সি চিন পিংকে নিয়ে পশ্চিমাদের ধারণা ভুল

চীন সম্প্রতি সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্বের মেয়াদ উঠিয়ে দেওয়ায় পশ্চিমারা বিস্ময়াভিভূত হয়েছে। সমালোচকদের আশঙ্কা, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের হাত ধরে চীনে পুরোদমে একনায়কত্ব ফিরে আসছে এবং তিনি হয়তো ‘চেয়ারম্যান মাও’ নম্বর টু হতে চলেছেন। তাঁদের এই আশঙ্কা শুধু অযৌক্তিক নয়, বরং তার চেয়ে বেশি কিছু। দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার কথা এর আগে পশ্চিমারা শোনেনি তেমনটা নয়। উদাহরণ দিই: জার্মানির চার বছর মেয়াদি চ্যান্সেলর হিসেবে সদ্য চতুর্থবারের মতো দায়িত্ব পালন শুরু করেছেন আঙ্গেলা ম্যার্কেল। নতুন মেয়াদ শুরু করায় ইউরোপীয় নেতারা তাঁর সমালোচনা করেননি। বরং সবাই তাঁকে স্বাগত জানিয়েছেন।
পশ্চিমারা হয়তো যুক্তি দেবেন, ম্যার্কেল ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু সি চিন পিং নির্বাচিত হননি। কিন্তু গণতন্ত্রই জবাবদিহির একমাত্র পন্থা হতে পারে না। আন্তর্জাতিক প্রায় সব জরিপেই দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের চেয়ে সি চিন পিংয়ের জনসমর্থন অনেক বেশি। চীনের রাজনৈতিক পরিবর্তন বিশ্বের জন্য খারাপ কিছু বয়ে আনবে-এমনটা ভাবা যদি যৌক্তিক হয়, তাহলে সেই যুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বেলায়ও খাটে।
ক্ষমতা পালনের মেয়াদ বেঁধে দেওয়াকে আবেগনির্ভর বাধ্যবাধকতার চেয়ে খুব বেশি কিছু বলা যাবে না। চীনে জনস্বার্থ সংরক্ষণে দক্ষতা ও দ্রুততার সঙ্গে সরকারের সাড়া দেওয়ার জন্য এই বাধ্যবাধকতার কোনো দরকারও নেই। বরং প্রেসিডেন্টের মেয়াদ নির্দিষ্ট করা থাকলে উল্টোটা ঘটে। এতে সরকারের নীতিতে ঘন ঘন পরিবর্তন হয় এবং রাষ্ট্রীয় কাজে ছন্দপতন ঘটে।
যুক্তরাষ্ট্র বহু আগেই এ বিষয়টি স্বীকার করে নিয়েছে। আধুনিক যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার হ্যামিলটন লিখেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে নেতাদের ‘বিনীত ও কঠোর’ হওয়ার সুযোগ দেওয়া উচিত, যাতে তাঁরা তাঁদের কাজটি সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালোভাবে করতে পারেন।
ফ্রাঙ্কলিন রুজভেল্টের পরপর চার মেয়াদ ক্ষমতায় থাকার পর ১৯৪৭ সালে কংগ্রেসে মার্কিন সংবিধানের দ্বাবিংশতম সংশোধনী আনা হয়। ওই সংশোধনী অনুসারে ঠিক হয়, মার্কিন প্রেসিডেন্টরা সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন। নতুন প্রেসিডেন্টরা অনভিজ্ঞ হলেও যেন তাঁরা তাঁদের সর্বোচ্চ কৃতিত্ব দেখাতে সচেষ্ট হন, সেই ভাবনা থেকে এটি করা হয়েছিল। কিন্তু দেখা গেল, শুরুতেই বেশির ভাগ প্রেসিডেন্ট বড় বড় ভুল করে বসেছেন। এখনকার প্রেসিডেন্টদের ক্ষেত্রে সেই ভুল করার ঘটনা আরও বেশি ঘটছে। ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট করা না থাকলে হয়তো এখন ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকতে পারতেন না।
এটা ঠিক যে ক্ষমতার মেয়াদের একটা মূল্য আছে। এক ব্যক্তির নিষ্ঠুর শাসন যাতে চেপে না বসে, সে জন্য সাংস্কৃতিক বিপ্লবের পর চীনের সংবিধানে দেং জিয়াও পিং এই মেয়াদের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু চীনের নতুন প্রজন্মের নেতারা শুধু শিক্ষিতই নন, তাঁরা আন্তর্জাতিক বিধিবিধান ও মান সম্পর্কেও সচেতন। আগের দিনের মতো আদর্শিক রীতিনীতি আঁকড়ে ধরে রাখার প্রবণতার বদলে তাঁদের কাছ থেকে বুদ্ধিদীপ্ত, দায়িত্বশীল ও যুগোপযোগী পরিবর্তন আশা করা যেতেই পারে।
চীনে প্রেসিডেন্টের মেয়াদকাল উঠিয়ে দেওয়ার ফলে সি চিন পিং এমন একটি টেকসই সংস্কারকাজে হাত দেওয়ার সুযোগ পেলেন, যা শেষ করতে বছরের পর বছর লেগে যেতে পারে। নতুন এই সংশোধনী তাঁর আজীবন ক্ষমতায় থাকা নিশ্চিত করবে না কিংবা তাঁকে প্রশ্নাতীত একচ্ছত্র ক্ষমতা দেবে না। তবে তাঁকে নির্দিষ্ট সময়ে সরে দাঁড়ানোর বাধ্যবাধকতা থেকে মুক্তি দেবে।
পশ্চিমা সমালোচকেরা বলছেন, নিজের মুঠোয় সব ক্ষমতা নেওয়ার জন্য ছয় বছর ধরে সি চিন পিং সম্ভাব্য সবকিছুই করেছেন। তাঁদের কথা একদিক থেকে সত্য। যেমন তিনি কিছু অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত নিজের হাতে নিয়েছেন, যা আগে প্রধানমন্ত্রীর হাতে ছিল। কিন্তু মনে রাখতে হবে, শক্তিশালী ও কঠোর নেতা মানে কর্তৃত্ববাদী নেতা নয় এবং বড় ধরনের সংস্কারের জন্য এ রকম একজন শক্তিশালী নেতাই দরকার। সি তাঁর প্রথম মেয়াদেই জেনে গেছেন তাঁর সামনের বাধাগুলো কী কী। এখন তিনি সেই বাধা সরানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

বহু বিদেশি রাজনৈতিক ধারাভাষ্যকার অভিযোগ করছেন, চীনে এখন নাকি এক ব্যক্তির শাসন চলছে। কিন্তু চীনের সরকার পরিচালনার সর্বোচ্চ পর্ষদ বা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির অর্ধেক সদস্যই সি চিন পিংয়ের মনোনীত নন। গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত নেওয়ার আগে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়। এটা ঠিক যে চীনে নেতারা সরাসরি ভোট কিংবা প্রতিনিধি পর্ষদের ভোটে নির্বাচিত হয়ে আসেন না, কিন্তু ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এবং স্থানীয় কংগ্রেসে তাঁদের কাজের চুলচেরা বিশ্লেষণ করা হয়।
যদিও এখনো পর্যাপ্ত নয়, তবু সম্প্রতি চীন সরকারের মধ্যে জবাবদিহি, নজরদারি ও ভারসাম্য জোরালো হয়েছে। কোনো নীতি বদল করতে পলিটব্যুরোর, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির অনুমোদন লাগে। বড় কোনো ইস্যুতে অবশ্যই এনপিসির সবুজ সংকেত লাগে। ডেপুটিরা গোপন ব্যালটের মাধ্যমে নিজ নিজ আপত্তি জানাতে পারেন। এ বছরের কংগ্রেসে একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সেটি হলো ইলেকট্রনিক ভোটব্যবস্থা বাতিল করে কাগজের ব্যালট ও স্বচ্ছ ব্যালট বাক্স চালু করা হয়েছে।
চীনের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে পশ্চিমা গণমাধ্যম যে এই প্রথম হইচই করছে তা নয়। কয়েক বছর ধরে সি চিন পিং যখন তাঁর দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছিলেন, তখনো পশ্চিমারা চোখ কপালে তুলেছিল। তারা প্রায়ই এই অভিযানকে সি চিন পিংয়ের প্রতিপক্ষের লোকজনকে ঘায়েল করার অজুহাত বলে আখ্যায়িত করে আসছিল। কিন্তু যে ২০ লাখ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাঁরা সবাই তাঁর বিরুদ্ধমতের লোক নন। দুর্নীতিবিরোধী এই অভিযানে সাধারণ চীনা নাগরিকদের মধ্যে সি চিন পিংয়ের সমর্থন ও শ্রদ্ধা বেড়েছে।
পশ্চিমাদের কাছে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে জবাবদিহির প্রধান বিষয় হিসেবে দেখা হয়। কিন্তু চীনে সরকার কীভাবে এবং কতখানি জনস্বার্থ সংরক্ষণ করতে পারছে, সেটিকেই বড় জবাবদিহি হিসেবে দেখা হয়। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আশা করা যায়, চীনের সাম্প্রতিক এই পরিবর্তন দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াবে।
ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
কিউ জিন লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক