্প্রদায়ের পক্ষে কথা বলছেন, তিনি কথা বলতেন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে। তিনি মনে করতেন না উপমহাদেশ আবার একত্র হবে। তবে পরস্পরের মধ্যে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য বাড়লে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষ উপকৃত হবে। তিন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গেই তাঁর প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক ছিল।
কুলদীপ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লিখেছেন, পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা কী হবে, সে সম্পর্কেও তাঁর দেশের পাঠকদের জানিয়েছেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস–এর সম্পাদক ছিলেন। তাঁর কলাম এতই জনপ্রিয় করেছিলেন যে ৮টি ভাষায় ৮০টির বেশি পত্রিকায় তাঁর কলাম ছাপা হতো। সমসাময়িক আর কোনো সাংবাদিকের লেখা এত বেশি ভাষা ও পত্রিকায় ছাপা হয়েছে বলে আমাদের জানা নেই। ২০ বছর ধরে তিনি নিয়মিত প্রথম আলোতে লিখতেন। তাঁর কলাম ভারত তো বটেই, বাংলাদেশ ও পাকিস্তানের পাঠকের কাছেও সমভাবে আদৃত ছিল।
দেশ বিভাগের বাস্তবতা মেনেও কুলদীপ চাইতেন ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হোক। একইভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সদ্ভাবের ওপর জোর দিতেন। তিনি মনে করতেন, দেশ বিভাগে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা, উপমহাদেশের সব মুসলমান একত্রে থাকলে যে শক্তি হতো, কোনো রাজশক্তি তা অগ্রাহ্য করতে পারত না। তবে সেই সঙ্গে এ-ও মনে করতেন, ভাঙা উপমহাদেশের ফের জোড়া লাগানোর কোনো সুযোগ নেই। যেটি হতে পারে পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস দূরে ঠেলে দিয়ে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করা।
কুলদীপ ছিলেন খাঁটি গণতন্ত্রী। এ কারণে সব ধরনের কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করতেন। কেননা, কর্তৃত্ববাদী শাসন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করে। মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়। শুধু সাংবাদিকতা নয়, তিনি পেশার বাইরে নিজেকে একজন মানবতাবাদী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। উপমহাদেশের সাম্প্রদায়িক শক্তির হাতে সংখ্যালঘুরা নিগৃহীত হলে তিনি যেমন এর বিরুদ্ধে কলম ধরতেন, তেমনি অনেক সময় সভা-সমাবেশের মাধ্যমেও প্রতিবাদ জানাতেন।
কুলদীপ নায়ার একটি নিবন্ধে লিখেছেন, ‘আমি দেশভাগের বিপক্ষে। তারপরও আমার আকাঙ্ক্ষা হচ্ছে, সেটা প্রস্তাবের (লাহোর) ভিত্তিতেই হওয়া উচিত ছিল, যেখানে আঞ্চলিক বৈষম্যের কথা বলা হয়েছিল)। কিন্তু শেষমেশ ধর্মের ভিত্তিতেই বিভাজনটা হলো। এর ফলে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়, তাতে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়। তাঁর আক্ষেপ, ‘দেশ বিভাগ উপমহাদেশে যে ক্ষত তৈরি করেছে, তা এখনো মুখে ফেলা যায়নি।’ ১৯৮৭ সালে উত্তর প্রদেশের মিরাটে ৪২ জন মানুষ হত্যার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, ‘যে রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে, সেখানে এমন ঘটনা ঘটবে, সেটা শুধু তিরস্কারযোগ্য নয়, বিব্রতকরও বটে। জনগণের মধ্যে আমরা যে ধর্মনিরপেক্ষতার আলো ছড়িয়ে দিতে পারিনি, তার দায় আমাদের স্বীকার করতে হবে।’
তিনি আরও লিখেছিলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা যে বহুত্ববাদী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের পথে এটা এক বড় বাধা। যদিও ধর্মের ভিত্তিতেই ভারতবর্ষ ভাগ হয়েছিল, তবু ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে আমরা হিন্দু-মুসলিম বিভেদের আগুনে পানি ঢেলে পরিস্থিতি শান্ত করতে পেরেছিলাম কিন্তু মোদি আবারও সেই নিবু নিবু আগুনে হাওয়া দিয়ে তা কিছুটা জ্বালিয়ে দিতে পেরেছেন। যেকোনো বিচারেই মোদির বক্তব্য মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিচ্ছে।’
কুলদীপ বামপন্থী ছিলেন না। তারপরও ভারতের বর্তমান সাম্প্রদায়িক ভেদনীতির বিরুদ্ধে বামপন্থীদের জোরালো ভূমিকা আশা করছিলেন। অন্যদিকে কংগ্রেসের হাতে একদা নিগৃহীত কুলদীপ মনে করতেন, নেতৃত্বের দুর্বলতার কারণে দলটি গান্ধী-নেহরুর নীতি ও আদর্শ থেকে অনেকে দূরে চলে গেছে। নেতারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়েও তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ হতো। কিন্তু বন্ধুর কঠোর সমালোচনা করতেও কুণ্ঠিত হননি কুলদীপ। লিখেছেন, ‘জেনে দুঃখ পেলাম যে অটল বিহারি বাজপেয়ি ও আদভানি উভয়েই বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞ সম্পর্কে অবগত ছিলেন। এর জন্য যে পরিকল্পনা ও তা বাস্তবায়নে যা যা করা হয়, সেসব সম্পর্কেও। আদভানি যখন নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে লোকসভা থেকে পদত্যাগ করেন, তখন আমি ভেবেছিলাম, তিনি সত্য কথা বলছেন। আমি নিজেকে এখন প্রতারিত বোধ করছি। যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে তিনি ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করেছিলেন, তাতে তাঁর ভণ্ডামি সবার চোখেই ধরা পড়ে।’
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম কুলদীপ নায়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন আন্তরিক ও বিশ্বস্ত বন্ধুকে হারাল, ভারত হারাল ধর্মনিরপেক্ষ মূল্যবোধের একজন বিবেকবান রক্ষককে। পাকিস্তান হারাল দুই প্রতিবেশীর মধ্যে বৃহত্তর বোঝাপড়ার অতন্দ্র কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়া হারাল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঘৃণা ও নিপীড়নের বিরুদ্ধে সর্বত্র সর্বাধিক জোরালো বক্তব্যের অধিকারী ব্যক্তিত্বকে। সাংবাদিকতা হারাল এই পেশার নীতি-আদর্শের জন্য অতুলনীয় উদাহরণকে। আর মানবতা হারাল মানুষের শুভবোধের ওপর প্রকৃত আস্থাশীল একজনকে।’
সত্যিই আমরা একজন বন্ধু, সুহৃদ ও স্বজনকে হারালাম।
সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি