অহর্নিশ নিজ কক্ষপথে ঘুরে চলেছে পৃথিবী। আমরা পৃথিবীবাসী কি তা টের পাই? টের না পেলেও এই সত্য অস্বীকার করার জো নেই যে অনেকটা লাটিমের মতো ঘূর্ণমান এক গ্রহের বাসিন্দা আমরা—আমাদের যাপিত জীবন তবু ‘স্থির’, বিঘ্নহীন বয়ে চলেছে আমাদের দিনরাত্রি। চোখে দেখার সঙ্গে বাস্তবতার এই ফারাক আমাদের ভেতরের চেহারার সঙ্গে বহিরঙ্গের বেলায়ও ততটাই সত্য।
মুখ দেখে সব সময় তাই মনের কথা পড়া যায় না। আবার মনের কথার প্রকাশ ঘটে আমাদের আচার-আচরণেও; চাইলেও সব পরিস্থিতিতে তা লুকিয়ে রাখা যায় না। এই যেমন কয়েক দিন ধরে দেশের কয়েক জেলায় লাগাতার সাম্প্রদায়িক সহিংসতার সময় সংখ্যাগুরু সম্প্রদায়ের মৌন থাকায় তাদের ‘মনের কথা’টি আর কারও অজানা রইল না। এমনটাই বলা হচ্ছে চারদিক থেকে। কিন্তু বাস্তবতা কি তা-ই?
‘সংখ্যা’ শব্দটিই পরিমাণনির্দেশক; কমবেশির পরিচায়ক। ‘সংখ্যা’ আর ‘লঘু’ মিলে যে শব্দবন্ধ তৈরি, তাতে এটা পরিষ্কার যে সংখ্যাগুরুর তুলনায় এটি পরিমাণে কম তো বটেই, একই সঙ্গে তা ‘কমজোরি’ও। এই সংখ্যাতত্ত্বের স্বীকৃতি এক অর্থে সংবিধানও দিয়েছে—‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি (এবং নাগরিকগণ বাংলাদেশি) বলিয়া পরিচিত হইবেন।’
অথচ সমতল-পাহাড় মিলে অন্তত ৩০টি জাতিগোষ্ঠীর বাস এ দেশে। এরপর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার বিলুপ্তি, রাষ্ট্রধর্মের সংযোজন ইত্যাদি বিভাজনের সংস্কৃতিতে পুষ্টি জোগায়নি—এ দাবি প্রতিবার সংখ্যালঘুদের ওপর হামলার পর সরকার ও সরকারি দলের দেওয়া সাম্প্রদায়িকতার বিষদাঁত উপড়ে ফেলার হুংকারের মতো অসার।
২০০১ সালের নির্বাচনের দেশের ৩১ জেলায় সংখ্যালঘুদের ওপর দিনদুপুরে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের গঠিত কমিশনের দেওয়া প্রতিবেদন আওয়ামী লীগই এ পর্যন্ত প্রকাশ করেনি। কেউ শাস্তি পেয়েছে বলেও জানা যায় না। এরপর রামু থেকে নাসিরনগর হয়ে যতবার যেখানে সংখ্যালঘুদের ওপর তাণ্ডব চলেছে, ভুক্তভোগীরা কতটা কি প্রতিকার পেয়েছেন, তা সরকারই ভালো বলতে পারবে।
রবীন্দ্রনাথের উপলব্ধি ছিল, ‘ধর্মই তাদের (হিন্দু-মুসলমান) মানব বিশ্বকে সাদা কালো ছক কেটে দুই সুস্পষ্ট ভাগে বিভক্ত করেছে—আত্ম ও পর।’
সুতরাং কাজে-কর্মে ‘পর’ করে রেখে মুখে ‘আপন’, ‘আপন’ রব তুলে রাজনীতির ময়দানে দু-এক কদম এগিয়ে যাওয়া গেলেও দেশ কিন্তু পেছন দিকেই যাচ্ছে। দেশের এই পশ্চাদ্গতি নিজেদের স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়বে না, মাথাপিছু আয় বৃদ্ধি বা বিভিন্ন অর্থনৈতিক সূচকের উল্লম্ফন কিংবা উন্নয়নের গ্রাফেও থাকবে তা অধরা।
‘ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার’। আধেয়র মূল্যায়নই বইয়ের বিষয়বস্তুর যথার্থতা তুলে ধরে। জ্ঞান হওয়া ইস্তক দেখা একটা উদাহরণ দেওয়া যাক। কোনো পাড়া, মহল্লা বা গ্রামে সাত-আট বন্ধু একসঙ্গে বেড়ে উঠছেন। তাঁদের মধ্যে সংখ্যানুপাতে ধরা যাক দুজন হিন্দু, বাকিরা মুসলিম। একসঙ্গে তাঁরা বিভিন্ন উৎসব-পার্বণে হইচই করেন; আড্ডা, খেলাধুলা, ঘুরে বেড়ানো—সব একসঙ্গে। কিন্তু রাজনীতি, দেশভাগ, মুক্তিযুদ্ধ কিংবা প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়ে আলাপ উঠলে দুজন চুপসে যান। নির্ঘাত ‘ভারতের দালাল’ প্রসঙ্গটি ওঠে এবং এই ‘গালি’ হিন্দু দুই বন্ধুকে হজম করতে হয়।
সংখ্যালঘুর মতো সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন দুর্বল ব্যক্তিরও অভিজ্ঞতা প্রায় অভিন্ন। তিনিও সবলের দ্বারা অত্যাচারিত হলে সার্বিকভাবে ভেঙে পড়েন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একজনের সঙ্গে তাঁর বড় ফারাক, তিনি নিজেকে একেবারে ‘একা’ ভাবেন না।
সবল সব সময় দুর্বলকে আঘাত করে, জাত-ধর্ম দেখে না। সংখ্যাগুরু সম্প্রদায়ের দুর্বল মানুষ সাধারণত তার সম্প্রদায়েরই শক্তিধর মানুষের আঘাতের শিকার হন। একে তো মার খেলেন, সম্পদ খোয়ালেন, অসহায় বোধ করলেন, প্রতিকারও পেলেন না।
সংখ্যালঘুর মতো সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন দুর্বল ব্যক্তিরও অভিজ্ঞতা প্রায় অভিন্ন। তিনিও সবলের দ্বারা অত্যাচারিত হলে সার্বিকভাবে ভেঙে পড়েন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একজনের সঙ্গে তাঁর বড় ফারাক, তিনি নিজেকে একেবারে ‘একা’ ভাবেন না। নাড়ি পোঁতা থাকলেও এই ভূখণ্ড ‘তাঁর নয়’, দেশটা তাঁর জন্য ‘নিরাপদ’ নয়—এই ভাবনা তাঁকে কুরে কুরে খায় না।
কোনোভাবেই পাল্টা দু-চার ঘা দিতে পারবেন না, কেবল মার খাবেন, এমন অপমানও তাঁকে স্পর্শ করে না। কিন্তু এর বিপরীতে কেবল অভ্যাসবশত বন্ধুর ‘মালাউন’ বলা সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধুকে যতটা আঘাত করে, এমনকি বিপদের মুহূর্তেও তাঁর কাঁধে হাত রেখে সংখ্যাগুরু সম্প্রদায়ের বন্ধুর অভয়দানও তাঁকে ততটাই ‘অপমানিত’ করে। ‘সার্বিক ব্যবস্থা’ সংখ্যালঘু সম্প্রদায়ের এই বন্ধুকে এতটাই অসহায় করে রেখেছে যে মানবিক মর্যাদাটুকুও তাঁর প্রাপ্য নয়!
নিজেকে নিজে রক্ষা তো করতে পারেনই না, উপরন্তু মনুষ্যত্বের অপমান নিয়ে জীবন কাটাতে হয়। তাই সাম্প্রদায়িক হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভেতরটাও সমান ক্ষতবিক্ষত হয়, সমান রক্ত ঝরে। গণমাধ্যমের ছবি-ভিডিওতে কেবল বিনাশিত মন্দির-মণ্ডপ, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান দেখা যায়, অপমানিত মানুষের ভগ্নহৃদয় তাতে ধরা পড়ে না।
এ কথা রাজনীতির অজানা, তা নয়। দেশের কান্ডারিরা বোঝেন না, তাও নয়। জানা-বোঝার বাইরে নয় আমাদেরও। তবে কি ভেতরে পুষে রাখা বিদ্বেষ অন্য কারও মাধ্যমে উশুল হওয়ার সুখে চুপটি করে ছিলাম?
দশজনের দশজনই সাধু হলে সমাজের সংজ্ঞায় নির্ঘাত পরিবর্তন আনতে হবে। কিন্তু অপরের প্রতি সহমর্মিতা, অন্যায্যের প্রতি ঘৃণা, ন্যায়ের প্রতি আস্থা, সর্বোপরি হককথাটি বলা মানুষের সংখ্যা এখনো বেশি এই সমাজে, এই দেশে। কিন্তু প্রশ্ন হলো উচিত কথাটি বলার উপায় কি আছে? ‘ঘৃণা জানাই’, ‘নিন্দা জানাই’, ‘বিচার চাই’—মৃদু স্বরে এসব বলা পর্যন্ত আপনি ‘নিরাপদ’। এর বাইরে গলা চড়িয়েছেন তো ‘জলে ও ডাঙা’য়—উভয় স্থলে বিপদ আপনার পিছু ছাড়বে না।
সুতরাং ষড়যন্ত্রের কাল্পনিক নীলনকশার বারবার ‘বিশ্বাসযোগ্য’ উচ্চারণ শুনে যান, বুঝেশুনে প্রতিপক্ষের ঘাড়ে অভিযোগ চাপিয়ে দায়মুক্তি ভোগ দেখে যান, কর্তৃপক্ষের ‘ধরি মাছ না ছুঁই পানি’র কর্মকুশলতা বুঝে যান এবং ভুক্তভোগীর দুর্দশার সাক্ষী হন। স্বাভাবিকভাবেই এর সরল তরজমা হয়, আপনি মানে আপনারা, সংখ্যাগুরুদের বড় অংশ ‘নির্বিকার’। প্রতিবেশীর বিপদের দিনে ঘরে খিড়কি এঁটে বসে আছেন।
মাঝখান থেকে হাতেগোনা কয়েকজন দুর্জনের গর্জন চারদিকে প্রতিধ্বনিত হয়। তাদের মনের নোংরা দিকটিই বইয়ের ‘কাভার’ হয়ে ওঠে বিশ্ববাসীর কাছে। কিন্তু বাংলাদেশ নামক বইটির আধেয়র বড় অংশটাই ‘নির্বিকার’ সংখ্যাগুরুর মনের অব্যক্ত কথা, তাদের নীরব রক্তক্ষরণ। এবং বাকিটা অপমানের জীবন বয়ে বেড়ানো মানুষের অশ্রুলেখা।
হাসান ইমাম সাংবাদিক
[email protected]