সায়ীদ স্যারের সঙ্গে জন্মদিনের সকালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের হাডসন নদীভ্রমণে দুই লেখক। সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাহিত্যিক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে আনিসুল হক।
নিউইয়র্কের হাডসন নদীভ্রমণে দুই লেখক। সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাহিত্যিক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে আনিসুল হক।

স্যার, কত হলো বয়স?
স্যার বললেন, ৭৯ শেষ করলাম, ৮০-তে পড়লাম।
জন্মসালটা কত?
১৯৩৯।
হ্যাঁ। তাহলে আজকে আপনার ৭৯ বছর ১ দিন বয়স! ৮০তম বর্ষে আপনি প্রবেশ করলেন। ভালোই তো করলেন...বলে বুঝতে পারলাম, বোকার মতো বলে ফেলেছি, তখন আমার রেডিমেড হাসিটা বের করলাম।

একটা প্রশান্ত হাসিতে স্যারের মুখও ভরে উঠল।
বললেন তিনি, আবদুল্লাহ আবু সায়ীদ, ‘আরে, আমি কি কখনো ভেবেছিলাম নাকি ৮০ বছর বাঁচব!’

স্যারের সঙ্গে ঠিক একটা মাস আগে দেখা হয়েছিল নিউইয়র্কে, মুক্তধারা নিউইয়র্কের বইমেলায়। এবার স্যারকে তারা বিশেষ পুরস্কারও দিয়েছে, মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার। তাতে নগদ অর্থযোগও ছিল। আর আমাদের জন্য নগদপ্রাপ্তি ছিল আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সঙ্গে হাডসন নদীতে নৌভ্রমণ, রিভারক্রুজ। রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, নুরুন নবী, হাসান ফেরদৌস, আনোয়ারা সৈয়দ হক, দিলারা হাফিজ, আমীরুল ইসলাম, আহমাদ মাযহার প্রমুখের সঙ্গে আমরা তরুণ লেখকেরা, দেশ-বিদেশের বাঙালি লেখকেরা—মধ্যমণি হয়ে রইলেন আবদুল্লাহ আবু সায়ীদ।

আজ, শাওন সঘন বৃষ্টিমুখরিত ২৫ জুলাই ২০১৮-এর সকালে, আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সেন্ট্রাল রোডের বাড়িতে গিয়ে হাজির হই। স্যারের ফ্ল্যাটে পৌঁছাতে হলে দুই ফুট বাই দুই ফুট লিফটে উঠতে হয়, সেটা আবার খানিকটা ঝাঁকুনি দেয়।

স্যারের ছোট ফ্ল্যাটের বৈঠকখানাও ছোট, কিন্তু তার আকাশটা বড়। একটা খোলা জানালার ওপারে আর কোনো ভবন নেই। এই বৃষ্টিকাতর সকালেও স্নিগ্ধ একরাশ আলো এসে পড়েছে ঘরে। স্যার জানালার দিকে মুখ করে বসেছেন। আমি আলোয় উদ্ভাসিত হাসিমাখা মুখখানিতে খানিকটা সতেজতাও দেখতে পাই। আমার ভালো লাগে।

মধ্যখানে বেশ কিছুটা সময় স্যারের স্বাস্থ্যটা খারাপ গেছে, রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছিলেন, ভালো ভুগেছিলেন। এখন বেশ তরতাজা।

বললাম, স্যার, আশা তো আর দেখি না। আমার মনের মধ্যে মেঘ—আমেরিকা, ব্রিটেন, ভারত-ট্রাম্প, ব্রেক্সিট, মোদি...দেশের বৈষয়িক উন্নতি দেখি। নৈতিক উন্নতি তো দেখি না।

স্যার বললেন, শোনো, সকালবেলা শোপেনহাওয়ারের ওপরে পড়ছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে হয়েছিল, মানুষের আর কোনো আশা নেই। কিন্তু মানুষ একটা আশ্চর্য ব্যাপার। সে ধ্বংস হতে চায় না, নিজেকে সে ধ্বংস করবে না। পুঁজিবাদ নিজেদের প্রয়োজনে প্রযুক্তি আনল, নিম্নমানের প্রযুক্তি, পরিবেশবিধ্বংসী। এখন পুঁজিবাদই তো নিজেদের প্রয়োজনে গ্রিন টেকনোলজি আনছে।

দেখো, এই যে প্রযুক্তি নারীদের মুক্ত করে দিল, তাদের আর ঘরে থাকতে হয় না—আগে কী ছিল, কেবল সন্তান উৎপাদনের যন্ত্র। এখন বিজ্ঞান তাদের মুক্তি দিয়েছে। এটা মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ। কারণ, নারীর মস্তিষ্ক অনেক ভারসাম্যপূর্ণ। পুরুষ তো শুধু ব্রেনের একটা অংশ ব্যবহার করেছে, হয় যুদ্ধ, নয়তো ফুটবল, নয়তো ব্যবসা; কিন্তু নারীকে চিরটাকাল চারদিক সামলাতে হয়েছে, ফলে তাদের ব্রেন সব দিকে বিকশিত হয়েছে। সেই বিপুল বুদ্ধিবৈভব এখন কাজে লাগছে, কত বড় সম্ভাবনার দ্বার খুলে গেছে।

কিন্তু স্যার, ইতিহাসে খারাপ শাসকেরা আসে, স্টালিন বা গাদ্দাফি, তারা...
স্যার বলেন, তারা তো ইতিহাসে থাকে না।
কিন্তু তাদের খারাপ প্রভাবের দায় তো ইতিহাসকে বইতে হয়...
স্যার বললেন, হয়, কিন্তু মানুষের প্রবণতা হলো আবার আলোর দিকে যাওয়া। সে পরাজয় মেনে নেয় না। ভেতর থেকেই প্রতিরোধ গড়ে...

আজ স্যারের জন্মদিন। আজ আর স্যারের সঙ্গে তর্ক করব না।
মানুষ এগিয়ে যাক। দেশ এগিয়ে যাক। শুভ জন্মদিনে এই রকম বড় প্রার্থনা করি।

ছয়তলা থেকে নামার সময় আর লিফটে ওঠার সাহস পাই না। বদ্ধ জায়গা ভয় লাগে। সিঁড়ি বেয়ে নামি। সিঁড়িতেও বড় বড় জানালা। বাইরে বৃষ্টি কমছে, আলো ফুটে উঠছে।
আলো দেখে ভালো লাগে।

আনিসুল হক: সাহিত্যিক।